ইত্তেহাদ নিউজ, অনলাইন | বিশেষ প্রতিবেদন: গোপালগঞ্জের রাজপথ থেকে গ্রামীণ জনপদ—সবখানেই যেন এক অদ্ভুত নীরবতা। কোথাও পোড়া স্থাপনার ধ্বংসাবশেষ, কোথাও সড়কের ওপর পড়ে থাকা কাটা গাছ, কোথাও বন্ধ দোকানের শাটার। যে শহরের অলিগলিতে একসময় মানুষের ব্যস্ত পদচারণা ছিল, সেখানে এখন আতঙ্ক, অনিশ্চয়তা আর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের খবর। টুঙ্গিপাড়া ও মুকসুদপুরের বিভিন্ন এলাকা ঘুরে, অন্তত ১০টি গ্রামের মানুষের সঙ্গে কথা বলে যে চিত্র পাওয়া গেছে, তা শুধু কয়েক দিনের সহিংসতার ক্ষয়ক্ষতির হিসাব নয়; বরং একটি জনপদের সামাজিক, অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ের প্রতিচ্ছবি। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা পুড়েছে, সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, হাসপাতাল ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে, সড়ক অবরোধ করতে কেটে ফেলা হয়েছে গাছ। এর পরিণতিতে আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে—যে আন্দোলন বা সংঘাতের পরিণতিতে নিজের শহরই নিজের মানুষের জন্য অনিরাপদ হয়ে ওঠে, সেই সংঘাতের শেষ পর্যন্ত লাভবান হয় কারা? জনমানবশূন্য টুঙ্গিপাড়া, আতঙ্কে ঘরছাড়া মানুষ টুঙ্গিপাড়া উপজেলার অন্তত ১০টি গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট থানা এলাকার অনেক বাড়িঘর কার্যত জনমানবশূন্য হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও গ্রেপ্তার আতঙ্কে নারী-পুরুষ, কিশোর-কিশোরীদের অনেকে বাড়িতে থাকছেন না বলে স্থানীয়দের ভাষ্য। টুঙ্গিপাড়া চৌরাস্তায় দোকান করেন কবির মিয়া। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর সহিংসতার পরিণতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, হাওয়ায় পাওয়া খবরে সবাই রাস্তায় নেমেছিল। থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তখন সবাই যোদ্ধা, সবাই নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা ছিল। এখন কারও পাশে কেউ নেই, সবাই আসামি। কবির মিয়ার কথায় উঠে এসেছে একটি জনপদের মানুষের অসহায়ত্ব। উত্তেজনার মুহূর্তে যারা রাস্তায় নেমেছিলেন, সহিংসতার পরিণতি তাদের পরিবারকেও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। মুকসুদপুরে অভিযান, স্বাভাবিক জীবনযাত্রায় স্থবিরতা একই পরিস্থিতি বিরাজ করছে মুকসুদপুর উপজেলাজুড়েও। স্থানীয়দের অভিযোগ, সহিংসতায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন ভিডিও ফুটেজ ও সরাসরি সম্প্রচারের দৃশ্য পর্যালোচনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান ও নজরদারি জোরদার করেছে। তবে পুলিশের মহাপরিদর্শকের নির্দেশনা অনুযায়ী, কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং অপরাধে জড়িত ব্যক্তি যে রাজনৈতিক দলেরই হোন, তাঁকে যেন ছাড় দেওয়া না হয়—এমন বার্তা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় পুলিশের মহাপরিদর্শক এ নির্দেশনা দেন বলে জানা গেছে। এরপর সন্ধ্যা থেকেই বিভিন্ন এলাকায় তল্লাশি, নিয়মিত অভিযান ও নজরদারি শুরু হয়। তবে অভিযানের পাশাপাশি নিরপরাধ মানুষের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ। 'গোপালগঞ্জের বদনাম এক দিনের নয়, সারাজীবনের' মুকসুদপুর এলাকার বাসিন্দা আ. আজিজ পেশায় ব্যাংকার। তিনি ঢাকায় থাকেন। বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জের পারস্পরিক সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এই অঞ্চলেরই একটি গুরুত্বপূর্ণ জনপদ। তাঁর ভাষ্য, গত সাত দিনের নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর সহিংসতায় গোপালগঞ্জ আগুন, ধ্বংস ও লুটপাটের জনপদ হিসেবে পরিচিতি পাচ্ছে। এটি শুধু সাময়িক ক্ষতি নয়; দীর্ঘদিনের জন্য জেলার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর বক্তব্যে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ বিষয়—নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর সংঘাতের দায় কোনো একটি এলাকার সব মানুষের ওপর চাপানো যায় না। কিছু মানুষের অপরাধের কারণে পুরো জেলার মানুষের পরিচয় যেন নেতিবাচকভাবে প্রতিষ্ঠিত না হয়, সেটিও বিবেচনায় রাখা প্রয়োজন। থানা পুড়লে নিরাপত্তা দেবে