ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাংলাদেশের গণপূর্ত অধিদপ্তরকে ঘিরে আবারও দুর্নীতির গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংস্থাটির একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিগত সরকারের ঘনিষ্ঠ একটি প্রভাবশালী গোষ্ঠী এখনও সক্রিয় রয়েছে এবং তারা প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে যাচ্ছে। এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শহীদুল আলম।
তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে রয়েছে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার, নিয়োগ বাণিজ্য এবং ক্ষমতার অপব্যবহার। যদিও এসব অভিযোগের বিষয়ে তার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি, তবুও সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনার ধারাবিবরণী একটি জটিল চিত্র তুলে ধরছে।
২০২৪ সালের ৪ ডিসেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. শহীদুল আলমকে প্রেষণ থেকে ফিরিয়ে এনে স্বাস্থ্য উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগকে ঘিরে সমালোচনা তৈরি হয়, কারণ এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে জনসমক্ষে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল।
গত ১৮ নভেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে একদল শিক্ষার্থী ও সাধারণ মানুষ তার বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেন। তাদের অভিযোগ, জুলাই মাসের সহিংস ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে—যদিও এই অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।
সমালোচকদের দাবি, তাকে সাময়িকভাবে একটি প্রকল্পে সরিয়ে রাখা হলেও পরে আবার গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে আনা হয়েছে, যা প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
২০২৩ সালে গণপূর্ত অধিদপ্তরের ১৮ থেকে ২০তম গ্রেডের ১৬৯টি পদে নিয়োগ প্রক্রিয়া নিয়েও অনিয়মের অভিযোগ ওঠে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, লিখিত পরীক্ষার ফলাফলের কিছু নথি নিখোঁজ হয় এবং পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
অভিযোগ রয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ লেনদেন হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্তের ফলাফল প্রকাশ্যে আসেনি, তবুও বিষয়টি নিয়ে প্রশাসনের ভেতরে ও বাইরে আলোচনা চলছে।
ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালের বিভিন্ন দরপত্র নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, নির্ধারিত সীমার বাইরে গিয়ে ‘ওটিএম’ (ওপেন টেন্ডার মেথড) ব্যবহার করা হয়েছে।
শহীদুল আলমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শেরে বাংলা নগর-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান (বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা) এবং শহীদুল আলম মিলে রক্ষণাবেক্ষণ বিভাগে ওটিএম-এর (OTM) মহোৎসব চালিয়েছেন। নিয়ম অনুযায়ী ওটিএম ২০% হওয়ার কথা থাকলেও তারা শতভাগ ওটিএম করেছেন।
নিচে উল্লেখিত ইজিপি দরপত্র আইডিগুলো এই দুর্নীতির সাক্ষ্য দেয়: ৯২২৪৪৩, ৯২২৪৩৪, ৯৯৯৪৩৯, ৯২২৪৪০, ৯২২৪১৮, ৯২২৪৩০, ৯২৫১০৬, ৯২২৪৪১, ৯২২৪৩১, ৯২২৪৩৭, ৯২২৪৩৮, ৯২২৪৩৬, ৯২২৪৪৭, ৯২৫১০৯, ৯২২৪৩২, ৯২২৪২৯, ৯২২৪২৩, ৯২২৪২৪, ৯২২৪২৫, ৯২২৪২৬, ৯২২৪২৭, ৯২২৪২৮, ৯২২৪১৯, ৯২২৪২০, ৯২২৪২১, ৯২২৪২২, ৯২২৪১৭, ৯২২৪১৪, ৯২২৪১৫, ৯২২৪১৬, ৯২২৪১০, ৯২২৪১২, ৯২২৪১৩, ৯২২৪০৭, ৯২২৪০৮, ৯২২৩৯৯, ৯১৭৯৪৫, ৯১৭৯৩০, ৯১৭৯৮১, ৯১৭৯৪৭, ৯১৭৩২৪, ৯১৭৯৩১, ৯১৭৯৩৫, ৯১৭৯৩৯, ৯২০০৪৫, ৯১৭৯৪৪, ৯১৭৯৪৯, ৯১৭৯৫০, ৯১৭৯৪৬, ৯১৭৯৪১, ৯১৭৯৬৫, ৯১৭৯৬৬, ৯১৭৯৬৭, ৯৪৮১৭৩, ৯৪৮১৭৫, ৯৪৪৪beg, ৯৪১৩৬৮, ৯৪১৩৪৭, ৯৪১৩৪৬, ৯৪১২০৫, ৯৪১১৮৪, ৯৪৩৯০৩, ৯৪৪৪৬০, ৯৪৪৪৬২, ৯৪৪৪৬১, ৯৪৪৪৫৮, ৯৪১৩৭৯, ৯৪১৩৭৩, ৯৪১৩৬৪, ৯৪১৩৪২, ৯৪১২০১, ৯৪১১৯৯, ৯৪১৩৭৫, ৯৪১১৯৬, ৯৪১৩৮৯, ৯৪১৩৮২, ৯৪১১৯৩, ৯৪১৩৯১, ৯৪৩৯২২, ৯৪১১৮০, ৯৪১১৭৬, ৯৪৩৯১২, ৯৪১১৭০, ৯৪১৩৯২, ৯৪১৩৯৩, ৯৪৩৯১০, ৯৪৩৯১১, ৯৪৩৮৮৯, ৯৪১৩৯৪, ৯৪১৩৯৫, ৯৪১৩৯৬, ৯৪১৩৯৭, ৯৪১৩৯৮, ৯৪১১৮১, ৯৪০২৯১, ৯৪১৫৪১, ৯৪২৮১৭, ৯৪৪৪৪২, ৯৪৪৪৫৩, ৯৪৪৪৫৬, ৯৪৪৪৫৫, ৯৪৪৪৫৯, ৯৪৪৪৬৭, ৯৪১০২৩ এবং ৯৪০৯৬৬।
নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা থাকলেও, কিছু ক্ষেত্রে তা অতিক্রম করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। একাধিক টেন্ডার আইডি ঘিরে এই অভিযোগ উত্থাপিত হয়েছে, যা একটি বৃহৎ প্যাটার্নের ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
মো. শহীদুল আলমের একাধিক বিদেশ সফর নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি দায়িত্বের বাইরে ব্যক্তিগত সম্পদ অর্জনের সঙ্গে এসব সফরের সম্পর্ক থাকতে পারে।
শহীদুল আলম ক্ষমতার অপব্যবহার করে এক বছরে সাত বার বিদেশ সফর করেছেন। ২০১৮ সালের নির্বাচনের আগে দুবাই আন্তর্জাতিক এক্সপোতে গিয়ে তিনি সেখানে ব্যক্তিগত ভিলা কিনেছেন এবং শীর্ষ সন্ত্রাসী জোসেফ ও আজিজ পরিবারের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বৈঠক করেছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি সিঙ্গাপুরে চিকিৎসা করানোর নামে ৬০ লক্ষ টাকা ব্যয় করেছেন, যার উৎস নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে তার সম্পদ থাকার দাবি করা হয়েছে। সাম্প্রতিক এক বিদেশ সফরে চিকিৎসা ব্যয়ের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে—এমন অভিযোগও সামনে এসেছে। সমালোচকদের মতে, কিছু কর্মকর্তা নিজেদের অবস্থান ধরে রাখতে নতুন ক্ষমতাকাঠামোর সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন।
