মামুনুর রশীদ নোমানী,ইত্তেহাদ নিউজ: পিরোজপুরের গ্রামীণ জনপদে উন্নয়নের প্রতিশ্রুতি ছিল নতুন সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণের। সরকারি বরাদ্দও এসেছিল শত শত কোটি টাকা। প্রকল্পের নথিতে কোথাও শতভাগ অগ্রগতি, কোথাও কাজ শেষ দেখিয়ে বিল পরিশোধ। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। কোথাও সড়ক নির্মাণের অস্তিত্ব নেই, কোথাও সেতুর সংযোগ সড়ক হয়নি, আবার কোথাও একই কাজের বিপরীতে একাধিকবার অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে। জনগণের করের টাকায় নেওয়া এসব উন্নয়ন প্রকল্প পরিণত হয়েছে অর্থ আত্মসাতের অভিযোগে ঘেরা এক বিশাল ব্যবস্থায়। অভিযোগের কেন্দ্রে রয়েছেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন আটটি ঠিকাদারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক ও বর্তমান কর্মকর্তাদের কয়েকজন এবং জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে আটটি প্রকল্পে প্রায় ১ হাজার ৭৯ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের অভিযোগের তথ্য উঠে এসেছে। এসব ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে আটটি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন কয়েকজন আসামি। অভিযুক্তদের সম্পদের একটি বড় অংশ জব্দের কথাও জানিয়েছে দুদক। অন্যদিকে, মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক হিসাব বলছে, ২০২০-২১ থেকে পরবর্তী চার অর্থবছরে পিরোজপুরে ১৭টি প্রকল্পের আওতায় ১ হাজার ৮১০টি স্কিম বাস্তবায়নের জন্য বরাদ্দ ছিল ৩ হাজার ৫৫৮ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে ১ হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাতের প্রাথমিক তথ্য পেয়েছে তদন্ত কমিটি। প্রশ্ন উঠেছে, এত বড় অঙ্কের সরকারি অর্থ কীভাবে কাজ না করেই ছাড় হলো? কারা তৈরি করেছিল এই লুটপাটের সুযোগ? রাজনৈতিক প্রভাব, ঠিকাদারি সিন্ডিকেট এবং সরকারি দপ্তরের অসাধু কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এমন ঘটনা কীভাবে সম্ভব হলো? ১৭ কিলোমিটার সড়ক, বরাদ্দ ৪৪ কোটি—নির্মাণকাজ কোথায়? পিরোজপুরের নাজিরপুর উপজেলার প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ নাজিরপুর-বৈঠাকাটা সড়কটি স্থানীয় যোগাযোগব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। সড়কটির গুরুত্ব বিবেচনায় বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় চারটি প্যাকেজে প্রায় ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় একই ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কিন্তু অভিযোগ, প্রকল্পের নির্ধারিত কাজ যথাযথভাবে সম্পন্ন না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান পুরো অর্থ তুলে নিয়েছে। এখানেই শেষ নয়। ভাণ্ডারিয়া, কাউখালী, নেছারাবাদসহ জেলার বিভিন্ন উপজেলায় একই ধরনের অভিযোগ রয়েছে। কোথাও কাজ শুরুই হয়নি, কোথাও সামান্য কাজ করে কয়েক গুণ বেশি বিল তোলা হয়েছে, আবার কোথাও কাগজে-কলমে সম্পূর্ণ নতুন প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ ছাড় করা হয়েছে। নথি ও তদন্তের তথ্য অনুযায়ী, এসব প্রকল্পের বড় অংশের কার্যাদেশ পেয়েছে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের পরিবারের নিয়ন্ত্রণাধীন আটটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তিন বছরেও শুরু হয়নি সড়ক, ঠিকাদার পেয়েছেন ১৩ কোটি টাকা ভাণ্ডারিয়া উপজেলার মালিয়ার হাট-কৈখালী সড়কের চিত্র আরও উদ্বেগজনক। ১০ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ সড়কটির নির্মাণকাজের চুক্তি স্বাক্ষরের পর কেটে গেছে তিন বছর। কিন্তু নির্মাণকাজ শুরুই হয়নি। অথচ ১৫ কোটি ৯২ লাখ টাকার কার্যাদেশের বিপরীতে ঠিকাদারকে ইতোমধ্যে ১৩ কোটি ২৩ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। অর্থাৎ চুক্তিমূল্যের ৮০ শতাংশেরও বেশি অর্থ ছাড় হয়েছে। ২০২৬ সালের আগস্টে সড়কটি সরেজমিন পরিদর্শন করে দেখতে পায়, সড়কের কিছু অংশের অবস্থা অত্যন্ত নাজুক। সড়কটি দিয়ে নিয়মিত মোটরসাইকেলে চলাচল করেন স্থানীয় বাসিন্দা মন্টু হাওলাদার। তাঁর ভাষায়, রাস্তার বেহাল অবস্থার কারণে কয়েক মাসের মধ্যে ছয়বার মোটরসাইকেল থেকে পড়ে গেছেন তিনি। প্রতিবারই অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।স্থানীয় মানুষের দুর্ভোগের বিপরীতে সরকারি নথিতে ঠিকাদারের বিল পরিশোধের চিত্র সম্পূর্ণ ভিন্ন।