ইত্তেহাদ নিউজ,অনলাইন : দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ, জাতীয় পরিচয়পত্র সেবা শক্তিশালী করা এবং নির্বাচনি সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া নির্বাচন কমিশনের (ইসি) প্রায় ৪৯৩ কোটি টাকার একটি বড় প্রকল্প ফেরত দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ‘নির্বাচনি ডাটাবেজের জন্য উপজেলা/থানা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয় ও সার্ভার স্টেশন নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ একনেক সভায় উপস্থাপন করলেও তা চূড়ান্ত অনুমোদন পায়নি। রাজধানীর সচিবালয়ের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান। প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৪৯২ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার টাকা। পুরো অর্থই সরকারি তহবিল থেকে ব্যয় করার পরিকল্পনা ছিল। ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় একটি আঞ্চলিক নির্বাচন অফিস, তিনটি জেলা নির্বাচন অফিস ভবন, ৪৫টি উপজেলা নির্বাচন অফিস ও সার্ভার স্টেশন নির্মাণের পরিকল্পনা ছিল। এছাড়া মেট্রোপলিটন থানাগুলোর জন্য ১৬টি ফ্লোর-স্পেস কেনার কথাও উল্লেখ করা হয়। ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর যে বিশাল জাতীয় তথ্যভান্ডার তৈরি হয়েছে, সেটিকে তৃণমূল পর্যায়ে আরও নিরাপদ ও কার্যকর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এর আগে অধিকাংশ উপজেলায় সার্ভার স্টেশন নির্মিত হলেও ভূমি জটিলতা ও নতুন উপজেলা গঠনের কারণে এখনও অনেক স্থানে স্থায়ী অবকাঠামো গড়ে ওঠেনি। নতুন প্রকল্পের মাধ্যমে সেই ঘাটতি পূরণের পরিকল্পনা ছিল। শুধু ভবন নির্মাণ নয়, প্রকল্পে ভূমি অধিগ্রহণ, আসবাবপত্র ও আধুনিক কম্পিউটার সরঞ্জাম ক্রয়ের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। পরিকল্পনা কমিশনের ভাষ্য অনুযায়ী, আধুনিক সার্ভার স্টেশন নির্মিত হলে ভোটার তালিকা হালনাগাদ এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা আরও দ্রুত ও নির্ভুলভাবে দেওয়া সম্ভব হতো। একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহৃত ইভিএম, ব্যালট বাক্সসহ বিভিন্ন নির্বাচনি সরঞ্জাম নিরাপদে সংরক্ষণের অবকাঠামো তৈরি হতো। তবে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির কাঠামো ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, উপজেলা পর্যায়ে আলাদা আলাদা সরকারি দপ্তরের জন্য পৃথক ভবন নির্মাণের পরিবর্তে একটি সমন্বিত বহুমুখী সরকারি কমপ্লেক্স গড়ে তোলা উচিত, যেখানে সব দপ্তর একই ছাদের নিচে থাকবে। প্রধানমন্ত্রীর ভাষায়, এতে সরকারি জমির সাশ্রয় হবে, ব্যয় কমবে এবং সাধারণ মানুষকে সেবা পেতে এক অফিস থেকে অন্য অফিসে ঘুরতে হবে না। নাগরিকরা একই ভবনে সব সরকারি সেবা পেলে জনভোগান্তিও কমবে। নির্বাচন কমিশনের ডেটা সেন্টারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার কেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকবে—কখনও আইসিটি ভবনে, কখনও নির্বাচন কমিশনে। এর পরিবর্তে একটি নির্দিষ্ট, সমন্বিত ও উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্থানে ডেটা সেন্টার পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব ড. কাইয়ুম আরা বেগম জানান, প্রকল্পটির ব্যয় ৫০ কোটির বেশি হওয়ায় নিয়ম অনুযায়ী একনেকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছিল। তিনি বলেন, আধুনিক অবকাঠামো নিশ্চিত করা গেলে নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের সক্ষমতা বাড়বে এবং ডিজিটাল নির্বাচনি ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকায় নির্বাচন অফিস ও সার্ভার স্টেশন নির্মাণের পরিকল্পনা ছিল। এর মধ্যে গাজীপুর সদর, লৌহজং, সালথা, টুঙ্গীপাড়া, আশুগঞ্জ, সেনবাগ, সন্দ্বীপ, ঈদগাঁও, দক্ষিণ সুরমা, শান্তিগঞ্জসহ একাধিক উপজেলায় অবকাঠামো নির্মাণের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও কুমিল্লাসহ বিভিন্ন আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসও প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল।
বরিশাল অফিস : ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সুমনের বিরুদ্ধে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভোটকক্ষ ও দুর্গম কেন্দ্র দেখানো, ভুয়া বিল-ভাউচার তৈরি এবং বিভিন্ন খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ের নামে অনিয়মের অভিযোগে প্রশাসনের অভ্যন্তরে চরম অসন্তোষ তৈরি হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাংশের দাবি, নির্বাচন কমিশনের বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ প্রকৃত কাজে ব্যয় না করে তা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব অনিয়ম আড়াল করতে প্রশাসনিক চাপ, বদলি এবং কর্মকর্তাদের ওপর প্রভাব খাটানোর ঘটনাও ঘটেছে। অতিরিক্ত ভোটকেন্দ্র দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রশাসনিক সূত্রগুলো বলছে, হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলায় অতিরিক্ত অস্থায়ী ভোটকক্ষ ও দুর্গম ভোটকেন্দ্র দেখিয়ে প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা অতিরিক্ত বরাদ্দ আনা হয়। সরকারি নথি অনুযায়ী, বরিশালের ১০ উপজেলার পাঁচটি সংসদীয় আসনের জন্য মোট ৮৩৩টি ভোটকেন্দ্র ও ৫ হাজার ১৯৭টি ভোটকক্ষ দেখানো হয়। এর মধ্যে ৭৭৭টি অস্থায়ী ভোটকক্ষ, ১৯৫টি দুর্গম ভোটকেন্দ্র এবং ১ হাজার ৮৯৩টি দুর্গম ভোটকক্ষ অন্তর্ভুক্ত ছিল। তবে উপজেলা নির্বাচন অফিসের বিভিন্ন নথিতে এ সংখ্যাগুলোতে অসামঞ্জস্য দেখা গেছে। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের একটি স্মারকে প্রথমে দুর্গম ভোটকেন্দ্রের সংখ্যা ১০০ উল্লেখ করা হলেও পরে তা সংশোধন করে ৫৫ করা হয়। একইভাবে মুলাদীতে ৭২ থেকে ৩৯ এবং হিজলায় ৪৯ থেকে ২৩টি দুর্গম কেন্দ্র দেখানো হয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রকৃত তালিকার বাইরে অতিরিক্ত ভোটকেন্দ্র ও ভোটকক্ষ দেখিয়ে যে অতিরিক্ত অর্থ বরাদ্দ আনা হয়েছিল, তার বড় অংশ ডিসি কার্যালয়ের নিয়ন্ত্রণে থেকে যায়। ‘ভুয়া ভাউচার’ সমন্বয়ের অভিযোগ সূত্র জানায়, নির্বাচন কমিশন থেকে বরিশাল জেলা রিটার্নিং অফিসের জন্য মোট ১৩ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ অর্থ ভোটকেন্দ্র পরিচালনা, সরঞ্জাম পরিবহন ও প্রশাসনিক ব্যয়সহ বিভিন্ন খাতে ব্যবহারের কথা ছিল। অভিযোগ রয়েছে, অতিরিক্ত বরাদ্দ বৈধ দেখাতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছ থেকে বিল-ভাউচার সংগ্রহ করা হয়। কয়েকজন কর্মকর্তাকে মৌখিকভাবে অতিরিক্ত ভাউচার পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে। তবে সংশ্লিষ্ট তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বরাদ্দ নিয়েও প্রশ্ন অভিযোগ অনুযায়ী, নির্বাচনী আচরণবিধি তদারকিতে নিয়োজিত ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের জন্য নির্বাচন কমিশন থেকে প্রায় ৫৮ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে আপ্যায়ন, পিএল ব্যয় এবং মোবাইল কোর্ট পরিচালনায় নিয়োজিত সহকারী কর্মীদের জন্য আলাদা বরাদ্দ ছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, নির্ধারিত অর্থ তাদের হাতে পৌঁছায়নি। একাধিক সূত্র বলছে, নির্বাচনী দায়িত্ব পালন শেষে প্রাপ্য অর্থ না পেয়ে অনেক কর্মকর্তা ক্ষুব্ধ হন। পরে কয়েকজনকে