মো. শহীদুল আলমের ক্ষেত্রেও এমন অভিযোজনের অভিযোগ রয়েছে। তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
৫ আগস্টের পর শহীদুল আলম তার খোলস পাল্টে ফেলেছেন। মুজিব কোট ছেড়ে এখন জিন্নাহ টুপি পরে বিভিন্ন মহলে তদবির করছেন। তার আসল উদ্দেশ্য হলো প্রধান প্রকৌশলীর চেয়ার দখল করা এবং তার অনুগত ছাত্রলীগ ক্যাডার কর্মকর্তাদের (সানাউল্লাহ, মইনুল, মাসুদ রানা, আজমুল হক মুন) গুরুত্বপূর্ণ পদে বসানো। অভিযোগ রয়েছে, তিনি এখনও তার বিশাল অর্থভাণ্ডার ব্যবহার করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত।
গণপূর্ত অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ একটি সংস্থাকে ঘিরে ওঠা এসব অভিযোগ এখনো আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি হয়নি। কোথাও তদন্ত চলছে, কোথাও অভিযোগ অস্বীকার করা হয়েছে, আবার কোথাও নীরবতা বজায় রাখা হয়েছে।
তবে একটি বিষয় স্পষ্ট—এই ঘটনাগুলো প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্টদের মতে, নিরপেক্ষ তদন্ত ও স্পষ্ট অবস্থান ছাড়া এই বিতর্কের অবসান সম্ভব নয়।
এই প্রতিবেদনে উল্লেখিত সব অভিযোগ ও তথ্য বিভিন্ন সূত্রের দাবি ও অভিযোগের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি ।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে। কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে। কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি। মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।
ইত্তেহাদ নিউজ, অনলাইন: নদীভাঙন থেকে জনপদ রক্ষার জন্য শত শত কোটি টাকার প্রকল্প। উদ্দেশ্য নদীতীর সংরক্ষণ, বসতভিটা ও ফসলি জমি রক্ষা এবং হাজারো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সেই প্রকল্পের অর্থ ব্যয়, কেনাকাটা ও নির্মাণকাজের মান নিয়েই উঠেছে একের পর এক অনিয়মের অভিযোগ। কোথাও ভুয়া কোটেশন ও জাল বিল-ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগ, কোথাও নিম্নমানের বালু দিয়ে ব্লক তৈরি, আবার কোথাও নির্ধারিত ওজনের জিও ব্যাগ ব্যবহার না করার প্রশ্ন। ঝালকাঠিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুগন্ধা নদীভাঙন রোধ ও বিষখালী নদীর তীর সংরক্ষণ কার্যক্রম ঘিরে এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। প্রকল্প এলাকা পরিদর্শনের পাশাপাশি নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে কাজের পরিমাপ এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে আর্থিক ও প্রশাসনিক নথিপত্র সংগ্রহ করেছে দলটি। অন্যদিকে, ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা রক্ষায় ৬৮০ কোটি ১৩ লাখ টাকার বৃহৎ সুগন্ধা নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজের মান ও তদারকি নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম নিলয় পাশা। যদিও তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার করে কাজের ক্ষেত্রে বিধি অনুসরণের দাবি করেছেন। ২৫ কোটি ৫০ লাখ টাকার কোটেশন ও বিল-ভাউচার নিয়ে দুদকের অভিযান দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুরের একটি এনফোর্সমেন্ট টিম ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট প্রকল্পে অভিযান পরিচালনা করে। দুদকের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, সুগন্ধা নদীভাঙন রোধ ও বিষখালী নদীর তীর সংরক্ষণ প্রকল্পে ভুয়া কোটেশন এবং জাল বিল-ভাউচারের মাধ্যমে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাইয়ে এ অভিযান চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, ল্যাপটপ, ফটোকপি মেশিনসহ বিভিন্ন জরুরি সরঞ্জাম ও কাজের নামে ভুয়া কোটেশন তৈরি এবং বিল-ভাউচার দেখিয়ে বিপুল পরিমাণ সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে। অভিযানকালে নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে প্রকল্পের বাস্তব কাজ পরিমাপ করা হয়। পাশাপাশি প্রকল্পের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র, বিল-ভাউচার এবং অন্যান্য নথি সংগ্রহ করে দুদকের দল। তবে অভিযোগে উল্লিখিত অর্থের পুরোটা কোন কোন খাতে, কীভাবে এবং কার মাধ্যমে উত্তোলন করা হয়েছে, তা দুদকের চূড়ান্ত অনুসন্ধান প্রতিবেদনের আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ৬৮০ কোটি টাকার প্রকল্পে ৩৪ প্যাকেজ, কাজের মান নিয়ে প্রশ্ন সুগন্ধা নদীর ভাঙন থেকে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা রক্ষায় ৬৮০ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়। একনেকে অনুমোদিত ‘সুগন্ধা নদীর ভাঙনরোধে সদর ও নলছিটি উপজেলা রক্ষা প্রকল্প’-এর আওতায় ১৩ দশমিক ২১৫ কিলোমিটার নদীতীর সংরক্ষণ ও প্রতিরক্ষা কাজ করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের কাজ ৩৪টি প্যাকেজে ভাগ করা হয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদরে ১৮টি এবং নলছিটি উপজেলায় ১৬টি প্যাকেজ রয়েছে। প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত নির্ধারিত। প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রকল্পের ৩৪টি প্যাকেজের মধ্যে ১৭টির কাজ শুরু হয়েছে। পাউবো সূত্রে কাজের অগ্রগতি ২১ শতাংশ এবং ঠিকাদারদের বিল পরিশোধের হার ১৫ শতাংশ বলে জানানো হয়েছে। তবে প্রকল্পের বিভিন্ন সাইটে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, জিও ব্যাগের পরিমাণ ও ওজন এবং তদারকির ঘাটতি নিয়ে অভিযোগ ওঠায় প্রকল্পের সামগ্রিক গুণগত মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কুতুবনগরে নিম্নমানের বালু, বাতিল হলো ব্লক তৈরির উপকরণ প্রকল্পের কুতুবনগর সাইটে নিম্নমানের বালু ব্যবহার করে ব্লক তৈরির অভিযোগ উঠেছে। গত ৯ নভেম্বর সরেজমিনে সেখানে নিম্নমানের বালু ব্যবহারের বিষয়টি সামনে আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পঙ্কজ কুমার সরকার জানান, নিয়ম অনুযায়ী ব্লক তৈরিতে ১ দশমিক ৫০ ফাইননেস মডুলাসের বালু ব্যবহারের কথা। কিন্তু সেখানে ১ দশমিক ৩৭ ফাইননেস মডুলাসের বালু দিয়ে ব্লক তৈরি করা হচ্ছিল। অভিযোগের পর টাস্কফোর্স ওই বালু বাতিল করে এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত একজন এসওকে প্রত্যাহারের কথাও জানা গেছে। দায়িত্বপ্রাপ্ত এক এসওর ভাষ্য অনুযায়ী, প্রায় ৪০০ কিউবিক বালু বাতিল করা হয়েছে। তবে বাতিলের আগে ওই বালু দিয়ে কতগুলো ব্লক তৈরি করা হয়েছিল, তা নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি।এলাকাবাসীর অভিযোগ, বাতিল ঘোষণার পরও বালুর স্তূপ প্রকল্প এলাকায় পড়ে রয়েছে। কেন তা সরানো হয়নি, সে প্রশ্নও উঠেছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা বলেন, পাহারার ব্যবস্থা রাখা হয়েছে এবং নিম্নমানের বালু দিয়ে আর কাজ করা হবে না। জিও ব্যাগের ২৭৫ কেজি ওজন নিয়ে সন্দেহ নদীতীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগের মান ও ওজন নিয়েও অভিযোগ রয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রতিটি ব্যাগে ২৭৫ কেজি বালু থাকার কথা। কিন্তু বাস্তবে নদীতে ফেলা ব্যাগগুলোতে নির্ধারিত পরিমাণ বালু রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের সন্দেহ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, জিও ব্যাগের ওজন যাচাই করতে বলা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা স্কেল তালাবদ্ধ থাকার কথা জানান। ফলে তাৎক্ষণিকভাবে ওজন যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, নদীতে ব্যবহৃত ব্যাগে নির্ধারিত মানের বালু নেই। এর আগে টাস্কফোর্স ওজনে কম পাওয়া ৪০০ বস্তা বালু বাতিল করেছে বলেও অভিযোগ রয়েছে। তবে এসব ব্যাগের প্রকৃত ওজন, বালুর মান এবং নির্ধারিত স্পেসিফিকেশন অনুসরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে স্বাধীন প্রকৌশলগত পরীক্ষা প্রয়োজন। ভাটারাকান্দায় তদারকির ঘাটতি, ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ না ফেলার অভিযোগ প্রকল্পের ভাটারাকান্দা ও চর ভাটারাকান্দা এলাকাতেও কাজের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, শ্রমিকেরা ব্লক ঢালাইয়ের কাজ করলেও অনেক সময় পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থাকেন না। নদীর যেসব স্থানে ভাঙনের ঝুঁকি সবচেয়ে বেশি, সেসব স্থানে প্রয়োজনীয় সংখ্যক জিও ব্যাগ ফেলা হয়নি বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এসও ওহিদুল ইসলাম জানান, পাঁচ থেকে ছয় হাজার জিও ব্যাগ বাকি রয়েছে। সেগুলো দিয়েই ফাঁকা স্থান পূরণের পরিকল্পনা রয়েছে। বাতিল বালু সরানো হয়নি কেন? কুতুবনগর সাইটে বাতিল করা বালু দীর্ঘদিন পড়ে থাকার কারণ জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি তরিক মৃধা জানান, বালু বিক্রির জন্য ক্রেতা বা পার্টি পাওয়া যাচ্ছে না। তবে নিম্নমানের ঘোষণা করা নির্মাণসামগ্রী প্রকল্প এলাকায় ফেলে রাখার বিষয়টি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। বাতিল করা উপকরণ যথাযথভাবে অপসারণ করা হয়েছে কি না, সেগুলো দিয়ে আগে কোনো কাজ সম্পন্ন হয়েছে কি না এবং সেই কাজের বিল পরিশোধ করা হয়েছে কি না—এসব বিষয় তদন্তের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোটেশনে ২৫ লাখ টাকা, মালামাল নিয়ে ঠিকাদারদের প্রশ্ন এর আগে স্থানীয় ঠিকাদারদের অভিযোগে উঠে আসে, প্রকল্পের মূল কাজ শুরুর আগেই ল্যাপটপ, ফটোকপি মেশিন ও অফিসের আসবাবপত্র কেনার নামে প্রায় ২৫ লাখ টাকার কোটেশন দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, এ কোটেশন প্রক্রিয়া গোপনে সম্পন্ন করা হয়। স্থানীয় ঠিকাদারদের দাবি, তাঁরা এ বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। এ প্রক্রিয়ায় বরিশালের ওশিয়ান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহারের অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির মালিক তানভির আহমেদ দাবি করেছেন, তিনি কোটেশন প্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন না। তাঁর ভাষ্য অনুযায়ী, তিনি কিছু ল্যাপটপ, ফটোকপি মেশিন ও আসবাবপত্র সরবরাহ করেছেন; তবে পুরো প্রক্রিয়ায় আরও কয়েকটি প্রতিষ্ঠান যুক্ত ছিল। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, প্রায় ২৫ লাখ টাকার কোটেশনের বিপরীতে অফিসে মাত্র দুটি ল্যাপটপ ও তিনটি ফটোকপি মেশিন আনা হয়েছে। বাকি মালামালের অস্তিত্ব নিয়েও প্রশ্ন রয়েছে। এ ছাড়া কাঠালিয়া লঞ্চঘাট এলাকায় বিষখালী নদীর তীর সংরক্ষণের দুটি জরুরি কাজ দেখিয়ে পিরোজপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে প্রায় ৩০ লাখ টাকা উত্তোলনের অভিযোগও রয়েছে। বাস্তবে এসব কাজের অগ্রগতি ও সাইটের কার্যক্রম নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে কোটেশন, ক্রয়াদেশ, সরবরাহ রসিদ, স্টক রেজিস্টার, বিল-ভাউচার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। অফিসে অনিয়মিত উপস্থিতি ও সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের কয়েকজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন, নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা প্রায়ই স্থানীয় কার্যালয়ে উপস্থিত থাকেন না। তাঁর স্ত্রী নাসরিন ইসলাম বরিশালে পানি উন্নয়ন বোর্ডে কর্মরত। এ কারণে তিনি অধিকাংশ সময় বরিশালে অবস্থান করেন