Brand logo light

ভুয়া বিল

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতির অভিযোগের পাহাড়

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সরকারি উন্নয়নকাজের বাস্তব অগ্রগতি, বিল পরিশোধ, দরপত্র প্রক্রিয়া এবং দাপ্তরিক স্বচ্ছতা নিয়ে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ, কমিশন বাণিজ্য, ভুয়া বিল-ভাউচার, টেন্ডার নিয়ন্ত্রণ, ঠিকাদারি ব্যবসা পরিচালনা এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার ও স্থানীয় নাগরিকেরা। এসব অভিযোগের মধ্যে রয়েছে মাঠপর্যায়ে দৃশ্যমান কাজ না থাকলেও কাগজে কাজ সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলন, কমিশন ছাড়া ঠিকাদারদের পাওনা আটকে রাখা এবং সরকারি প্রকল্পের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ। এসব বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ২৪ জন ঠিকাদার। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় নাগরিক সাকিল আহম্মেদ। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে প্রকল্পের মূল নথি, পরিমাপ বই, বিল-ভাউচার, ব্যাংক লেনদেন এবং বাস্তব কাজের অগ্রগতি তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।   কমিশন ছাড়া বিল নয়—ঠিকাদারদের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল কার্যালয়কে ঘিরে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিল পরিশোধ নিয়ে। অভিযোগকারীদের দাবি, কাজের মান ও অগ্রগতি সন্তোষজনক হলেও নির্বাহী প্রকৌশলীর চাহিদা অনুযায়ী নির্ধারিত হারে কমিশন না দিলে বিলের ফাইল আটকে রাখা হয়। এমনকি কাজ শতভাগ সম্পন্ন হওয়ার পরও পাওনা টাকা পেতে দীর্ঘসূত্রতা ও হয়রানির মুখে পড়তে হচ্ছে ঠিকাদারদের। অভিযোগ রয়েছে, কোনো কোনো প্রকল্পে মাঠপর্যায়ে দৃশ্যমান অগ্রগতি না থাকলেও দাপ্তরিক কাগজপত্রে কাজের অগ্রগতি দেখিয়ে বিল উত্তোলনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। কাজের জামানতের টাকা ফেরত পেতেও অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগ করেছেন ঠিকাদাররা। প্রতিশোধমূলক হয়রানির আশঙ্কায় কয়েকজন ঠিকাদার ছদ্মনামে তাঁদের বক্তব্য দিয়েছেন।   আরও পড়ুন: বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পুকুরচুরির অভিযোগ এক শহিদুলেই প্রশ্নবিদ্ধ শিক্ষা প্রকৌশলের সুনাম! বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল যখন ঠিকাদার রাসেল (ছদ্মনাম) নামে এক ঠিকাদারের ভাষ্য, কাজের মান শতভাগ ঠিক থাকলেও নির্ধারিত কমিশন না দিলে ফাইলে স্বাক্ষর হয় না। তাঁর অভিযোগ, ঠিকাদাররা এখন নির্বাহী প্রকৌশলীর কাছে কার্যত জিম্মি। আরিফ (ছদ্মনাম) নামে আরেক ঠিকাদার বলেন, পরিচয় প্রকাশ পেলে চলমান প্রকল্পের বিল আটকে দেওয়া হতে পারে। সাইটে নানা অজুহাতে ত্রুটি বের করে হয়রানি করার আশঙ্কাও রয়েছে। এ কারণে বাধ্য হয়েই নাম গোপন রেখে প্রতিবাদ করছেন তাঁরা। অভিযোগকারীদের প্রশ্ন, সরকারি প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারের পাওনা বিল কি ব্যক্তিগত সন্তুষ্টি কিংবা কমিশনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে?   দাপ্তরিক উপস্থিতি নিয়ে প্রশ্ন, হাজিরা খাতায় অনুপস্থিতির তথ্য শুধু আর্থিক অনিয়ম নয়, দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন উঠেছে। গত ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল কার্যালয়ে সরেজমিনে গিয়ে মাত্র চার-পাঁচজন কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত পাওয়া যায়। দপ্তরের উচ্চমান সহকারী আবু রহিমের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলা, জেলা ও প্রকৌশলী কার্যালয় মিলিয়ে মোট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২৫ জন। তাঁদের মধ্যে ১১ জন মাঠপর্যায়ে এবং ১৪ জন অফিসে দায়িত্ব পালন করেন। হাজিরা খাতা পর্যালোচনায় কয়েকজন প্রকৌশলীর একাধিক কার্যদিবস অনুপস্থিত থাকার তথ্য পাওয়া যায়। এর মধ্যে সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামানের চার-পাঁচ কার্যদিবস, মো. আবির হাসানের দুই দিন, মো. আফজাল হোসেনের পাঁচ দিন এবং উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান ও সাদিয়া