কে, হাসপাতাল আক্রান্ত হলে চিকিৎসা নেবে কোথায়? মুকসুদপুর কলেজপাড়া এলাকার মুদি দোকানি আশরাফুলের বক্তব্যে উঠে এসেছে সহিংসতার সামাজিক পরিণতি। তিনি বলেন, এই জনপদের মানুষ, মাটি, প্রকৃতি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য—সবকিছুই জাতীয় জীবনের অংশ। অথচ সেই গোপালগঞ্জের রাজপথ এখন অবরোধ, ভাঙচুর ও অচলাবস্থার চিত্র তুলে ধরছে। তাঁর প্রশ্ন, যারা থানা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে, পুলিশ ও বিজিবির সদস্যদের আহত করেছে, তারা কি এই দেশেরই মানুষ নয়? তাহলে নিজেদের জনপদের ক্ষতি করে শেষ পর্যন্ত কী অর্জন হলো? মুকসুদপুর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজনের বক্তব্যেও একই উদ্বেগ। তিনি বলেন, সড়ক অবরোধ, হাসপাতাল ভাঙচুর, বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা, শিক্ষকদের নিরাপত্তাহীনতা এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কারণে জনজীবন থমকে গেছে। একটি ছোট চায়ের দোকানও মানুষের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝা যায় এমন পরিস্থিতিতে। যেখানে প্রতিদিন মানুষের আড্ডা, কথাবার্তা ও কর্মব্যস্ততায় প্রাণ ফিরে পেত জনপদ, সেখানে এখন নীরবতা। তাঁর ভাষায়, থানা ও সরকারি গাড়ি পুড়িয়ে কী অর্জন হলো? এসব স্থাপনা ও যানবাহন তো মানুষের জানমাল রক্ষার কাজে ব্যবহৃত হতো। এখন থানা এলাকায় আলো নেই, পুলিশের স্বাভাবিক কার্যক্রম নেই। মুকসুদপুর থানার পরিবেশ দেখে মনে হয়, যেন জনবসতি থেকে বিচ্ছিন্ন কোনো পরিত্যক্ত জায়গা। তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন, ক্ষতিগ্রস্ত স্বজনদের ঘরবাড়িও কাশিয়ানী মোড় এলাকার কলা বিক্রেতা আরমান ঢালীর কণ্ঠে হতাশা স্পষ্ট। বেচাকেনার অবস্থা জানতে চাইলে দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, ভালো নেই। তাঁর প্রশ্ন, এলাকার তরুণেরা কার কথায় পেট্রোল ঢেলে তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন দিল? এখন তাঁদের পরিণতি কী হবে? স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সহিংসতায় তিন সংসদ সদস্যের বাড়ি ও গাড়ি এবং তাঁদের স্বজনদের ১৫ থেকে ২০টি বাড়িঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে হাসপাতাল, গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখাসহ অন্তত ৪০টি স্থাপনা ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। হামলা থেকে রেহাই পায়নি সাধারণ মানুষের বাড়িঘরও। কাশিয়ানী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির গ্রামের বাড়ি ভাঙচুর করে তছনছ করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এসব ঘটনার প্রকৃত ক্ষয়ক্ষতি, দায়ী ব্যক্তিদের পরিচয় এবং প্রতিটি ঘটনার আইনগত অবস্থান স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। কারণ রাজনৈতিক পরিচয় যা-ই হোক, কারও বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত সম্পত্তিতে হামলার অধিকার কারও নেই। কাটা গাছের ব্যারিকেড: পরিবেশের ক্ষতি, মানুষের চলাচলে বাধা একজন স্কুলশিক্ষক ইলিয়াস মিয়া বলেন, গত কয়েক দিন ধরে যারা ধারালো অস্ত্র হাতে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সামনে উল্লাস করেছেন, এখন তাঁদের পাশে কি কেউ আছেন? তাঁর মতে, অন্যায়ের দায় শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হয়। এর প্রভাব পড়ে পরিবারেও। তিনি আরও জানান, গোপালগঞ্জে প্রবেশের টেকেরহাট-বড়ইতলা সড়কের বিভিন্ন অংশে এবং মুকসুদপুর-বাটিকামারী সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। এই গাছগুলো একসময় মাটি আগলে রেখেছে, পথচারীদের ছায়া দিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা করেছে এবং পাখিদের আশ্রয় হয়েছে। অথচ সেই গাছই এখন মানুষের চলাচল বন্ধ করার অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি শুধু সড়ক অবরোধের ঘটনা নয়; প্রকৃতির ওপরও এক ধরনের আঘাত। একটি গাছ বড় হতে বছরের পর বছর সময় লাগে। অথচ রাজনৈতিক উত্তেজনার কয়েক মুহূর্তে সেটি কেটে ফেলা হচ্ছে। এর ক্ষতি শুধু বর্তমানের নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও এর মূল্য দিতে হবে। রাজনৈতিক সংঘাতের মাশুল দিচ্ছেন দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা নাম প্রকাশে অনিচ্ছুক এক সংবাদকর্মী বলেন, একটি বিষয় গভীরভাবে ভাবার প্রয়োজন। যে জেলার অধিকাংশ মানুষের রাজনৈতিক সমর্থন নিষিদ্ধ আওয়ামী লীগ দলের বলে পরিচিত, সেই জেলার সাধারণ মানুষই আজ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। দোকানের শাটার বন্ধ থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীর আয় নেই। দিনমজুরের কাজ বন্ধ। নিম্ন আয়ের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। রাজনৈতিক উত্তেজনার বোঝা বইতে হচ্ছে তাঁদের, যাঁদের কাছে প্রতিদিনের আয়ই পরিবারের খাবার জোগাড়ের একমাত্র অবলম্বন। তিনি আরও বলেন, থানা ও পুলিশের গাড়িতে হামলা করা হচ্ছে। কিন্তু গভীর রাতে কোথাও ডাকাতি হলে নিরাপত্তার জন্য মানুষ কাকে ডাকবে? সড়ক দুর্ঘটনায় কেউ আহত হলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেবে কে? পরিবারের কেউ রাতদুপুরে অসুস্থ হলে অ্যাম্বুলেন্স কীভাবে পৌঁছাবে? দোকানপাট বন্ধ থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে কোথায়? শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি কে পুষিয়ে দেবে? হাসপাতাল আক্রান্ত হলে চিকিৎসাসেবা নেবে কোথায়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে স্পষ্ট হয়, সহিংসতার সবচেয়ে বড় শিকার নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নয়; বরং সাধারণ মানুষ। 'নিজেদের শহরকে অবরুদ্ধ করে কাদের বিরুদ্ধে যুদ্ধ করছি?' স্থায়ী টেংরাখোলা বাজারের পাশে বসবাস করেন মো. ইউসুফ হাওলাদার। তাঁর কথায় উঠে এসেছে এই সংকটের সবচেয়ে মানবিক দিক। তিনি বলেন, যে পথে একদিন মানুষ হেঁটেছে, যে সড়কের পাশে দাঁড়িয়ে গাছের ছায়ায় বিশ্রাম নিয়েছে, আজ সেই পথেই পড়ে আছে কাটা গাছের নিথর দেহ। তাঁর প্রশ্ন, নিজেদের শহরকে নিজেরাই অবরুদ্ধ করে আমরা আসলে কাদের বিরুদ্ধে যুদ্ধ করছি? কী পেয়েছি, আর কী পাবে ভবিষ্যৎ প্রজন্ম? এ প্রশ্ন শুধু ইউসুফ হাওলাদারের নয়; এটি আজ গোপালগঞ্জের বহু সাধারণ মানুষের মনের কথা। আন্দোলনের অধিকার আছে, কিন্তু জনজীবন ধ্বংসের অধিকার নেই ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে নিজের জমিতে কলাচাষ করছেন এমন এক ব্যক্তি বলেন, প্রতিবাদ করার অধিকার সবার আছে। দাবি আদায়ের জন্য আন্দোলনও হতে পারে। কিন্তু সেই আন্দোলনের কারণে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, সাধারণ মানুষের চলাচল ও জননিরাপত্তা বিপন্ন হবে কেন? তাঁর বক্তব্য, গোপালগঞ্জ কারও একার নয়। এটি সবার শহর, সবার জনপদ। রাজনৈতিক মতপার্থক্য, বিরোধ কিংবা ক্ষোভ থাকতে পারে। কিন্তু সেই ক্ষোভের আগুনে নিজের শহর, নিজের মানুষ ও নিজের ভবিষ্যৎ পুড়িয়ে দেওয়ার অধিকার কারও নেই। এই বক্তব্যে উঠে এসেছে একটি মৌলিক সত্য—গণতান্ত্রিক সমাজে প্রতিবাদ ও আন্দোলনের অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্যের জীবন, সম্পদ ও নিরাপত্তা রক্ষার দায়িত্বও সমান গুরুত্বপূর্ণ। ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জ, বিপন্ন ভবিষ্যৎ গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো নতুন করে সামনে এনেছে জননিরাপত্তা, রাজনৈতিক দায়িত্বশীলতা ও নাগরিক সচেতনতার প্রশ্ন। একটি থানা শুধু পুলিশের কার্যালয় নয়; এটি নাগরিকের নিরাপত্তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একটি হাসপাতাল শুধু ভবন নয়; বিপদের মুহূর্তে মানুষের বেঁচে থাকার আশ্রয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শ্রেণিকক্ষ নয়; এটি একটি প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণের জায়গা। এসব স্থাপনায় হামলা হলে ক্ষতিগ্রস্ত হয় পুরো সমাজ। একইভাবে সড়কের গাছ কেটে ফেলা, দোকানপাট বন্ধ করে দেওয়া, মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা কিংবা সাধারণ পরিবারের ঘরবাড়িতে হামলা—কোনোটিই রাজনৈতিক অধিকার চর্চার অংশ হতে পারে না। এখন প্রয়োজন ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিরপরাধ মানুষের হয়রানি বন্ধ এবং ক্ষতিগ্রস্ত জনপদে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা। গোপালগঞ্জের মানুষ আবার তাঁদের দোকান খুলতে চান, কৃষক জমিতে যেতে চান, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরতে চান, রোগীরা নিরাপদে চিকিৎসা নিতে চান। তাঁরা চান রাতে নিশ্চিন্তে ঘুমাতে, প্রয়োজনে পুলিশের সহায়তা পেতে এবং নির্বিঘ্নে চলাচল করতে। রাজনৈতিক প্রতিহিংসা কিংবা উত্তেজনার চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যবান। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর নিজেদের শহরকে অবরুদ্ধ করে, নিজেদের মানুষের জীবিকা ধ্বংস করে, নিজেদের প্রকৃতিকে ক্ষতবিক্ষত করে শেষ পর্যন্ত বিজয়ী হওয়ার কেউ নেই। গোপালগঞ্জের অলিগলিতে পড়ে থাকা কাটা গাছ, পোড়া থানা, বন্ধ দোকান আর আতঙ্কিত মানুষের মুখ যেন আজ একটি প্রশ্নই করছে—এই যুদ্ধ কার বিরুদ্ধে, আর এর মাশুল দিচ্ছে কারা?
বায়না, পার্টনারশিপ ও হেবা দলিলের অভিযোগ- ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশাল নগরীর ঐতিহ্যবাহী ‘বিউটি সিনেমা হল’ ও সংলগ্ন প্রায় ৪০ শতাংশ জমি ঘিরে কয়েক বছর ধরে চলা বিরোধ এখন গড়িয়েছে কোটি কোটি টাকার বিনিয়োগ, জমির মালিকানা, বায়না ও ডেভেলপমেন্ট চুক্তি, হেবা দলিল, ভবনে অগ্নিসংযোগ এবং নিরাপত্তার অভিযোগ পর্যন্ত। ব্যবসায়ী আবুল হাসান কুদ্দুস ও তার অংশীদারদের অভিযোগ, জমিটি কেনা এবং সেখানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য তারা ধাপে ধাপে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। তাদের দাবি, প্রায় ৮ কোটি টাকা মূল্যের ওই জমি নিয়ে প্রথমে রেজিস্ট্রি বায়না হয় এবং এর বিপরীতে ২ কোটি ৭ লাখ টাকা পরিশোধ করা হয়। পরে ডেভেলপমেন্ট ও পার্টনারশিপের মাধ্যমে প্রকল্প এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও চুক্তির মেয়াদ ও অংশীদারিত্ব বহাল থাকা অবস্থায় সম্পত্তির একটি অংশ গোপনে হেবা দলিলের মাধ্যমে মালিকানা পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে সম্পত্তি অন্য ডেভেলপারদের কাছে হস্তান্তরের উদ্যোগ, ভবনের অংশবিশেষ ভাঙা, গভীর রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিরোধ আরও তীব্র হয়। তবে এসব অভিযোগের বিষয়ে আশিক চৌধুরী, আঁখি বেগম এবং অভিযোগে উঠে আসা অন্য ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া না দেওয়ায় অভিযোগগুলোর বিষয়ে তাদের বক্তব্য প্রতিবেদনে যুক্ত করা সম্ভব হয়নি। ৮ কোটি টাকার জমি, বায়না ও ২ কোটি ৭ লাখ টাকা আবুল হাসান কুদ্দুসের দাবি, বিউটি সিনেমা হলসহ প্রায় ৪০ শতাংশ জমির মূল্য প্রায় ৮ কোটি টাকা নির্ধারণ করে জমির মালিক জুলফিকার আলী চৌধুরীর সঙ্গে রেজিস্ট্রি বায়না করা হয়। তার ভাষ্য অনুযায়ী, বায়না রেজিস্ট্রির সময় নগদ ১ কোটি টাকা দেওয়া হয়। পরে বিভিন্ন ধাপে আরও ১ কোটি ৭ লাখ টাকা পরিশোধ করা হয়। অর্থাৎ, সব মিলিয়ে জুলফিকার আলী চৌধুরীকে ২ কোটি ৭ লাখ টাকা দেওয়া হয়েছে বলে দাবি কুদ্দুসের। কিন্তু অভিযোগকারীদের দাবি, ওই অর্থ নেওয়ার পর একই সম্পত্তি নিয়ে আক্তারুজ্জামান নামে আরেক ব্যক্তির সঙ্গে পুনরায় রেজিস্ট্রি বায়না করা হয়। এতে প্রথম বায়নাকারী হিসেবে তারা বড় ধরনের আর্থিক ঝুঁকিতে পড়েন বলে দাবি করেন। বিষয়টি জানার পর বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়ার জন্য জুলফিকার আলী চৌধুরীর কাছে তারা যোগাযোগ করেন বলেও জানান কুদ্দুস। বায়না থেকে ডেভেলপমেন্ট প্রকল্প পরিস্থিতির সমাধান করতে পরে তাদের একজন ডেভেলপার কাজী মফিজুল ইসলামের কাছে নেওয়া হয় বলে জানান ভুক্তভোগীরা। এরপর বিউটি সিনেমা হলের জমিতে একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় আবুল হাসান কুদ্দুসসহ তিন অংশীদারকে প্রকল্পে মোট ৩০ শতাংশ অংশীদারিত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রত্যেকের অংশ নির্ধারণ করা হয় ১০ শতাংশ করে। পাশাপাশি প্রকল্পের স্টল ও ফ্ল্যাট বিক্রি থেকে পাওয়া প্রথম লভ্যাংশের মাধ্যমে আগের বিনিয়োগের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছিল বলে দাবি করেন তারা। এই পর্যায়ে আগের বায়না বাতিল করে কাজী মফিজুল ইসলামকে ডেভেলপার হিসেবে যুক্ত করে নতুন পার্টনারশিপ ডিড করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। কুদ্দুসের দাবি, বিনিয়োগের অর্থ ফেরতের নিশ্চয়তা হিসেবে ২ কোটি টাকার পাঁচটি চেকও দেওয়া হয়েছিল। প্রকল্পে বিনিয়োগ ১০ কোটি টাকার বেশি—দাবি ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, নতুন