বলে তাঁদের দাবি। অভিযোগ রয়েছে, বরিশালে তাঁর জন্য বিকল্প অফিসের ব্যবস্থা রয়েছে। ঝালকাঠির ঠিকাদার ও দপ্তরের কর্মচারীদের প্রয়োজনীয় ফাইল বা নথিতে স্বাক্ষর নেওয়ার জন্য বরিশালে গিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতে হয়। এ ছাড়া অফিসে দুজন সরকারি চালক থাকা সত্ত্বেও স্পিডবোটচালক দিয়ে সরকারি গাড়ি চালানো এবং সেই গাড়িতে নিয়মিত বরিশাল যাতায়াতের অভিযোগও উঠেছে। নির্বাহী প্রকৌশলীর বক্তব্য: লোকবল সংকটে সব সাইটে যাওয়া সম্ভব নয় অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ সঠিক নয়। ল্যাপটপ, ফটোকপি মেশিন ও অন্যান্য সরঞ্জাম কেনার ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে এবং কোটেশন প্রক্রিয়াও বিধি অনুযায়ী সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন। অন্যদিকে প্রকল্প পরিচালক পার্থ প্রতিম সাহা বলেন, অনিয়মের বিষয়গুলো তাঁর নজরে এসেছে। নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের অপেক্ষায় ২৫ কোটি ৫০ লাখ টাকার অভিযোগ একদিকে ৬৮০ কোটি টাকার নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজের মান নিয়ে অভিযোগ, অন্যদিকে ভুয়া কোটেশন ও জাল বিল-ভাউচারের মাধ্যমে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ—সব মিলিয়ে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক ব্যবস্থাপনা এখন তদন্তের মুখে। দুদক সূত্রে জানা গেছে, অভিযানকালে সংগৃহীত নথিপত্র, বিল-ভাউচার এবং নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে নেওয়া কাজের পরিমাপ প্রতিবেদন পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে কমিশনের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে দুদকের এনফোর্সমেন্ট অভিযানকে চূড়ান্ত তদন্ত বা অপরাধ প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। সংগৃহীত নথি, প্রকল্পের বাস্তব কাজের পরিমাণ, ক্রয়প্রক্রিয়া ও আর্থিক লেনদেন যাচাইয়ের পরই অভিযোগগুলোর প্রকৃত চিত্র স্পষ্ট হবে। নদীভাঙন থেকে জনপদ রক্ষার জন্য নেওয়া প্রকল্পের অর্থ যদি অনিয়মের মাধ্যমে ব্যয় হয় কিংবা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে প্রতিরক্ষা বাঁধ ও নদীতীর সংরক্ষণকাজ ঝুঁকিতে পড়ে, তাহলে তার প্রভাব শুধু সরকারি অর্থের অপচয়ে সীমাবদ্ধ থাকবে না। ঝুঁকিতে পড়বে নদীপাড়ের মানুষের বসতভিটা, ফসলি জমি, অবকাঠামো ও জীবন-জীবিকা। তাই ২৫ কোটি ৫০ লাখ টাকার কথিত আত্মসাতের অভিযোগ থেকে শুরু করে ৬৮০ কোটি টাকার প্রকল্পের প্রতিটি প্যাকেজের কাজ, উপকরণের মান, জিও ব্যাগের ওজন, ঠিকাদারি বিল এবং তদারকির দায়িত্ব—সবকিছু স্বাধীন ও নিরপেক্ষভাবে যাচাই করা এখন জরুরি। প্রকৃত অনিয়মের সঙ্গে যাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাঁদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সরকারি উন্নয়নকাজের বাস্তব অগ্রগতি, বিল পরিশোধ, দরপত্র প্রক্রিয়া এবং দাপ্তরিক স্বচ্ছতা নিয়ে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ, কমিশন বাণিজ্য, ভুয়া বিল-ভাউচার, টেন্ডার নিয়ন্ত্রণ, ঠিকাদারি ব্যবসা পরিচালনা এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার ও স্থানীয় নাগরিকেরা। এসব অভিযোগের মধ্যে রয়েছে মাঠপর্যায়ে দৃশ্যমান কাজ না থাকলেও কাগজে কাজ সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলন, কমিশন ছাড়া ঠিকাদারদের পাওনা আটকে রাখা এবং সরকারি প্রকল্পের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ। এসব বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ২৪ জন ঠিকাদার। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় নাগরিক সাকিল আহম্মেদ। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে প্রকল্পের মূল নথি, পরিমাপ বই, বিল-ভাউচার, ব্যাংক লেনদেন এবং বাস্তব কাজের অগ্রগতি তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। কমিশন ছাড়া বিল নয়—ঠিকাদারদের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল কার্যালয়কে ঘিরে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিল পরিশোধ নিয়ে। অভিযোগকারীদের দাবি, কাজের মান ও অগ্রগতি সন্তোষজনক হলেও নির্বাহী প্রকৌশলীর চাহিদা অনুযায়ী নির্ধারিত হারে কমিশন না দিলে বিলের ফাইল আটকে রাখা হয়। এমনকি কাজ শতভাগ সম্পন্ন হওয়ার পরও পাওনা টাকা পেতে দীর্ঘসূত্রতা ও হয়রানির মুখে পড়তে হচ্ছে ঠিকাদারদের। অভিযোগ রয়েছে, কোনো কোনো প্রকল্পে মাঠপর্যায়ে দৃশ্যমান অগ্রগতি না থাকলেও দাপ্তরিক কাগজপত্রে কাজের অগ্রগতি দেখিয়ে বিল উত্তোলনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। কাজের জামানতের টাকা ফেরত পেতেও অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগ করেছেন ঠিকাদাররা। প্রতিশোধমূলক হয়রানির আশঙ্কায় কয়েকজন ঠিকাদার ছদ্মনামে তাঁদের বক্তব্য দিয়েছেন। আরও পড়ুন: বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পুকুরচুরির অভিযোগ এক শহিদুলেই প্রশ্নবিদ্ধ শিক্ষা প্রকৌশলের সুনাম! বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল যখন ঠিকাদার রাসেল (ছদ্মনাম) নামে এক ঠিকাদারের ভাষ্য, কাজের মান শতভাগ ঠিক থাকলেও নির্ধারিত কমিশন না দিলে ফাইলে স্বাক্ষর হয় না। তাঁর অভিযোগ, ঠিকাদাররা এখন নির্বাহী প্রকৌশলীর কাছে কার্যত জিম্মি। আরিফ (ছদ্মনাম) নামে আরেক ঠিকাদার বলেন, পরিচয় প্রকাশ পেলে চলমান প্রকল্পের বিল আটকে দেওয়া হতে পারে। সাইটে নানা অজুহাতে ত্রুটি বের করে হয়রানি করার আশঙ্কাও রয়েছে। এ কারণে বাধ্য হয়েই নাম গোপন রেখে প্রতিবাদ করছেন তাঁরা। অভিযোগকারীদের প্রশ্ন, সরকারি