আংশিক অর্থ দেওয়া হলেও বাকি অর্থ ভুয়া ভাউচারের মাধ্যমে সমন্বয়ের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া ব্যাকডেটে ভাউচারে সই করার জন্যও চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন কয়েকজন কর্মকর্তা। প্রশাসনের ভেতরে অসন্তোষ ও বদলির অভিযোগ অভিযোগ রয়েছে, অনিয়ম নিয়ে প্রশ্ন তোলা বা ব্যয়-সংক্রান্ত তথ্য জানতেন—এমন কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন শাখায় বদলি করা হয়েছে। এর মধ্যে সাধারণ শাখা, মানবসম্পদ শাখা এবং অন্য জেলায় বদলির ঘটনাও রয়েছে। কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রশাসনিক সুবিধা সীমিত করার অভিযোগও উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নির্বাচন কমিশনের বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট খাতে ব্যয় না করে তা আত্মসাতের চেষ্টা করা হয়। এর প্রতিবাদ করায় অনেক কর্মকর্তাকে প্রশাসনিকভাবে চাপে রাখা হয়েছে। তার ভাষায়, “প্রশাসনিক কাজ পরিচালনার জন্য জেলা প্রশাসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ প্রয়োজন। কিন্তু নির্বাচনী ব্যয়ের বিষয়ে প্রশ্ন তোলার পর অনেকের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে।” আরও যেসব খাতে অনিয়মের অভিযোগ সূত্রগুলো আরও জানিয়েছে, নির্বাচন সংশ্লিষ্ট কন্ট্রোল রুম, ফলাফল সংগ্রহ, পর্যবেক্ষক টিম, আপ্যায়ন ও জ্বালানি খাতে বরাদ্দকৃত কয়েক লাখ টাকা ব্যয়ের ক্ষেত্রেও অনিয়ম হয়েছে। এছাড়া ২৬ মার্চ উদযাপন উপলক্ষে স্থানীয় উৎস থেকে সংগৃহীত প্রায় সাড়ে ১৭ লাখ টাকা ব্যবহারে অনিয়ম এবং ভুয়া বিল-ভাউচারের অভিযোগও রয়েছে। ডিসি বাংলোর সংস্কারের জন্য ত্রাণ তহবিল থেকে প্রায় আট লাখ টাকা বরাদ্দ নেওয়া হলেও বাস্তবে কাজ হয়নি বলেও অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, টিআর নীতিমালা অনুযায়ী এ ধরনের ব্যয় বৈধ নয়। ডিসির বক্তব্য পাওয়া যায়নি অভিযোগগুলোর বিষয়ে বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফোন, বার্তা ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইত্তেহাদ নিউজ,অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বুধবার (৬ মে) হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়। এ বিষয়ে আদেশের জন্য বুধবার দিন নির্ধারণ করেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান, সঙ্গে ছিলেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম শাহীন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাসেদুল ইসলাম জনি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শুনানির কার্যতালিকা (কজলিস্ট) থেকে বাদ দেন হাইকোর্ট। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিট শুনতে হাইকোর্ট অপারগতা প্রকাশ করেছেন বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ৪ মে হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। আদালত সূত্রে জানা যায়, বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আহমেদ সোহেল এবং আবেদনকারী মনিরা শারমিনের বাড়ি একই সংসদীয় আসনে (নির্বাচনি এলাকা) হওয়ায় নৈতিক কারণে বিচারপতি এই মামলাটি শুনতে অপারগতা প্রকাশ করেন। আবেদনটি আউট অব লিস্ট করা হয়। এরপর আবেদনটি শুনানির জন্য বিচারপতি রাজিক-আল-জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে নেওয়া হয়। সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মনিরা শারমিন ৩০ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা এনসিপি নেত্রীর মনোনয়নপত্র বাতিল করেন। কারণ হিসেবে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মনিরা শারমিন ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করলে শুনানির পর ইসি আবেদন খারিজ করে। এরপর তিনি রিট করেন।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৫ মে) এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, তিনি রাজভবনে গিয়ে পদত্যাগ করবেন না এবং বর্তমান নির্বাচনী ফলাফলও মেনে নিচ্ছেন না। “আমি কেন রাজভবনে যাব? শপথ নিতে গেলে যেতাম। ওরা দখল করেছে। আমি পদত্যাগ করতে যাব না। আমরা ভোটে হারিনি,”—সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন তিনি। ফলাফল নিয়ে প্রশ্ন নির্বাচনের ফলাফলকে “অপ্রকৃত” দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, প্রায় ১০০টি আসনে ভোট লুট হয়েছে। তার মতে, গণনাকেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। তিনি নির্বাচন প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশন-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। তার ভাষায়, “ওরা গুণ্ডার মতো আচরণ করেছে। এমন নির্বাচন আমি কোনোদিন দেখিনি।” বিরোধী নেতাদের সঙ্গে যোগাযোগ পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে ইতোমধ্যেই তিনি একাধিক বিরোধী নেতার সঙ্গে কথা বলেছেন বলে জানান। এদের মধ্যে রয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, উদ্ধব ঠাকরে এবং হেমন্ত সোরেন। তবে সম্ভাব্য জোট বা ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে এখনই কিছু বলতে চাননি তিনি। রাজনৈতিক অবস্থান তৃণমূল প্রধান দাবি করেন, তার ব্যক্তিগতভাবে ক্ষমতার প্রতি কোনো আগ্রহ নেই, বরং মানুষের জন্য কাজ করাই তার লক্ষ্য। তিনি বলেন, “যদি সঠিকভাবে পরাজয় পেতাম, তাহলে নিশ্চয়ই পদত্যাগ করতাম। কিন্তু আমাকে জোর করে পরাজিত করা হয়েছে। ফলে পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।” সারসংক্ষেপ এই অবস্থানের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, নির্বাচনী ফলাফল নিয়ে বিতর্ক চললেও তিনি রাজনৈতিক লড়াই চালিয়ে যাবেন এবং ক্ষমতা ছাড়ার কোনো ইঙ্গিত দিচ্ছেন না।
ইত্তেহাদ নিউজ,অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের একটি আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য (এমপি) হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৪ মে) রাতে গেজেটটি প্রকাশ করা হয় বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। তবে একই আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে জামায়াত জোটের আরেক প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের দায়ের করা রিট আবেদন এখনো বিচারাধীন রয়েছে। আদালতের শুনানিতে ভিন্ন কোনো নির্দেশনা এলে ইসি পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছে কমিশন। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “এখন পর্যন্ত আমাদের কাছে নতুন কোনো নির্দেশনা আসেনি। আগে আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করা হয় এবং যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে।” তিনি আরও জানান, আইন অনুযায়ী বৈধতা পাওয়ার পর একদিন অপেক্ষার বিধান থাকলেও কমিশন দুই দিন অপেক্ষা করেছে। “যদি আদালত ভিন্ন কোনো নির্দেশনা দেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব,” যোগ করেন তিনি। প্রার্থিতা নিয়ে জটিলতা মনিরা শারমিনের ক্ষেত্রে সরকারি ব্যাংক থেকে অবসরের তিন বছর পূর্ণ না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হতে পারে—এমন আলোচনা শুরু হয় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল। সেদিন নির্ধারিত সময় বিকেল ৪টার ১৯ মিনিট পর জামায়াত জোটের পক্ষ থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা দেওয়া হলে, সময়োত্তীর্ণ হওয়ায় তা প্রথমে গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে ২৩ এপ্রিল যাচাই-বাছাইয়ে মনিরা শারমিনের মনোনয়নপত্রও বাতিল হয়। এর পর নুসরাত তাবাসসুম হাইকোর্টে রিট দায়ের করলে আদালত তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেয়। আদালতের নির্দেশনার পর ২ মে রিটার্নিং কর্মকর্তা পুনরায় যাচাই করে নুসরাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ৩ মে তাকে বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়। ভোটের সম্ভাবনা আছে কি? ইসি কর্মকর্তাদের মতে, মনিরা শারমিনের রিটের শুনানি শেষে আদালত যদি তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেয়, তাহলে ওই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে জামায়াত জোটের সংশ্লিষ্ট সদস্যরা ভোট দিয়ে একজনকে নির্বাচিত করবেন। আসন বণ্টন ও বর্তমান অবস্থা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বণ্টনে নির্বাচন কমিশন বিএনপি জোটকে ৩৬টি, জামায়াত জোটকে ১৩টি এবং স্বতন্ত্র জোটকে একটি আসন দেয়। নুসরাত-মনিরার আসনটি ছাড়া বাকি ৪৯টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ইতোমধ্যে শপথও নিয়েছেন। আদালত থেকে ভিন্ন কোনো নির্দেশনা না এলে, আপাতত নুসরাত তাবাসসুমকেই সংরক্ষিত নারী আসনের ৫০তম সংসদ সদস্য হিসেবে গণ্য করা হচ্ছে।
ইত্তেহাদ নিউজ,অনলাইন : মাথা নিচু করে স্থির দৃষ্টিতে তাকিয়ে ছিলেন তিনি। পরনে মলিন জামা-কাপড়, মুখেও ক্লান্তির ছাপ। কাছে গিয়ে জানতে চাইলে প্রথমে নীরবতা, তারপর সংক্ষিপ্ত উত্তর—“জন্ম নেওয়াই পাপ হইছে। তাই জন্মতারিখ ঠিক করতে ঘুরতেছি।” তিনি রঞ্জিত (ছদ্মনাম)। পেশায় ঝাড়ুদার। বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তার জন্মসাল ১৯৭৯, যা সংশোধন করে ১৯৮১ করতে চান। কিন্তু সেই সংশোধনের জন্য তাকে চারবার ঢাকায় আসতে হয়েছে—তবুও সমাধান মেলেনি। “আমরা গরিব মানুষ। প্রতিবার ঢাকায় আসতে কয়েক হাজার টাকা খরচ হয়। এই কষ্ট কারে বলবো?”—বলছিলেন তিনি। ঢাকামুখী সেবা, বাড়ছে দুর্ভোগ নির্বাচন ভবনের পুরো আটতলাজুড়ে এনআইডি সংশোধনের কাজ পরিচালিত হয়। সম্প্রতি বয়স সংশোধনের ক্ষমতা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে সরিয়ে এনআইডি মহাপরিচালকের হাতে কেন্দ্রীভূত করা হয়েছে। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে এখন ঢাকায় এসে আবেদন নিষ্পত্তি করতে হচ্ছে। রঞ্জিতের মতো আরও অনেক ভুক্তভোগীর দেখা মেলে সেখানে। কারও বয়স সংশোধনের প্রয়োজন দুই বছর, কারও পাঁচ বছর। অনেক ক্ষেত্রে শুধু জন্মসাল সংশোধন দরকার, তারিখ বা মাস ঠিক রয়েছে। ময়মনসিংহ থেকে আসা জান্নাত (ছদ্মনাম) তার মায়ের বয়স সংশোধনের জন্য ঢাকায় এসেছেন। তার বড় বোন যুক্তরাষ্ট্রে থাকেন এবং মাকে সেখানে নিতে চান। কিন্তু এনআইডিতে জন্মসাল ১৯৫৩-এর পরিবর্তে ১৯৫০ করতে না পারায় জটিলতা তৈরি হয়েছে। “ঢাকায় এসে থাকা-খাওয়ার খরচ অনেক বেশি। তার ওপর কাজ হবে কি না, সেটাও নিশ্চিত না,”—বলছিলেন তিনি। তার মতে, জেলা পর্যায়ে এই সেবা চালু করা হলে সাধারণ মানুষ উপকৃত হতো। কেন এই কেন্দ্রীকরণ? নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, আগে এই সেবা মাঠ পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছিল। তবে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর অনিয়মের কারণে সিদ্ধান্ত বদলানো হয়েছে। একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সারা বিশ্বে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়। এখানে উল্টোটা হচ্ছে। অনেক ক্ষেত্রে পুরো পরিবারকে ঢাকায় এসে শুনানিতে অংশ নিতে হচ্ছে—এটা সেবার নামে ভোগান্তি।” ব্যয় ও সময়—দুই দিকেই চাপ প্রতি বার ঢাকায় এসে থাকা-খাওয়া মিলিয়ে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এতে নিম্নআয়ের মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। কর্মকর্তাদের মতে, কেবল বয়স নয়—অন্যান্য তথ্য সংশোধনও আগের তুলনায় কঠিন করা হয়েছে। ফলে যেসব সংশোধন স্থানীয় পর্যায়ে সম্ভব, সেগুলোর জন্যও এখন কেন্দ্রে আসতে হচ্ছে। নতুন এসওপি ও ক্যাটাগরি ব্যবস্থা সম্প্রতি সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) অনুযায়ী আবেদন সাতটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—ক, ক-১, খ, খ-১, গ, গ-১ ও ঘ। ক-১ ক্যাটাগরি: করণিক ভুল বা স্বাক্ষর পরিবর্তন—সহকারী উপজেলা কর্মকর্তা নিষ্পত্তি করেন ক ক্যাটাগরি: নামের বানান সংশোধন—উপজেলা নির্বাচন কর্মকর্তা খ ক্যাটাগরি: বানান পরিবর্তনে নাম পরিবর্তন—জেলা নির্বাচন কর্মকর্তা খ-১ ক্যাটাগরি: ধর্ম বা শিক্ষাগত যোগ্যতার কারণে নাম পরিবর্তন—অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা গ ক্যাটাগরি: পুরো নাম পরিবর্তন—আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঘ ক্যাটাগরি: বয়স সংশোধন—শুধুমাত্র এনআইডি মহাপরিচালক বয়স সংশোধন সবচেয়ে জটিল হিসেবে বিবেচিত হওয়ায় এটি কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি করা হচ্ছে। আপিলের সুযোগ আবেদন বাতিল হলে সচিবের কাছে আপিল করা যায়। সেখানে সমাধান না হলে কমিশনের কাছে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। ইসি সচিব আখতার আহমেদ বলেন, “স্বচ্ছতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে অনিয়ম কমছে এবং অনৈতিক অর্থ লেনদেনও হ্রাস পাচ্ছে।” কী সমাধান হতে পারে? বিশেষজ্ঞদের মতে, পুরোপুরি কেন্দ্রীকরণ না করে আংশিক বিকেন্দ্রীকরণ করা যেতে পারে। জটিল আবেদনগুলো ঢাকায় রেখে সহজ আবেদনগুলো জেলা পর্যায়ে নিষ্পত্তির সুযোগ দিলে ভোগান্তি কমবে।
ইত্তেহাদ নিউজ,অনলাইন : হাইকোর্টের নির্দেশের পর সংরক্ষিত নারী আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি। বুধবার (২৯ এপ্রিল) রিটার্নিং অফিসার ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী ২ মে। এর আগে নির্ধারিত সময়সীমা পেরিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগে গত ২২ এপ্রিল নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বাতিল করে ইসি। পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি শেষে ২৭ এপ্রিল হাইকোর্ট নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। এদিকে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে শূন্য আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে ইসি। বেসরকারিভাবে নির্বাচিত এসব সদস্যের নাম গেজেট আকারে প্রকাশের পর তা সংসদ সচিবালয়ে পাঠানো হবে। পরে তারা শপথ গ্রহণ করে সংসদের কার্যক্রমে অংশ নিতে পারবেন। অন্যদিকে, নির্বাচনে জামায়াত জোট মনোনীত প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র সরকারি চাকরি ছাড়ার নির্ধারিত সময়সীমা পূরণ না করায় বাতিল করা হয়। সব মিলিয়ে সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে এখনো একটি আসন শূন্য রয়েছে।