সুলতানা জেবার দুই দিন করে অনুপস্থিতির তথ্য উল্লেখ রয়েছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বক্তব্যও প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বলেন, মাঠপর্যায়ে কাজ করা কর্মকর্তাদের হাজিরা খাতায় স্বাক্ষর থাকা অতটা গুরুত্বপূর্ণ নয়। অন্যদিকে, আনুষ্ঠানিক বক্তব্য জানতে চাইলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসার কথা বলেন। প্রশ্ন উঠেছে, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের হিসাব কি যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে? মাঠপর্যায়ের দায়িত্বের নামে দাপ্তরিক জবাবদিহি এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে কি না, সেটিও তদন্তের দাবি রাখে।   মানববন্ধনে বাধা, ব্যানার ছিনিয়ে নেওয়ার অভিযোগ অভিযোগের প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ক্ষুব্ধ ঠিকাদাররা। অভিযোগ রয়েছে, কর্মসূচি চলাকালে স্থানীয় বিএনপি নেতা ও ঠিকাদার মোমেন সিকদার এবং তাঁর সঙ্গে থাকা গাড়িচালক ইব্রাহিম ও অফিস সহকারী তন্ময় আন্দোলনকারীদের ব্যানার ছিনিয়ে নেন এবং তাঁদের হুমকি দেন। মানববন্ধনে অংশ নেওয়া বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সোহেল খান অভি অভিযোগ করেন, নির্বাহী প্রকৌশলী পছন্দের ঠিকাদারদের কাজ দেন এবং কমিশন ছাড়া বিলে স্বাক্ষর করেন না। জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবও কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন।   চার কোটি টাকার কাজের বিল নিয়ে বিতর্ক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের জরাজীর্ণ ভবন সংস্কারের কাজ নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, মেসার্স কবির এন্টারপ্রাইজ ৩ কোটি ২২ লাখ টাকা এবং মেসার্স খান ট্রেডিং ৭৮ লাখ টাকা ব্যয়ে মোট ৪ কোটি টাকার সংস্কারকাজ সম্পন্ন করে। কিন্তু পরবর্তী সময়ে প্রতিষ্ঠান দুটির বকেয়া বিল আটকে রেখে অন্য কয়েকটি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল-ভাউচার এবং পেপার টেন্ডারের মাধ্যমে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগে উল্লেখ করা প্রতিষ্ঠানগুলো হলো—মাদার কনস্ট্রাকশন, কে পি বিল্ডার্স, পিপন কনস্ট্রাকশন, ওয়ারিসা এন্টারপ্রাইজ, মা এন্টারপ্রাইজ ও আরিফ বিল্ডার্স। এ প্রক্রিয়ায় দপ্তরের হিসাবরক্ষক মো. শহিদুর রহমানের সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, সংশ্লিষ্ট প্রকল্পের কার্যাদেশ, কাজের পরিমাপ, বিলের নথি এবং অর্থ ছাড়ের হিসাব পর্যালোচনা করলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।   ১ কোটি ৩৭ লাখ টাকার কাজ নিয়েও প্রশ্ন গত ৭ অক্টোবর ২০২৬ বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ১ কোটি ৩৭ লাখ টাকার একটি কাজ মেসার্স মাদার কনস্ট্রাকশনকে দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানটির প্রকৃত মালিকানা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিয়ে অস্পষ্টতা রয়েছে। এ ক্ষেত্রে সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর ঘনিষ্ঠ এবং ঝালকাঠি জেলা ছাত্রলীগের বিতর্কিত নেতা ফয়সাল হোসেন জুয়েলের সংশ্লিষ্টতার অভিযোগও করা হয়েছে। অভিযোগকারীরা বলছেন, সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পের কার্যাদেশ দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা, অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা এবং দরপত্রের যোগ্যতা যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।   প্রায় ৩২ কোটি টাকার প্রকল্পে টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন কারিগরি স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প এবং বরিশাল কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের দরপত্র নিয়েও অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, মেসার্স মোমেন সিকদার, মা এন্টারপ্রাইজ, ইউনুস অ্যান্ড ব্রাদার্স ও রাফিদ ট্রেডার্সের নামে প্রায় ৩২ কোটি টাকার প্রকল্পের টেন্ডার নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, নির্দিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ বণ্টন ও দরপত্র প্রক্রিয়া নিয়ন্ত্রণের অভিযোগ তদন্ত করা প্রয়োজন। এখানে মূল প্রশ্ন হলো, সরকারি ক্রয়বিধি অনুসরণ করে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে কার্যাদেশ দেওয়া হয়েছে, নাকি একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাবেই দরপত্র প্রক্রিয়া পরিচালিত হয়েছে?   ২৪ ঠিকাদারের অভিযোগ, ফারুক হোসেনের জিডি নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও ঠিকাদারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বছরের ২৯ নভেম্বর ঠিকাদার ফারুক হোসেনকে ফোনে গালিগালাজ ও হুমকি দেন নির্বাহী প্রকৌশলী। এর পরদিন ৩০ নভেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত সাধারণ ডায়েরি (জিডি নং-২০৭৬) করেন ফারুক হোসেন। এ ছাড়া দপ্তরের সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে। জাহিদ (ছদ্মনাম) নামে এক ঠিকাদার বলেন, সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে। একটি সরকারি দপ্তরের প্রশাসনিক প্রধানের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।   দুদকের কাছে যেসব বিষয়ে তদন্ত দাবি শুধু ঠিকাদারদের অভিযোগেই সীমাবদ্ধ নেই বিষয়টি। স্থানীয় নাগরিক সাকিল আহম্মেদ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়ে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে একাধিক বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগে রয়েছে— নির্বাহী প্রকৌশলীর নিয়োগপ্রক্রিয়া এবং পিএসসি প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সৈয়দ আবেদ আলী জীবন চক্রের সঙ্গে সম্ভাব্য সংশ্লিষ্টতা। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ঢাকা ও বরিশালে নামে-বেনামে জমি, ফ্ল্যাট, গাড়ি ও অন্যান্য সম্পদ অর্জনের অভিযোগ। ঠিকাদারি কাজের বিল পরিশোধে কমিশন বাণিজ্য। ভুয়া বিল-ভাউচার ও পেপার টেন্ডারের মাধ্যমে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ। টেন্ডার নিয়ন্ত্রণ এবং ঠিকাদারি ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ। মানববন্ধনে বাধা, হামলা ও হুমকির অভিযোগ। অভিযোগকারীদের মতে, এসব অভিযোগের সত্যতা যাচাই করতে হলে শুধু মৌখিক বক্তব্যের ওপর নির্ভর না করে আর্থিক ও প্রশাসনিক নথি পরীক্ষা করা প্রয়োজন। বিশেষ করে সংশ্লিষ্ট কর্মকর্তার আয়কর রিটার্ন, সম্পদের বিবরণী, ব্যাংক লেনদেন, জমি ও ফ্ল্যাটের দলিল, গাড়ির মালিকানা এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা অনুসন্ধান করা জরুরি।   সরকারি রেস্ট হাউস থেকে প্রকল্পের বিল—জবাবদিহি কোথায়? একটি সরকারি দপ্তরের নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব শুধু প্রকল্প বাস্তবায়ন ও বিল অনুমোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। সরকারি অর্থের যথাযথ ব্যবহার, প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা, ঠিকাদারদের ন্যায্য পাওনা পরিশোধ এবং দাপ্তরিক স্বচ্ছতা বজায় রাখাও তাঁর দায়িত্বের অংশ। কিন্তু বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ঘিরে ওঠা অভিযোগগুলো সরকারি প্রকল্প ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে মাঠপর্যায়ের বাস্তব কাজের সঙ্গে কাগজে দেখানো অগ্রগতির মিল রয়েছে কি না, কাজের পরিমাপ অনুযায়ী বিল দেওয়া হয়েছে কি না এবং দরপত্রে প্রকৃত প্রতিযোগিতা নিশ্চিত করা হয়েছে কি না—এসব বিষয় এখন তদন্তের দাবি রাখে। অভিযোগের পর প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং গণমাধ্যমকর্মীদের সরাসরি সাক্ষাৎ না দিয়ে অ্যাপয়েন্টমেন্টের কথা বলে এড়িয়ে যাওয়ার অভিযোগও স্থানীয় সচেতন মহলে আলোচনা তৈরি করেছে।   অভিযোগ অস্বীকার নির্বাহী প্রকৌশলীর এতসব অভিযোগের বিষয়ে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।   