প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারের পাওনা বিল কি ব্যক্তিগত সন্তুষ্টি কিংবা কমিশনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে? দাপ্তরিক উপস্থিতি নিয়ে প্রশ্ন, হাজিরা খাতায় অনুপস্থিতির তথ্য শুধু আর্থিক অনিয়ম নয়, দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন উঠেছে। গত ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল কার্যালয়ে সরেজমিনে গিয়ে মাত্র চার-পাঁচজন কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত পাওয়া যায়। দপ্তরের উচ্চমান সহকারী আবু রহিমের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলা, জেলা ও প্রকৌশলী কার্যালয় মিলিয়ে মোট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২৫ জন। তাঁদের মধ্যে ১১ জন মাঠপর্যায়ে এবং ১৪ জন অফিসে দায়িত্ব পালন করেন। হাজিরা খাতা পর্যালোচনায় কয়েকজন প্রকৌশলীর একাধিক কার্যদিবস অনুপস্থিত থাকার তথ্য পাওয়া যায়। এর মধ্যে সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামানের চার-পাঁচ কার্যদিবস, মো. আবির হাসানের দুই দিন, মো. আফজাল হোসেনের পাঁচ দিন এবং উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান ও সাদিয়া সুলতানা জেবার দুই দিন করে অনুপস্থিতির তথ্য উল্লেখ রয়েছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বক্তব্যও প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বলেন, মাঠপর্যায়ে কাজ করা কর্মকর্তাদের হাজিরা খাতায় স্বাক্ষর থাকা অতটা গুরুত্বপূর্ণ নয়। অন্যদিকে, আনুষ্ঠানিক বক্তব্য জানতে চাইলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসার কথা বলেন। প্রশ্ন উঠেছে, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের হিসাব কি যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে? মাঠপর্যায়ের দায়িত্বের নামে দাপ্তরিক জবাবদিহি এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে কি না, সেটিও তদন্তের দাবি রাখে। মানববন্ধনে বাধা, ব্যানার ছিনিয়ে নেওয়ার অভিযোগ অভিযোগের প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ক্ষুব্ধ ঠিকাদাররা। অভিযোগ রয়েছে, কর্মসূচি চলাকালে স্থানীয় বিএনপি নেতা ও ঠিকাদার মোমেন সিকদার এবং তাঁর সঙ্গে থাকা গাড়িচালক ইব্রাহিম ও অফিস সহকারী তন্ময় আন্দোলনকারীদের ব্যানার ছিনিয়ে নেন এবং তাঁদের হুমকি দেন। মানববন্ধনে অংশ নেওয়া বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সোহেল খান অভি অভিযোগ করেন, নির্বাহী প্রকৌশলী পছন্দের ঠিকাদারদের কাজ দেন এবং কমিশন ছাড়া বিলে স্বাক্ষর করেন না। জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবও কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন। চার কোটি টাকার কাজের বিল নিয়ে বিতর্ক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের জরাজীর্ণ ভবন সংস্কারের কাজ নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, মেসার্স কবির এন্টারপ্রাইজ ৩ কোটি ২২ লাখ টাকা এবং মেসার্স খান ট্রেডিং ৭৮ লাখ টাকা ব্যয়ে মোট ৪ কোটি টাকার সংস্কারকাজ সম্পন্ন করে। কিন্তু পরবর্তী সময়ে প্রতিষ্ঠান দুটির বকেয়া বিল আটকে রেখে অন্য কয়েকটি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল-ভাউচার এবং পেপার টেন্ডারের মাধ্যমে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগে উল্লেখ করা প্রতিষ্ঠানগুলো হলো—মাদার কনস্ট্রাকশন, কে পি বিল্ডার্স, পিপন কনস্ট্রাকশন, ওয়ারিসা এন্টারপ্রাইজ, মা এন্টারপ্রাইজ ও আরিফ বিল্ডার্স। এ প্রক্রিয়ায় দপ্তরের হিসাবরক্ষক মো. শহিদুর রহমানের সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, সংশ্লিষ্ট প্রকল্পের কার্যাদেশ, কাজের পরিমাপ, বিলের নথি এবং অর্থ ছাড়ের হিসাব পর্যালোচনা করলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। ১ কোটি ৩৭ লাখ টাকার কাজ নিয়েও প্রশ্ন গত ৭ অক্টোবর ২০২৬ বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ১ কোটি ৩৭ লাখ টাকার একটি কাজ মেসার্স মাদার কনস্ট্রাকশনকে দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানটির প্রকৃত মালিকানা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিয়ে অস্পষ্টতা রয়েছে। এ ক্ষেত্রে সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর ঘনিষ্ঠ এবং ঝালকাঠি জেলা ছাত্রলীগের বিতর্কিত নেতা ফয়সাল হোসেন জুয়েলের সংশ্লিষ্টতার অভিযোগও করা হয়েছে। অভিযোগকারীরা বলছেন, সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পের কার্যাদেশ দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা, অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা এবং দরপত্রের যোগ্যতা যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। প্রায় ৩২ কোটি টাকার প্রকল্পে টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন কারিগরি স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প এবং বরিশাল কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের দরপত্র নিয়েও অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, মেসার্স মোমেন সিকদার, মা এন্টারপ্রাইজ, ইউনুস অ্যান্ড ব্রাদার্স ও রাফিদ ট্রেডার্সের নামে প্রায় ৩২ কোটি টাকার প্রকল্পের টেন্ডার নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, নির্দিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ বণ্টন ও দরপত্র প্রক্রিয়া নিয়ন্ত্রণের অভিযোগ তদন্ত করা প্রয়োজন। এখানে মূল প্রশ্ন হলো, সরকারি ক্রয়বিধি অনুসরণ করে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে কার্যাদেশ দেওয়া হয়েছে, নাকি একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাবেই দরপত্র প্রক্রিয়া পরিচালিত হয়েছে? ২৪ ঠিকাদারের অভিযোগ, ফারুক হোসেনের জিডি নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও ঠিকাদারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বছরের ২৯ নভেম্বর ঠিকাদার ফারুক হোসেনকে ফোনে গালিগালাজ ও হুমকি দেন নির্বাহী প্রকৌশলী। এর পরদিন ৩০ নভেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত সাধারণ ডায়েরি (জিডি নং-২০৭৬) করেন ফারুক হোসেন। এ ছাড়া দপ্তরের সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে। জাহিদ (ছদ্মনাম) নামে এক ঠিকাদার বলেন, সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে। একটি সরকারি দপ্তরের প্রশাসনিক প্রধানের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। দুদকের কাছে যেসব বিষয়ে তদন্ত দাবি শুধু ঠিকাদারদের অভিযোগেই সীমাবদ্ধ নেই বিষয়টি। স্থানীয় নাগরিক সাকিল আহম্মেদ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়ে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে একাধিক বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগে রয়েছে— নির্বাহী প্রকৌশলীর নিয়োগপ্রক্রিয়া এবং পিএসসি প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সৈয়দ আবেদ আলী জীবন চক্রের সঙ্গে সম্ভাব্য সংশ্লিষ্টতা। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ঢাকা ও বরিশালে নামে-বেনামে জমি, ফ্ল্যাট, গাড়ি ও অন্যান্য সম্পদ অর্জনের অভিযোগ। ঠিকাদারি কাজের বিল পরিশোধে কমিশন বাণিজ্য। ভুয়া বিল-ভাউচার ও পেপার টেন্ডারের মাধ্যমে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ। টেন্ডার নিয়ন্ত্রণ এবং ঠিকাদারি ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ। মানববন্ধনে বাধা, হামলা ও হুমকির অভিযোগ। অভিযোগকারীদের মতে, এসব অভিযোগের সত্যতা যাচাই করতে হলে শুধু মৌখিক বক্তব্যের ওপর নির্ভর না করে আর্থিক ও প্রশাসনিক নথি পরীক্ষা করা প্রয়োজন। বিশেষ করে সংশ্লিষ্ট কর্মকর্তার আয়কর রিটার্ন, সম্পদের বিবরণী, ব্যাংক লেনদেন, জমি ও ফ্ল্যাটের দলিল, গাড়ির মালিকানা এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা অনুসন্ধান করা জরুরি। সরকারি রেস্ট হাউস থেকে প্রকল্পের বিল—জবাবদিহি কোথায়? একটি সরকারি দপ্তরের নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব শুধু প্রকল্প বাস্তবায়ন ও বিল অনুমোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। সরকারি অর্থের যথাযথ ব্যবহার, প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা, ঠিকাদারদের ন্যায্য পাওনা পরিশোধ এবং দাপ্তরিক স্বচ্ছতা বজায় রাখাও তাঁর দায়িত্বের অংশ। কিন্তু বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ঘিরে ওঠা অভিযোগগুলো সরকারি প্রকল্প ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে মাঠপর্যায়ের বাস্তব কাজের সঙ্গে কাগজে দেখানো অগ্রগতির মিল রয়েছে কি না, কাজের পরিমাপ অনুযায়ী বিল দেওয়া হয়েছে কি না এবং দরপত্রে প্রকৃত প্রতিযোগিতা নিশ্চিত করা হয়েছে কি না—এসব বিষয় এখন তদন্তের দাবি রাখে। অভিযোগের পর প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং গণমাধ্যমকর্মীদের সরাসরি সাক্ষাৎ না দিয়ে অ্যাপয়েন্টমেন্টের কথা বলে এড়িয়ে যাওয়ার অভিযোগও স্থানীয় সচেতন মহলে আলোচনা তৈরি করেছে। অভিযোগ অস্বীকার নির্বাহী প্রকৌশলীর এতসব অভিযোগের বিষয়ে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তদন্তেই বেরিয়ে আসতে পারে প্রকৃত চিত্র বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ঘিরে ওঠা অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে এখন প্রয়োজন নিরপেক্ষ, স্বচ্ছ ও নথিনির্ভর তদন্ত। এ ক্ষেত্রে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মূল নথি, প্রকল্পের প্রাক্কলন, কার্যাদেশ, পরিমাপ বই (এমবি বুক), কাজের অগ্রগতি প্রতিবেদন, ঠিকাদারদের বিল-ভাউচার, ব্যাংক লেনদেন এবং দরপত্রের নথি পর্যালোচনা করা জরুরি। একই সঙ্গে সরেজমিনে প্রকল্পের কাজের পরিমাণ ও মান যাচাই, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং ঠিকাদারদের বক্তব্য গ্রহণ এবং অভিযোগে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর প্রকৃত মালিকানা অনুসন্ধান করা প্রয়োজন। সংশ্লিষ্ট ঠিকাদারদের দাবি, শিক্ষা বিভাগ ও দুর্নীতি দমন কমিশন দ্রুত তদন্ত শুরু করে অভিযোগগুলোর সত্যতা যাচাই করুক। সরকারি অর্থের অপচয় বা আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। শেষ পর্যন্ত প্রশ্নটি খুবই সরল—সরকারি বরাদ্দের অর্থে মাঠপর্যায়ে কতটুকু কাজ হয়েছে, আর কাগজে-কলমে কতটুকু দেখানো হয়েছে? ২৪ ঠিকাদারের লিখিত অভিযোগ, দুদকে আবেদন, মানববন্ধন, হাজিরা খাতার তথ্য এবং প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা নিয়ে ওঠা প্রশ্নের নিরপেক্ষ তদন্তই পারে এই প্রশ্নের জবাব দিতে। সরকারি অর্থ জনগণের। সেই অর্থের প্রতিটি টাকার হিসাব নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