বরিশাল অফিস : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বরিশাল জেলায় নির্বাচন ব্যয়ের অর্থ ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন জেলার রিটার্নিং অফিসার এবং বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। একাধিক সূত্রের দাবি, প্রকৃত বাস্তবতার তুলনায় দুর্গম ভোট কেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যা অতিরিক্ত দেখিয়ে নির্বাচন কমিশন থেকে বরাদ্দকৃত অর্থের একটি অংশ আত্মসাতের চেষ্টা করা হয়েছে—এমন আলোচনা প্রশাসনের অভ্যন্তরে রয়েছে। তবে এ অভিযোগের আর্থিক পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। একটি সূত্রের দাবি অনুযায়ী, সম্ভাব্য অনিয়মের পরিমাণ প্রায় ৬২ লাখ টাকা পর্যন্ত হতে পারে। ১৩ কোটি টাকার বরাদ্দ ও ব্যয়ের কাঠামো চলতি বছরের ২৭ জানুয়ারি উপসচিব (নির্বাচন পরিচালনা–১) রাশেদুল ইসলাম স্বাক্ষরিত একটি স্মারকের মাধ্যমে বরিশাল জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরিচালনার জন্য মোট ১৩ কোটি ১১ লাখ ২২ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দপত্র অনুযায়ী, সাধারণ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পরিবহন ও ফেরত আনার জন্য কেন্দ্রপ্রতি ৫ হাজার টাকা এবং দুর্গম কেন্দ্রের ক্ষেত্রে ৭ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। দুর্গম কেন্দ্র ও কক্ষের সংখ্যায় ভিন্নতা বরিশাল জেলা সিনিয়র নির্বাচন অফিসারের একটি স্মারক অনুযায়ী, জেলায় দুর্গম ভোট কেন্দ্রের সংখ্যা ১৯৫টি এবং দুর্গম ভোট কক্ষ ১,৮৯৩টি। তবে বিভিন্ন উপজেলা নির্বাচন অফিসের নথিতে এই সংখ্যায় অসামঞ্জস্য পাওয়া গেছে। নথিপত্র বিশ্লেষণে দেখা যায়— মেহেন্দিগঞ্জ উপজেলায় দুর্গম কেন্দ্র প্রথমে ১০০টি উল্লেখ থাকলেও পরে তা সংশোধন করে ৫৫টি করা হয়। মুলাদীতে ৭২টি কেন্দ্রের সংখ্যা পরে কমিয়ে ৩৯টি করা হয়। হিজলায় ৪৯টি কেন্দ্র কমিয়ে ২৩টি করা হয়। বানারীপাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ ও বরিশাল সদরে দুর্গম কেন্দ্র ও কক্ষের সংখ্যা ভিন্ন ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। গৌরনদী উপজেলায় দুর্গম কেন্দ্র ও কক্ষ শূন্য দেখানো হয়েছে। নথিগুলোতে একাধিকবার কাটাছেঁড়া ও সংশোধনের বিষয়টি দেখা গেলেও এসব পরিবর্তনের অনুমোদন কে দিয়েছে, তা স্পষ্ট নয়।সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। অর্থ না পেয়েও বিল-ভাউচার জমার অভিযোগ একাধিক সূত্রের দাবি, কিছু উপজেলা পর্যায়ে এখনো নির্বাচনী ব্যয়ের অর্থ পৌঁছায়নি, যদিও সংশ্লিষ্ট বরাদ্দ ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে বলে তারা দাবি করেন। একজন নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ করে বলেন, “জেলা অফিসে ডেকে বিল-ভাউচার জমা দিতে বলা হয়েছে, কিন্তু এখনো কোনো অর্থ হাতে পাইনি।” তবে এই বক্তব্যও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রশাসনিক বদলি নিয়ে প্রশ্ন সূত্রগুলো আরও দাবি করেছে, নির্বাচনকালীন সময়ে কিছু কর্মকর্তার পদায়ন ও বদলিকে কেন্দ্র করে অভ্যন্তরীণ অসন্তোষ তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী, অর্থসংক্রান্ত তথ্য বা অনিয়ম নিয়ে জানতেন—এমন কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন শাখা বা জেলায় বদলি করা হয়েছে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় অনীহা এ বিষয়ে সংশ্লিষ্ট একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও অনেকেই ফোন রিসিভ করেননি বা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, “নির্বাচন সংক্রান্ত তথ্যের জন্য উপজেলা নির্বাচন অফিসারের সঙ্গে যোগাযোগ করুন।” এরপর তিনি কল কেটে দেন। অন্যদিকে জেলা প্রশাসন বা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। যা এখনো স্পষ্ট নয় বর্তমানে যেসব প্রশ্নের উত্তর অনিশ্চিত রয়ে গেছে— দুর্গম কেন্দ্র ও কক্ষের সংখ্যা কেন একাধিক নথিতে ভিন্নভাবে উল্লেখ করা হলো সংশোধিত নথির অনুমোদন কে দিয়েছে বরাদ্দকৃত অর্থ মাঠপর্যায়ে পৌঁছেছে কি না এবং অভিযোগ অনুযায়ী অর্থ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম হয়েছে কি না বরিশালে নির্বাচন ব্যবস্থাপনার অর্থ বরাদ্দ ও ব্যয় সংক্রান্ত এসব অভিযোগ এখনো তদন্তাধীন ও অসমর্থিত। প্রশাসনের অভ্যন্তরে আলোচনা ও নথিগত ভিন্নতার বিষয়টি সামনে এলেও, এর সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে সংশ্লিষ্টদের অভিমত। এই মুহূর্তে সব অভিযোগই প্রাথমিক পর্যায়ের দাবি হিসেবে বিবেচিত হচ্ছে, এবং চূড়ান্ত সত্য নির্ধারণের জন্য সরকারি ও স্বাধীন তদন্তের অপেক্ষা রয়েছে।
ইত্তেহাদ নিউজ,অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান। তিনি বলেন, যাচাই-বাছাইয়ের সময় মনিরা শারমিনের দাখিল করা কিছু কাগজপত্রে ঘাটতি পাওয়া যায়। পরে নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো জমা দেওয়া হলেও সংরক্ষিত নারী আসন সংক্রান্ত আইন এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর প্রাসঙ্গিক ধারা পর্যালোচনায় দেখা যায়, তিনি একটি স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি—কৃষি ব্যাংকে কর্মরত ছিলেন। আরপিও অনুযায়ী, এমন প্রতিষ্ঠানে চাকরি ছাড়ার বা অবসরের পর নির্বাচনে অংশ নিতে কমপক্ষে তিন বছর অতিবাহিত হতে হয়। কিন্তু মনিরা শারমিনের ক্ষেত্রে সেই সময়সীমা পূরণ হয়নি বলে জানায় ইসি। এ কারণেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন মনিরা শারমিন। উল্লেখ্য, মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে যোগ দেন এবং রাজনীতিতে যুক্ত হওয়ার পর ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি থেকে পদত্যাগ করেন। আইন অনুযায়ী, সরকারি বা স্ট্যাটিউটরি প্রতিষ্ঠানের চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হলে কেউ নির্বাচনে অংশ নিতে অযোগ্য বিবেচিত হন। এদিকে এই সিদ্ধান্তের ফলে জামায়াত জোটের সংরক্ষিত নারী আসনের একটি আসন কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, ওই আসনটি নতুন বণ্টনে উন্মুক্ত হিসেবে গণ্য হলে তা বিএনপি জোটের দিকে যেতে পারে। দুই দিনের বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র মোর্চার একজনসহ মোট ৪৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ইত্তেহাদ নিউজ,অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী জেবা আমিনা আল গাজী'র বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব, হলফনামায় সম্পদের তথ্য গোপন এবং একাধিক ফৌজদারি ও দেওয়ানি মামলার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা অভিযোগপত্রে দাবি করা হয়েছে, জেবা আমিনা আল গাজী বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ করেছেন। অভিযোগকারীর মতে, সংবিধানের ৬৬ (২) অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব থাকলে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারাবেন। সম্পদ গোপনের অভিযোগ: অভিযোগে আরও বলা হয়েছে, প্রার্থী তার নির্বাচনী হলফনামায় স্থাবর সম্পদের পূর্ণ তথ্য প্রকাশ করেননি। অভিযোগকারীর দাবি অনুযায়ী, রাজধানীর গুলশান এলাকায় ১০৮ নং রোডের একটি ভবনে তার নামে সাতটি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে পাঁচটি ফ্ল্যাটের হোল্ডিং ট্যাক্স দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে, যার পরিমাণ প্রায় ৩২ লাখ টাকার বেশি। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, এসব সম্পদের তথ্য হলফনামায় অন্তর্ভুক্ত করা হয়নি, যা গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। দ্বৈত নাগরিকত্ব তথ্য: অভিযোগ পত্রের সাথে সংযুক্ত নথিতে যুক্তরাজ্যভিত্তিক একটি কোম্পানির রেকর্ড উল্লেখ করা হয়েছে, যেখানে জেবা আমিনাকে পরিচালক হিসেবে দেখানো হয়। কোম্পানিটি পরবর্তীতে বিলুপ্ত হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। তার জাতীয়তা, বসবাস এবং ব্যবসায়িক সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। একাধিক মামলা ও অভিযোগ: অভিযোগে আরও বলা হয়েছে, জেবা আমিনা খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে জালিয়াতি, পারিবারিক বিরোধ, সন্তানের অভিভাবকত্ব সংক্রান্ত মামলা এবং সশস্ত্র হামলার অভিযোগ। তবে এসব মামলার কোনোটিরই চূড়ান্ত নিষ্পত্তি বা রায়ের বিষয়ে অভিযোগপত্রে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। নির্বাচন কমিশনে তদন্তের দাবি: অভিযোগকারী নির্বাচন কমিশনের কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সংসদের সংরক্ষিত নারী আসনের আসন্ন নির্বাচনে কোনো রাজনৈতিক জোটে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানা গেছে। ইসি সচিবালয় জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছিল। ওই চিঠিতে দলগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে জানাতে বলা হয়—তারা জোটগতভাবে নাকি স্বতন্ত্রভাবে প্রার্থী দেবে। এর জবাবে রুমিন ফারহানা কমিশনকে জানিয়েছেন, তিনি কোনো জোটে যোগ দেবেন না। ফলে এই নির্বাচনে তিনি কেবল একজন ভোটার হিসেবে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। কোনো দল বা জোটের পক্ষে প্রার্থী মনোনয়নে তার ভূমিকা থাকবে না। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। বিদ্যমান আইনে সংসদে দলগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সে অনুযায়ী, যেসব দলের সংসদে সদস্য সংখ্যা বেশি, তারা বেশি সংখ্যক সংরক্ষিত আসন পায়। বর্তমানে নির্বাচন কমিশন আনুপাতিক হার নির্ধারণ এবং ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছে। জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী, স্বতন্ত্র সংসদ সদস্যরা চাইলে কোনো জোটে যোগ দিয়ে তাদের ভোট জোটের অনুকূলে দিতে পারেন, যা সংশ্লিষ্ট জোটের আসন সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে। তবে রুমিন ফারহানা সেই সুযোগ গ্রহণ না করে স্বতন্ত্র অবস্থানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করার লক্ষ্য নিয়ে নেওয়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প এখন বড় ধরনের বিতর্কের কেন্দ্রে। প্রকল্পটির আর্থিক অনিয়ম, ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় দেড় লাখ ইভিএম মেশিন কেনার জন্য প্রায় ৩ হাজার ৮২৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। তবে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাজারমূল্যের তুলনায় বহু গুণ বেশি দামে এই মেশিন কেনা হয়েছে, যার ফলে রাষ্ট্রের প্রায় ৩ হাজার ১৭২ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বড় প্রযুক্তিগত প্রকল্পে সাধারণত উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করা হয়। কিন্তু এই প্রকল্পে সেই নিয়ম অনুসরণ না করে সরাসরি ক্রয় পদ্ধতি গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, সেনাবাহিনীর একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সরবরাহ করা হলেও যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করা হয়েছে, যা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। এদিকে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও কর্মকর্তার বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ দায় স্বীকার করেননি, তবে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও কার্যকর জবাবদিহিতার অভাব নিয়ে সমালোচনা রয়েছে। প্রযুক্তিগত দিক থেকেও প্রকল্পটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, বিপুল ব্যয়ে কেনা মেশিনের একটি বড় অংশ বর্তমানে অচল বা ব্যবহার অযোগ্য। সাম্প্রতিক অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক মেশিন ত্রুটিপূর্ণ পাওয়া গেছে বলেও জানা গেছে। এছাড়া দীর্ঘমেয়াদি ব্যবহারের বিষয়টি উপেক্ষা করার অভিযোগও রয়েছে। যেখানে ১০ বছরের ওয়ারেন্টির সুপারিশ ছিল, সেখানে মাত্র এক বছরের ওয়ারেন্টি দেওয়া হয়—যা প্রকল্পের টেকসই ব্যবস্থাপনা নিয়ে সন্দেহ তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে প্রকল্পটি বাস্তবায়নের সময়কাল এবং প্রেক্ষাপট এই বিতর্ককে আরও জটিল করেছে। অনেক রাজনৈতিক দল শুরু থেকেই ইভিএম ব্যবহারের বিরোধিতা করে আসছিল। বর্তমান নির্বাচন কমিশন ইতোমধ্যে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে, যা অনেকের কাছে প্রকল্পটির ব্যর্থতার একটি পরোক্ষ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। এ পরিস্থিতিতে দুর্নীতি দমন কমিশনের তদন্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও, বিশ্লেষকদের মতে, কেবল তদন্ত নয়—দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণই হবে প্রকৃত জবাবদিহিতা নিশ্চিত করার মূল শর্ত। সবশেষে প্রশ্ন রয়ে যায়—জনগণের হাজার হাজার কোটি টাকা কীভাবে ব্যয় হলো এবং কারা এর সুবিধাভোগী? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা এখন শুধু আর্থিক বিষয় নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা পুনর্গঠনের জন্যও জরুরি হয়ে উঠেছে।
ঢাকা: আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ উপনির্বাচন এবং প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। ইসি সূত্র জানিয়েছে, এ দুই আসনে ৯ এপ্রিল ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আজ বিকেলে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে বিস্তারিত জানানো হবে। পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ জানা গেছে, বগুড়া-৬ ও শেরপুর-৩—উভয় আসনেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রাখা হচ্ছে। প্রবাসী ভোটার ও বিশেষ পরিস্থিতিতে থাকা ভোটাররা নির্ধারিত নিয়ম অনুসরণ করে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। কেন শূন্য হলো আসন দুটি? ইসি কর্মকর্তারা জানান, বগুড়া-৬ আসনটি শূন্য হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যানের পদত্যাগের কারণে। ফলে সংবিধান অনুযায়ী সেখানে উপনির্বাচন আয়োজন করা হচ্ছে। অন্যদিকে, শেরপুর-৩ আসনের একজন প্রার্থী ভোটগ্রহণের আগেই মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন ওই আসনের নির্বাচন বাতিল ঘোষণা করে। আইন অনুযায়ী প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের ভোট স্থগিত বা বাতিল করা হয় এবং পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করা হয়। বিকেলে বিস্তারিত ঘোষণা ইসি সূত্রে আরও জানা গেছে, বিকেলে আনুষ্ঠানিক তফসিল ঘোষণার মাধ্যমে মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই, প্রত্যাহার এবং ভোটগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি জানানো হবে। রাজনৈতিক মহলে ইতোমধ্যে এ দুই আসনকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি এবং দলীয় কৌশল নির্ধারণে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন সংশ্লিষ্ট সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে ২৯৬ জনের একটি ভোটার তালিকা পাঠানো হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, প্রাপ্ত ভোটার তালিকা যাচাই-বাছাই শেষে পরবর্তী নির্বাচন–সংক্রান্ত কার্যক্রম শুরু করবে কমিশন। আইন অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন কার্যদিবসের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠাতে হয়। সেই বিধান অনুসারেই সংসদ সচিবালয় নির্ধারিত সময়ের মধ্যে তালিকা