তদন্তেই বেরিয়ে আসতে পারে প্রকৃত চিত্র বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ঘিরে ওঠা অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে এখন প্রয়োজন নিরপেক্ষ, স্বচ্ছ ও নথিনির্ভর তদন্ত। এ ক্ষেত্রে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মূল নথি, প্রকল্পের প্রাক্কলন, কার্যাদেশ, পরিমাপ বই (এমবি বুক), কাজের অগ্রগতি প্রতিবেদন, ঠিকাদারদের বিল-ভাউচার, ব্যাংক লেনদেন এবং দরপত্রের নথি পর্যালোচনা করা জরুরি। একই সঙ্গে সরেজমিনে প্রকল্পের কাজের পরিমাণ ও মান যাচাই, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং ঠিকাদারদের বক্তব্য গ্রহণ এবং অভিযোগে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর প্রকৃত মালিকানা অনুসন্ধান করা প্রয়োজন। সংশ্লিষ্ট ঠিকাদারদের দাবি, শিক্ষা বিভাগ ও দুর্নীতি দমন কমিশন দ্রুত তদন্ত শুরু করে অভিযোগগুলোর সত্যতা যাচাই করুক। সরকারি অর্থের অপচয় বা আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। শেষ পর্যন্ত প্রশ্নটি খুবই সরল—সরকারি বরাদ্দের অর্থে মাঠপর্যায়ে কতটুকু কাজ হয়েছে, আর কাগজে-কলমে কতটুকু দেখানো হয়েছে? ২৪ ঠিকাদারের লিখিত অভিযোগ, দুদকে আবেদন, মানববন্ধন, হাজিরা খাতার তথ্য এবং প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা নিয়ে ওঠা প্রশ্নের নিরপেক্ষ তদন্তই পারে এই প্রশ্নের জবাব দিতে। সরকারি অর্থ জনগণের। সেই অর্থের প্রতিটি টাকার হিসাব নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২৬ 0
পিরোজপুর এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী রঞ্জিত দে'র বিরুদ্ধে শত কোটি টাকার ভুয়া বিল ও দুর্নীতির অভিযোগ

 ইত্তেহাদ নিউজ,অনলাইন : পিরোজপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক নির্বাহী প্রকৌশলী রঞ্জিত দে-এর বিরুদ্ধে কাজ সম্পন্ন না করেই ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকার বিল অনুমোদন, ঠিকাদার সিন্ডিকেট গঠন, ঘুষ-বাণিজ্য এবং প্রশাসনিক আদেশ উপেক্ষা করে দীর্ঘ সময় একই পদে বহাল থাকার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এসব অনিয়মের কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হলেও তিনি এখনও আইনের আওতার বাইরে রয়েছেন। একই সঙ্গে পুনর্বহালের জন্য বিভিন্ন পর্যায়ে তৎপরতাও চালিয়ে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করেছে। যোগদানের পরই অভিযোগের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের ৩০ জুন রঞ্জিত দে পিরোজপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। অভিযোগ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর তিনি একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলেন এবং তার পূর্বসূরি আব্দুস সাত্তারের সময়কার কার্যক্রমের ধারাবাহিকতায় নির্বাচিত কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রকল্পের কাজ সম্পন্ন না হলেও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ ছাড় করেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, এসব বিলের একটি বড় অংশ বাস্তব কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। প্রধান প্রকৌশলী, মন্ত্রণালয় ও দুদকে লিখিত অভিযোগ মঠবাড়িয়া উপজেলার শিংগা গ্রামের বাসিন্দা হরিদাশ হাওলাদার শিপন রঞ্জিত দে'র বিরুদ্ধে ধারাবাহিকভাবে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্র অনুযায়ী— ৬ জানুয়ারি প্রধান প্রকৌশলীর কাছে, ২৬ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবের কাছে, এবং ৫ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগে বলা হয়, কাজ বাস্তবে সম্পন্ন না হলেও পছন্দের কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় শত কোটি টাকার বিল প্রদান করা হয়েছে। এছাড়া ইফতি ইটিসিএল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো কাজ সম্পন্ন না করেই ৮৯ কোটি টাকা বিল দেওয়ার অভিযোগও উত্থাপন করা হয়। বদলির আদেশ, স্থগিতাদেশ এবং পুনর্বহাল নিয়ে প্রশ্ন সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত বছরের ১৪ নভেম্বর রঞ্জিত দে-কে কুড়িগ্রামে স্ট্যান্ড রিলিজ করা হয়। তবে মাত্র দুই সপ্তাহের মধ্যেই, ২৮ নভেম্বর তিনি বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে ওই আদেশ স্থগিত করাতে সক্ষম হন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে রাষ্ট্রপতির আদেশক্রমে ৪ ফেব্রুয়ারি পুনরায় তার বদলির নির্দেশ জারি হলেও তিনি দীর্ঘ সময় স্বপদে বহাল ছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলজিইডির ভেতরে ও বাইরে নানা প্রশ্নের