দরপত্রে কারসাজি, কমিশন বাণিজ্য, ভুয়া বিল ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ; ২৪ ঠিকাদারের আবেদন, দুদকে তদন্ত দাবি। বরগুনার অতিরিক্ত দায়িত্ব থেকে সরানোর পর উত্তরাঞ্চলে বদলির গুঞ্জন- ইত্তেহাদ নিউজ, অনলাইন: সরকারি দপ্তরের দায়িত্বে থেকে ঠিকাদারি ব্যবসা, দরপত্র কারসাজি, ঘুষ-কমিশন বাণিজ্য, ভুয়া বিল-ভাউচারে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন—একের পর এক গুরুতর অভিযোগে বিতর্কের কেন্দ্রে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। তাঁকে ঘিরে অভিযোগ, প্রতিবাদ, মানববন্ধন ও প্রশাসনিক অস্বস্তি—সব মিলিয়ে প্রশ্নের মুখে পড়েছে সরকারি এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি। ইতোমধ্যে বরগুনা জেলার অতিরিক্ত দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। ইইডির সংশ্লিষ্ট সূত্রের দাবি, শিগগিরই তাঁকে নেত্রকোনা অথবা উত্তরাঞ্চলের কোনো একটি জেলায় বদলি করা হতে পারে। অন্যদিকে, শহিদুল ইসলামকে ঘিরে ওঠা ধারাবাহিক অভিযোগে বিব্রত অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারাও। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে—একজন কর্মকর্তার বিরুদ্ধে এত অভিযোগের পরও কেন দৃশ্যমান ও পূর্ণাঙ্গ তদন্তের অগ্রগতি সামনে আসছে না? ২০২৬ সালের আগস্ট থেকে বিভিন্ন গণমাধ্যমে শহিদুল ইসলামকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশিত হচ্ছে। অভিযোগগুলোর বিষয়ে প্রতিকার চেয়ে ২৪ জন ঠিকাদার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে লিখিত আবেদন করেছেন। শুধু লিখিত অভিযোগেই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি; বরিশালে একাধিকবার মানববন্ধন হয়েছে এবং দুর্নীতি দমন কমিশনেও (দুদক) তদন্তের আবেদন জমা পড়েছে। ১১০ কোটি টাকার কাজ বণ্টনে অনিয়মের অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম ও তাঁর সহযোগী কয়েকজন কর্মকর্তা এবং ঠিকাদারের বিরুদ্ধে প্রায় ১১০ কোটি টাকার উন্নয়নকাজে টেন্ডার বাণিজ্য, ঘুষ-কমিশন গ্রহণ, কাজ না করেই বিল উত্তোলন এবং নির্দিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে একচেটিয়াভাবে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বরিশাল ঠিকাদার সমিতির ঠিকাদারের স্বাক্ষর সংবলিত একটি অভিযোগপত্রে এসব অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে ১২০টি কাজের দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। টিএসসি, মহিলা পলিটেকনিক, মাদ্রাসা, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, বিভিন্ন প্রকল্পসহ বিভিন্ন সরকারি উন্নয়ন ও মেরামতকাজের অর্থ ব্যবহারে অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তাঁর পরিচিত এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন বা সংশ্লিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে অধিকাংশ কাজ বরাদ্দ দিয়েছেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—মেসার্স মা এন্টারপ্রাইজ, মেসার্স রাফিদ ট্রেডার্স, মেসার্স মোমেন সিকদার, মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স এবং মেসার্স আইডিয়াল এন্টারপ্রাইজ। অভিযোগের সঙ্গে সংযুক্ত ই-জিপি টেন্ডার নোটিশ ও কাজের তালিকায় বরিশাল সদর, বাবুগঞ্জ, উজিরপুর, হিজলা, মুলাদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণ, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, সীমানাপ্রাচীর ও সংস্কারকাজের বিবরণ তুলে ধরা হয়েছে। তালিকায় দেখা যায়, অধিকাংশ কাজই ঘুরেফিরে কয়েকটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ হয়েছে। বিশেষ করে মা এন্টারপ্রাইজ, রাফিদ ট্রেডার্স, মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড ও মোমেন সিকদারের নাম উল্লেখযোগ্যভাবে এসেছে। অভিযোগপত্রের অনুলিপি শিক্ষা সচিব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক, বরিশালের জেলা প্রশাসক এবং দুদকের বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক বরাবর পাঠানো হয়েছে। ঠিকাদারদের দাবি, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দরপত্র প্রক্রিয়া, কাজের বরাদ্দ, বাস্তবায়নের অগ্রগতি ও বিল পরিশোধের বিষয়গুলো যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সরকারি পদে থেকে বেনামে ঠিকাদারি ব্যবসার অভিযোগ শহিদুল ইসলামের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো—সরকারি কর্মকর্তা হয়ে সরকারি উন্নয়নকাজের দরপত্র নিয়ন্ত্রণ করা। ২৪ ঠিকাদারের লিখিত আবেদনে দাবি করা হয়েছে, তিনি নিজেই পরোক্ষভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং শতকোটি টাকার সরকারি কাজ বাগিয়ে নেওয়ার সঙ্গে জড়িত। সরকারি দায়িত্বে থেকে এ ধরনের ব্যবসায়িক সম্পৃক্ততা সরকারি কর্মচারী আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, সরকারি দায়িত্ব ও ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের মধ্যে সংঘাত তৈরি করে দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের সুযোগ নেওয়া হয়েছে। অভিযোগগুলো সত্য হলে তা শুধু প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ নয়, সরকারি ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রতিযোগিতার জন্যও গুরুতর হুমকি। দরপত্রে কারসাজি, ভুয়া বিল—কোটি টাকার প্রশ্ন নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দরপত্রে টেম্পারিং ও কারসাজির মাধ্যমে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় ঠিকাদাররা। অভিযোগকারীদের ভাষ্য, দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন উন্নয়নকাজের বিল-ভাউচার নিয়েও অনিয়ম করা হয়েছে। এমনকি নিজ দপ্তরের জরাজীর্ণ ভবন সংস্কারের নামে কোটি টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে। আরও পড়ুন: বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল যখন ঠিকাদার: ঘুষ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ প্রশ্ন উঠেছে, সংস্কারকাজের প্রকৃত ব্যয় কত ছিল? কোন কোন কাজের বিপরীতে বিল দেওয়া হয়েছে? কাজের বাস্তব অগ্রগতি ও সরকারি নথিতে দেখানো