প্রেরণ করেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনের ভোট সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে এবং প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার তালিকা যাচাই শেষ হলে তফসিল ঘোষণা ও অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে এগিয়ে যাবে। উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের সদস্যরা সংসদের নির্বাচিত সদস্যদের ভোটে নির্বাচিত হন। সরাসরি জনগণের ভোটে নয়, বরং সংসদ সদস্যদের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে, নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী রমজান মাসের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন করা হলে নতুন নির্বাচিত সদস্যরা দ্রুত শপথ নিয়ে সংসদের কার্যক্রমে অংশ নিতে পারবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই দেশের নির্বাচন কমিশন (ইসি) মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল করেছে। দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে কর্মরত মোট ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। নির্বাচন-পরবর্তী সময়ের মধ্যে এটিই সবচেয়ে বড় প্রশাসনিক রদবদল বলে জানা গেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসি জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশনা জারি করা হয়। আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্তির নির্দেশ বদলি হওয়া কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ১ মার্চের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন না হলে ১ মার্চ অপরাহ্ণে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। সামনে স্থানীয় সরকার নির্বাচন ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি সবচেয়ে বড় রদবদল। সামনে দেশের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ বৃহৎ পরিসরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক এর আগে একই দিন ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়। ইইউ রাষ্ট্রদূত এ সময় নির্বাচন কমিশনকে সহযোগিতার বিষয়ে আশ্বাস দেন এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নির্বাচন কমিশনের এই প্রশাসনিক পদক্ষেপকে আসন্ন নির্বাচনসমূহ সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে ২৫৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ২ দশমিক ৭০ শতাংশ ভোট পেয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে ৩৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ২ দশমিক ০৯ শতাংশ ভোট পেয়েছে। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ১৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছে। এছাড়া নির্বাচনে ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছে। ইসি সচিব জানান, ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের (চট্টগ্রাম ২ ও ৪) ফলাফল ঘোষণা করা হয়নি। বাকি ২৯৭টি আসনের প্রাপ্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। তিনি জানান, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়লাভ করে। এছাড়া ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। আখতার আহমেদ জানান, জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে কাস্টিং ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ।
জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ২০৯টির বেশি আসনে জয়লাভের মাধ্যমে দলটি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। তবে প্রশ্ন উঠছে—নতুন সরকার গঠন কীভাবে হবে এবং বর্তমান প্রশাসন থেকে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে? গেজেট প্রকাশ না হলে ফল চূড়ান্ত নয় নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফল আনুষ্ঠানিক নয়। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হওয়ার পরই তা চূড়ান্ত বলে গণ্য হবে। গেজেট প্রকাশের পর থেকেই শপথ গ্রহণের সময়সীমা গণনা শুরু হয়। সংসদ সদস্যদের শপথ: কে পড়াবেন? সংবিধানের ১৪৫ ও ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করতে হয়। সাধারণত জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পাঠ করান। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতির কারণে বিকল্প ব্যবস্থা নেওয়া হতে পারে। সংবিধান অনুযায়ী: রাষ্ট্রপতি শপথ পাঠের জন্য কাউকে মনোনীত করতে পারেন যদি তিন দিনের মধ্যে তা সম্ভব না হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী তিন দিনের মধ্যে শপথ পড়াবেন আইন বিশেষজ্ঞদের মতে, দ্রুত ক্ষমতা হস্তান্তরের স্বার্থে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তির মাধ্যমেই শপথ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার সম্ভাবনা বেশি। সরকার গঠনের আমন্ত্রণ দেবেন রাষ্ট্রপতি শপথ গ্রহণ শেষে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে রাষ্ট্রপতির মাধ্যমে। বাংলাদেশের রাষ্ট্রপতি সেই দল বা জোটের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন, যিনি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন। সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী: যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাষ্ট্রপতি তাঁহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন। অর্থাৎ, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রথমে সংসদ নেতা হিসেবে মনোনীত হবেন এবং রাষ্ট্রপতির মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। শপথের সঙ্গে সঙ্গেই কার্যভার গ্রহণ সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আগের সরকারের দায়িত্ব শেষ হবে এবং নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। কত দ্রুত সম্পন্ন হতে পারে পুরো প্রক্রিয়া? বিশ্লেষকদের মতে: গেজেট প্রকাশে কয়েকদিন সময় লাগতে পারে গেজেটের পর তিন দিনের মধ্যে শপথ প্রয়োজনে আরও তিন দিন সময় সবকিছু স্বাভাবিক থাকলে নির্বাচনের প্রায় ৫ থেকে ৬ দিনের মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। রাজনৈতিক গুরুত্ব সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর নতুন সরকারের সামনে থাকবে অর্থনৈতিক স্থিতিশীলতা, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সমঝোতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক জোরদারের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় শান্তিপূর্ণ ও সাংবিধানিক ক্ষমতা হস্তান্তর একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক আসন পেয়ে বিজয়ী হয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। এ পর্যন্ত পাওয়া ফলাফলে ২১৩টি সংসদীয় আসনে জয় লাভ করেছে দলটি। এর আগের রেকর্ড ছিল ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য বলছে, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে একক ভাবে ১৯৩টি আসনে জয় পেয়েছিল বিএনপি। এই নির্বাচনে বিএনপি দলটির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অংশ নিয়েছিল। এছাড়া ১৯৯১ সালের নির্বাচনেও বড় জয় পেয়েছিল বিএনপি। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৪০টি আসনে জয় লাভ করেছিল দলটি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ৫৯ দশমিক ৪৪ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৯৯টি আসনে গড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ ভোটের হার নির্ধারণ করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ইসি জানিয়েছিল, ভোটের হার পরে জানানো হবে। ইসির পক্ষ থেকে বলা হয়েছিল, অধিকাংশ আসনে পোস্টালভোট যুক্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে এই পরিসংখ্যান জানালে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোট গণণা সম্পন্ন করেই এ তথ্য জানানো হবে। এর আগে, বাংলাদেশে অনুষ্ঠিত ১২টি সংসদ নির্বাচনের মধ্যে সবচেয়ে বেশি ৮৭ দশমিক ১৩ শতাংশ ভোট পড়েছিল ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে। এছাড়া সবচেয়ে কম ৪৯ দশমিক ৬৭ শতাংশ ভোট পড়েছিল ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে।