জন্ম দেয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সাময়িক বরখাস্তের পর নিঃশব্দে পিরোজপুর ত্যাগ একাধিক সূত্র জানায়, দুর্নীতি সংক্রান্ত অভিযোগ বিভিন্ন দপ্তরে পৌঁছানোর পর রঞ্জিত দে-কে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের পর তিনি অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর না করেই রাতের আঁধারে পিরোজপুর ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে। সীমান্ত পাড়ি দেওয়ার অভিযোগ অনুসন্ধানে আরও জানা যায়, পিরোজপুর ছাড়ার পর রঞ্জিত দে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করেছিলেন বলে একটি সূত্র দাবি করেছে। পরে তিনি আবার বাংলাদেশে ফিরে এসে নিজেকে বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিয়ে দলটির কয়েকজন নেতার মাধ্যমে চাকরিতে পুনর্বহালের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।   পুনর্বহালের চেষ্টার অভিযোগ বর্তমানে রঞ্জিত দে ঢাকায় এলজিইডির প্রধান কার্যালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রেখে পুনর্বহালের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে একাধিক সূত্র দাবি করেছে।   ঠিকাদারদের অভিযোগ পিরোজপুরের একাধিক ঠিকাদার অভিযোগ করেছেন, রঞ্জিত দে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে কাজ বণ্টন করতেন। স্থানীয় ঠিকাদার মো. মামুন মিয়া বলেন, "নির্বাহী প্রকৌশলী রঞ্জিত দে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছেন। বদলির আদেশ হলেও অদৃশ্য শক্তির কারণে তিনি বহাল ছিলেন। এতে সাধারণ ঠিকাদারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।" পরিচয় প্রকাশে অনিচ্ছুক আরেক ঠিকাদার বলেন, "তার পছন্দের প্রতিষ্ঠানগুলো কাজ না করলেও শত কোটি টাকার বিল পেয়েছে। আমার বৈধ বিলও দীর্ঘদিন আটকে ছিল। প্রকাশ্যে কিছু বললে সমস্যা হতে পারে।" ১২২ কোটি টাকার বিলের অভিযোগ আরেকটি সূত্রের দাবি, নেছারাবাদ উপজেলার ঠিকাদার শফিক সুমন-সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের নামে কোনো কাজ সম্পন্ন না হলেও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ১২২ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।   স্থানীয়দের প্রতিক্রিয়া স্থানীয় বাসিন্দা মো. আব্দুল্লাহ বলেন, "কাজ না হলেও ঠিকাদার টাকা পেয়েছেন—এমন অভিযোগ আমরা শুনছি। এসব প্রকল্প শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে কি না, তা নিয়েও মানুষের মধ্যে সন্দেহ রয়েছে।" স্থানীয়দের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে সরকারি অর্থের অপব্যবহার রোধ করা যায়। বক্তব্য পাওয়া যায়নি এই প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রঞ্জিত দে'র সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক জুন ৩০, ২০২৬ 0
ভোলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান
ভোলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া বিল, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

 ইত্তেহাদ নিউজ,অনলাইন : ভোলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার তৈরি, উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র, মাঠপর্যায়ের খামারি এবং দপ্তরসংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে এসব অভিযোগের তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী নেতা তোফায়েল আহমেদের ঘনিষ্ঠ মহলের প্রভাব ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে ভোলার প্রাণিসম্পদ বিভাগে একটি প্রভাবশালী বলয় গড়ে তোলেন। এই বলয়ের মাধ্যমে উন্নয়ন ও নির্মাণ খাতের বরাদ্দ নিয়ন্ত্রণ, ভুয়া বিল দেখিয়ে অর্থ উত্তোলন এবং প্রশাসনিক প্রভাব বিস্তারের ঘটনা ঘটেছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনের ঘনিষ্ঠতার সূত্রে রফিকুল ইসলাম খান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পদে নিয়োগ পান। পরে ওই চেয়ারম্যানের ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে দপ্তরের বিভিন্ন ভবন ও অবকাঠামো নির্মাণ প্রকল্পের বরাদ্দ উত্তোলন করা হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, কয়েকটি প্রকল্পে