সমঝোতার পর প্রকল্পের কাজ এগিয়ে নিতে বিপুল অর্থ ব্যয় করা হয়। আবুল হাসান কুদ্দুসের দাবি, ডেভেলপার কাজী মফিজুল ইসলাম প্রকল্পে প্রায় ৫ থেকে ৬ কোটি টাকা বিনিয়োগ করেন। একই সময়ে জমির মালিক জুলফিকার আলী চৌধুরীকেও আরও প্রায় ২ থেকে আড়াই কোটি টাকা দেওয়া হয়। আগের বিনিয়োগের অর্থসহ সব মিলিয়ে প্রকল্পে ১০ কোটি টাকার বেশি অর্থ বিনিয়োগ হয়েছে বলে দাবি করেন তারা। কিন্তু এত অর্থ বিনিয়োগের পরও প্রকল্পের মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বিরোধ দেখা দেয়। পার্টনারশিপ চলার মধ্যেই হেবা দলিলের অভিযোগ বিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগগুলোর একটি হলো সম্পত্তির মালিকানা পরিবর্তন। ভুক্তভোগীদের অভিযোগ, পার্টনারশিপ ও প্রকল্পের কার্যক্রম চলমান থাকা অবস্থায় জুলফিকার আলী চৌধুরী তার ছেলে আশিক চৌধুরীর নামে সম্পত্তির একটি অংশ হেবা দলিল করে দেন। তাদের দাবি, পরে ওই হেবা দলিলকে ভিত্তি করে আশিক চৌধুরী অন্য ডেভেলপারদের কাছে প্রকল্পটি হস্তান্তর বা বিক্রির চেষ্টা করেন। অভিযোগকারীদের কাছে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে এ কারণে যে, তাদের দাবি করা বিনিয়োগ, অংশীদারিত্ব ও প্রকল্প-সংক্রান্ত চুক্তির পাশাপাশি সম্পত্তির মালিকানা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এখানেই প্রশ্ন উঠছে—কোন চুক্তি কখন হয়েছে, কোন অর্থ কার কাছে গেছে এবং পরবর্তী সময়ে সম্পত্তির ওপর কী ধরনের মালিকানা পরিবর্তন করা হয়েছে। বুলডোজার দিয়ে ভবন ভাঙার অভিযোগ কুদ্দুসের অভিযোগ, পাওনা অর্থ ও চুক্তির অধিকার দাবি করার পর থেকেই তাদের ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হয়। তার দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের প্রভাব কাজে লাগিয়ে প্রকল্পের কার্যক্রম বন্ধের চেষ্টা করা হয়। একপর্যায়ে বুলডোজার দিয়ে ভবনের একটি অংশ ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা আবার নিজেদের কার্যালয়ে বসার চেষ্টা করলে নতুন করে চাপ ও হয়রানির ঘটনা ঘটে বলে দাবি তার। কুদ্দুসের আরও অভিযোগ, একপর্যায়ে তাদের সরিয়ে দিতে সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল। তবে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বায়না, ডেভেলপমেন্ট চুক্তি, পার্টনারশিপ ডিডসহ বিভিন্ন নথি উপস্থাপন করেন। পরে পরিস্থিতি খতিয়ে দেখে সংশ্লিষ্টরা সরে যান বলে দাবি করেন তিনি। গভীর রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন, এরপর অগ্নিকাণ্ড বিউটি সিনেমা হলের ভবনকে ঘিরে বিরোধের আরেকটি গুরুতর অভিযোগ অগ্নিসংযোগ। কুদ্দুসের অভিযোগ, ভবনে আগুন দেওয়ার আগে গভীর রাতে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় নগরীর লিমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। তার দাবি, আশিক চৌধুরীর নির্দেশে লিমন এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এরপরই ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন কুদ্দুস। তার ভাষ্য, ভবন খালি করা এবং জমি থেকে তাদের সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আগুন দেওয়া হয়ে থাকতে পারে। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে ফায়ার সার্ভিসের তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের বক্তব্য, আগুনের ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন। মামলা চলার মধ্যেই নতুন ডেভেলপারের সঙ্গে চুক্তির অভিযোগ কুদ্দুসের দাবি, জমি ও ভবন নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থাতেই লিমন নামের ওই ব্যক্তি আশিক চৌধুরীকে সঙ্গে নিয়ে বরিশাল মহানগর বিএনপির এক সাবেক নেতার মাধ্যমে অন্য ডেভেলপারদের সঙ্গে নতুন করে চুক্তির উদ্যোগ নেন। তার দাবি, এ সময় মোটা অঙ্কের চেক লেনদেনের মাধ্যমে একটি চুক্তিও করা হয়। কুদ্দুসের অভিযোগ, ওই চুক্তির পর থেকেই তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, উচ্ছেদ এবং বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলার ভয় দেখানো শুরু হয়। এ-সংক্রান্ত প্রয়োজনীয় প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে মামলা ও তদন্ত যাতে সুষ্ঠুভাবে এগোতে না পারে, সে জন্য প্রভাবশালী মহলের মাধ্যমে বিভিন্ন জায়গায় তদবির