প্রশ্ন হলো, যে সড়কের নির্মাণকাজ শুরুই হয়নি, সেই সড়কের জন্য এত বিপুল অর্থ কীভাবে ছাড় হলো? আট প্রকল্পে একই পরিবারের আট প্রতিষ্ঠান দুর্নীতির অনুসন্ধানে উঠে এসেছে একটি পরিবারের নিয়ন্ত্রণে থাকা আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম। অভিযোগ অনুযায়ী, পিরোজপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বড় অংশের কার্যাদেশ পেয়েছে এসব প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— ১. ইএফটিই ডট ইটিসিএল (প্রাইভেট) লিমিটেড ২. ইএফটিই এন্টারপ্রাইজ ৩. ইএফটিই ট্রেডিং করপোরেশন লিমিটেড ৪. সাউথ বাংলা ট্রেডিং লিমিটেড ৫. শিমু এন্টারপ্রাইজ ৬. হরিণপালা ট্রেড ইন্টারন্যাশনাল ৭. মেসার্স তেলিখালী কনস্ট্রাকশন ৮. ঈশান এন্টারপ্রাইজ। নথি অনুযায়ী, ইএফটিই ডট ইটিসিএল, ইএফটিই এন্টারপ্রাইজ, ইএফটিই ট্রেডিং করপোরেশন ও সাউথ বাংলা ট্রেডিংয়ের সঙ্গে মিরাজুল ইসলামের সংশ্লিষ্টতা রয়েছে। তিনি মহিউদ্দিন মহারাজের ভাই এবং ভাণ্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান। শিমু এন্টারপ্রাইজের মালিক মিরাজুল ইসলামের স্ত্রী শামীমা আক্তার। হরিণপালা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ নিজেই। অন্য দুটি প্রতিষ্ঠান—তেলিখালী কনস্ট্রাকশন ও ঈশান এন্টারপ্রাইজের মালিক তাঁর দুই ভাই মো. শামসুদ্দিন ও মোহাম্মদ সালাহউদ্দিন। দুদকের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়ন প্রকল্পের অর্থ উত্তোলন ও আত্মসাতের অভিযোগ রয়েছে। বিশেষ করে তেলিখালী কনস্ট্রাকশন ও ইএফটিই ডট ইটিসিএল মিলিয়ে পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে ১ হাজার কোটি টাকার বেশি মূল্যের প্রায় ৩৭৫টি কাজের ঠিকাদারি পেয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সরকারি ক্রয়প্রক্রিয়া নিয়ে গবেষণাকারী মোহাম্মদ তৌহিদুল ইসলামের বক্তব্য অনুযায়ী, প্রায় ২০০টি ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান একমাত্র দরদাতা ছিল। অর্থাৎ দরপত্রে কার্যকর প্রতিযোগিতা ছিল না, অথবা অন্যদের অংশগ্রহণের সুযোগ সীমিত ছিল বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। ৬০০ কোটি টাকার প্রকল্পে ৯১ কোটি টাকার কাজই নেই! পিরোজপুরের সাত উপজেলায় ৪৮০ কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তা পাকা করার জন্য ২০২১ সালে নেওয়া হয়েছিল প্রায় ৬০০ কোটি টাকার একটি প্রকল্প। প্রকল্পটির আওতায় প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছিল সোয়া কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২০২১ সালের ১৬ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পায়। বাস্তবায়নের সময়সীমা ছিল এপ্রিল ২০২১ থেকে জুন ২০২৫। কিন্তু বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অনুসন্ধানে উঠে এসেছে, প্রকল্পটির আওতায় ৩১টি ভুয়া স্কিম বা প্যাকেজ দেখিয়ে কোনো নির্মাণকাজ না করেই প্রায় ৯১ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এ ছাড়া ৪৭টি প্যাকেজে বাস্তব কাজের অগ্রগতির তুলনায় তিন থেকে চার গুণ পর্যন্ত অতিরিক্ত বিল পরিশোধের তথ্য পাওয়া গেছে। খাতা-কলমে প্রকল্পটির সার্বিক অগ্রগতি দেখানো হয়েছিল ৭৭ শতাংশ। অথচ মাঠপর্যায়ে বহু প্রকল্পের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। ভাণ্ডারিয়া মহিলা কলেজ থেকে পূর্ব ভাণ্ডারিয়া মন্ত্রী বাড়ি রোড হয়ে খন্দকার বাড়ি রোড পর্যন্ত বিসি রাস্তা এবং তিনটি আরসিসি বক্স কালভার্ট নির্মাণের কথা ছিল। সরেজমিনে এসব কাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অথচ এ প্রকল্পের বিপরীতে তিন কোটি ৭০ লাখ টাকা বিল উত্তোলন করা হয়েছে। একইভাবে মাটিভাঙ্গা-কাঠালিয়া বর্ডার রোডে বিসি রাস্তা ও দুই ভেন্টসহ মোট ১২টি আরসিসি বক্স কালভার্ট নির্মাণের কথা থাকলেও বাস্তবে কাজের অস্তিত্ব মেলেনি। অথচ কাজ সম্পন্ন দেখিয়ে তুলে নেওয়া হয়েছে দুই কোটি ৭১ লাখ টাকা। এ ধরনের ঘটনায় প্রশ্ন উঠেছে, মাঠপর্যায়ে প্রকল্পের অস্তিত্ব যাচাই না করেই কীভাবে সরকারি অর্থ ছাড় করা হলো? উপজেলা দপ্তরের মেজারমেন্ট বুক ছাড়াই বিল! সরকারি উন্নয়নকাজে ঠিকাদারকে বিল দেওয়ার আগে কাজের পরিমাণ, মান ও অগ্রগতি যাচাইয়ের জন্য মেজারমেন্ট বুক (এমবি) অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সাধারণত সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশল কার্যালয়ের কর্মকর্তারা কাজ পরিমাপ করে এমবিতে স্বাক্ষর করেন। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিল পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু পিরোজপুরের কয়েকটি প্রকল্পে এই নিয়ম অনুসরণ করা হয়নি বলে তদন্তে উঠে এসেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়ের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, এসব কাজের কোনো বিল প্রস্তুত করা হয়নি, মেজারমেন্ট বুকেও স্বাক্ষর ছিল না। এরপরও জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এবং জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের মাধ্যমে বিল ছাড় করা হয়েছে। কাউখালী ও ভাণ্ডারিয়া উপজেলার কর্মকর্তারাও জানিয়েছেন, প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই বিল পাস বা বিলিং সম্পন্ন হওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, তৎকালীন জেলা নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার হাওলাদার, ঠিকাদার এবং প্রভাবশালী একটি চক্রের যোগসাজশে এসব অনিয়ম হয়েছে। ৩ হাজার ৫৫৮ কোটি টাকার প্রকল্পে আত্মসাতের প্রাথমিক হিসাব ১ হাজার ৬৪৭ কোটি পিরোজপুরে ২০২০-২১ অর্থবছর থেকে পরবর্তী চার অর্থবছরে ১৭টি প্রকল্পের আওতায় ১ হাজার ৮১০টি স্কিম বাস্তবায়নের জন্য বরাদ্দ দেওয়া হয় ৩ হাজার ৫৫৮ কোটি ৯২ লাখ টাকা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি এসব প্রকল্প পর্যালোচনা করে ১ হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাতের প্রাথমিক তথ্য পেয়েছে। অন্যদিকে, আটটি প্রকল্পের তদন্ত শেষে দুদক প্রায় ১ হাজার ৭৯ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের অভিযোগে আটটি মামলা করেছে। দুদকের তদন্তে উঠে আসা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— ১. দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্বাসন প্রকল্প: ১২৮টি স্কিমে ব্যয় দেখানো হয়েছে ২৭৭ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার টাকা। ২. ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লি সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্প: ৬৪টি স্কিমে বরাদ্দ ২০৬ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকা। ৩. পিরোজপুর জেলা পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প: ৩১টি স্কিমে ব্যয় দেখানো হয়েছে ৯০ কোটি ৮৬ লাখ ১৯ হাজার টাকা। ৪. বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প: ১১৮টি স্কিমের বিপরীতে বরাদ্দ দেখানো হয়েছে ৪০৮ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা। অভিযোগ, এসব কাজের বড় অংশ বাস্তবে সম্পন্ন হয়নি। ৫. উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান ও মৌলিক অবকাঠামো প্রকল্প: দুটি স্কিমে তিন কোটি ৭৩ লাখ ৫৮ হাজার টাকার কাজ হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া আরও তিনটি প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। দুদকের মামলাগুলোতে আটটি প্রকল্পের আওতায় কাজের অগ্রগতি ও বিল পরিশোধের মধ্যে বড় ধরনের অসংগতি এবং সরকারি অর্থ আত্মসাতের বিষয়টি উঠে এসেছে। রাজনৈতিক প্রভাবের অভিযোগ: প্রশাসন ও ঠিকাদারি চক্রের যোগসাজশ এলজিইডির তদন্ত প্রতিবেদনে শুধু ঠিকাদারি প্রতিষ্ঠান বা স্থানীয় কর্মকর্তাদের অনিয়মের বিষয়ই উঠে আসেনি; রাজনৈতিক প্রভাব ও প্রশাসনের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সহযোগিতার অভিযোগও রয়েছে। তদন্ত-সংশ্লিষ্ট নথিতে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তাঁর ভাই মিরাজুল ইসলাম, পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, তাঁর ভাই নূরে আলম সিদ্দিকী শাহীন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার নাম এসেছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ঠিকাদারি কার্যক্রম, প্রকল্পের অর্থ ছাড় এবং প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করা হয়েছিল। মহিউদ্দিন মহারাজ একসময় একজন জ্যেষ্ঠ রাজনীতিকের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগে যোগ দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান এবং সংসদ সদস্য হন। তাঁর ভাই মিরাজুল ইসলামও ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এলজিইডির তদন্তে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক সহযোগিতার বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে। ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত এলজিইডির একটি পৃথক তদন্ত প্রতিবেদনেও বলা হয়, স্থানীয় ও জাতীয় পর্যায়ের রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি এবং আগের সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সরাসরি সহযোগিতা ছাড়া এমন আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাৎ সম্ভব ছিল না। তবে তদন্ত প্রতিবেদনে নাম আসা প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে—এমন নয়। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও আইনি প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ। ৩৪০টি নথি উধাও, অডিট আপত্তি ২ হাজার ৬৬৬ কোটি টাকা দুর্নীতির আরেকটি ভয়াবহ দিক উঠে এসেছে সরকারি নথি সংরক্ষণ ও হিসাব ব্যবস্থাপনায়। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ২০২৫ সালের নিরীক্ষায় পিরোজপুরের ১৭টি প্রকল্পে ২ হাজার ৬৬৬ কোটি টাকার অডিট আপত্তি তোলা হয়। প্রতিবেদনে সংযোগ সড়ক নির্মাণ না করেই সেতু নির্মাণের বিল এবং একই কাজের জন্য একাধিক প্রকল্পের আওতায় বিল দাখিলের তথ্য উল্লেখ করা হয়েছে। একটি ঘটনায় গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির আওতায় ইএফটিই ডট ইটিসিএলের সঙ্গে ২১ লাখ ৪২ হাজার টাকার চুক্তি করা হলেও প্রতিষ্ঠানটির পরিবর্তে রুপালি কনস্ট্রাকশনের নামে ১৫ কোটি চার লাখ টাকার চেক ইস্যু করা হয়। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, এসব অসংগতির ব্যাখ্যা দিতে জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মকর্তারা প্রয়োজনীয় বিল, ভাউচার ও সহায়ক নথি উপস্থাপন করতে পারেননি। কয়েকটি ফাইলে শুধু হিসাবরক্ষক ও নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর করা নোটশিট পাওয়া গেছে। সেখানে অন্য কোনো কর্মকর্তার স্বাক্ষর ছিল না। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, হিসাব শাখায় অন্তত ৩৪০টি নথি পাওয়া যায়নি। ২০২৪ সালের ডিসেম্বরে এলজিইডির তদন্ত দলের কাছে তৎকালীন হিসাবরক্ষক একেএম মোজাম্মেল হক খান দাবি করেন, নির্বাহী প্রকৌশলীদের নির্দেশে ঠিকাদাররা নথিপত্র নিজেদের কাছে রেখেছিলেন। তিনি আরও অভিযোগ করেন, সাবেক নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার হাওলাদার তাঁকে নিয়মবহির্ভূত বিলগুলোতে স্বাক্ষর করতে বলেছিলেন। তদন্তে দেওয়া তাঁর বক্তব্য অনুযায়ী, আবদুস সাত্তার তাঁকে বলেছিলেন, ‘আপনি শুধু সই করুন। কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। পুরো দায় আমি নেব।’ এই বক্তব্য সরকারি অর্থ ছাড়ের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। দুদকের আট মামলা, ২৭ আসামি পিরোজপুরের উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয় আটটি মামলা দায়ের করেছে। মামলাগুলোতে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেন ও মো. আব্দুর রশীদ খান, সাবেক নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার হাওলাদার, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক এবং জেলা হিসাব ও অর্থ কার্যালয়ের কর্মকর্তাসহ মোট ২৭ জনকে আসামি করা হয়েছে। দুদকের ভাষ্য অনুযায়ী, আসামিরা নিজেদের ও পরিবারের নিয়ন্ত্রণাধীন আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। মামলাগুলোতে আত্মসাতের অভিযোগের পরিমাণ ১ হাজার ৭৯ কোটি চার লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন— একেএম মোজাম্মেল হক খান, এলজিইডি পিরোজপুর কার্যালয়ের হিসাবরক্ষক (সাময়িক বরখাস্ত)। মোহাম্মদ মোহাসীন, জেলা হিসাব ও অর্থ কর্মকর্তা। মোহাম্মদ মাসুম হাওলাদার, জেলা হিসাব ও অর্থ কার্যালয়ের এসএএস সুপার। মোহাম্মদ আলমগীর হাসান, সাবেক জেলা হিসাব ও অর্থ কর্মকর্তা। একজন ঠিকাদার, যার পরিচয় যাচাইাধীন বলে প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে মামলার ঘটনায় আরও কয়েকজনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়। গ্রেপ্তার হওয়া হিসাবরক্ষক একেএম মোজাম্মেল হক খান কারাগারে মারা যান। অন্য কয়েকজন কর্মকর্তা জামিনে রয়েছেন বলে দুদক সূত্রে জানা গেছে। দুদক জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া ২০২৬ সালের মার্চে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মহিউদ্দিন মহারাজ, আবদুস সাত্তার হাওলাদার এবং তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরও নয়টি মামলা করা হয়। এসব মামলা তদন্তাধীন। দুদকের পিরোজপুর কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের পিরোজপুর ও ঢাকায় থাকা প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে। তদন্তের জালে উন্নয়ন কার্যক্রম, ভোগান্তিতে সাধারণ মানুষ দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তের কারণে পিরোজপুরের উন্নয়ন কার্যক্রমেও স্থবিরতা তৈরি হয়েছে। এলজিইডির বর্তমান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজিজুর রহমান জানিয়েছেন, আলোচিত প্রকল্পগুলোর অনেকগুলোর মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। যেসব কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে, সেগুলো শেষ করাই এখন বড় চ্যালেঞ্জ। তাঁর ভাষ্য অনুযায়ী, আগের প্রকল্পগুলোর অনেক ক্ষেত্রেই নিয়ম মেনে কাজ হয়নি। বর্তমানে এসব বিষয়ে তদন্ত