দেশের ইতিহাসে নজিরবিহীন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, ঘোষিত ২৯৬টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৭টি আসন। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন, যার মধ্যে এনসিপি পেয়েছে ৬টি আসন। স্বতন্ত্রসহ অন্যান্য প্রার্থীরা জয়লাভ করেছেন ১২টি আসনে। শেরপুর-২, চট্টগ্রাম-৪ ও চট্টগ্রাম-৬ আসনের ফলাফল মামলার কারণে স্থগিত রয়েছে। এছাড়া প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বড় জয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত সংস্কারবিষয়ক গণভোটেও বড় ব্যবধানে জয় পেয়েছে ‘হ্যাঁ’। নির্বাচন কমিশনের তথ্যমতে, গণভোটে ৭৫ শতাংশের বেশি ভোট পড়েছে ‘হ্যাঁ’-এর পক্ষে। সংসদ নির্বাচনে মোট ভোটার উপস্থিতি ছিল প্রায় ৬১ শতাংশ। প্রথমবারের মতো ব্যাপক পরিসরে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। এর মধ্যে প্রবাসী ভোটার ছিলেন ৪ লাখ ৭১ হাজার ৯৭৩ জন এবং দেশের অভ্যন্তরে ৬ লাখ ১ হাজার ৫২৪ জন। তারেক রহমানের দ্বৈত আসনে জয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো দুটি আসনে নির্বাচন করে দুটিতেই জয়লাভ করেছেন। তিনি বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয় পান এবং ঢাকা-১৭ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সামান্য ব্যবধানে বিজয়ী হন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। জামায়াতের ইতিহাসে সর্বোচ্চ আসন জামায়াতে ইসলামী এবারের নির্বাচনে তাদের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসন লাভ করে সংসদের প্রধান বিরোধী দল হওয়ার গৌরব অর্জন করেছে। রাজধানী ঢাকায় তুলনামূলকভাবে ভালো ফলাফল করে দলটি। ঢাকা-১৫ আসনে দলটির আমির জয়লাভ করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। ঢাকা-১৬ আসনে জামায়াতের প্রার্থী কর্নেল (অব.) আবদুল বাতেন বিজয়ী হয়েছেন। ঢাকা-৮ আসনে রাতভর উত্তেজনার পর বিএনপির মির্জা আব্বাস ৪ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে জয়ী হন। শান্তিপূর্ণ ভোটে ‘ঈদ উৎসব’ আমেজ জুলাই বিপ্লব-পরবর্তী মুক্ত পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনকে ভোটাররা ‘ঈদ উৎসব’ হিসেবে আখ্যায়িত করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভোট প্রদান শেষে সবাইকে ‘ঈদ মোবারক’ জানান এবং বলেন, “এ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অভূতপূর্ব যাত্রা শুরু হলো।” সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে কেন্দ্রেই ভোট গণনা করা হয় এবং রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। সারাদেশে উল্লেখযোগ্য ফলাফল বগুড়া, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও জামায়াত জোটের প্রার্থীরা জয়লাভ করেছেন। রাজধানী ঢাকায় কয়েকটি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে এবং কয়েকটি আসনে ফলাফল নিয়ে আপত্তিও উত্থাপিত হয়েছে। রাতভর বিতর্ক ও চরম উত্তেজনার পর ঢাকা-৮ আসনের বিএনপির মির্জা আব্বাসকে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর চেয়ে ৪ হাজার ৯৮০ ভোট বেশি পেয়েছেন। মির্জা আব্বাস পেয়েছেন ৫৬ হাজার ৫৫২, পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। ঢাকা-১৬ আসনে বিএনপির আমিনুল হক হেরে গেছেন। এ আসনে জামায়াতের কর্নেল (অব.) আবদুল বাতেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের প্রতিদ্বন্দ্বী বিএনপির ববি হাজ্জাজকে বিজয়ী ঘোষণার পর নির্বাচন কমিশিনে গিয়ে প্রতিবাদ জানিয়েছে মামুনুল হক। জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে শেষ খবর পাওয়া পর্যন্ত অবস্থান করছিল। ঘোষিত বেসরকারি ফলাফলে নীলফামারী-১ আসনে জামায়াতের মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২ (সদর) আসনে জামায়াতের আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াতের ওবায়দুল্লাহ সালাফী, নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনে জামায়াতের আব্দুল মুনতাকিম, কুড়িগ্রাম-৩ (উলিপুরা) আসনে জামায়াতের মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান, রংপুর-২ আসনে জামায়াতের এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন, বগুড়া-১ আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনে বিএনপির মীর শাহে আলম, বগুড়া-৩ আসনে বিএনপির আবদুল মহিত তালুকদার, বগুড়া-৫ আসনে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বগুড়া-৭ আসনে (গাবতলী ও শাজাহানপুর) বিএনপির মোরশেদ মিল্টন, পাবনা-১ (সাঁথিয়া) আসনে জামায়াতের নাজিবুর রহমান মোমেন, মাগুরা-১ আসনে বিএনপির মনোয়ার হোসেন, মাগুরা-২ আসনে বিএনপির নিতাই রায় চৌধুরী, ঝিনাইদহ-১ আসনে বিএনপির মো. আসাদুজ্জামান, খুলনা-৩ আসনে (সিটি করপোরেশনের ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড, যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়ন) বিএনপির রকিবুল ইসলাম (বকুল), খুলনা-৪ আসনে বিএনপির আজিজুল বারী হেলাল, খুলনা-৫ (ফুলতলা, ডুমুরিয়া ও গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা) বিএনপির আলী আসগার (লবি), বরিশাল-৫ আসনে মজিবর রহমান সরওয়ার, নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিএনপির কায়সার কামাল, নেত্রকোনা-৪ আসনে বিএনপির লুৎফুজ্জামান বাবর, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে এম রশিদুজ্জামান (মিল্লাত), জামালপুর-২ (ইসলামপুর) আসনে সুলতান মাহমুদ (বাবু), জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মোস্তাফিজুর রহমান (বাবুল), জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ফরিদুল কবীর তালুকদার (শামীম), জামালপুর-৫ (সদর) আসনে শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী (মামুন), ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির তমিজ উদ্দিন, মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনে বিএনপির আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে বিএনপির মোহাম্মদ কামরুজ্জামান, নরসিংদী-৩ আসনে মনজুর এলাহী, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে বিএনপির নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাপুর ও শান্তিগঞ্জ) বিএনপির মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে (সদর ও বিশ্বম্ভরপুর) বিএনপির নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) বিএনপির কলিম উদ্দিন আহমেদ, সিলেট-২ আসনে বিএনপির ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর (লুনা), সিলেট-৩ আসনে বিএনপির এমএ মালিক, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির রেজা কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির শাহাদাত হোসেন সেলিম, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির নুরুল আমিন, ঢাকা-২ আসনে বিএনপির আমানউল্লাহ আমান, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতের মোহাম্মদ জহিরুল ইসলাম, কক্সবাজার-১ আসনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন। প্রথমবারের মতো এবার সংসদ নির্বাচনে ভোটাররা বড় পরিসরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এর আগে আইনে পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ থাকলেও এর প্রচলন ছিল না। ইসির তথ্যানুযায়ী, ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। এর মধ্যে প্রবাসী চার লাখ ৭১ হাজার ৯৭৩ জন এবং দেশের ছয় লাখ এক হাজার ৫২৪ জন। প্রায় ১ শতাংশ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। কৃতজ্ঞতা ও প্রতিক্রিয়া নির্বাচন সম্পন্ন হওয়ায় বিএনপি নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে। অপরদিকে জামায়াতে ইসলামী বলেছে, বাংলাদেশের ইতিহাসে অনন্য এক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উভয় দলই গণতন্ত্রের উত্তরণে জনগণের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে।
নানা জল্পনা-কল্পনা ও রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে আজ (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে, যা দেশের নির্বাচনি ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। বিগত শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি বিতর্কিত নির্বাচনের পর এ নির্বাচন ঘিরে দীর্ঘদিন অনিশ্চয়তা ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে এ নির্বাচন আয়োজন করা হচ্ছে। আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত হওয়ায় শুরুতে ভোটার উপস্থিতি নিয়ে সংশয় থাকলেও নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দুই দিনের সরকারি ছুটি এবং অতিরিক্ত ছুটির সুযোগে অনেকেই গ্রামে ফিরেছেন; বাস, ট্রেন ও লঞ্চে ছিল ঈদের আমেজ। আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া ভোট হলেও বিএনপি ও জামায়াত জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে সারাদেশে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট স্থগিত হওয়ায় সারাদেশে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৭৫৫ জন প্রার্থী। পাশাপাশি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন প্রশ্নে গোলাপি ব্যালটে গণভোটে অংশ নিচ্ছেন প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি ৯০ লাখ তরুণ ভোটার, যাদের একটি বড় অংশ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করছেন। বিশ্লেষকদের মতে, এ তরুণ ভোটাররাই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে, যার মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন ৯ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সেনা, নৌ ও বিমানবাহিনীসহ পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি পুলিশ, সিসি ক্যামেরা ও বডিওর্ন ক্যামেরা ব্যবহারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনকে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোট গণনায় সময় বেশি লাগতে পারে। কেন্দ্রভিত্তিক ফলাফল গণনা শেষে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে আসনভিত্তিক চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা ধারণা দিচ্ছেন, চূড়ান্ত ফল পেতে শুক্রবার বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। দীর্ঘদিনের বিতর্ক ও আস্থাহীনতার পর আজকের নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে সকল ভোট কেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। আজ অনুষ্ঠেয় ভোট গ্রহণকে সামনে রেখে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জেলার ২৩৭টি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বুধবার সকালে উপজেলার ৭৭টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়। একইভাবে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনের ৯০টি এবং সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনের ১৩৭টি কেন্দ্রেও সরঞ্জাম পাঠানো হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে সরঞ্জাম বুঝিয়ে দেন। পরে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো.মমিন উদ্দিন জানান, ঝালকাঠি জেলার দু’টি আসনে মোট ২৩৭টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোট কক্ষ ১ হাজার ৩৩৫টি। এরমধ্যে ১ হাজার ২৪৯টি স্থায়ী এবং ৮৬টি অস্থায়ী। জেলার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৮২৬ জন। এরমধ্যে পুরুষ ৩ লাখ ১ হাজার ৮৭৭ জন, নারী ২ লাখ ৯১ হাজার ৯৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। উপজেলা ভিত্তিতে রাজাপুরে ২ লাখ ২৮ হাজার ৪৩০ জন। সদর উপজেলায় ১ লাখ ৮৮ হাজার ৫৩৫ জন এবং নলছিটিতে ১ লাখ ৭৬ হাজার ৮৬১ জন ভোটার রয়েছেন। গড়ে প্রতি কেন্দ্রে প্রায় আড়াই হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন জেলার ১৩৩টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এরমধ্যে ৮৩টি গুরুত্বপূর্ণ ও ৫০টি অধিকতর গুরুত্বপূর্ণ। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশ ও ১৫ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ২৩৭টি কেন্দ্রের সার্বিক নিরাপত্তায় পুলিশ, র্যাব ও বিজিবিসহ মোট ৪ হাজার ৫৭৯ জন সদস্য দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনী ও নৌবাহিনী টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে। ঝালকাঠির জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. মমিন উদ্দিন বলেন, জেলার দুই আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, সিসিটিভি স্থাপন এবং সরঞ্জাম বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত দিনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে। সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে গণভোট ও সাধারণ ভোটের ব্যালট পেপারসহ সব সরঞ্জাম বুঝিয়ে দেয়া হয়েছে। বিকেলের মধ্যেই সব কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে গেছে। সংশ্লিষ্টদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। উল্লেখ্য, ঝালকাঠি-১ আসনে ১০ জন প্রার্থী এবং ঝালকাঠি-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। দুই আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, জেএসডি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলীয়, জোটভুক্ত ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১৮ জন প্রার্থী মাঠে রয়েছেন। তাদের মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন। প্রশাসনিক কাঠামো অনুযায়ী জেলায় চারটি উপজেলা-রাজাপুর, কাঁঠালিয়া, ঝালকাঠি সদর ও নলছিটি। দু’টি পৌরসভা ও ৩২টি ইউনিয়ন-ওয়ার্ড নিয়ে গঠিত এই জেলায় নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জেলা প্রশাসক আশাবাদী আগামীকাল নির্ধারিত সময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে। কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে। কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি। মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।