করা হচ্ছে বলেও অভিযোগ করেন কুদ্দুস। বিদেশ থেকে ফোনে হুমকির অভিযোগ ভুক্তভোগী আবুল হাসান কুদ্দুস আরও অভিযোগ করেন, আশিক চৌধুরীর বোন আঁখি বেগম বিদেশে অবস্থান করেও বিরোধের বিষয়ে প্রভাব বিস্তার করছেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র থেকে ফোন করে আঁখি বেগম দেশের বিভিন্ন সন্ত্রাসী ও প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে তাদের ভয়ভীতি দেখান। এমনকি প্রাণনাশ ও গুমের হুমকি দেওয়ার অভিযোগও করেন কুদ্দুস। তার দাবি, দীর্ঘদিন ধরে তারা আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তাহীনতার মধ্যেও রয়েছেন। জমি ও প্রকল্প নিয়ে আইনি লড়াই চললেও বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে তাদের পিছু হটানোর চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক পরিচয় ব্যবহারের অভিযোগ কুদ্দুসের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আশিক চৌধুরী বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে তাদের ভয়ভীতি দেখাতেন। তার দাবি, আশিক চৌধুরীর তৃতীয় স্ত্রী আমিনা বেগমের সিলেটে গ্রামের বাড়ি থাকার সূত্র ধরে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের আত্মীয় পরিচয় ব্যবহার করেও তাদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে। এ ছাড়া বরিশাল মহানগরের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর সহধর্মিণী লিপি আবদুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দাবি করেও তাদের ভয় দেখানো হতো বলে অভিযোগ করেন কুদ্দুস। তিনি আরও দাবি করেন, আশিক চৌধুরী বরিশাল মহানগরের ৯ নম্বর ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি পদে মনোনীত প্রার্থী ছিলেন। এসব রাজনৈতিক পরিচয় ও যোগাযোগকে ব্যবহার করে বিভিন্ন সময়ে তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ তার। আশিকের বিদেশে অবস্থান নিয়েও প্রশ্ন আবুল হাসান কুদ্দুস আশিক চৌধুরীর বিদেশে অবস্থান ও প্রবাসী পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন। তার দাবি, বিভিন্ন আদালত ও বিভিন্ন স্থানে আশিক নিজেকে বিদেশে বসবাসকারী প্রবাসী হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি সেসব মামলায় পলাতক অবস্থায় রয়েছেন বলেও অভিযোগ করেন কুদ্দুস। ভবনে থাকা বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন করে ভুক্তভোগীরা যে অভিযোগ তুলছেন, তা হলো ভবনে বর্তমানে অবস্থানরত বাসিন্দাদের নিরাপত্তা নিয়েও তারা উদ্বিগ্ন। তাদের দাবি, ভবনে থাকা কয়েকজন বাসিন্দাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আশিক চৌধুরীর পক্ষ থেকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং যেকোনো সময় ‘দুর্ঘটনা’ ঘটতে পারে—এমন আশঙ্কাও প্রকাশ করেছেন তারা। তাদের ভাষ্য, ভবনে অবস্থানরত মানুষজন আতঙ্কের মধ্যে রয়েছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তারা আশিক চৌধুরীর কাছ থেকে নিরাপত্তা ও হয়রানি থেকে মুক্তি চান বলেও জানিয়েছেন। তাহলে ১০ কোটি টাকার বেশি বিনিয়োগের কী হবে? বিউটি সিনেমা হলের জমি নিয়ে বিরোধের কেন্দ্রে এখন সবচেয়ে বড় প্রশ্ন—বিভিন্ন পর্যায়ে বিনিয়োগ করা বিপুল অর্থের ভবিষ্যৎ কী? ভুক্তভোগীদের হিসাব অনুযায়ী, বায়না, ডেভেলপমেন্ট ও পার্টনারশিপের বিভিন্ন পর্যায়ে প্রকল্পে ১০ কোটি টাকার বেশি অর্থ বিনিয়োগ করা হয়েছে। তাদের অভিযোগ, এই বিপুল বিনিয়োগের পরও চুক্তির শর্ত উপেক্ষা করে সম্পত্তির মালিকানা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং নতুন ডেভেলপারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ফলে একদিকে বিনিয়োগকারীদের অর্থ ঝুঁকিতে পড়েছে, অন্যদিকে জমির মালিকানা, বায়না, হেবা দলিল এবং ডেভেলপমেন্ট চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। দলিল, চেক ও লেনদেনের নথিই দিতে পারে উত্তর প্রথম বায়না দলিল, পরবর্তী পার্টনারশিপ ডিড, হেবা দলিল, ২ কোটি টাকার পাঁচটি চেক, অর্থ লেনদেনের রেকর্ড, জমির রেজিস্ট্রি নথি, আদালতে চলমান মামলার কাগজপত্র এবং নতুন ডেভেলপমেন্ট চুক্তি—সবগুলো নথি পাশাপাশি পর্যালোচনা করা প্রয়োজন। এর পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদন, মামলার এজাহার ও তদন্তের অগ্রগতি