বাস্তব কাজ সম্পন্ন না হলেও বিল উত্তোলন করা হয়েছে। অভিযোগ রয়েছে, উত্তোলিত অর্থ সংশ্লিষ্টদের মধ্যে ভাগাভাগিও হয়েছে। এর আগেও উপজেলায় দায়িত্ব পালনকালে সরকারি বরাদ্দের অর্থে গাড়ির গ্যারেজ নির্মাণের কথা থাকলেও বাস্তবে কোনো গ্যারেজ নির্মাণ হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে বিভিন্ন মালামাল ক্রয়ের ক্ষেত্রেও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০২৩ সালের ডিসেম্বরে ভোলায় যোগদানের পর থেকেই প্রাণিসম্পদ প্রদর্শনী, অফিস সরঞ্জাম ক্রয় এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির নামে অনিয়ম বাড়তে থাকে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, জেলার একাধিক যোগ্য কর্মকর্তা থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ ছয়টি পদের দায়িত্ব নিজের নিয়ন্ত্রণে রাখেন রফিকুল ইসলাম খান। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এসব পদের আর্থিক বরাদ্দও কার্যত তার একক নিয়ন্ত্রণে ছিল। এছাড়া ভোলার সাতটি উপজেলায় বিভিন্ন প্রশিক্ষণে উপস্থিত না থেকেও কাগজে-কলমে স্বাক্ষর দেখিয়ে নিয়মিত ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান কয়েকটি উপজেলার কাজ এখনো সম্পন্ন হয়নি বলে স্বীকার করেন। তিনি বলেন, “প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বরাদ্দের টাকা তুলে নিজের কাছে রাখা হয়েছে। পরে কাজ সম্পন্ন করা হবে।” তবে সরকারি আর্থিক বিধিমালা অনুযায়ী কাজ সম্পন্নের আগে সরকারি অর্থ ব্যক্তিগত হেফাজতে রাখার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রফিকুল ইসলাম খান আরও দাবি করেন, বরাদ্দের পরিমাণ কম হওয়ায় অনেক ঠিকাদার কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন না। যদিও সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, কাজ সম্পন্ন না হওয়া সত্ত্বেও কীভাবে বিল উত্তোলন করা হলো। এদিকে এসব অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন ভোলার প্রান্তিক খামারিরা। কয়েকজন খামারি অভিযোগ করে বলেন, মাঠপর্যায়ে তারা সরকারি কোনো সহায়তা পাচ্ছেন না, অথচ প্রকল্পের নামে বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠছে কর্মকর্তাদের বিরুদ্ধে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক বলেন, ভোলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক মে ২৮, ২০২৬ 0
ফারুক ওয়াসিফ
পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ভুয়া সেমিনারের নামে বিল-ভাউচার তৈরি করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)–এ। অনুসন্ধানে জানা গেছে, ২০২৫ সালের “তারুণ্যের উৎসব” উপলক্ষে দেখানো দুটি সেমিনার বাস্তবে অনুষ্ঠিতই হয়নি। অথচ সেই সেমিনারের নামে কয়েক লাখ টাকার বিল-ভাউচার তৈরি করা হয়েছে।   আরও পড়ুন: পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ   এই অভিযোগের সূত্র ধরে টানা তিন দিন পিআইবির কার্যালয়ে গিয়ে অনুসন্ধান চালায় কালের কণ্ঠ অনুসন্ধানী টিম। অনুসন্ধানে বেরিয়ে আসে একের পর এক অসঙ্গতি, অস্বীকার এবং পরে আংশিক স্বীকারোক্তি। সেমিনারের অস্তিত্ব নিয়েই প্রশ্ন পিআইবির পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার–কে প্রথমে জিজ্ঞেস করা হলে তিনি দাবি করেন, প্রতিষ্ঠানটিতে নিয়মিতই এমন সেমিনার অনুষ্ঠিত হয়। কিন্তু ভুয়া বিল-ভাউচারের বিষয়টি সামনে আনা হলে তিনি ও উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী দুজনেই সেমিনার অনুষ্ঠিত হওয়ার বিষয়টি অস্বীকার করেন। বিল-ভাউচারে তাঁদের স্বাক্ষর দেখানো হলে তাঁরা স্বাক্ষর নিজেদের বলে স্বীকার করলেও কাগজপত্রের বৈধতা অস্বীকার করেন। তৌহিদুল আনোয়ার বলেন— “স্বাক্ষর আমারই, কিন্তু এই কাগজে আমি দিয়েছি কি না জানি না। খোঁজ নিয়ে দেখতে হবে।” অন্যদিকে নাছির উদ্দীন চৌধুরী দাবি করেন— “ওই সময় কোনো সেমিনার হয়নি। এটা একটা রিউমার। প্রযুক্তির যুগে স্বাক্ষর নকল করা অসম্ভব কিছু না।” সন্দেহজনক ৬ লাখ ৬৫ হাজার টাকার বিল অনুসন্ধানী টিম ১৯ ফেব্রুয়ারির ৬ লাখ ৬৫ হাজার ৫০০ টাকার একটি বিল সামনে আনলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিলে নিজের স্বাক্ষর দেখে পরিচালক তৌহিদুল আনোয়ার প্রথমে বিস্মিত হয়ে বলেন— “স্বাক্ষরটা তো আমারই, কিন্তু বিলটা তো ফেক।” অন্যদিকে দাবি করা হয়, ওই দুই সেমিনারে প্রায় ৪০০ জন অংশগ্রহণকারী ছিলেন, যাদের অধিকাংশই সাংবাদিক। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, সংশ্লিষ্ট সাংবাদিকদের কেউই এমন কোনো সেমিনারের কথা জানেন না। অনুসন্ধানে ভেঙে পড়লেন সমন্বয়কারী এই অভিযোগের কেন্দ্রে ছিলেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক ও অনুষ্ঠান সমন্বয়কারী গোলাম মুর্শেদ। প্রথমে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। বিলে থাকা স্বাক্ষরকেও তিনি “ডিজিটালি বসানো” বলে দাবি করেন। কিন্তু যখন অনুসন্ধানী টিম সরেজমিনে যাচাইয়ের তথ্য ও প্রমাণ উপস্থাপন করে, তখন এক পর্যায়ে তিনি স্বীকার করেন— “বিলগুলো সাজানো। গত বছর ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সেমিনার দুটি আসলে হয়নি।” তিনি আরও দাবি করেন, এসব ভুয়া বিল তৈরি করা হয়েছিল পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ–এর নির্দেশে। গোলাম মুর্শেদের ভাষায়— “ডিজি সাহেব বলছিলেন, একটা প্রোগ্রাম দেখায়ে টাকাটা সমন্বয় করে দিতে।” মন্ত্রণালয়ের টাকার সমন্বয়? গোলাম মুর্শেদের দাবি, মন্ত্রণালয় থেকে আসা বিশেষ বরাদ্দের টাকা সমন্বয়ের জন্যই এসব ভুয়া বিল তৈরি করা হয়েছিল। তিনি বলেন— “মন্ত্রণালয়ের কিছু কাজের টাকা খরচ দেখানোর জন্য আমাদের বলা হয়েছিল।” তিনি আরও দাবি করেন, চলচ্চিত্র নির্মাণের জন্য বরাদ্দকৃত টাকার একটি অংশও অন্য খাতে ব্যয় দেখানোর নির্দেশ দেওয়া হয়েছিল। ডিজির বক্তব্য: সবই মিথ্যা এ বিষয়ে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন— “এ ধরনের একটি বিল পিআইবির একটি দুষ্টচক্র তৈরি করেছিল, কিন্তু আমি সেটিকে অনুমোদন দিইনি।” তিনি আরও দাবি করেন, পরে বিষয়টি সামনে এলে তিনি সেই বিল বাতিল করে দেন। তবে প্রশ্ন থেকে যায়—যদি অনুমোদন না দেওয়া হয়ে থাকে, তাহলে তাঁরসহ ছয়জন কর্মকর্তার স্বাক্ষরসংবলিত বিল তৈরি হলো কীভাবে এবং ব্যাংক থেকে টাকা উত্তোলন হলো কেন। নতুন প্রশ্নের জন্ম এই ঘটনার পর পিআইবির অভ্যন্তরে দুর্নীতি, ভুয়া বিল এবং প্রশাসনিক অনিয়ম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে— ভুয়া সেমিনারের নামে বিল তৈরি হলো কীভাবে ছয়জন কর্মকর্তার স্বাক্ষর এল কোথা থেকে ব্যাংক থেকে টাকা উত্তোলন হলো কার নির্দেশে মন্ত্রণালয়ের বরাদ্দের অর্থ অন্য খাতে ব্যবহারের অভিযোগ কতটা সত্য এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২৬ 0
পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ
পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট , দুই দিনে ২৪ লাখ টাকার অনিয়ম

ঢাকা: সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-তে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে মাত্র দুই দিনে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ের অভিযোগ উঠেছে। অনুসন্ধানে দেখা গেছে, অনুষ্ঠানের নামে তৈরি করা বিল-ভাউচারের বড় অংশই ভুয়া, এমনকি অংশগ্রহণকারীদের তালিকায় রয়েছে জাল স্বাক্ষর। পিআইবি আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটির মূল কাজ সাংবাদিকতা বিষয়ে গবেষণা, প্রকাশনা এবং সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণ দেওয়া। পাশাপাশি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর পরামর্শক হিসেবেও কাজ করে সংস্থাটি।   আরও পড়ুন: পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ   কিন্তু সাম্প্রতিক এক অনুসন্ধানে দেখা গেছে, গত বছরের ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে চারটি অনুষ্ঠানের নামে প্রায় ২৩ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা ব্যয় দেখানো হয়েছে। চারটি অনুষ্ঠানে প্রায় ২৪ লাখ টাকা ব্যয় পিআইবির নথি অনুযায়ী ব্যয়ের হিসাব ছিল— 1️⃣ সংগীতসন্ধ্যা তারিখ: ১৮–১৯ ফেব্রুয়ারি ২০২৫ স্থান: পিআইবি অডিটরিয়াম ব্যয়: ৫,৭৩,০০০ টাকা 2️⃣ জুলাই অভ্যুত্থানের চলচ্চিত্র, আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও প্রদর্শনী তারিখ: ১৮–১৯ ফেব্রুয়ারি ব্যয়: ৪,৬৭,৫০০ টাকা 3️⃣ সেমিনার: ‘জুলাই গণ-অভ্যুত্থান : সংহতি ও প্রত্যাশা’ তারিখ: ১৮ ফেব্রুয়ারি ব্যয়: ৬,৯১,৫০০ টাকা 4️⃣ সেমিনার: ‘গণ-অভ্যুত্থানের দিশা ও দর্শন’ তারিখ: ১৯ ফেব্রুয়ারি ব্যয়: ৬,৬৫,৫০০ টাকা সব মিলিয়ে ব্যয় দেখানো হয়েছে প্রায় ২৪ লাখ টাকা। ভুয়া অংশগ্রহণকারী ও জাল স্বাক্ষর নথি অনুযায়ী দুটি সেমিনারে ২০০ জন করে মোট ৪০০ জন অংশগ্রহণকারীকে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, তালিকায় থাকা বহু সাংবাদিকই জানিয়েছেন— তারা ওই সেমিনারে যাননি কোনো ভাতা নেননি নথিতে থাকা স্বাক্ষর তাদের নয় তালিকায় থাকা একাধিক সাংবাদিক ফোনে জানিয়েছেন, এমন কোনো সেমিনারের কথাই তারা জানেন না। অনেকেই নিজেদের প্রকৃত স্বাক্ষরের নমুনা পাঠিয়ে জালিয়াতির প্রমাণ দিয়েছেন। আরো বিস্ময়কর বিষয় হলো, তালিকায় থাকা একজন সাংবাদিক ২০২২ সাল থেকেই বিদেশে অবস্থান করছেন, অথচ তার নামেও ভাতা তোলার স্বাক্ষর রয়েছে। আলোচকদের নামেও অসঙ্গতি সেমিনারের আলোচক হিসেবে যাদের নাম দেখানো হয়েছে তাদের মধ্যে কয়েকজন শিক্ষক জানিয়েছেন— তারা কখনো ওই সেমিনারে অংশ নেননি তাদের আমন্ত্রণও জানানো হয়নি নথিতে থাকা স্বাক্ষরও ভুয়া ভাউচারে জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে আরো উঠে এসেছে ভাউচার জালিয়াতির বিষয়। 📌 কিছু ক্ষেত্রে একই মেমো নম্বর দিয়ে দুটি বিল তৈরি করা হয়েছে দোকানের মালিকরা বলেছেন এই বিল তাদের নয় 📌 কিছু দোকান জানিয়েছে তাদের খালি ভাউচার কেউ নিয়ে পরে নিজেরা লিখে ব্যবহার করেছে। 📌 একটি রেস্তোরাঁর ক্ষেত্রে দেখা গেছে পিআইবির জমা দেওয়া ভাউচার সাদা-কালো, অথচ রেস্তোরাঁর আসল ভাউচার লাল রঙের। ৫০০ টাকার লাঞ্চ প্যাকেট নিয়েও প্রশ্ন দুটি সেমিনারের জন্য ২৫০টি করে লাঞ্চ প্যাকেট ৫০০ টাকা দরে দেখানো হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট রেস্তোরাঁর কর্মচারীরা জানান— তাদের এখানে সাধারণ প্যাকেটের দাম ১৫০–৩৫০ টাকার মধ্যে ৫০০ টাকার প্যাকেট কখনো বিক্রি হয়নি। ফেসবুক পেজে নেই সেমিনারের কোনো তথ্য পিআইবির ফেসবুক পেজে সাধারণত সব অনুষ্ঠান ও প্রশিক্ষণের ছবি প্রকাশ করা হয়। কিন্তু ১৮ ও ১৯ ফেব্রুয়ারির কথিত দুটি সেমিনারের কোনো ছবি বা প্রেস রিলিজ নেই পিআইবির ওয়েবসাইটেও নেই এ ধরনের কোনো তথ্য। এত বড় সেমিনারের জায়গা কোথায়? পিআইবি ভবনে রয়েছে— ২৩৮ আসনের একটি অডিটরিয়াম ৬০ আসনের দুটি সেমিনার কক্ষ ৩০ আসনের কয়েকটি শ্রেণিকক্ষ তাই ২০০ জন অংশগ্রহণকারী নিয়ে একসঙ্গে সেমিনার আয়োজনের মতো কক্ষ নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। ব্যাংক থেকে টাকা উত্তোলনের তথ্য অনুসন্ধানে জানা যায়, ২০২৫ সালের ২৯ ও ৩০ জুন চারটি চেকের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে মোট ২৩ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা উত্তোলন করা হয়। চেকগুলোতে উত্তোলিত টাকার অঙ্ক চারটি অনুষ্ঠানের বিলে উল্লেখিত অঙ্কের সঙ্গে হুবহু মিলেছে। পিআইবি কর্মকর্তার স্বীকারোক্তি অভিযোগের মুখে পিআইবির একজন কর্মকর্তা গোলাম মুর্শেদ  জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি এসব বিল তৈরি করেছিলেন। মহাপরিচালকের বক্তব্য পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ অভিযোগ অস্বীকার করে বলেন— “একটি দুষ্টচক্র ভুয়া বিল তৈরি করেছিল। আমি সেটি অনুমোদন দিইনি এবং পরে বাতিল করেছি।” তবে ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, প্রতিদিন অনেক ফাইলে স্বাক্ষর করতে হয়, তাই ভুলবশত কোনো ফাইলে স্বাক্ষর হয়ে থাকতে পারে।     তদন্তের দাবি সরকারি প্রতিষ্ঠানের নামে এত বড় অঙ্কের ব্যয়, ভুয়া স্বাক্ষর এবং জাল ভাউচারের অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিক ও বিশ্লেষকরা। তাদের মতে, প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে সরকারি প্রতিষ্ঠানের প্রতি আস্থা ক্ষতিগ্রস্ত হবে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২৬ 0
Popular post
বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

অর্থনীতি

ইসলামী ব্যাংক,

ইসলামী ব্যাংকে আস্থা সংকট কেন কাটছে না?: দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংককে ঘিরে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0