চলছে। অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হচ্ছে। অনেক প্রকল্পের কাজ শেষ করতে নতুন করে বরাদ্দ প্রয়োজন। তিনি বলেন, প্রকল্পগুলোর কাজ পুনরায় শুরু করতে মন্ত্রণালয়ের নির্দেশনা ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দরকার। এদিকে এলজিইডির পিরোজপুর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, যেসব প্রকল্প দুর্নীতির অভিযোগ ও আইনি প্রক্রিয়ার সঙ্গে জড়িত, সেগুলোর কাজ পুনরায় শুরু হতে দীর্ঘ সময় লাগতে পারে। ফলে উন্নয়নের নামে বরাদ্দ হওয়া অর্থের অনিয়মের বোঝা শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। বেহাল সড়ক, অসমাপ্ত সেতু, যোগাযোগ বিচ্ছিন্নতা এবং দুর্ভোগ এখন জেলার বিভিন্ন এলাকার মানুষের নিত্যদিনের বাস্তবতা। অভিযোগ অস্বীকার সাবেক এমপি ও ঠিকাদারের অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ। তিনি বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি তিনি প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং মাত্র সাত মাস দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন। তাঁর দাবি, যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে, তখন সরকারের গুরুত্বপূর্ণ কোনো পদে তিনি ছিলেন না। এসব অভিযোগের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। অভিযোগগুলোকে তিনি অসত্য, বানোয়াট, কাল্পনিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। মিরাজুল ইসলামও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, যেসব প্রকল্পের কাজ অসম্পূর্ণ বলা হচ্ছে, সেগুলোর অনেক কাজ বাস্তবে সম্পন্ন হয়েছে। বছরের শেষে বরাদ্দের অর্থ ফেরত যাওয়া ঠেকাতে কিছু ক্ষেত্রে আগাম অর্থ ছাড়ের বিষয়টি স্বীকার করলেও তিনি দাবি করেন, কাজ না করে কোনো টাকা উত্তোলন করা হয়নি। তিনি আরও বলেন, অসমাপ্ত কাজগুলো শেষ করার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন এবং আগাম ছাড় করা অর্থ সমন্বয় করতেও প্রস্তুত রয়েছেন। অন্যদিকে, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, সংশ্লিষ্ট সময়ে তিনি মন্ত্রী ছিলেন না, তাঁর কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানও ছিল না এবং এলজিইডির ওপর তাঁর কোনো কর্তৃত্ব ছিল না। তাঁর ভাই নূরে আলম সিদ্দিকী শাহীনও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া ও সাবেক নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার হাওলাদারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় । শেষ পর্যন্ত জবাবদিহি কার? পিরোজপুরের উন্নয়ন প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ শুধু কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা কিছু কর্মকর্তার দুর্নীতির প্রশ্ন নয়। এটি সরকারি প্রকল্প গ্রহণ, দরপত্র আহ্বান, কাজের অগ্রগতি যাচাই, বিল প্রস্তুত, অর্থ ছাড় এবং নিরীক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও বড় ধরনের প্রশ্ন তুলেছে। যদি একটি সড়ক নির্মাণ না করেও ঠিকাদার চুক্তিমূল্যের ৮০ শতাংশের বেশি অর্থ পেয়ে যান, যদি কালভার্ট নির্মাণ না করেই কোটি কোটি টাকার বিল পরিশোধ হয়, যদি উপজেলা প্রকৌশলীর মেজারমেন্ট বুক ছাড়াই জেলা পর্যায়ে বিল পাস হয়, তাহলে সেই অর্থ ছাড়ের প্রতিটি ধাপে দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা জরুরি। একই পরিবারের আটটি প্রতিষ্ঠানের হাতে বিপুলসংখ্যক সরকারি কাজ যাওয়ার পেছনে দরপত্র প্রক্রিয়ার স্বচ্ছতা কতটা ছিল, একমাত্র দরদাতা হিসেবে প্রতিষ্ঠানগুলো কীভাবে বারবার কাজ পেয়েছে, প্রকল্পের বাস্তব অগ্রগতি যাচাই না করে কে বা কারা বিল অনুমোদন করেছেন—এসব প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলাগুলোর বিচারিক নিষ্পত্তি এবং সরকারি অর্থ পুনরুদ্ধার। কারণ একটি সড়ক শুধু ইট-বালু-পাথরের নির্মাণ নয়; এটি মানুষের জীবনযাত্রা, শিক্ষা, চিকিৎসা, কৃষি ও অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত। সেই সড়কের বরাদ্দ যদি কাগজে-কলমে উন্নয়নের নামে লুট হয়ে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত হয় পুরো জনপদ। পিরোজপুরের হাজার কোটি টাকার এই অভিযোগের তদন্ত তাই শুধু অপরাধীদের শনাক্ত করার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সরকারি অর্থের প্রতিটি টাকার হিসাব, সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাজনৈতিক প্রভাবশালীদের ভূমিকা এবং অসমাপ্ত প্রকল্পগুলো বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে হবে। উন্নয়নের নামে বরাদ্দ হওয়া জনগণের টাকা কোথায় গেল—এই প্রশ্নের জবাব এবং প্রকৃত দায়ীদের জবাবদিহি নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় দাবি।