ব্যয়ের মধ্যে কোনো অসংগতি রয়েছে কি না? এসব বিষয়ে নিরপেক্ষ আর্থিক ও কারিগরি নিরীক্ষার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। কমিশন ছাড়া বিল ছাড় নয়—ঠিকাদারদের হয়রানির অভিযোগ শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ ও কমিশন বাণিজ্যের অভিযোগও বেশ গুরুতর। লিখিত আবেদনে বলা হয়েছে, প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া থেকে শুরু করে কাজের বিল ছাড় করার ক্ষেত্রেও কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, চাহিদামতো কমিশন দিতে অস্বীকৃতি জানালে বৈধ ঠিকাদারদের বিল আটকে রাখা হয়। এতে অনেক ঠিকাদার আর্থিক সংকটে পড়েছেন। কেউ কেউ কাজ সম্পন্ন করেও পাওনা অর্থ না পেয়ে অর্থনৈতিক ও মানসিক হয়রানির শিকার হচ্ছেন। সরকারি উন্নয়নকাজে ঠিকাদারদের বিল আটকে রেখে কমিশন আদায়ের অভিযোগ সত্য হলে তা সরকারি অর্থ ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতাকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে। দুদকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ শুধু দাপ্তরিক অনিয়ম নয়, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও উঠেছে শহিদুল ইসলামের বিরুদ্ধে। ২০২৬ সালের অক্টোবরে সাকিল আহম্মেদ নামে এক ব্যক্তি 'সচেতন নাগরিক'-এর পক্ষে দুদক চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে। আবেদনে শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের দাবি জানানো হয়েছে। এখন প্রশ্ন—অভিযোগে উল্লিখিত সম্পদের উৎস কী? তাঁর ও পরিবারের সদস্যদের আয়কর নথি, সম্পদ বিবরণী, ব্যাংক লেনদেন ও সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকানা যাচাই করলে কি অভিযোগগুলোর সত্যতা পাওয়া যাবে? এসব বিষয়ে দুদকের নিরপেক্ষ অনুসন্ধান প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঠিকাদারকে হুমকি, সরকারি রেস্ট হাউস নিয়েও অভিযোগ প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ফারুক হোসেন নামে এক ঠিকাদারকে মুঠোফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ঠিকাদার বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২০৭৬) করেছেন। এ ছাড়া দপ্তরের সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগও ২৪ ঠিকাদারের পক্ষ থেকে সচিবের কাছে দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে। সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধার ব্যবহার নিয়ে ওঠা এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথি, ব্যবহারসংক্রান্ত রেজিস্টার এবং প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ পরীক্ষা করা জরুরি। মানববন্ধন, পোস্টারিং,লিখিত অভিযোগ—তবুও কি কার্যকর তদন্ত হবে? দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে অনিয়ম চালিয়ে যাওয়ার অভিযোগ তুলে শহিদুল ইসলামকে প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ঠিকাদার ও স্থানীয়রা।এ ছাড়া তাকে প্রত্যাহারের জন্য বরিশাল নগরীতে পোস্টারিংও করা হয়েছে। একদিকে ২৪ ঠিকাদারের লিখিত অভিযোগ, অন্যদিকে মানববন্ধন ও দুদকে আবেদন—সব মিলিয়ে বিষয়টি এখন আর বিচ্ছিন্ন কোনো অসন্তোষের পর্যায়ে নেই। বরং সরকারি উন্নয়নকাজের স্বচ্ছতা, দরপত্র ব্যবস্থাপনা এবং দপ্তরের জবাবদিহি নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। তদন্তের আশ্বাস প্রধান প্রকৌশলীর এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গণমাধ্যমকর্মীরা শহিদুল ইসলামের কার্যালয়ে গিয়ে এবং মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছেন। তবে তিনি ফোন রিসিভ করেননি বলে জানা গেছে। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগকারীদের প্রত্যাশা, শুধু বদলি কিংবা প্রশাসনিক দায়িত্ব পরিবর্তনের মধ্য দিয়ে বিষয়টির নিষ্পত্তি যেন না হয়। অভিযোগগুলোর উৎস, আর্থিক লেনদেন, দরপত্র প্রক্রিয়া, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা এবং সরকারি অর্থ ব্যয়ের নথি খতিয়ে দেখে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা হোক। বদলি নয়, জবাবদিহিই এখন বড় প্রশ্ন বরগুনার অতিরিক্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া এবং নেত্রকোনা কিংবা উত্তরাঞ্চলের কোনো জেলায় সম্ভাব্য বদলির খবর সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে ইইডির অভ্যন্তরে। কিন্তু বদলি কি অভিযোগের নিষ্পত্তি? এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে পাঠিয়ে দিলেই কি সরকারি অর্থের সম্ভাব্য অনিয়ম, ঠিকাদারদের অভিযোগ কিংবা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রশ্নের উত্তর মিলবে? একজন কর্মকর্তার বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ ওঠার পর সবচেয়ে জরুরি হলো অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রমাণিত হলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ। কারণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে সরকারি অর্থ ব্যয়ের দায়িত্বে থাকা একটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতি মানুষের আস্থা অটুট থাকা প্রয়োজন। ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে যেন পুরো প্রতিষ্ঠানের সুনাম ও গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত না হয়। এখন দেখার বিষয়—শহিদুল ইসলামকে শুধু বদলি করা হয়, নাকি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হয়। ইইডির সুনাম রক্ষায় প্রয়োজন ব্যক্তিনির্ভর সিদ্ধান্ত নয়, স্বচ্ছতা, জবাবদিহি ও দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ।