Brand logo light

ছাত্রলীগ

টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে নজিরবিহীন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
নিজের শহরেই অবরুদ্ধ গোপালগঞ্জ, সহিংসতার মাশুল দিচ্ছে সাধারণ মানুষ:গোপালগঞ্জের রাজপথ থেকে গ্রামীণ জনপদ—সবখানেই যেন এক অদ্ভুত নীরবতা

ইত্তেহাদ নিউজ, অনলাইন | বিশেষ প্রতিবেদন: গোপালগঞ্জের রাজপথ থেকে গ্রামীণ জনপদ—সবখানেই যেন এক অদ্ভুত নীরবতা। কোথাও পোড়া স্থাপনার ধ্বংসাবশেষ, কোথাও সড়কের ওপর পড়ে থাকা কাটা গাছ, কোথাও বন্ধ দোকানের শাটার। যে শহরের অলিগলিতে একসময় মানুষের ব্যস্ত পদচারণা ছিল, সেখানে এখন আতঙ্ক, অনিশ্চয়তা আর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের খবর। টুঙ্গিপাড়া ও মুকসুদপুরের বিভিন্ন এলাকা ঘুরে, অন্তত ১০টি গ্রামের মানুষের সঙ্গে কথা বলে যে চিত্র পাওয়া গেছে, তা শুধু কয়েক দিনের সহিংসতার ক্ষয়ক্ষতির হিসাব নয়; বরং একটি জনপদের সামাজিক, অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ের প্রতিচ্ছবি। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা পুড়েছে, সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, হাসপাতাল ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে, সড়ক অবরোধ করতে কেটে ফেলা হয়েছে গাছ। এর পরিণতিতে আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে—যে আন্দোলন বা সংঘাতের পরিণতিতে নিজের শহরই নিজের মানুষের জন্য অনিরাপদ হয়ে ওঠে, সেই সংঘাতের শেষ পর্যন্ত লাভবান হয় কারা? জনমানবশূন্য টুঙ্গিপাড়া, আতঙ্কে ঘরছাড়া মানুষ টুঙ্গিপাড়া উপজেলার অন্তত ১০টি গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট থানা এলাকার অনেক বাড়িঘর কার্যত জনমানবশূন্য হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও গ্রেপ্তার আতঙ্কে নারী-পুরুষ, কিশোর-কিশোরীদের অনেকে বাড়িতে থাকছেন না বলে স্থানীয়দের ভাষ্য। টুঙ্গিপাড়া চৌরাস্তায় দোকান করেন কবির মিয়া। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর সহিংসতার পরিণতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, হাওয়ায় পাওয়া খবরে সবাই রাস্তায় নেমেছিল। থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তখন সবাই যোদ্ধা, সবাই নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা ছিল। এখন কারও পাশে কেউ নেই, সবাই আসামি। কবির মিয়ার কথায় উঠে এসেছে একটি জনপদের মানুষের অসহায়ত্ব। উত্তেজনার মুহূর্তে যারা রাস্তায় নেমেছিলেন, সহিংসতার পরিণতি তাদের পরিবারকেও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।   মুকসুদপুরে অভিযান, স্বাভাবিক জীবনযাত্রায় স্থবিরতা একই পরিস্থিতি বিরাজ করছে মুকসুদপুর উপজেলাজুড়েও। স্থানীয়দের অভিযোগ, সহিংসতায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন ভিডিও ফুটেজ ও সরাসরি সম্প্রচারের দৃশ্য পর্যালোচনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান ও নজরদারি জোরদার করেছে। তবে পুলিশের মহাপরিদর্শকের নির্দেশনা অনুযায়ী, কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং অপরাধে জড়িত ব্যক্তি যে রাজনৈতিক দলেরই হোন, তাঁকে যেন ছাড় দেওয়া না হয়—এমন বার্তা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় পুলিশের মহাপরিদর্শক এ নির্দেশনা দেন বলে জানা গেছে। এরপর সন্ধ্যা থেকেই বিভিন্ন এলাকায় তল্লাশি, নিয়মিত অভিযান ও নজরদারি শুরু হয়। তবে অভিযানের পাশাপাশি নিরপরাধ মানুষের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ।   'গোপালগঞ্জের বদনাম এক দিনের নয়, সারাজীবনের' মুকসুদপুর এলাকার বাসিন্দা আ. আজিজ পেশায় ব্যাংকার। তিনি ঢাকায় থাকেন। বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জের পারস্পরিক সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এই অঞ্চলেরই একটি গুরুত্বপূর্ণ জনপদ। তাঁর ভাষ্য, গত সাত দিনের নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর সহিংসতায় গোপালগঞ্জ আগুন, ধ্বংস ও লুটপাটের জনপদ হিসেবে পরিচিতি পাচ্ছে। এটি শুধু সাময়িক ক্ষতি নয়; দীর্ঘদিনের জন্য জেলার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর বক্তব্যে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ বিষয়—নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর  সংঘাতের দায় কোনো একটি এলাকার সব মানুষের ওপর চাপানো যায় না। কিছু মানুষের অপরাধের কারণে পুরো জেলার মানুষের পরিচয় যেন নেতিবাচকভাবে প্রতিষ্ঠিত না হয়, সেটিও বিবেচনায় রাখা প্রয়োজন।   থানা পুড়লে নিরাপত্তা দেবে কে, হাসপাতাল আক্রান্ত হলে চিকিৎসা নেবে কোথায়? মুকসুদপুর কলেজপাড়া এলাকার মুদি দোকানি আশরাফুলের বক্তব্যে উঠে এসেছে সহিংসতার সামাজিক পরিণতি। তিনি বলেন, এই জনপদের মানুষ, মাটি, প্রকৃতি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য—সবকিছুই জাতীয় জীবনের অংশ। অথচ সেই গোপালগঞ্জের রাজপথ এখন অবরোধ, ভাঙচুর ও অচলাবস্থার চিত্র তুলে ধরছে। তাঁর প্রশ্ন, যারা থানা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে, পুলিশ ও বিজিবির সদস্যদের আহত করেছে, তারা কি এই দেশেরই মানুষ নয়? তাহলে নিজেদের জনপদের ক্ষতি করে শেষ পর্যন্ত কী অর্জন হলো? মুকসুদপুর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজনের বক্তব্যেও একই উদ্বেগ। তিনি বলেন, সড়ক অবরোধ, হাসপাতাল ভাঙচুর, বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা, শিক্ষকদের নিরাপত্তাহীনতা এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কারণে জনজীবন থমকে গেছে। একটি ছোট চায়ের দোকানও মানুষের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝা যায় এমন পরিস্থিতিতে। যেখানে প্রতিদিন মানুষের আড্ডা, কথাবার্তা ও কর্মব্যস্ততায় প্রাণ ফিরে পেত জনপদ, সেখানে এখন নীরবতা। তাঁর ভাষায়, থানা ও সরকারি গাড়ি পুড়িয়ে কী অর্জন হলো? এসব স্থাপনা ও যানবাহন তো মানুষের জানমাল রক্ষার কাজে ব্যবহৃত হতো। এখন থানা এলাকায় আলো নেই, পুলিশের স্বাভাবিক কার্যক্রম নেই। মুকসুদপুর থানার পরিবেশ দেখে মনে হয়, যেন জনবসতি থেকে বিচ্ছিন্ন কোনো পরিত্যক্ত জায়গা।   তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন, ক্ষতিগ্রস্ত স্বজনদের ঘরবাড়িও কাশিয়ানী মোড় এলাকার কলা বিক্রেতা আরমান ঢালীর কণ্ঠে হতাশা স্পষ্ট। বেচাকেনার অবস্থা জানতে চাইলে দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, ভালো নেই। তাঁর প্রশ্ন, এলাকার তরুণেরা কার কথায় পেট্রোল ঢেলে তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন দিল? এখন তাঁদের পরিণতি কী হবে? স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সহিংসতায় তিন সংসদ সদস্যের বাড়ি ও গাড়ি এবং তাঁদের স্বজনদের ১৫ থেকে ২০টি বাড়িঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে হাসপাতাল, গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখাসহ অন্তত ৪০টি স্থাপনা ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। হামলা থেকে রেহাই পায়নি সাধারণ মানুষের বাড়িঘরও। কাশিয়ানী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির গ্রামের বাড়ি ভাঙচুর করে তছনছ করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এসব ঘটনার প্রকৃত ক্ষয়ক্ষতি, দায়ী ব্যক্তিদের পরিচয় এবং প্রতিটি ঘটনার আইনগত অবস্থান স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। কারণ রাজনৈতিক পরিচয় যা-ই হোক, কারও বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত সম্পত্তিতে হামলার অধিকার কারও নেই।   কাটা গাছের ব্যারিকেড: পরিবেশের ক্ষতি, মানুষের চলাচলে বাধা একজন স্কুলশিক্ষক ইলিয়াস মিয়া বলেন, গত কয়েক দিন ধরে যারা ধারালো অস্ত্র হাতে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সামনে উল্লাস করেছেন, এখন তাঁদের পাশে কি কেউ আছেন? তাঁর মতে, অন্যায়ের দায় শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হয়। এর প্রভাব পড়ে পরিবারেও। তিনি আরও জানান, গোপালগঞ্জে প্রবেশের টেকেরহাট-বড়ইতলা সড়কের বিভিন্ন অংশে এবং মুকসুদপুর-বাটিকামারী সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। এই গাছগুলো একসময় মাটি আগলে রেখেছে, পথচারীদের ছায়া দিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা করেছে এবং পাখিদের আশ্রয় হয়েছে। অথচ সেই গাছই এখন মানুষের চলাচল বন্ধ করার অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি শুধু সড়ক অবরোধের ঘটনা নয়; প্রকৃতির ওপরও এক ধরনের আঘাত। একটি গাছ বড় হতে বছরের পর বছর সময় লাগে। অথচ রাজনৈতিক উত্তেজনার কয়েক মুহূর্তে সেটি কেটে ফেলা হচ্ছে। এর ক্ষতি শুধু বর্তমানের নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও এর মূল্য দিতে হবে।   রাজনৈতিক সংঘাতের মাশুল দিচ্ছেন দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা নাম প্রকাশে অনিচ্ছুক এক সংবাদকর্মী বলেন, একটি বিষয় গভীরভাবে ভাবার প্রয়োজন। যে জেলার অধিকাংশ মানুষের রাজনৈতিক সমর্থন নিষিদ্ধ  আওয়ামী লীগ দলের বলে পরিচিত, সেই জেলার সাধারণ মানুষই আজ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। দোকানের শাটার বন্ধ থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীর আয় নেই। দিনমজুরের কাজ বন্ধ। নিম্ন আয়ের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। রাজনৈতিক উত্তেজনার বোঝা বইতে হচ্ছে তাঁদের, যাঁদের কাছে প্রতিদিনের আয়ই পরিবারের খাবার জোগাড়ের একমাত্র অবলম্বন। তিনি আরও বলেন, থানা ও পুলিশের গাড়িতে হামলা করা হচ্ছে। কিন্তু গভীর রাতে কোথাও ডাকাতি হলে নিরাপত্তার জন্য মানুষ কাকে ডাকবে? সড়ক দুর্ঘটনায় কেউ আহত হলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেবে কে? পরিবারের কেউ রাতদুপুরে অসুস্থ হলে অ্যাম্বুলেন্স কীভাবে পৌঁছাবে? দোকানপাট বন্ধ থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে কোথায়? শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি কে পুষিয়ে দেবে? হাসপাতাল আক্রান্ত হলে চিকিৎসাসেবা নেবে কোথায়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে স্পষ্ট হয়, সহিংসতার সবচেয়ে বড় শিকার নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নয়; বরং সাধারণ মানুষ।   'নিজেদের শহরকে অবরুদ্ধ করে কাদের বিরুদ্ধে যুদ্ধ করছি?' স্থায়ী টেংরাখোলা বাজারের পাশে বসবাস করেন মো. ইউসুফ হাওলাদার। তাঁর কথায় উঠে এসেছে এই সংকটের সবচেয়ে মানবিক দিক। তিনি বলেন, যে পথে একদিন মানুষ হেঁটেছে, যে সড়কের পাশে দাঁড়িয়ে গাছের ছায়ায় বিশ্রাম নিয়েছে, আজ সেই পথেই পড়ে আছে কাটা গাছের নিথর দেহ। তাঁর প্রশ্ন, নিজেদের শহরকে নিজেরাই অবরুদ্ধ করে আমরা আসলে কাদের বিরুদ্ধে যুদ্ধ করছি? কী পেয়েছি, আর কী পাবে ভবিষ্যৎ প্রজন্ম? এ প্রশ্ন শুধু ইউসুফ হাওলাদারের নয়; এটি আজ গোপালগঞ্জের বহু সাধারণ মানুষের মনের কথা।   আন্দোলনের অধিকার আছে, কিন্তু জনজীবন ধ্বংসের অধিকার নেই ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে নিজের জমিতে কলাচাষ করছেন এমন এক ব্যক্তি বলেন, প্রতিবাদ করার অধিকার সবার আছে। দাবি আদায়ের জন্য আন্দোলনও হতে পারে। কিন্তু সেই আন্দোলনের কারণে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, সাধারণ মানুষের চলাচল ও জননিরাপত্তা বিপন্ন হবে কেন? তাঁর বক্তব্য, গোপালগঞ্জ কারও একার নয়। এটি সবার শহর, সবার জনপদ। রাজনৈতিক মতপার্থক্য, বিরোধ কিংবা ক্ষোভ থাকতে পারে। কিন্তু সেই ক্ষোভের আগুনে নিজের শহর, নিজের মানুষ ও নিজের ভবিষ্যৎ পুড়িয়ে দেওয়ার অধিকার কারও নেই। এই বক্তব্যে উঠে এসেছে একটি মৌলিক সত্য—গণতান্ত্রিক সমাজে প্রতিবাদ ও আন্দোলনের অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্যের জীবন, সম্পদ ও নিরাপত্তা রক্ষার দায়িত্বও সমান গুরুত্বপূর্ণ।   ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জ, বিপন্ন ভবিষ্যৎ গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো নতুন করে সামনে এনেছে জননিরাপত্তা, রাজনৈতিক দায়িত্বশীলতা ও নাগরিক সচেতনতার প্রশ্ন। একটি থানা শুধু পুলিশের কার্যালয় নয়; এটি নাগরিকের নিরাপত্তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একটি হাসপাতাল শুধু ভবন নয়; বিপদের মুহূর্তে মানুষের বেঁচে থাকার আশ্রয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শ্রেণিকক্ষ নয়; এটি একটি প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণের জায়গা। এসব স্থাপনায় হামলা হলে ক্ষতিগ্রস্ত হয় পুরো সমাজ। একইভাবে সড়কের গাছ কেটে ফেলা, দোকানপাট বন্ধ করে দেওয়া, মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা কিংবা সাধারণ পরিবারের ঘরবাড়িতে হামলা—কোনোটিই রাজনৈতিক অধিকার চর্চার অংশ হতে পারে না। এখন প্রয়োজন ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিরপরাধ মানুষের হয়রানি বন্ধ এবং ক্ষতিগ্রস্ত জনপদে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা। গোপালগঞ্জের মানুষ আবার তাঁদের দোকান খুলতে চান, কৃষক জমিতে যেতে চান, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরতে চান, রোগীরা নিরাপদে চিকিৎসা নিতে চান। তাঁরা চান রাতে নিশ্চিন্তে ঘুমাতে, প্রয়োজনে পুলিশের সহায়তা পেতে এবং নির্বিঘ্নে চলাচল করতে। রাজনৈতিক প্রতিহিংসা কিংবা উত্তেজনার চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যবান। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর নিজেদের শহরকে অবরুদ্ধ করে, নিজেদের মানুষের জীবিকা ধ্বংস করে, নিজেদের প্রকৃতিকে ক্ষতবিক্ষত করে শেষ পর্যন্ত বিজয়ী হওয়ার কেউ নেই। গোপালগঞ্জের অলিগলিতে পড়ে থাকা কাটা গাছ, পোড়া থানা, বন্ধ দোকান আর আতঙ্কিত মানুষের মুখ যেন আজ একটি প্রশ্নই করছে—এই যুদ্ধ কার বিরুদ্ধে, আর এর মাশুল দিচ্ছে কারা?

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২১, ২০২৬ 0
নলছিটিতে পুলিশ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই: হামলার ঘটনায় মামলা, আতঙ্কে জনপদ—নিরীহ মানুষ ফাঁসানোর অভিযোগ

ইত্তেহাদ নিউজ, অনলাইন: ঝালকাঠির নলছিটির দপদপিয়াতে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও হাতকড়াসহ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা। ৭ জন গ্রেপ্তার। তবে ভিডিও ফুটেজ বিশ্লেষণ, আসামি শনাক্তকরণ এবং পুলিশের অভিযান পরিচালনা নিয়ে স্থানীয়দের প্রশ্ন উঠেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ফেরিঘাটে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। পুলিশের সরকারি পিকআপ ভাঙচুর, ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত এবং আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ৪০ থেকে ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৮০ জনকে আসামি করার অভিযোগ উঠেছে। তবে এই মামলাকে ঘিরে এখন নতুন করে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের হয়রানি, আসামি শনাক্তকরণ এবং পুলিশের অভিযানের পদ্ধতি নিয়ে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার ভিডিও ফুটেজ থাকার পরও তা যথাযথভাবে বিশ্লেষণ না করে গণহারে আসামি করা হয়েছে। এতে প্রকৃত হামলাকারীদের পাশাপাশি নিরীহ মানুষও হয়রানির শিকার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দপদপিয়ার মোল্লাকান্দাসহ আশপাশের এলাকায় পুলিশের ধারাবাহিক অভিযান ও গ্রেপ্তার আতঙ্কে অনেক মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। কোনো কোনো বাড়িতে তালা ঝুলছে। স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ায় এলাকাটি অনেকটা জনশূন্য হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং সাঁড়াশি অভিযান চললেও স্থানীয়দের একটি অংশের প্রশ্ন—পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের মতো গুরুতর অপরাধের সুষ্ঠু তদন্তের পাশাপাশি নিরপরাধ মানুষকে হয়রানি থেকে রক্ষার দায়িত্ব কে নেবে?   যেভাবে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় ছাত্রলীগ নেতা সিরাজ মোল্লাকে ঘটনাটি ঘটে ২০২৬ সালের ৮ নভেম্বর, রোববার দুপুর ১টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল ওই দিন সকালে অভিযান শুরু করে। পরে দুপুরে দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। সিরাজ মোল্লা দপদপিয়া ইউনিয়ন পরিষদেরও একজন সদস্য। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে তাঁর ভাই ও স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশের সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তি হয়। এ সময় ওসি তৌহিদুজ্জামান সোহাগসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।হামলাকারীরা পুলিশের সরকারি পিকআপ ভ্যান ভাঙচুর করেন এবং হাতকড়াসহ সিরাজ মোল্লাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যান। পরে তিনি পালিয়ে যান। ঘটনার পরপরই ফেরিঘাট ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝালকাঠি থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।   মামলা ঘিরে নতুন বিতর্ক, নিরীহ মানুষকে আসামি করার অভিযোগ পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় নলছিটি থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় ৪০ থেকে ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। তবে স্থানীয়দের অভিযোগ, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের শনাক্ত করার ক্ষেত্রে ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ যথাযথভাবে যাচাই করা প্রয়োজন ছিল। তাঁদের দাবি, কে হামলায় অংশ নিয়েছেন, কে আসামি ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন এবং কে ঘটনাস্থলে কেবল উপস্থিত ছিলেন—এসব বিষয় পৃথকভাবে যাচাই না করেই অনেককে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় কয়েকজনের ভাষ্য, ঘটনার ভিডিও ফুটেজ থাকলে তা বিশ্লেষণ করে প্রত্যেকের ভূমিকা শনাক্ত করা সম্ভব। অথচ নিরপেক্ষভাবে ফুটেজ পর্যালোচনা না করে গণহারে আসামি করার অভিযোগ উঠেছে। তাঁদের আশঙ্কা, এভাবে মামলা পরিচালিত হলে প্রকৃত অপরাধীদের পাশাপাশি নিরপরাধ মানুষও হয়রানির শিকার হবেন। বিশেষ করে যাঁদের বিরুদ্ধে হামলায় অংশ নেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ নেই, তাঁদের ক্ষেত্রে তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ করা জরুরি। অবশ্য পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।   অল্পসংখ্যক পুলিশ নিয়ে অভিযান, ওসির ভূমিকা নিয়েও প্রশ্ন ঘটনার আরেকটি আলোচিত দিক হলো—একজন প্রভাবশালী ও পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারের সময় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল কি না। স্থানীয় বিএনপির কয়েকজন নেতার অভিযোগ, সিরাজ মোল্লার মতো স্থানীয়ভাবে প্রভাবশালী একজন ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষেত্রে পর্যাপ্ত পুলিশ সদস্য নিয়ে অভিযান পরিচালনা করা উচিত ছিল। তাঁদের মতে, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও পুলিশ সদস্য মোতায়েন থাকলে হামলাকারীদের পক্ষে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়া এবং সরকারি গাড়ি ভাঙচুর করা এত সহজ হতো না। এ ঘটনায় নলছিটি থানার ওসির দায়িত্ব ও অভিযান পরিচালনার কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা শুধু হামলাকারীদের দায় নয়; অভিযান পরিকল্পনা, নিরাপত্তাব্যবস্থা এবং দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকার বিষয়টিও নিরপেক্ষভাবে পর্যালোচনা করা প্রয়োজন।   সাতজন গ্রেপ্তার, তালিকায় একজন নারীও পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ১. মো. সোহেল হাওলাদার (২৭), পিতা: মজিবুর রহমান, ভরতকাঠি। ২. মো. মিল্টন হাওলাদার (২০), পিতা: মজিবুর রহমান, ভরতকাঠি। ৩. মো. রাকিব মৃধা (২৫), পিতা: জাহাঙ্গীর মৃধা, দপদপিয়া। ৪. মো. রুবেল মৃধা (৩০), পিতা: জাহাঙ্গীর মৃধা, দপদপিয়া। ৫. মো. রাশেদ মৃধা (৩০), পিতা: মৃত আব্দুল মালেক মৃধা, বাবুগঞ্জ, বরিশাল। ৬. মো. শহিদুল খলিফা (২৭), পিতা: মোবারক খলিফা, গৌরিপাশা, নলছিটি পৌরসভা। ৭. সেলিনা বেগম (৫৫), স্বামী: নুর মোহাম্মদ, দপদপিয়া। পুলিশের অভিযোগে সিরাজ মোল্লার তিন ভাই সোহেল মোল্লা, জুয়েল মোল্লা ও শহিদ মোল্লার নামও উঠে এসেছে। তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে তাঁদের সুনির্দিষ্ট ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। পলাতক সিরাজ মোল্লাসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে দপদপিয়া ও আশপাশের এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।   মোল্লাকান্দায় আতঙ্ক, বাড়িঘরে তালা—স্বাভাবিক জীবন ব্যাহত ঘটনার পর দপদপিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সিরাজ মোল্লার বাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই গ্রেপ্তার আতঙ্কে বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। কোনো কোনো বাড়িতে তালা ঝুলছে। বিশেষ করে মোল্লাকান্দা এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল কমে গেছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের অভিযানের কারণে প্রকৃত হামলাকারীদের পাশাপাশি নির্দোষ ব্যক্তিরাও আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকে গ্রেপ্তারের ভয়ে এলাকায় থাকতে সাহস পাচ্ছেন না। এতে একটি গুরুতর প্রশ্ন সামনে এসেছে—পুলিশের ওপর হামলার মতো অপরাধের বিচার নিশ্চিত করতে গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার যেন ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করবে কে?   ওসির বক্তব্য: আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, পুলিশ সকাল থেকে অভিযান চালিয়ে দুপুরে কার্যক্রম নিষিদ্ধ দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সিরাজের ভাইয়েরা পুলিশের পিকআপে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তিনি আরও জানান, বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। ছিনিয়ে নেওয়া আসামিসহ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং গ্রেপ্তার সাতজনকে আদালতে পাঠানো হয়েছে।   প্রকৃত অপরাধী শনাক্তে কতটা নিরপেক্ষ তদন্ত হবে? দপদপিয়া ফেরিঘাটে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং হাতকড়াসহ একজন গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা নিঃসন্দেহে গুরুতর। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় পুলিশের ওপর এমন হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। কিন্তু একই সঙ্গে মামলার আসামি নির্ধারণে যথাযথ তদন্ত, ভিডিও ফুটেজ পর্যালোচনা, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ এবং প্রত্যেক অভিযুক্তের ব্যক্তিগত ভূমিকা যাচাই করাও সমান গুরুত্বপূর্ণ। শুধু এলাকায় অবস্থান, রাজনৈতিক পরিচয় কিংবা কারও সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে যেন কোনো নিরপরাধ ব্যক্তি মামলার আসামি না হন—এ দাবি স্থানীয়দের। প্রশ্ন উঠছে, পুলিশের কাছে থাকা ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ কতটা বিশ্লেষণ করা হয়েছে? হামলায় সরাসরি অংশগ্রহণকারীদের শনাক্ত করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? অভিযান পরিচালনার সময় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন না থাকার কারণ কী? আর পুলিশের হেফাজত থেকে একজন আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযান পরিকল্পনা ও নিরাপত্তাব্যবস্থার কোনো ঘাটতি ছিল কি না, তা কি তদন্ত করা হবে? দপদপিয়ার মানুষ এখন একদিকে পুলিশের ওপর হামলার বিচার চান, অন্যদিকে নিরীহ মানুষের হয়রানি বন্ধের দাবি জানাচ্ছেন। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা যেমন জরুরি, তেমনি নিরপরাধ মানুষকে হয়রানি থেকে রক্ষা করাও রাষ্ট্রের দায়িত্ব। দপদপিয়ার ঘটনায় নিরপেক্ষ তদন্তই পারে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে এবং সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক দূর করতে।   তদন্তের কেন্দ্রে এখন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দপদপিয়া ফেরিঘাটের ঘটনাটি শুধু পুলিশের ওপর হামলা কিংবা একজন গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে মামলার আসামি শনাক্তকরণ, পুলিশের অভিযান পরিচালনা এবং স্থানীয় মানুষের নিরাপত্তার প্রশ্ন। পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত থেকে একজন আসামিকে ছিনিয়ে নেওয়া গুরুতর অপরাধ। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। কিন্তু সেই প্রক্রিয়ায় প্রত্যেক অভিযুক্তের ব্যক্তিগত ভূমিকা যাচাই করাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঘটনার ভিডিও ফুটেজ থাকলে তা যথাযথভাবে সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয়েছে কি না, সেটি তদন্তের একটি গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘটনাস্থলের অন্যান্য তথ্যপ্রমাণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যাচাই করে দায় নির্ধারণ করা প্রয়োজন। এ ঘটনায় কয়েকটি প্রশ্নের উত্তর পাওয়া জরুরি: পুলিশের হাতে থাকা ভিডিও ফুটেজ কতটা বিশ্লেষণ করা হয়েছে? হামলায় সরাসরি অংশগ্রহণকারীদের কীভাবে শনাক্ত করা হচ্ছে? শুধু ঘটনাস্থলে উপস্থিত থাকা ব্যক্তিদের সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের কীভাবে পৃথক করা হচ্ছে? গ্রেপ্তার অভিযানের সময় পর্যাপ্ত পুলিশ সদস্য ও নিরাপত্তাব্যবস্থা ছিল কি না? পুলিশের হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযান পরিকল্পনায় কোনো ঘাটতি ছিল কি না? নিরপরাধ ব্যক্তিদের হয়রানি থেকে রক্ষায় তদন্তকারী সংস্থার কী ব্যবস্থা রয়েছে? এসব প্রশ্নের উত্তর পাওয়া গেলে ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হতে পারে।   আইনের শাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষ তদন্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ দপদপিয়ার ঘটনায় স্থানীয়দের একাংশ একদিকে পুলিশের ওপর হামলার বিচার চাইছেন, অন্যদিকে নিরীহ মানুষের হয়রানি বন্ধের দাবি জানাচ্ছেন। এই দুই দাবির মধ্যে কোনো বিরোধ নেই। বরং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দুটিই গুরুত্বপূর্ণ। পুলিশের ওপর হামলা হলে তার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কোনো ব্যক্তিকে কেবল রাজনৈতিক পরিচয়, পারিবারিক সম্পর্ক কিংবা ঘটনাস্থলে উপস্থিত থাকার কারণে অপরাধী হিসেবে বিবেচনা করা যাবে না। প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট ভিত্তি থাকতে হবে এবং প্রমাণের ভিত্তিতে তাঁর দায় নির্ধারণ করতে হবে। একইভাবে পুলিশের অভিযান পরিচালনার ক্ষেত্রেও পরিকল্পনা, নিরাপত্তাব্যবস্থা ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা পর্যালোচনার সুযোগ থাকা প্রয়োজন। দপদপিয়ার ঘটনায় এখন সবচেয়ে জরুরি হলো একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রমাণনির্ভর তদন্ত। এতে প্রকৃত হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হবে, পাশাপাশি নিরপরাধ মানুষের মধ্যে তৈরি হওয়া আতঙ্কও কমানো যাবে। কারণ, অপরাধীর বিচার নিশ্চিত করা যেমন রাষ্ট্রের দায়িত্ব, তেমনি নিরপরাধ নাগরিকের অধিকার ও নিরাপত্তা রক্ষা করাও রাষ্ট্রের সমান গুরুত্বপূর্ণ দায়িত্ব।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১০, ২০২৬ 0
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আওয়ামী লীগপন্থী সিন্ডিকেট এখনো বহাল : দুর্নীতিবাজদের রক্ষায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান

ইত্তেহাদ নিউজ, ঢাকা : সরকার পরিবর্তন হয়েছে, প্রশাসনের বিভিন্ন স্তরে এসেছে রদবদল। কিন্তু শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) গুরুত্বপূর্ণ কিছু পদে এখনো বহাল রয়েছেন আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আলোচিত একাধিক কর্মকর্তা। তাঁদের বিরুদ্ধে বেনামে ঠিকাদারি ব্যবসা, দরপত্র কারসাজি, কমিশন বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগের কেন্দ্রে রয়েছেন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আসাদুজ্জামান। অভিযোগকারীদের দাবি, তাঁর নেতৃত্বে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে একটি প্রভাবশালী বলয় গড়ে উঠেছে। এই বলয়ে রয়েছেন বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, চাঁদপুর জোনের নির্বাহী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম আলিফ,রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন জাহেদুল করীম এবং ঢাকা মেট্রোতে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত  মো. সরোয়ার হোসেন। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে  বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কমিটিতে দায়িত্ব পালন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পরও এই কর্মকর্তাদের একটি অংশ নিজেদের প্রশাসনিক প্রভাব ও ঠিকাদারি নেটওয়ার্ক ধরে রেখেছেন। বিএনপি-সমর্থিত কয়েকজন ঠিকাদারকে সীমিতসংখ্যক কাজ দিয়ে সন্তুষ্ট রাখার পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ-সংশ্লিষ্ট ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এমনকি রাজনৈতিক নেটওয়ার্ক শক্তিশালী রাখতে অর্থ সরবরাহের অভিযোগও করেছেন কেউ কেউ। তবে এসব অভিযোগের স্বাধীন ও চূড়ান্ত তদন্তের তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে একটি গোষ্ঠী নিজেদের অবস্থান ধরে রাখলেও বিএনপি-সমর্থিত প্রকৌশলীরা অনেক ক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়েছেন। প্রতিষ্ঠানটির অভ্যন্তরে ক্ষমতার প্রভাব, অস্বচ্ছতা, দায়িত্বে অবহেলা, অদক্ষতা, দলাদলি, কোন্দল ও আর্থিক অনিয়ম নিয়ে অসন্তোষ বাড়ছে। শুধু রাজনৈতিক পরিচয় নয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা পৃথক দুর্নীতির অভিযোগ, বিভাগীয় তদন্তের নথি, ঠিকাদারদের লিখিত অভিযোগ এবং মানববন্ধনের ঘটনাও নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। অভিযোগগুলোর বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে আবেদন ও অভিযোগ জমা পড়েছে। কয়েকটি অভিযোগ নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে। প্রশ্ন উঠেছে, এত অভিযোগ ও তদন্তের পরও কীভাবে তাঁরা গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল রয়েছেন? রাজনৈতিক পটপরিবর্তনের পরও অধিদপ্তরের  প্রভাবশালী বলয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? কে এই আসাদুজ্জামান: দরপত্র থেকে বিল পরিশোধ—ডজনখানেক অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের  তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আসাদুজ্জামানের বিরুদ্ধে দরপত্র কারসাজি, প্রাক্কলিত ব্যয় ফাঁস, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া এবং নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বিল পরিশোধসহ প্রায় ডজনখানেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, একাধিকবার অভিযোগ ও তদন্তের উদ্যোগ নেওয়া হলেও তাঁর বিরুদ্ধে দৃশ্যমান কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ৩২ কোটি টাকার একটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ফাঁস করে ইলেকট্রো গ্লোব মিরন এন্টারপ্রাইজকে কাজ পাইয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির মালিক যুবলীগ নেতা রাকিব হোসেন ৫ আগস্টের পর গ্রেপ্তার হয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আরও পড়ুন:  শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: অভিযোগের পাহাড়, তার পরও বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান   একইভাবে রূপগঞ্জের পূর্বাচল মাধ্যমিক সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৩৫ কোটি টাকার নির্মাণকাজ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের শ্বশুরের প্রতিষ্ঠান নূরানি কনস্ট্রাকশনকে পাইয়ে দিতে প্রাক্কলিত ব্যয় কমিয়ে ফাঁস করার অভিযোগ উঠেছে। এসব প্রকল্পের দরপত্র কমিটির সভাপতি ছিলেন আসাদুজ্জামান। এ ছাড়া বিদায়ী প্রধান প্রকৌশলী আলতাফ হোসেনের দুর্নীতির অর্থ বণ্টনে আসাদুজ্জামান  ক্যাশিয়ারের ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার লিয়াকত শিকদারকে কোটি টাকার বিল দেওয়া হয়েছে বলেও অভিযোগকারীদের দাবি। দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের মালিকানাধীন মা এন্টারপ্রাইজকে বিভিন্ন জেলায় একচেটিয়া কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি নিজস্ব লাইসেন্স অন্যদের ব্যবহারের সুযোগ দিয়ে এর বিনিময়ে দুই শতাংশ অর্থ আদায় করে। এর আগে নাটোরে দায়িত্ব পালনকালে বিলমারিয়া দাখিল মাদ্রাসা, বিলমারি উচ্চ বিদ্যালয় ও বারঘরিয়া উচ্চ বিদ্যালয়ের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে অধিকাংশ বিল পরিশোধের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রংপুরে দায়িত্ব পালনকালে ২০২০ সালের জুলাইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ কোটি টাকার একটি কাজ ছাত্রলীগ-সংশ্লিষ্ট এক নেতাকে পাইয়ে দিতে দরপত্রে কারসাজির অভিযোগও রয়েছে। এসব অভিযোগ তদন্তে গত বছরের ২৩ অক্টোবর আসাদুজ্জামানসহ পাঁচ প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তবে তদন্তের চূড়ান্ত ফলাফল এবং সুপারিশের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। এদিকে গত বছরের মে মাসে তাঁর পদোন্নতি নিয়েও প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) নেতিবাচক থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন বা পরিবর্তনের মাধ্যমে তিনি পদোন্নতি পেয়েছেন। এ অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট এসিআর, পদোন্নতি কমিটির কার্যবিবরণী ও প্রশাসনিক নথি পরীক্ষা করা প্রয়োজন।   বরিশালের শহিদুল: চার প্রতিষ্ঠানের ঠিকাদারি নিয়ন্ত্রণ ও ৭ শতাংশ কমিশনের অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে সরকারি দায়িত্বে থেকে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, সাবকন্ট্রাক্টে কাজ বণ্টন, বিল ছাড়ে কমিশন দাবি এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, বরিশালের মেসার্স মোমিন সিকদার, দিনাজপুরের মেসার্স মা এন্টারপ্রাইজ, চট্টগ্রামের ইউনুস অ্যান্ড ব্রাদার্স এবং খুলনার মেসার্স রাফিদ ট্রেডার্সের নামে বিভিন্ন কাজ নিয়ে পরে অন্য ঠিকাদারদের কাছে সাবকন্ট্রাক্টে দেওয়া হয়। এতে মূল কাজের বরাদ্দ, বিল ও আর্থিক লেনদেনে শহিদুল ইসলামের প্রভাব বজায় থাকে বলে অভিযোগ। ঠিকাদারদের ভাষ্য, এ ব্যবস্থায় সাবকন্ট্রাক্টে কাজ নেওয়া প্রতিষ্ঠানগুলো বিল ছাড় ও ভবিষ্যতে কাজ পাওয়ার ক্ষেত্রে নির্বাহী প্রকৌশলীর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। নিরাপত্তা জামানত কর্তনের ক্ষেত্রেও বিধি অনুসরণ না করার অভিযোগ তুলেছেন ঠিকাদাররা। তাঁদের দাবি, নির্ধারিত ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ অর্থ কর্তন করা হয়েছে। পাশাপাশি কাজ শেষ করার পরও বিল আটকে রাখা এবং বিল ছাড়ের বিপরীতে কমিশন দাবি করার অভিযোগ রয়েছে। বাড়তি অর্থের ব্যবস্থা না করলে ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হয় বলেও অভিযোগ করেছেন কয়েকজন ঠিকাদার।   আরও পড়ুন: বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে  দুদকে অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল যখন ঠিকাদার: ঘুষ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ   শহিদুল ইসলামের বিরুদ্ধে বরিশাল ও ঢাকায় জমি, ফ্ল্যাট ও গাড়িসহ বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। ঠিকাদারি কাজের কমিশন, কাজের বরাদ্দ এবং সংশোধিত প্রাক্কলনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। এসব সম্পদের প্রকৃত পরিমাণ, মালিকানা ও অর্থের উৎস যাচাইয়ে দুদকের তদন্ত দাবি করেছেন তাঁরা। এ ছাড়া ব্যক্তিগত অসদাচরণ ও নারীসংক্রান্ত নানা অভিযোগও তাঁর বিরুদ্ধে উঠেছে।  শহিদুল ইসলামের বিরুদ্ধে দুদকে লিখিত অভিযোগ, ১৪৪টি পুনঃদরপত্র নিয়েও প্রশ্ন শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, দরপত্র কারসাজি, কমিশন বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন সাকিল আহম্মেদ নামের এক ব্যক্তি। অভিযোগে বলা হয়েছে, সরকারি দায়িত্বে থেকে বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, বিল পাসের বিপরীতে ৭ শতাংশ পর্যন্ত কমিশন দাবি এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। মেসার্স মোমিন সিকদার, মা এন্টারপ্রাইজ, ইউনুস অ্যান্ড ব্রাদার্স ও রাফিদ ট্রেডার্সের মাধ্যমে কাজ বণ্টন ও ব্যবসায়িক সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে। এ ছাড়া ১৪৪টি কাজের পুনঃদরপত্র আহ্বানে অনিয়ম এবং বাতিল হওয়া দরপত্রের পারফরম্যান্স সিকিউরিটির পে-অর্ডার বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা না দিয়ে নগদায়নের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে।প্রায় ৩২ কোটি টাকার কারিগরি স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প এবং বরিশাল কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের দরপত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগপত্রে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন, ঢাকা ও বরিশালে জমি ও ফ্ল্যাট ব্যবসায় অস্বাভাবিক বিনিয়োগ এবং ব্যক্তিগত অসদাচরণের বিষয়ও উল্লেখ করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত সৈয়দ আবেদ আলীর সঙ্গে শহিদুল ইসলামের সংশ্লিষ্টতা নিয়েও তদন্তের দাবি জানানো হয়েছে। এত অভিযোগের মধ্যেই শহিদুল ইসলামকে বরিশালের পাশাপাশি বরগুনা জেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তাঁকে বরিশাল থেকে প্রত্যাহার এবং অভিযোগ তদন্তের দাবিতে সাধারণ ঠিকাদারদের উদ্যোগে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে। চার প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা, নির্বাহী প্রকৌশলীর সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক, সাবকন্ট্রাক্টের বৈধতা, বিল অনুমোদন এবং নিরাপত্তা জামানতের হিসাব নিরীক্ষার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা।   মোজাহিদুল আলিফ: বিভাগীয় তদন্তে অসমাপ্ত কাজের বিপরীতে বিল পরিশোধের তথ্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রো জোনের নির্বাহী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম আলিফের বিরুদ্ধে অতীতে নির্মাণকাজে আর্থিক অনিয়মের অভিযোগে বিভাগীয় তদন্ত হয়েছিল। তদন্তসংশ্লিষ্ট নথি অনুযায়ী, ২০২২ সালে রাজধানীর কাফরুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছয়তলা একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পে কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে বিল পরিশোধের প্রমাণ পায় তদন্ত কমিটি।৪ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ের প্রকল্পে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর কাজ সম্পন্ন দেখিয়ে ২ কোটি ৩৩ লাখ ৪১ হাজার টাকা বিল দেওয়া হয়। অথচ ২০২২ সালের ২১ সেপ্টেম্বর সরেজমিনে তদন্তে গিয়ে কমিটি দেখতে পায়, ভবনের দ্বিতীয় তলার কাজও পুরোপুরি শেষ হয়নি। তদন্ত প্রতিবেদনে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার কাজ অসম্পন্ন রেখেই বিল পরিশোধের তথ্য উল্লেখ করা হয়। একই সঙ্গে মোজাহিদুল ইসলাম আলিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।এর আগে সাভার জোনে দায়িত্ব পালনকালে কেরানীগঞ্জে আরবি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ কোটি টাকার ভবন নির্মাণ প্রকল্পেও কাজের অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য না রেখে ঠিকাদারকে প্রায় ২০ কোটি টাকা অগ্রিম দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অন্যদিকে, অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার অভিযোগ, আগারগাঁওয়ে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নতুন প্রধান কার্যালয় নির্মাণ প্রকল্পের দরপত্রে নির্দিষ্ট ঠিকাদারকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে তাঁকে ঢাকা মেট্রো জোনে পদায়ন করা হয়েছে। তবে আগের বিভাগীয় তদন্তে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং তদন্তের সুপারিশ বাস্তবায়িত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্টরা তদন্ত প্রতিবেদন ও প্রশাসনিক সিদ্ধান্ত প্রকাশের দাবি জানিয়েছেন। জাহেদুল করীম: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা, ঠিকাদারকে সুবিধা দেওয়ার অভিযোগ জাহেদুল করীম বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য ছিলেন। ২০২২ সালের ২৭ জুলাই গঠিত ওই কমিটি ঘোষণার সময় তিনি ঢাকা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তিনি প্রশাসনিকভাবে প্রভাবশালী অবস্থানে ছিলেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, দরপত্রে অনিয়ম, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া এবং নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বিল পরিশোধের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সরোয়ার হোসেন: রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রোতে কর্মরত সহকারী প্রকৌশলী মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক সংশ্লিষ্টতা, ঠিকাদারি কাজে প্রভাব বিস্তার এবং অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। ২০২২ সালে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ইইডি শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক ছাত্রলীগ সভাপতি ছিলেন। প্রাপ্ত নথি অনুযায়ী, ২০২২ সালের ২৭ জুলাই অনুমোদিত বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ইইডি শাখার ১৯ সদস্যের আহ্বায়ক কমিটির ১৪ নম্বর সদস্য ছিলেন সরোয়ার হোসেন। সে সময় তিনি ঢাকা মেট্রোর সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।   আরও পড়ুন: শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন   অভিযোগ রয়েছে, ঢাকা মেট্রোর বিভিন্ন উন্নয়নকাজে ঠিকাদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেন তিনি। এ প্রক্রিয়ায় অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ ও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অধিদপ্তরের কর্মকর্তাদের একাংশের প্রশ্ন, একই কমিটির কয়েকজন সদস্যকে ওএসডি এবং ঢাকার বাইরে বদলি করা হলেও সরোয়ার হোসেন এখনো ঢাকা মেট্রোতে বহাল রয়েছেন কেন? নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার অভিযোগ, অর্থের বিনিময়ে প্রশাসনকে প্রভাবিত করে তিনি নিজের পদায়ন ধরে রেখেছেন। তবে এ অভিযোগের স্বাধীন যাচাই প্রয়োজন। সরোয়ার হোসেনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের সঙ্গে তাঁর ছবি থাকার কথাও উল্লেখ করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সহিংসতায় উসকানি ও অর্থায়নের অভিযোগও তোলা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে প্রমাণিত তথ্য সামনে আসেনি। এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, সরোয়ার হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্তের অগ্রগতি বা আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য জানার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। অভিযোগের পাহাড়, কিন্তু প্রশাসনিক জবাবদিহি কোথায়? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শুধু একটি নির্মাণ সংস্থা নয়; দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ, শিক্ষা খাতের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানটি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন এ অধিদপ্তর প্রকল্প প্রস্তাব তৈরি থেকে শুরু করে দরপত্র আহ্বান ও নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্বও পালন করে। ফলে এ প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা যদি রাজনৈতিক প্রভাব, ঠিকাদারি সিন্ডিকেট কিংবা কমিশন বাণিজ্যের মাধ্যমে সরকারি প্রকল্প নিয়ন্ত্রণ করেন, তাহলে তার প্রভাব সরাসরি পড়তে পারে শিক্ষা অবকাঠামোর মান, সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতার ওপর। অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অভিযোগ, দীর্ঘদিনের দলীয় প্রভাব, প্রশাসনিক দুর্বলতা, অস্বচ্ছতা ও পারস্পরিক কোন্দলের কারণে প্রতিষ্ঠানটিতে অস্থিরতা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, কিছু কর্মকর্তা রাজনৈতিক পরিচয় বদলে নতুন প্রশাসনিক বাস্তবতায় নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। অভিযোগ রয়েছে, এসব বিষয় নিয়ে সংবাদ প্রকাশের পর দেশের একটি শীর্ষ পর্যায়ের গোয়েন্দা সংস্থা খোঁজখবর নেওয়া শুরু করেছে। তবে এ বিষয়ে সংস্থাটির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। যে প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের  সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ নিষ্পত্তিতে কয়েকটি বিষয় সামনে আসা জরুরি। প্রথমত, আসাদুজ্জামানসহ পাঁচ প্রকৌশলীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন কী বলেছে এবং সুপারিশ অনুযায়ী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? দ্বিতীয়ত, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, পূর্বাচল মাধ্যমিক সরকারি স্কুল অ্যান্ড কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় প্রাক্কলিত ব্যয় ফাঁস ও ঠিকাদারকে সুবিধা দেওয়ার অভিযোগ কতটা সত্য? তৃতীয়ত, বরিশালের চার ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা কার হাতে? সরকারি দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা সরাসরি বা পরোক্ষভাবে এসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম নিয়ন্ত্রণ করেছেন কি না? চতুর্থত, ১৪৪টি পুনঃদরপত্র এবং বাতিল হওয়া দরপত্রের পারফরম্যান্স সিকিউরিটির পে-অর্ডার নিয়ে ওঠা অভিযোগের আর্থিক নিরীক্ষা হয়েছে কি না? পঞ্চমত, মোজাহিদুল ইসলাম আলিফের বিরুদ্ধে বিভাগীয় তদন্তে অসমাপ্ত কাজের বিপরীতে বিল পরিশোধের যে তথ্য উঠে এসেছিল, সে ঘটনায় সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে কি না? ষষ্ঠত, একই রাজনৈতিক সংগঠনের কমিটিতে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের মধ্যে কারও বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও অন্যরা বহাল থাকার কারণ কী?   শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত প্রভাব নয়, বরং স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিই হওয়া উচিত দায়িত্ব পালনের প্রধান মানদণ্ড। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অভিযোগ মিথ্যা হলে তাঁদের অবস্থানও পরিষ্কার করা জরুরি। অভিযোগের পর অভিযোগ, তদন্তের পর তদন্ত—তারপরও যদি জবাবদিহি নিশ্চিত না হয়, তাহলে প্রশ্ন থেকেই যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কি সত্যিই রাজনৈতিক প্রভাবমুক্ত হয়েছে, নাকি শুধু ক্ষমতার বলয় বদলেছে?

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৮, ২০২৬ 0
নোয়াখালী সদরে মাইকে ঘোষণা দিয়ে আ.লীগের হামলা ছাত্রদলের ওপর, মোটরসাইকেলে আগুন

ইত্তেহাদ নিউজ,অনলাইন :  নোয়াখালীর সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হৃদয়সহ ছাত্রদল ও যুবদলের অন্তত ছয়জন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেলের নেতৃত্বে একই এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল। সমাবেশ চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা খবর পান যে, আওয়ামী লীগের নেতাকর্মীরা কাফনের কাপড় মাথায় বেঁধে কালাদরাপ ইউনিয়নে একটি মিছিল করেছেন। পরে কর্মসূচি শেষ করে মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে তারা কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সেলিমকে তার বাড়ির পাশের একটি দোকানে দেখতে পান। এ সময় মিছিলকে কেন্দ্র করে চেয়ারম্যানের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরে মসজিদের মাইকে চেয়ারম্যানের ওপর হামলার খবর প্রচার হলে আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকেরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় শ্রমিকদল নেতা হৃদয়সহ অন্তত ছয়জন আহত হন। স্থানীয় সূত্র আরও জানায়, রাত পৌনে ৮টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা পুনরায় সংঘবদ্ধ হয়ে শাহাদাত হোসেন সেলিমের একটি ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল অভিযোগ করেন, চেয়ারম্যানের বাড়ির পাশে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের জন্য জড়ো হয়েছিল। খবর পেয়ে ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে বাঁধেরহাটের কর্মসূচি শেষ করে তিনি ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। হামলায় ছাত্রদলের ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং একটি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব সদস্যরা অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় নজরদারি অব্যাহত রেখেছেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক জুন ৭, ২০২৬ 0
বরিশাল গণপূর্তের প্রকৌশলী মানিক লাল দাস
বরিশাল গণপূর্তের প্রকৌশলী মানিক লাল দাসের কোটি টাকার টেন্ডার ও দুর্নীতির অভিযোগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : খান ট্রেডার্স, খান বিল্ডার্স, রাতুল এন্টারপ্রাইজ ও ইনভেন্ট পয়েন্ট কম্পিউটারকে নিয়ে গঠন করেছেন ঠিকাদারি সিন্ডিকেট। অপ্রতিরোধ্য সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মানিক লাল দাসের বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ছাত্রলীগের সাবেক নেতা মানিক লাল দাস ২০২৪-২৫ অর্থ বছরে প্রধান প্রকৌশলীর প্রজ্ঞাপন অমান্য করে এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে পিরোজপুর, পটুয়াখালী, বরিশাল ও ভোলা গণপূর্ত বিভাগের ৮০% ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবানের অনুমতি প্রদান করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের এমপি আবুল হাসনাত আবদুল্লাহর পরিচয়ে আওয়ামী সরকারের শেষ সময়ে গোটা দক্ষিণাঞ্চল দাবড়িয়ে বেড়িয়েছেন তিনি। হাসনাতের প্রভাবে বরিশাল গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে দায়িত্ব বাগিয়ে নিয়ে বেনামী ঠিকাদারী ব্যবসা, টেন্ডার বাণিজ্যসহ নির্মাণ মেরামত রক্ষণাবেক্ষণ কাজগুলোতে ব্যাপক অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বরাদ্দের মোটা অংকের অর্থ প্রতিবছর লোপাট করে আসছেন তিনি। অবৈধ উপায়ে আয়কৃত অর্থের একটি অংশ তিনি আ’ লীগের বিতর্কিত একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবুল হাসনাত আবদুল্লাহর ও তার ছেলে সাদিক আবদুল্লাহর মেয়র নির্বাচনী কাজে ব্যয় করেছেন অভিযোগ রয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভোলা বরিশাল ও পটুয়াখালীতে স্বৈরাচার বিরোধী ছাত্র-জনাতার আন্দোলন দমাতে ফ্যাসিস্ট লীগের মাধ্যমে অনেক টাকা খরচ করেছেন তিনি। এখনো ফ্যাসিস্ট লীগের লোকজনকে কাজ দেয়ার জন্য নির্বাহী প্রকৌশলীদের চাপ দেন। তার অধীনস্থ বিভাগগুলোতে ঝালকাঠির নাসির খানের মালিকানাধীন খান বিল্ডার্স, ভোলা সদরের ফ্যাসিস্ট লীগের সহ সভাপতি হাসান মিয়ার রাতুল এন্টারপ্রাইজ, ইনভেন্ট পয়েন্ট কম্পিউটার ও বরিশালের কাশিপুরের বাসিন্দা মিজানের খান ট্রেডার্স এর মাধ্যমে কাজ পাইয়ে দিয়ে সেই টাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে লোক জোগান দিতে ব্যয় করান বলে অভিযোগ উঠেছে। ,প্রত্যেক এক্সেনকে ডিসেম্বরের আগেই এই চার ফার্মের নামে মিনিমাম ৮ টি কাজ দেয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানাগেছে। মানিক লাল দাস ২০২২ সালে যখন যশোর গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তখন মেরামত ও রক্ষনাবেক্ষন কাজের দরপত্র সীমিত পদ্ধতিতে আহবান করার কথা থাকলেও তার নির্দেশের কারণে কুষ্টিয়া গণপূর্ত বিভাগ উন্মক্ত পদ্ধতিতে দরপত্র আহবান করে মানিক লালের পছন্দের ঠিকাদারদের কে কাজ পাইয়ে দিতে বাধ্য হয় বলে অভিযোগ রয়েছে। বিনিময়ে মানিক লাল দাস মোটা কমিশন হাতিয়ে নেন। কুষ্টিয়া জেলার কুমারখালী কৃষি আবহওয়া অফিসের সিভিল স্যানিটারী ও বৈদ্যুতিক মেরামত কাজ। তত্বাবধায়ক প্রকৌশলী, যশোর গণপূর্ত সার্কেলের স্মারক নং ১৫৯৮ তারিখ ২১/০৩/২০২২ মাধ্যমে প্রাক্কলন অনুমোদন উন্মক্ত পদ্ধতিতে দরপত্র আহবানের পত্র প্রদান করেন যার দরপত্র আইডি নং৬৭৯২১১। কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ও পরিদর্শন বাংলোর সিভিল স্যানেটারী মেরামত কাজ। তত্বাবধায়ক প্রকৌশলী, যশোর গণপূর্ত সার্কেলের স্মারক নং ১৫৯৭ তারিখ ২১/০৩/২০২২ খ্রিঃ মাধ্যমে প্রাক্কলন অনুমোদন উন্মক্ত পদ্ধতিতে দরপত্র আহবানের পত্র প্রদান করেন যার দরপত্র আইডি নং- ৬৭৯০১১। কুষ্টিয়া ম্যাটস্ এর বাউন্ডারী ওয়াল, গেট, গার্ডরুম ও বাথরুম সিভিল ও বৈদ্যুতিক মেরামত কাজ। তত্বাবধায়ক প্রকৌশলী, যশোর গণপূর্ত সার্কেলের স্মারক নং ১৪৯৫ তারিখ ০৬/০৩/২০২২ মাধ্যমে প্রাক্কলন অনুমোদন উন্মক্ত পদ্ধতিতে দরপত্র আহবানের পত্র প্রদান করেন যার দরপত্র আইডি নং৬৭৬৪৫৩। কুষ্টিয়া ম্যাটস্ এর গ্রাউন্ড ফ্লোরে সিভিল, স্যানেটারী ও বৈদ্যুতিক মেরামত কাজ। তত্ত্বাবধায়ক প্রকৌশলী, যশোর গণপূর্ত সার্কেলের স্মারক নং ১৪৯৭ তারিখ ০৬/০৩/২০২২ মাধ্যমে দরপত্র অনুমোদন উন্মক্ত পদ্ধতিতে দরপত্র আহবানের পত্র প্রদান করেন যার দরপত্র আইডি নং ৬৭৫৯৭ এবং কুষ্টিয়া ম্যাটস্ এর ছাত্রী হোষ্টেলের ২য় তলায় সিভিল, স্যানেটারী ও বৈদ্যুতিক মেরামত কাজে অনিয়ম দুর্নীতির মাধ্যমে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করছেন। অন্যদিকে তত্তাবধায়ক প্রকৌশলী, যশোর গণপূর্ত সার্কেলের স্মারক নং ১৪৯৩ তারিখ ০৬/০৩/২০২২খ্রিঃ মাধ্যমে দরপত্র অনুমোদন উন্মক্ত পদ্ধতিতে দরপত্র আহবানের পত্র প্রদান করেন যার দরপত্র আইডি নং৬৭৬৩৬৬। ৬) কুষ্টিয়া ম্যাটস্ এর প্রশাসনিক ভবনের গ্যালারী মেরামত, রুম, জানালা মেরামতসহ বৈদ্যুতিক মেরামত কাজ। তত্ত্বাবধায়ক প্রকৌশলী, যশোর গণপূর্ত সার্কেলের স্মারক নং ১৪৯৬ তারিখ ০৬/০৩/২০২২ মাধ্যমে প্রাক্কলন অনুমোদন ও উন্মক্ত পদ্ধতিতে দরপত্র আহবানের পত্র প্রদান করেন যার দরপত্র আইডি নং৬৭৬৪১৫। এই সকল মেরামত ও রক্ষনাবেক্ষন কাজের দরপত্র বিজ্ঞপ্তি প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তরের দৃষ্টি গোচর হতে পারে বলে গণপূর্ত অধিদপ্তরের ওয়েব সাইটে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। মেরামত ও রক্ষনাবেক্ষন কাজ সীমিত পদ্ধতিতে দরপত্র আহবান করার কথা থাকলেও উন্মক্ত পদ্ধতিতে দরপত্র আহবানের নির্দেশনা সম্বলিত পত্র ও প্রাক্কলন অনুমোদন দেন যশোর গণপূর্ত সার্কেলের তত্তাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাস। ২০২২-২৩ অর্থ বছরে প্রধান প্রকৌশলীর জুলাই মাসের অফিস আদেশ অমান্য করে এক দিনের নোটিশে দরপত্র ওপেনিং দিয়ে পছন্দের ঠিকাদারকে কাজ দেয়ার জন্য ততকালীন কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম কে জোর জবরদস্তি করেন বলে অভিযোগ রয়েছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে বিধি বহির্ভুতভাবে সময় বর্ধন অনুমতি দিয়েছেন যেটা দিতে পারবেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রধান প্রকৌশলী করবেন অনুমোদন সেটা নিজেই অনুমোদন দিয়েছেন। ঝিনাইদহ পাসপোর্ট অফিস, কুষ্টিয়া সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃথি মিউজিয়াম, মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মান প্রকল্প ও শিলাইদহ রবীন্দ্র কুঠি বাড়ি সম্প্রসারিত উন্নয়ন প্রকল্পের বিভিন্ন অঙ্গের এছাড়া যশোর সার্কেলের সকল ডিভিশনের নিয়ম বহির্ভূতভাবে সময় বর্ধন, ভেরিয়েশন ও প্রাক্কলন অনুমোদন দিয়েছেন। এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্প এর কাজের সময়েও এই মানিক লাল দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিলো যে দীর্ঘদিন ধরে উক্ত কাজের সাথে থাকলেও তিনি সাইট পরিদর্শনে আসেন না বললেই চলে। সারাদিন অফিসে বসে বসে ঠিকাদারদের অপেক্ষায় থাকেন কখন কোন ঠিকাদার অফিসে এসে তার কমিশন দিয়ে যাবে। এসময় ভবন নির্মাণ কাজের অবহেলায় ছাদ ধসের ঘটনায় অনেকের শাস্তি হলেও তিনি থেকে যান ধরা-ছোঁয়ার বাইরে। এছাড়া, সে সময় অন্য ঠিকাদারদের যেখানে কাজের মেয়াদ শেষ, সেখানে ঠিকাদার জহুরুল ইসলামের মেয়াদ বাড়িয়ে দিয়েছিলেন ২০২২ সাল পর্যন্ত। অথচ এই জহুরুলের নির্মাণাধীন কাজের অংশেই ২০১৯ সালের ১৭ জানুয়ারি হাসপাতাল ভবনের গাড়ি বারান্দার ছাদ ধসে পড়ে। পরে এ প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন ওঠে। গণপূর্তের নির্বাহী প্রকৌশলী, এসডি, এসওসহ চারজন কর্মকর্তাকে প্রত্যাহার এবং দুইজনকে সাময়িক বরখাস্ত করা হলেও দায়িত্বে অবহেলা ও সাইট পরিদর্শনে অলসতার অভিযোগ যেই মানিক লালের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। মানিক লাল দাস ভোলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী থাকাকালীন ২০১৪ সালের নির্বাচনকালীন সরকারের ৩ মাসের তোফায়েল আহমেদের গণপূর্ত মন্ত্রী থাকাকালীন ফ্যাসিবাদ সরকারের অন্যতম দোসর ভোলার সাবেক চালচোর চেয়ারম্যান হাসান মিয়া ও তার ভাই হোসেন মিয়ার প্রভাবে ঢাকা গণপূর্ত বিভাগ -১ পদায়ন পেয়েছিলেন। তিনি ঢাকার একটি ডিভিশন ঠিকমতো চালাতে পারেন নি। তাই সে সময় তাকে দীর্ঘ দিন ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাখা হয়। পরে পদোন্নতি পেয়ে যশোর গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হন। যশোর গণপূর্ত সার্কেলের আওতাধীন ঝিনাইদহ, মেহেরপুর , যশোর, কুষ্টিয়া, নড়াইল ও মাগুরা গণপূর্ত বিভাগের ৮০% ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান অনুমতি দিয়ে তিনি কোটি কোটি হাতিয়ে নিয়েছেন বলে জানাগেছে।