পিরোজপুরে এলজিইডি প্রকল্পে ‘কাজহীন’ ৬ হাজার কোটি টাকা উত্তোলনের অভিযোগ ইত্তেহাদ নিউজ,অনলাইন : পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিচালিত হাজার হাজার উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ সামনে এনেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার দাবি, জেলার অনুমোদিত ২ হাজার ৪৬০টি প্রকল্পের মধ্যে অন্তত ১ হাজার ৬১০টিতে বাস্তবে কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। টেন্ডার ও বিল প্রক্রিয়া সম্পন্ন হলেও অধিকাংশ ক্ষেত্রে মাঠপর্যায়ে কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, অভিযোগগুলোর তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ও এক যুগ্ম সচিবের নেতৃত্বে পৃথক তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন পেয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ সরকারি অনুসন্ধানে সাবেক সংসদ সদস্য, এলজিইডির তৎকালীন নির্বাহী প্রকৌশলী, হিসাবরক্ষণ কর্মকর্তা এবং পরিকল্পনা কমিশনের এক সাবেক সচিবসহ একাধিক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তার ভাষ্য অনুযায়ী, অনিয়মের ধরন ছিল সুসংগঠিত। প্রকল্প অনুমোদনের পর টেন্ডার আহ্বান ও কার্যাদেশ দেওয়া হলেও পরে অনেক ক্ষেত্রেই কোনো নির্মাণকাজ হয়নি। কিন্তু ট্রেজারি থেকে বিল তুলে নেওয়া হয়েছে পূর্ণাঙ্গ কাজ সম্পন্ন দেখিয়ে। প্রতিমন্ত্রী বলেন, “ঠিকাদাররা টাকা তুলে বিদেশে চলে গেছেন। দুবাইসহ বিভিন্ন দেশে অবস্থানের তথ্য পাওয়া গেছে।” ১৮ মাস বন্ধ উন্নয়নকাজ পিরোজপুরে দীর্ঘ প্রায় দেড় বছর উন্নয়নকাজ স্থবির থাকার বিষয়টিকেও “ভয়াবহ” হিসেবে উল্লেখ করেন মীর শাহে আলম। তার মতে, সড়ক, ব্রিজ-কালভার্ট, হাটবাজার নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেমে যাওয়ায় জেলার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। বহু সড়ক অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় স্থানীয় মানুষের চলাচল দুর্ভোগে পরিণত হয়েছে। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দুদকের তদন্ত চলমান থাকায় মৌখিক নির্দেশে অনেক উন্নয়নকাজ বন্ধ রাখা হয়েছিল। তবে এ বিষয়ে কোনো লিখিত নির্দেশনা ছিল না। ২৪ ঘণ্টায় ডিপিপি অনুমোদনের অভিযোগ অনুসন্ধানে আরও উঠে এসেছে প্রকল্প অনুমোদন প্রক্রিয়ায় অস্বাভাবিক তাড়াহুড়ার অভিযোগ। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, কিছু উন্নয়ন প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া তিন বছরের প্রকল্পে প্রথম বছরেই পুরো বরাদ্দ তুলে নেওয়ার ঘটনাও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। এ ধরনের অভিযোগ সরকারি প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা, তদারকি ও আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। “ব্রিজ আছে, সংযোগ সড়ক নেই” প্রকল্প পরিকল্পনায় সমন্বয়হীনতার উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ হলেও সেখানে সংযোগ সড়ক তৈরি হয়নি। তিনি ফেনীর ছাগলনাইয়ার একটি সেতুর উদাহরণ দিয়ে বলেন, প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুতে এখনো মানুষ মই ব্যবহার করে ওঠানামা করছে, কারণ সংযোগ সড়কের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। তার মতে, এটি শুধু আর্থিক অনিয়ম নয়, পরিকল্পনাগত ব্যর্থতারও প্রতীক। নতুন তদন্ত কমিটি ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পগুলোতে অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। গত ১২ মে জারি হওয়া প্রজ্ঞাপনে কমিটিকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার প্রকল্প কার্যক্রমও পর্যালোচনা করা হবে। মীর শাহে আলম বলেন, যেখানে অনিয়ম পাওয়া যাবে, সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকে মামলা পাঠানো হবে। সীমিত পরিসরে ফের শুরু হতে পারে কাজ প্রতিমন্ত্রী জানান, পিরোজপুরের তিন সংসদ সদস্য ও এক প্রতিমন্ত্রীর আবেদনের পর প্রধানমন্ত্রী তার নেতৃত্বে একটি পর্যালোচনা কমিটি গঠন করেন। কমিটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে দুদকের তদন্তাধীন প্রকল্প বাদ দিয়ে অন্যান্য অসমাপ্ত প্রকল্প সীমিত পরিসরে পুনরায় চালুর সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, ঈদের পর একটি প্রতিনিধিদল পিরোজপুর সফর করবে এবং সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করে উন্নয়নকাজ আংশিকভাবে পুনরায় শুরু করা হতে পারে। স্থানীয় সরকার নির্বাচন ও ইজিবাইক নিবন্ধন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে কোন নির্বাচন আগে হবে, তা সরকারের আর্থিক সক্ষমতা ও বাজেট পরিস্থিতির ওপর নির্ভর করবে। এছাড়া ব্যাটারিচালিত ইজিবাইক ও অনুরূপ যানবাহন নিবন্ধনের জন্য নতুন আইন আনার কথাও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, বুয়েট অনুমোদিত নকশার যানবাহন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নিবন্ধনের আওতায় আনা হবে, যা স্থানীয় পর্যায়ে রাজস্ব আয় বাড়াতেও সহায়ক হবে।