এবং ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে কোনো নথি বা তদন্ত আছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ। ভুক্তভোগীরা জানতে চান—চুক্তি বহাল থাকার সময় সম্পত্তির মালিকানা কীভাবে পরিবর্তিত হলো, একই সম্পত্তি নিয়ে একাধিক বায়না কীভাবে করা হলো, প্রকল্পে বিনিয়োগ করা অর্থের হিসাব কোথায়, মামলা চলাকালীন নতুন ডেভেলপমেন্ট চুক্তি কীভাবে হলো এবং অগ্নিকাণ্ডের সঙ্গে কারও সম্পৃক্ততা ছিল কি না। বরিশালের বিউটি সিনেমা হলের ৪০ শতাংশ জমি নিয়ে কী ঘটছে? ৮ কোটি টাকার জমিতে ২ কোটি ৭ লাখ টাকা বায়না, পরে ডেভেলপমেন্ট প্রকল্পে ১০ কোটির বেশি বিনিয়োগের দাবি। পার্টনারশিপ চলার মধ্যেই হেবা দলিল, ভবন ভাঙার অভিযোগ, গভীর রাতে বিদ্যুৎ বিচ্ছিন্নের পর অগ্নিকাণ্ড এবং প্রাণনাশের হুমকির অভিযোগ—সব মিলিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। আসল মালিকানা কার, টাকা গেল কোথায় এবং অগ্নিকাণ্ডের নেপথ্যে কারা? নিরপেক্ষ তদন্তের দাবি ব্যবসায়ী আবুল হাসান কুদ্দুস ও তার অংশীদাররা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কাছে পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন। তাদের দাবি, বায়না দলিল, পার্টনারশিপ ডিড, চেক, অর্থ লেনদেনের নথি, হেবা দলিল, অগ্নিকাণ্ডের তদন্ত এবং পরবর্তী সময়ে সম্পাদিত চুক্তিগুলো একসঙ্গে পর্যালোচনা করা হলে বিরোধের প্রকৃত চিত্র স্পষ্ট হতে পারে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সঙ্গে কারা জড়িত, জমি নিয়ে মামলা চলাকালে নতুন ডেভেলপমেন্ট চুক্তি কীভাবে হয়েছে এবং তাদের বিরুদ্ধে ভয়ভীতি বা চাপ প্রয়োগের অভিযোগের সত্যতা—এসব বিষয় তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। ভুক্তভোগীদের ভাষ্য, তারা বৈধ কাগজপত্র ও বিনিয়োগের প্রমাণ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই করছেন। তাদের আশঙ্কা, প্রভাবশালী মহলের চাপ ও ভয়ভীতির কারণে তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন। বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সম্পত্তি বিউটি সিনেমা হল ও সংলগ্ন প্রায় ৪০ শতাংশ জমিকে ঘিরে যে বিরোধ তৈরি হয়েছে, তা এখন আর শুধু দুই পক্ষের ব্যবসায়িক বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে আছে বিপুল অর্থ, জমির মালিকানা, একাধিক চুক্তি, হেবা দলিল, ডেভেলপমেন্ট প্রকল্প, অগ্নিকাণ্ড এবং ভবনে অবস্থানরত মানুষের নিরাপত্তার প্রশ্ন। এই অবস্থায় ভুক্তভোগীদের দাবি—প্রভাব বা রাজনৈতিক পরিচয় নয়, দলিলপত্র, অর্থের উৎস ও লেনদেন, চুক্তির ধারাবাহিকতা এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণের ভিত্তিতে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে ‘শামীম বাবার দরবার শরিফ’-এ ভয়াবহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দরবারের প্রধান পীর আব্দুর রহমান ওরফে শামীম রেজাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। হামলায় দরবারের আরও তিন ভক্ত—মহন আলী, জামিরুন ও জুবায়ের গুরুতর আহত হন। রোববার (১২ এপ্রিল) দুপুর আড়াইটায় ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বাদ আছর স্থানীয় কবরস্থানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তার দাফন সম্পন্ন হয়। এলাকায় থমথমে পরিস্থিতি ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো মামলা হয়নি ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহতের বড়ভাই ফজলুর রহমান জানিয়েছেন, পারিবারিক আলোচনা শেষে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হবে। দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। হামলার কারণ কী? স্থানীয়দের দাবি, ইসলাম ও কোরআন অবমাননার অভিযোগে বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়। অন্যদিকে প্রশাসন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হওয়ায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিকল্পিত হামলার অভিযোগ নিহতের পরিবার ও অনুসারীদের অভিযোগ, এটি পরিকল্পিত হামলা। পুরোনো ভিডিও ছড়িয়ে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে উত্তেজনা তৈরি করা হয় এবং পরে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। আগের বিতর্ক জানা যায়, ২০১৮ সালে নিজ বাড়িতে দরবার প্রতিষ্ঠা করেন শামীম রেজা। ২০২১ সালে একটি শিশুর লাশ বাদ্যযন্ত্র বাজিয়ে দাফনের ভিডিও ভাইরাল হলে তিনি আলোচনায় আসেন। ওই ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলাও হয়েছিল এবং তিনি কিছুদিন কারাভোগ করে জামিনে মুক্তি পান। প্রশাসনের বক্তব্য কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, হামলাকারীদের শনাক্ত করতে কাজ চলছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও জনতার তুলনায় সংখ্যা কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু বলেন, “ধর্ম অবমাননার অভিযোগ থাকলে আইনের আশ্রয় নেওয়া উচিত। এভাবে আইন হাতে তুলে নিয়ে মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার জেরে অন্তত ৪০টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আখতার হাওলাদারের সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এই হত্যাকাণ্ডের জের ধরে রাতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নিহত আলমগীর হাওলাদারের পক্ষের সমর্থকরা প্রতিপক্ষ হাসান মুন্সী পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা অন্তত ২০টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। পাশাপাশি জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লাবলু হাওলাদার ও হাসান মুন্সীর বাড়িসহ অন্তত ২০টি বসতবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়ে চলে যান। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, হামলার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বলেন, হামলাকারীরা ঘটনাস্থলের বিভিন্ন সড়কে ইট ও গাছ ফেলে রাস্তা অবরোধ করে দেয়। এতে সেখানে পৌঁছাতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হয়েছে। তবে বর্তমানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানান তিনি। দীর্ঘদিনের বিরোধ স্থানীয়দের দাবি, নতুন মাদারীপুর এলাকায় সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আখতার হাওলাদার পক্ষ এবং হাসান মুন্সী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত কয়েক বছরে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এলাকায় দুই পক্ষের উত্তেজনা আবারও বাড়তে শুরু করে। সাম্প্রতিক এই হত্যাকাণ্ডের পর সেই বিরোধ নতুন করে সহিংস রূপ নিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
বরিশাল: নগরীর বিউটি রোডে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ব্যবসায়ীরা প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানাচ্ছেন। স্থানীয়রা বলছেন, দখল-পাল্টা দখলের দ্বন্দ্বে ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চকবাজার এলাকা এখন আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিউটি সুপার মার্কেটের ডেভেলপার পক্ষের দাবি, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটে একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি, তবে ব্যবসায়ীদের মজুদ করা মালামাল ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, মার্কেটের জমি নিয়ে জুলফিকার আলী চৌধুরীর সঙ্গে ডেভেলপার প্রতিষ্ঠানের চুক্তি থাকলেও পরবর্তীতে তিনি জমিটি সন্তানদের নামে দানপত্র করে দেন। এর পর থেকেই অভিযুক্ত সৈয়দ আশিক চৌধুরী মালিকানা দাবি করে নির্মাণকাজে বাধা দিয়ে আসছিলেন। এর আগে গত বছরও ওই ভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছিল, যা বর্তমানে আদালতে মামলা হিসেবে চলমান। ডেভেলপার প্রতিষ্ঠানের অংশীদার আবুল হাসান কুদ্দুস কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। বাজারের ব্যবসায়ীরা বলছেন, বারবার হামলা ও মামলার পরও কেন সমাধান হচ্ছে না, তা নিয়ে তারা চরম ক্ষোভ ও আতঙ্কে ভুগছেন। তারা অবিলম্বে অগ্নিসংযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ছাড়া এই বাণিজ্যিক এলাকায় শান্তি ফিরানো সম্ভব হবে না। ব্যবসায়ীরা এখন জীবনের নিরাপত্তা নিয়ে গভীরভাবে শঙ্কিত।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে। কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে। কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি। মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।