নিজস্ব প্রতিবেদক মে ২১, ২০২৬ 0
কুয়াকাটায় বিতর্কিত যুবদল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
কুয়াকাটায় বিতর্কিত যুবদলের ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে বিক্ষোভ

আব্দুল কাইয়ুম আরজু : পটুয়াখালীর কুয়াকাটায় পৌর যুবদলের নবগঠিত ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা “পকেট কমিটি মানি না, মানবো না” স্লোগান দেন এবং বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন করে গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শহিদ সিকদার, পৌর যুবদল নেতা হারুন মুসুল্লি, আবুবকরসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে গঠিত এই কমিটি দলীয় আদর্শ ও সাংগঠনিক নীতিমালার পরিপন্থী। তাদের দাবি, নতুন কমিটিতে ছাত্রলীগ সংশ্লিষ্ট ব্যক্তি এবং বহিষ্কৃত কয়েকজন নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনের জন্য বিব্রতকর ও প্রশ্নবিদ্ধ। ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতির ভাষ্য অনুযায়ী, ছাত্রলীগের পদে থাকা শাকিব নামের একজনসহ বহিষ্কৃত অন্তত তিনজনকে কমিটিতে রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, শাকিব পূর্বে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং জেলা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এদিকে পৌর ছাত্রদলের রানিং আহ্বায়ক জুবায়ের আহমেদ রিয়াজকে যুবদলের সাংগঠনিক সম্পাদক পদ দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে। এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ বলেন, সাংগঠনিক নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একাধিক সংগঠনে দায়িত্বে থাকতে পারেন। তবে দল চাইলে যেকোনো একটি পদ থেকে তাকে অব্যাহতি দিতে পারে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ ফারুক মীর। তিনি বলেন, ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করেই ৭১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সবাইকে পদ দেওয়া সম্ভব নয়। যারা পদ পাননি, তাদের অনেকেই ওয়ার্ড পর্যায়ে দায়িত্বে আছেন। উল্লেখ্য, গত বুধবার (২৯ এপ্রিল) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি কুয়াকাটা পৌর যুবদলের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। সংগঠনের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। নতুন কমিটিতে সৈয়দ মো. ফারুককে সভাপতি এবং মো. জহিরুল ইসলাম মিরনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এর আগে ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর কাউন্সিলের মাধ্যমে একটি আংশিক (সুপার ফাইভ) কমিটি গঠন করা হয়েছিল, যা প্রায় তিন বছর দায়িত্ব পালন করে। এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। বিক্ষোভকারীরা দ্রুত কমিটি পুনর্বিবেচনার দাবি জানিয়ে সতর্ক করে বলেন, দাবি মানা না হলে তারা কমিটি থেকে পদত্যাগসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। কুয়াকাটা পৌর যুবদলের নতুন কমিটি ঘিরে সৃষ্ট এই বিতর্ক এখন স্থানীয় রাজনীতিতে বড় ইস্যুতে পরিণত হয়েছে। তৃণমূলের ক্ষোভ এবং নেতৃত্বের অবস্থানের মধ্যে তৈরি এই দূরত্ব কত দ্রুত কমে—সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।    

নিজস্ব প্রতিবেদক মে ১, ২০২৬ 0
কারাগারে ছাত্রলীগ নেতার বাবার লাশ।
প্যারোলে মুক্তি না পেয়ে কারাগারেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা শাহরুখ খান

বরিশাল অফিস :    বরিশাল মহানগর ছাত্রলীগের ১৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. শাহরুখ খান বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি না পেয়ে শেষ পর্যন্ত কারাগারেই বাবার মরদেহ দেখে বিদায় জানিয়েছেন। গত বুধবার (২৯ এপ্রিল) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা আবুল বাশার খান (৬০)। এর আগে ২৪ এপ্রিল মধ্যরাতে নিউ সার্কুলার সড়কের নিজ বাসা থেকে পুলিশ শাহরুখ খানকে গ্রেপ্তার করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠায়। এরপর থেকে তিনি সেখানেই আটক ছিলেন। পরিবার ও আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়, বাবার মৃত্যুর পর শাহরুখকে প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। তবে সেই আবেদন গ্রহণ করা হয়নি। শাহরুখের আইনজীবী মিজানুর রহমান মিন্টু বলেন, “প্যারোলে মুক্তির আবেদন করা হলেও তা অনুমোদন হয়নি।” পরিবারের অভিযোগ অনুযায়ী, পরে তাদের কারা কর্তৃপক্ষের নির্দেশে জানানো হয় মরদেহ কারাগারেই নিয়ে গিয়ে শেষবারের মতো দেখা করার ব্যবস্থা করা হবে। শাহরুখের ভাই সালমান খান জানান, পরিবারের সদস্যদের জেলা প্রশাসকের দপ্তরে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করানো হয়। পরে একজন ম্যাজিস্ট্রেট এসে জানান, প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব নয়। বিকল্প হিসেবে মরদেহ কারাগারে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিকেল পৌনে ৪টার দিকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ কারাগারে নেওয়া হয়। এরপর কারাগারের ভেতরে তিনজনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেখানে মাত্র পাঁচ মিনিট সময় পান তারা শেষ বিদায়ের জন্য। সালমান খান বলেন, “আমাদের ভাইয়ের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টের পর আটটি মামলা হয়। গ্রেপ্তারের পর আরও তিনটি মামলায় তাকে আসামি করা হয়েছে।” এ বিষয়ে বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা প্যারোলে আবেদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে কারাফটকে মরদেহ এনে শেষ দেখা করার ব্যবস্থা করা হয়। তবে বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৬ 0
আ. লীগের বিক্ষোভ
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল

বরিশাল অফিস :    বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত ওই মিছিলের প্রায় এক মিনিটের ভিডিওতে দেখা যায়, সদর রোড থেকে মিছিলটি জেলা স্কুলের দিকে অগ্রসর হচ্ছে। অংশগ্রহণকারীদের কেউ মুখে মাস্ক পরেছিলেন, আবার কেউ ছিলেন মাস্কবিহীন। স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রাজিব হোসেন খানের নির্দেশনায় মিছিলটি অনুষ্ঠিত হয়। তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত। তবে মিছিলে রাজিব হোসেন খান নিজে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। রাজিব খান জানিয়েছেন,  জুমার নামাজের পর এই কর্মসূচি পালন করা হয়। কাকলির মোড় থেকে শুরু হয়ে মিছিলটি জেলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। এদিকে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম বলেন, জুমার নামাজের সময়, যখন অধিকাংশ মানুষ নামাজে ব্যস্ত ছিলেন, তখন ১০ থেকে ১২ জনের একটি ছোট দল মিছিলটি বের করে। তিনি আরও জানান, সংশ্লিষ্টদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৮, ২০২৬ 0
আশরাফ উদ্দিন ওরফে রিজু
টেন্ডার বানিজ্যে গণপূর্তে ছাত্রলীগেই আস্থা, ভোলা ছেড়ে রাঙামাটি যাওয়ার তদবিরে রিজু

ভোলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ্দিন ওরফে রিজু ছাত্রজীবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিস্ববিদ্যালয়ে(কুয়েট) ছাত্র লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনি আবু সুফিয়ান মাহাবুব লিমন কমিটির ছাত্রলীগ ক্যাডার ছিলেন। যথারীতি ছাত্রলীগ পুনর্বাসনের বিশেষ বিসিএস ৩২ তম বিসিএস এ ২০০ নম্বরের পরীক্ষা দিয়ে ক্যাডার কর্মকর্তা বনে যান। বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা হিসেবে প্রথম পোস্টিং পান ঢাকা ডিভিশন ১ এ সহকারী প্রকৌশলী হিসাবে। শংকর মালোর স্টাফ অফিসার হিসাবে ক্যারিয়ার শুরু করে আওয়ামী চেতনা বিক্রি করে তর তর করে কেবল উপরে উঠেছেন। এরপর একে একে উপবিভাগীয় প্রকৌশলী হিসাবে মিরপুর গণপূর্ত উপবিভাগ ১ এ পাচ বছর এবং ঢাকা গণপূর্ত উপবিভাগ-৬ এ সাড়ে চার বছর দুহাতে অবৈধ অর্থ কামিয়েছেন। এরপরে নির্বাহী প্রকৌশলী হিসাবে চলতি দ্বায়িত্ব পাবার পরে প্রথম পোষ্টিং পান গাজীপুরে। এই গাজীপুরে যেয়ে তিনি সাবেক মেয়র জাহাঙ্গীরের সাথে সখ্যতস গড়ে তোলেন। জাহাঙ্গীরের আস্থা ভাজন লোকদের সাথে মিলে নিজের আপন ভাই সহ টেন্ডার বানিজ্য করে লূটপাটের সর্গরাজ্য বানিয়ে ফেলেন। সেই টাকা দিয়ে গাজীপুরে ভূমি দস্যু সিন্ডিকেটের সাথে যোগসাজসে রিসোর্ট কিনেছেন মর্মে জানা যায়। তিনি জাহাঙ্গীরগং অন্যের গার্মেন্টস ফ্যাক্টরী দখল করে বেনামে চালাচ্ছেন । ২০২৪ এর জুলাই গণুভ্যুত্থানে জাহাঙ্গীরের পৈশাচিক ভূমিকা কারো অজানা নয়। ছাত্র জনতা হত্যায় এই রিজু শুধু অর্থ ও জনবল দিয়ে সাহায্য করেনি বরং নিজে মাথায় লাল ফিতা বেধে মোটর সাইকেলে চড়ে উত্তরা এলাকায় সরাসরি ছাত্র-জনতার উপর গুলি চালিয়েছেন। তিনি জাহাঙ্গীরের সাথে প্রায়ই নারী বান্ধবী সহ ইন্টার কন্টিনেন্টালে লাঞ্চ করতেন। জুলাই গনুঅভ্যুত্থানের সময় তিনি জাহাঙ্গীর সহ উত্তরা ক্লাবে রাতের বেলা মদের পার্টিতে একাধিক বার গোপন বৈঠক করেছেন । ৫ আগষ্ট সরকার পতনের পরও সব কিছু সামলে নিয়েছিলেন রিজু। কিন্তু বিধিবাম। ছাত্র জনতার উপর গুলি চালানো এই সাবেক ছাত্রলীগের গুন্ডাকে সরাতে আইইবির বিএনপি পন্থী নেতারা এবং ততকালীন সমন্বয়করা প্রচন্ড চাপ সৃষ্টি করলে ৩ অক্টোবর ২০২৪ তারিখে প্রধান প্রকৌশলী ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৩.২৪-১৪১৩ স্মারকে ভোলায় বদলী করতে বাধ্য হন। কথিত আছে বিভিন্ন সময়ে ঢাকায় বিএনপির জন সভা পন্ড করতে জাহাঙ্গীর বাহিনী যে রংকরা বাশ দিয়ে বেধড়ক পিটাতেন তা সাপ্লাই দিতেন আশ্রাফ উদ্দিন রিজু। আশরাফ গাজীপুর গণপূর্ত বিভাগ থেকে ২০২৩-২০২৪ অর্থবছর জুনে বিশ কোটি টাকা লোপাট করেছেন। সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীকে চার কোটি টাকা ঘুষ দিয়ে গাজীপুর গণপূর্ত বিভাগে পোষ্টিং বাগিয়ে নিয়েছিলেন নেয়ার পর টাকার নেশায় দুর্নীতি ও অনিয়মের হোলি খেলায় নেমে ছিলেন। নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রধান প্রকৌশলীর প্রজ্ঞাপন অমান্য করে এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করে পছন্দের ঠিকাদারদের কাজ দিয়ে ২০% কমিশন নিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন। এখানেই আশরাফ অপকর্ম শেষ নয় তিনি তার আপন ভাই এর প্রতিষ্ঠান কে ছয় কোটি টাকার একটি কাজ পাইয়ে দেন যা পিপিআর ও পিপিএ পরিপন্থী কারন একজন TEC মেম্বার নিকট অত্মীয় টেন্ডার অংশ গ্রহন করার কোন সুযোগ নেই যা গাজীপুর গণপূর্ত বিভাগের নথিপত্র ও ইজিপি পোর্টালে যাচাই করলে প্রমান পাওয়া যাবে। এই আশরাফ সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর আস্থাভাজন হওয়ায় জুন মাসে তিন কোটি টাকার RFQ করে কাজ না করে কোটেশন আহবান করার পরদিন বিল পরিশোধ করে ঠিকাদারী প্রতিষ্ঠান কে ১০% লাভ দিয়ে পুরো টাকা হাতিয়ে নেন। আশরাফ অপকর্ম এখানেই থেমে থাকিনি উপ-সহকারী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকোশলীর দপ্তরের সাইন ও সিল মোহর ছাড়া ঠিকাদরী প্রতিষ্ঠান কে তিন কোটি টাকার বিল পরিশোধ করে ৩০% টাকা কমিশন নেন যা গাজীপুর গণপূর্ত বিভাগের নথিপত্র যাচাই করলে প্রমান পাওয়া যাবে। আশরাফের বিরুদ্ধে উক্ত অভিযোগের বিষয়ে গণপূর্ত অধিদপ্তরে তিন সদস্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে মোঃ আশিক আহমেদ শিবলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকিউরমেন্ট সেল, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা আরেক সদস্য হলেন মোঃ বদরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সাভার গণপূর্ত সার্কেল, ঢাকা ও সদস্য সচিব করা হয়েছে হাফসার মৌরি, নির্বাহী প্রকৌশলী, প্রকিউরমেন্ট সেল, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। প্রতিবেদক তদন্ত কমিটির আহবায়ক মোঃ আশিক শিবলী সাদিক কে মুঠোফোনে কল দিলে তিনি বলেন তদন্ত শেষ না হলে তদন্তের সার্থে কিছু বলা যাবে তবে এটুকু বলে যায় আশরাফ দুর্নীতি ও অনিয়মের বিষয় বেশ কিছু প্রমান পাওয়া গেছে খুব অল্প সময়ের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করবো প্রধন প্রকৌশলীর নিকট এটুকু বলতে পারি। এ বিষয় অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ বলেন নতুন ভাবে যিনি গেছেন তিনিও (শারমিন আখতার) ফ্যাসিস্টের দোসর। কিছু সাংবাদিকদের বলেন তার বাড়ি গোপালগঞ্জ, আপনারা তার বিরুদ্ধে লিখছেন না কেন, তার অনেক বিতর্কিত কর্মকান্ড রয়েছে, সেগুলো লিখছেন না কেন? আশরাফ, গতবছর গ্রেফতার হওয়া টেন্ডার মাফিয়া নূসরাত হোসেনের ঘনিষ্ট। এই নূসরাতের বন্ধু প্রধান প্রকৌশলী শামীম আখতার তাই তদন্ত প্রতিবেদন ধামাচাপা দিবেন তাতে সন্দেহ নেই। গাজী হাফিজুর রহমান লিকুর আশীর্বাদপ্রাপ্ত এই কর্মকর্তা ১২ বছরের চাকুরি জীবনে কখনও ঢাকার বাহিরে একদিনের জন্যও চাকুরি করেন নি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এই নিয়ে খুব গর্বও করতেন তিনি সহকর্মীদের সাথে। ভোলায় বদলী হবার পর অঢেল টাকা ঢেলে নিজেকে বিএনপি পন্থী , কখনবা এনসিপি পন্থী প্রমান করতে চাচ্ছেন। বাড়ি পঞ্চগড় এই সুত্র ধরে বিএনপির একজন অত্যন্ত প্রভাব শালী নেতার পিএস কে ধরে ঢাকায় ঢোকার চেষ্টা করে যাচ্ছিলেন। তাতে কাজ না হলে আবার অন্য ডালে পা দেন। এনসিপির এক নেতাকে নির্বাচনে ডোনেশন দিয়ে তদবীর করান। কিন্তু উপদেষ্টার কার্যালয় ম্যানেজ না হওয়ায় তিনি সে যাত্রায় সফল হননি। এখন রিজু ফন্দি এটেছেন রাঙ্গামাটিতে ১১৫০ কোটি টাকার প্রকল্প পাস হয়েছে , সেখানে গিয়ে টেণ্ডার বানিজ্য করবেন। খুনি হাসিনার কুকর্মের সহযোগী এই কর্মকর্তার যেখানে জেলে থাকার কথা সেখানে তাকে আরো দুহাতে টাকা কামানোর সুযোগ করে দেয়া হচ্ছে তার আপা দিল্লী দাসি হাসিনাকে হুন্ডিকরে ভারতে টাকা পাঠানোর জন্য? আমরা অবিলম্বে তার গাজীপুর এ সঙ্গঘটিত দূর্নীতি অনিয়মের তদন্ত প্রতিবেদন এর আলোকে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা দেখতে চাই। আই ওয়াশ বদলী কোন শাস্তি নয়। চাকুরি বিধিমালা ও প্রজাতন্ত্রের প্রচলিত আইনে তিনি দূর্নীতি ও কৃত ফৌজদারী অপরধের শাস্তি পেয়েছেন কিনা তা আমরা দেখতে চাই। যদি দুষ্টের দমন না হয় তবে সৎ ও ভালো কর্মকর্তা গন হতাশ হয়ে পড়বে, সমাজে এর নেতিবাচক প্রভাব পড়বে , তখন এই আওয়ামী দালালরাই ‘মব, মব’ বলে মুখে ফেনা তুলবে।  

নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৮, ২০২৫ 0
বিমান বাংলাদেশ এয়ারলাইনস
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিদেশে স্টেশন ম্যানেজার পদায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এ বিদেশি স্টেশনগুলোতে স্টেশন ম্যানেজার পদায়নকে কেন্দ্র করে গুরুতর অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র ও একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, নীতিমালা লঙ্ঘন করে অনভিজ্ঞ ও বিতর্কিত ব্যক্তিদের বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।   নীতিমালা উপেক্ষা, অভিজ্ঞতা ছাড়াই বিদেশে পদায়ন প্রচলিত গ্রাউন্ড সার্ভিস ম্যানুয়াল (ICAO/IOSA) অনুযায়ী বিদেশে স্টেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পাওয়ার আগে দেশের অভ্যন্তরে ঢাকার বাইরে অন্তত একবার তিন বছরের জন্য স্টেশন পরিচালনার অভিজ্ঞতা বাধ্যতামূলক। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, সদ্য পদায়িত একাধিক কর্মকর্তারই ঢাকার বাইরে কোনো স্টেশনে কাজের অভিজ্ঞতা নেই। বিশেষ করে কুয়েত স্টেশনে নতুন স্টেশন ম্যানেজার হিসেবে শামীমা পারভীনকে পদায়ন ঘিরে সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি হয়েছে। তার আগে একই স্টেশনে দায়িত্বে ছিলেন তার স্বামী মো. শাহজাহান। স্বামীর মেয়াদ শেষ হওয়ার পর একই কর্মস্থলে স্ত্রীকে দায়িত্ব দেওয়ার নজির অতীতে নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যোগ্যতার নির্ধারিত অভিজ্ঞতাও তার নেই।   ছাত্রলীগ-সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদায়ন নিয়ে প্রশ্ন অভিযোগ রয়েছে, সাবেক ছাত্রলীগ-সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা—ইব্রাহিম, মো. মিজানুর ও তন্ময় কান্তি বিশ্বাস—চাকরির বয়স মাত্র পাঁচ বছর পূর্ণ হওয়ার পরই বিদেশে পদায়ন পেয়েছেন। পূর্ববর্তী নীতিমালায় বিদেশে স্টেশন পরিচালনার জন্য ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন ছিল। তবে ২০২৩ সালের প্রশাসনিক আদেশে তা কমিয়ে ৫ বছর করা হয়। অভ্যন্তরীণ সূত্রের দাবি, এই সংশোধনটি করা হয়েছিল বিশেষ গোষ্ঠীকে সুযোগ করে দিতে। যদিও সংস্থার সভায় আদেশটি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছিল, বাস্তবে তা কার্যকর হয়নি।   সিনিয়রিটি লঙ্ঘনের অভিযোগ ডেপুটি ম্যানেজারদের মধ্যে সিনিয়র কর্মকর্তা মো. ফারুক তালুকদার এবং শাহীনা আক্তার দেশে ঢাকার বাইরে স্টেশন পরিচালনার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বিদেশে পদায়ন পাননি। একইভাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের মধ্যেও সিনিয়রিটি তালিকার শীর্ষে থাকা মোহাম্মদ সালেহউদ্দিনসহ অন্তত ১৩ জন পদায়ন থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। প্রশাসনিক আদেশ ৩৬/২০২৩ অনুযায়ী ভাইভা বোর্ডে নির্দিষ্ট সংখ্যক প্রার্থী ডাকার বিধান থাকলেও তা অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।   মানব পাচার মামলার আসামিকেও গুরুত্বপূর্ণ স্টেশনে দায়িত্ব ম্যানচেস্টার স্টেশনে স্টেশন ম্যানেজার হিসেবে মনিরুল ইসলাম প্রধানের পদায়ন নিয়েও তীব্র সমালোচনা চলছে। প্রায় চার বছর আগে চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত অবস্থায় মানব পাচার মামলায় অভিযুক্ত হয়ে তিনি আটক হয়েছিলেন বলে জানা গেছে। এমন অভিযোগ থাকা সত্ত্বেও তাকে গুরুত্বপূর্ণ স্টেশনে দায়িত্ব দেওয়াকে প্রশ্নবিদ্ধ বলছেন কর্মকর্তারা।   গুয়াংজু ও দিল্লি স্টেশনেও বিতর্ক গুয়াংজু স্টেশনে আশরাফুল হকের পদায়ন নিয়েও প্রশ্ন উঠেছে। অতীতে অতিরিক্ত ব্যাগেজ সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগে তিনি সাময়িক বরখাস্ত হয়েছিলেন বলে সূত্র জানিয়েছে। অন্যদিকে দিল্লি স্টেশনে ইয়ারত হোসেনের পদায়ন নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ অতীতে তিনি ভিভিআইপি সফরসঙ্গী হিসেবে ঘনিষ্ঠতার সুবিধা পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।   সিন্ডিকেট ও উচ্চপর্যায়ের সংশ্লিষ্টতার অভিযোগ অভিযোগ উঠেছে, পুরো পদায়ন প্রক্রিয়ার নেপথ্যে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করেছে। এতে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক সাফিকুর রহমান, সিএফও নওশাদ হোসেনসহ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা জড়িত বলে দাবি করা হচ্ছে। এছাড়া সাবেক উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের বিরুদ্ধেও সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তিনি একসময় মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিমানের চেয়ারম্যান—দুই পদেই দায়িত্বে ছিলেন। তার আমলে দুর্নীতির মাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।   লোকদেখানো সাক্ষাৎকারের অভিযোগ গত ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত স্টেশন ম্যানেজার পদায়নের মৌখিক পরীক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে। একাধিক কর্মকর্তা দাবি করেছেন, নির্বাচিত ব্যক্তিদের নাম আগেই চূড়ান্ত ছিল; সাক্ষাৎকার ছিল কেবল আনুষ্ঠানিকতা। প্রশাসনিক আদেশ অনুযায়ী, কোনো কর্মকর্তার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার আপত্তি থাকলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে ভাইভায় ডাকা যাবে না। অথচ বিতর্কিত অতীত থাকা সত্ত্বেও কয়েকজন কর্মকর্তা ভাইভা দিয়ে পদায়ন পেয়েছেন।   নীরব কর্তৃপক্ষ এসব অভিযোগের বিষয়ে জানতে বিমান মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো স্পষ্ট জবাব দেননি।   দেশের ভাবমূর্তি, প্রবাসী যাত্রীদের আস্থা ও বৈদেশিক রাজস্বের সঙ্গে সরাসরি জড়িত একটি রাষ্ট্রীয় সংস্থায় এ ধরনের অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উদ্বেগজনক। অভিযোগগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন সংস্থাটির ভেতরের বহু কর্মকর্তা-কর্মচারী।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০২৬ 0
সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস
বরিশালে সাবেক দুই এমপিসহ ডজনখানেক আ.লীগ নেতা জামিনে, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

মাত্র ছয় দিনের ব্যবধানে বরিশালে আদালত থেকে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাবেক দুই সংসদ সদস্য। শুধু এই দুজনই নন, গত এক সপ্তাহে মহানগর ছাত্রলীগের সভাপতিসহ অন্তত তিনজন প্রভাবশালী নেতা জামিনে মুক্তি পেয়েছেন বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে। পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আরও অন্তত ডজনখানেক নেতা জামিনে মুক্ত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বরিশালের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ইউনুসের জামিনে আদালত প্রাঙ্গণে উত্তেজনা সোমবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরিয়তউল্লাহর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে দায়ের করা মামলায় তিনি আসামি ছিলেন। মামলাটিতে আরও আসামি রয়েছেন সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. একেএম জাহাঙ্গীরসহ দলের শীর্ষ কয়েকজন নেতা। সরকার পতন ও মামলার পরিপ্রেক্ষিতে ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন ইউনুস। হঠাৎ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করায় আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য সৃষ্টি হয়। মহানগর ও জেলার দুই পাবলিক প্রসিকিউটর এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদক আদালতে উপস্থিত হয়ে জামিনের বিরোধিতা করেন। তাদের দাবি ছিল—মামলায় জামিন অযোগ্য ধারা রয়েছে এবং এটি ছিল আবেদনের প্রথম দিন। তবুও শুনানি শেষে আদালত তাকে পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত জামিন দেন। ইউনুসের আইনজীবী কাইয়ুম খান কায়সার দাবি করেন, ২০১৮ সালের একটি তথাকথিত ঘটনার ভিত্তিতে ২০২৪ সালে দায়ের করা মামলাটি মিথ্যা। বিচারক সব দিক বিবেচনা করেই জামিন দিয়েছেন। অন্যদিকে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সাদিকুর রহমান লিংকন বলেন, ইউনুসের বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। একটি মামলায় জামিন পেলেও বাকি দুটি মামলার বিষয়ে পুলিশ আদালতকে তাৎক্ষণিক অবহিত করেনি বা গ্রেফতারের আবেদন করেনি। জেবুন্নেসা আফরোজসহ আরও তিনজনের জামিন ইউনুসের জামিনের মাত্র ছয় দিন আগে বরিশাল-৫ (সদর) আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ আদালত থেকে জামিন পান। একইদিনে জামিন পান যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন এবং মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিন। প্রত্যেকের বিরুদ্ধে বরিশালসহ দেশের বিভিন্ন থানায় তিন থেকে সাতটি পর্যন্ত মামলা রয়েছে। একের পর এক জামিন পাওয়ার পর ওইদিনই তারা কারাগার থেকে মুক্তি পান। পাবলিক প্রসিকিউটরদের আপত্তি বরিশালের মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর অ্যাড. নাজিমউদ্দিন আহম্মেদ পান্না অভিযোগ করেন, মহানগর দায়রা জজ আদালত থেকে নামঞ্জুর হওয়া জামিনও নিম্ন আদালত মঞ্জুর করেছেন। তিনি উদাহরণ হিসেবে জেবুন্নেসা আফরোজ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর ভাতিজা মঈন আব্দুল্লাহর জামিনের প্রসঙ্গ তোলেন। তার মতে, উচ্চ আদালতের আদেশ অগ্রাহ্য করলে বিচার বিভাগের শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ হতে পারে। সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. হাফিজ আহম্মেদ বাবলু বলেন, ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলার বেশিরভাগ আসামিই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তাদের সহজে জামিন পাওয়ায় নানা প্রশ্ন উঠছে। বিএনপির প্রতিক্রিয়া বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহিন বলেন, বিএনপি সরকার গঠনের পরও সবক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়নি। তার অভিযোগ, একটি বিশেষ শ্রেণি সুযোগ নিয়ে জামিন অযোগ্য ধারার আসামিদের জামিন পাইয়ে দিচ্ছে। তিনি মনে করেন, এতে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে এবং জরুরি ভিত্তিতে আইন মন্ত্রণালয়ের নজর দেওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক জামিনের ধারাবাহিকতা বরিশালের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। একদিকে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বলছেন, আইনি প্রক্রিয়া মেনেই জামিন দেওয়া হচ্ছে; অন্যদিকে বিএনপি ও সরকারপক্ষের আইন কর্মকর্তারা প্রশ্ন তুলছেন বিচারিক সিদ্ধান্ত নিয়ে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0
Popular post
বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

অর্থনীতি

ইসলামী ব্যাংক,

ইসলামী ব্যাংকে আস্থা সংকট কেন কাটছে না?: দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংককে ঘিরে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0