মামুনুর রশীদ নোমানী : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পিরোজপুর জেলা কার্যালয়কে ঘিরে গড়ে ওঠা এক বিশাল দুর্নীতি সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। অনুসন্ধানে দেখা গেছে, বিগত পাঁচ বছরে জেলার ১৭টি উন্নয়ন প্রকল্পে অন্তত ১,৬৪৭ কোটি টাকার অনিয়ম ও লুটপাট হয়েছে। এই মহোৎসবের অন্যতম প্রধান কুশীলব হিসেবে নাম এসেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসাবরক্ষক আনোয়ারুল ইসলামের । কাগজেই শেষ ১,০০০ প্রকল্পের কাজ অনুসন্ধানে জানা যায়, পিরোজপুর জেলায় হাতে নেওয়া ১,৮১০টি প্যাকেজের (রাস্তা, ব্রিজ ও কালভার্ট) মধ্যে ১,০০০টিরও বেশি প্রকল্পের কাজ বর্তমানে বন্ধ রয়েছে, যেগুলোর সময়সীমা অনেক আগেই পার হয়ে গেছে [১.৫.৬]। অভিযোগ রয়েছে, সাবেক সংসদ সদস্য শ ম রেজাউল করিম ও মহিউদ্দিন মহারাজের রাজনৈতিক প্রভাবে এবং এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশে কাজ না করেই শত শত কোটি টাকার বিল উত্তোলন করা হয়েছে। আরও পড়ুন: এলজিইডির শতকোটি টাকার হিসাবরক্ষক আনোয়ারুল ইসলাম এখনও বহাল তবিয়তে আনোয়ারুল ইসলামের ‘আলাদিনের চেরাগ’ দুদকের প্রাথমিক তদন্ত ও বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, হিসাবরক্ষক আনোয়ারুল ইসলাম পিরোজপুর প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়টি নিয়ন্ত্রণ করতেন। তার বিরুদ্ধে প্রায় ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে পুনরায় কর্মস্থলে যোগ দিয়েছেন বলে জানা গেছে। তবে তার ওপর দেশত্যাগে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। তদন্তে উঠে আসা ভয়াবহ চিত্র: বিনা কাজে বিল পরিশোধ: ৩৭০টি স্কিমের নথি গায়েব করে দেওয়া হয়েছে এবং কাজ শেষ না করেই ঠিকাদারদের বিল দেওয়া হয়েছে । ডাবল পেমেন্ট: একই প্রকল্পের নাম ভাঙিয়ে দুই থেকে চারবার পর্যন্ত বিল তুলে নেওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি । গ্রেপ্তার ও বরখাস্ত: এই দুর্নীতির দায়ে ইতিমধ্যে জেলা হিসাব ও অর্থ কর্মকর্তা মোহাম্মদ মহসিন এবং এলজিইডির হিসাব কর্মকর্তা এ কে এম মোজাম্মেল হক খানসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৩ জন প্রকৌশলীসহ মোট ৫ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে । বর্তমান অবস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে এই দুর্নীতির ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে ৮টি পৃথক মামলা দায়ের করেছে । পিরোজপুর এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাত্তারের ওপরও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে । স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, এই লুণ্ঠনের সাথে জড়িত রাজনৈতিক নেতা এবং প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়েছে । পিরোজপুরের সাধারণ মানুষ এখন এই বিশাল অর্থ আত্মসাতের সুষ্ঠু বিচার এবং অসমাপ্ত প্রকল্পগুলো দ্রুত শেষ করার দাবি জানাচ্ছেন। পিরোজপুর এলজিইডির বহুল আলোচিত এই দুর্নীতির ঘটনা কেবল একজন ব্যক্তির নয়, বরং একটি সংঘবদ্ধ চক্রের কর্মকাণ্ড। অনুসন্ধানী প্রতিবেদনের জন্য প্রয়োজনীয় আরও কিছু সুনির্দিষ্ট এবং গভীর তথ্য নিচে দেওয়া হলো: ১. দুর্নীতির ধরন ও কৌশলের বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, এই চক্রটি মূলত তিনটি স্তরে কাজ করত : ভূতুড়ে বিলিং: কোনো কাজ শুরু হওয়ার আগেই ১০০% বিল পরিশোধ করা হয়েছে। পিরোজপুরের নাজিপুর-বৈঠাকাঠা এবং নাজিপুর-চর রঘুনাথপুর সড়কে কোনো কাজ না করেই বিল তুলে নেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে । নথি গায়েব ও জালিয়াতি: তদন্তে দেখা গেছে, ৩৭০টি স্কিমের কোনো বাস্তব অস্তিত্ব বা সঠিক ফাইল নেই । হিসাবরক্ষক এবং প্রকৌশলীরা যোগসাজশ করে একই কাজের বিপরীতে বারবার (ডাবল পেমেন্ট) বিল ইস্যু করেছেন । রাজনৈতিক ছত্রছায়া: সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের পরিবারের মালিকানাধীন আটটি ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে প্রায় ১,০৭৯ কোটি টাকার কাজ বাগিয়ে নেওয়া হয় । ২. অভিযুক্তদের তালিকা ও প্রশাসনিক ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে ২৩ থেকে ২৭ জন সরকারি কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে ৮টি মামলা করেছে । গ্রেপ্তারকৃতরা (১৫ এপ্রিল ২০২৫): জেলা হিসাব ও অর্থ কর্মকর্তা মোহাম্মদ মহসিন, সাবেক কর্মকর্তা আলমগীর হাসান,এসএএস সুপার মাসুম হাওলাদার ও নজরুল ইসলাম এবং এলজিইডির হিসাব কর্মকর্তা এ কে এম মোজাম্মেল হক খান । চাকরিচ্যুত কর্মকর্তা (১০ ফেব্রুয়ারি ২০২৫): দুর্নীতির দায়ে ৫ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সদর, নাজিরপুর ও ভাণ্ডারিয়ার সাবেক প্রকৌশলী মোর্শেদ সরকার,জাকির হোসেন মিয়া এবং বদরুল আলম । দেশত্যাগে নিষেধাজ্ঞা: সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাত্তার এবং পিরোজপুর প্রজেক্টের হিসাবরক্ষক আনোয়ারুল ইসলামসহ ১৩ জনের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে । ৩. অর্থের অংক ও প্রকল্পের পরিমাণ মোট অনিয়ম: প্রাথমিক তদন্তে ১,১০০ কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিললেও ১৭টি বড় প্রকল্পে সব মিলিয়ে অনিয়মের পরিমাণ প্রায় ১,৬৪৭ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে । অসমাপ্ত কাজ: পিরোজপুর এলজিইডির অধীনে ১,৮১০টি প্যাকেজের মধ্যে ১,০০০টিরও বেশি কাজ বন্ধ হয়ে আছে, যার মেয়াদ অনেক আগেই শেষ । ৪. আনোয়ারুল ইসলামের ব্যক্তিগত সম্পদ অর্জনের অভিযোগ হিসাবরক্ষক আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে দুদকের অভিযোগে বলা হয়েছে যে, তিনি পিরোজপুর প্রকল্পের ফান্ডের রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকা পালন করেছেন। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরায় বহুতল ভবন, সাভারে জমি এবং বিভিন্ন ব্যাংকে বেনামে বড় অংকের এফডিআর (FDR) থাকার তথ্য পাওয়া গেছে, যার আর্থিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। আনোয়ারুল ইসলামের সম্পদের তালিকা দুদকের প্রাথমিক অনুসন্ধান এবং গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, একজন সাধারণ হিসাবরক্ষক হওয়া সত্ত্বেও তিনি ও তার পরিবারের নামে প্রায় ১০০ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ রয়েছে । তার অর্জিত সম্পদের মধ্যে রয়েছে: স্থাবর সম্পত্তি: রাজধানীর উত্তরা ও সাভারে একাধিক বহুতল ভবন এবং ফ্ল্যাট। নিজ এলাকায় এবং ঢাকার আশেপাশে বিপুল পরিমাণ বাণিজ্যিক ও কৃষিজমি। অস্থাবর সম্পত্তি: বিভিন্ন বেসরকারি ব্যাংকে নিজের এবং স্বজনদের নামে বড় অংকের এফডিআর (FDR) ও সঞ্চয়পত্র। বিলাসবহুল ব্যক্তিগত গাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ। অর্থ পাচার: অনুসন্ধানে তার অর্জিত অর্থের একটি বড় অংশ দেশের বাইরে পাচারের বিষয়েও তথ্য যাচাই করছে দুদক [১.২.৩]। দায়েরকৃত মামলার আইনি ধারা ও অভিযোগসমূহ দুদক ইতিমধ্যে পিরোজপুর এলজিইডি দুর্নীতিতে ২৩ থেকে ২৭ জনকে আসামি করে ৮টি পৃথক মামলা করেছে । আনোয়ারুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে সাধারণত নিচের ধারাগুলোতে মামলা সাজানো হয়েছে: ১. দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা: ২৬(২) ধারা: সম্পদের তথ্য গোপন করা বা মিথ্যা তথ্য প্রদান করা। ২৭(১) ধারা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা ভোগদখলে রাখা । ২. দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা: ৪০৯ ধারা: সরকারি কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ (বিপুল অংকের অর্থ আত্মসাৎ)। ৪২০ ধারা: প্রতারণা ও জালিয়াতি। ৪৬৭ ও ৪৭১ ধারা: ভুয়া বিল-ভাউচার এবং জাল নথি তৈরি করে তা আসল হিসেবে ব্যবহার করা । ৩. দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা: সরকারি ক্ষমতার অপব্যবহার করে নিজের বা অন্য কারো জন্য অনৈতিক সুবিধা গ্রহণ। ৪. মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২: অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর বা রূপান্তরের মাধ্যমে বৈধ করার চেষ্টা করা । বর্তমান অবস্থা: পিরোজপুর এলজিইডির অপর হিসাবরক্ষক এ কে এম মোজাম্মেল হক খান গ্রেপ্তার হয়ে কারাগারে থাকাকালীন মারা গেলেও আনোয়ারুল ইসলাম এবং তার সহযোগী কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে। বর্তমানে তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা বলবৎ আছে যেন তিনি বিচারিক প্রক্রিয়া থেকে পালাতে না পারেন ।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে। কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে। কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি। মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।