দেশের ইতিহাসে নজিরবিহীন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, ঘোষিত ২৯৬টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৭টি আসন। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন, যার মধ্যে এনসিপি পেয়েছে ৬টি আসন। স্বতন্ত্রসহ অন্যান্য প্রার্থীরা জয়লাভ করেছেন ১২টি আসনে।
শেরপুর-২, চট্টগ্রাম-৪ ও চট্টগ্রাম-৬ আসনের ফলাফল মামলার কারণে স্থগিত রয়েছে। এছাড়া প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত সংস্কারবিষয়ক গণভোটেও বড় ব্যবধানে জয় পেয়েছে ‘হ্যাঁ’। নির্বাচন কমিশনের তথ্যমতে, গণভোটে ৭৫ শতাংশের বেশি ভোট পড়েছে ‘হ্যাঁ’-এর পক্ষে।
সংসদ নির্বাচনে মোট ভোটার উপস্থিতি ছিল প্রায় ৬১ শতাংশ।
প্রথমবারের মতো ব্যাপক পরিসরে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। এর মধ্যে প্রবাসী ভোটার ছিলেন ৪ লাখ ৭১ হাজার ৯৭৩ জন এবং দেশের অভ্যন্তরে ৬ লাখ ১ হাজার ৫২৪ জন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো দুটি আসনে নির্বাচন করে দুটিতেই জয়লাভ করেছেন।
তিনি বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয় পান এবং ঢাকা-১৭ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সামান্য ব্যবধানে বিজয়ী হন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
জামায়াতে ইসলামী এবারের নির্বাচনে তাদের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসন লাভ করে সংসদের প্রধান বিরোধী দল হওয়ার গৌরব অর্জন করেছে। রাজধানী ঢাকায় তুলনামূলকভাবে ভালো ফলাফল করে দলটি।
ঢাকা-১৫ আসনে দলটির আমির জয়লাভ করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
ঢাকা-১৬ আসনে জামায়াতের প্রার্থী কর্নেল (অব.) আবদুল বাতেন বিজয়ী হয়েছেন।
ঢাকা-৮ আসনে রাতভর উত্তেজনার পর বিএনপির মির্জা আব্বাস ৪ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে জয়ী হন।
জুলাই বিপ্লব-পরবর্তী মুক্ত পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনকে ভোটাররা ‘ঈদ উৎসব’ হিসেবে আখ্যায়িত করেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভোট প্রদান শেষে সবাইকে ‘ঈদ মোবারক’ জানান এবং বলেন,
“এ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অভূতপূর্ব যাত্রা শুরু হলো।”
সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে কেন্দ্রেই ভোট গণনা করা হয় এবং রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
বগুড়া, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও জামায়াত জোটের প্রার্থীরা জয়লাভ করেছেন।
রাজধানী ঢাকায় কয়েকটি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে এবং কয়েকটি আসনে ফলাফল নিয়ে আপত্তিও উত্থাপিত হয়েছে।
রাতভর বিতর্ক ও চরম উত্তেজনার পর ঢাকা-৮ আসনের বিএনপির মির্জা আব্বাসকে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর চেয়ে ৪ হাজার ৯৮০ ভোট বেশি পেয়েছেন। মির্জা আব্বাস পেয়েছেন ৫৬ হাজার ৫৫২, পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। ঢাকা-১৬ আসনে বিএনপির আমিনুল হক হেরে গেছেন। এ আসনে জামায়াতের কর্নেল (অব.) আবদুল বাতেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের প্রতিদ্বন্দ্বী বিএনপির ববি হাজ্জাজকে বিজয়ী ঘোষণার পর নির্বাচন কমিশিনে গিয়ে প্রতিবাদ জানিয়েছে মামুনুল হক। জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে শেষ খবর পাওয়া পর্যন্ত অবস্থান করছিল। ঘোষিত বেসরকারি ফলাফলে নীলফামারী-১ আসনে জামায়াতের মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২ (সদর) আসনে জামায়াতের আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াতের ওবায়দুল্লাহ সালাফী, নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনে জামায়াতের আব্দুল মুনতাকিম, কুড়িগ্রাম-৩ (উলিপুরা) আসনে জামায়াতের মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান, রংপুর-২ আসনে জামায়াতের এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন, বগুড়া-১ আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনে বিএনপির মীর শাহে আলম, বগুড়া-৩ আসনে বিএনপির আবদুল মহিত তালুকদার, বগুড়া-৫ আসনে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বগুড়া-৭ আসনে (গাবতলী ও শাজাহানপুর) বিএনপির মোরশেদ মিল্টন, পাবনা-১ (সাঁথিয়া) আসনে জামায়াতের নাজিবুর রহমান মোমেন, মাগুরা-১ আসনে বিএনপির মনোয়ার হোসেন, মাগুরা-২ আসনে বিএনপির নিতাই রায় চৌধুরী, ঝিনাইদহ-১ আসনে বিএনপির মো. আসাদুজ্জামান, খুলনা-৩ আসনে (সিটি করপোরেশনের ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড, যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়ন) বিএনপির রকিবুল ইসলাম (বকুল), খুলনা-৪ আসনে বিএনপির আজিজুল বারী হেলাল, খুলনা-৫ (ফুলতলা, ডুমুরিয়া ও গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা) বিএনপির আলী আসগার (লবি), বরিশাল-৫ আসনে মজিবর রহমান সরওয়ার, নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিএনপির কায়সার কামাল, নেত্রকোনা-৪ আসনে বিএনপির লুৎফুজ্জামান বাবর, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে এম রশিদুজ্জামান (মিল্লাত), জামালপুর-২ (ইসলামপুর) আসনে সুলতান মাহমুদ (বাবু), জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মোস্তাফিজুর রহমান (বাবুল), জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ফরিদুল কবীর তালুকদার (শামীম), জামালপুর-৫ (সদর) আসনে শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী (মামুন), ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির তমিজ উদ্দিন, মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনে বিএনপির আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে বিএনপির মোহাম্মদ কামরুজ্জামান, নরসিংদী-৩ আসনে মনজুর এলাহী, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে বিএনপির নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাপুর ও শান্তিগঞ্জ) বিএনপির মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে (সদর ও বিশ্বম্ভরপুর) বিএনপির নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) বিএনপির কলিম উদ্দিন আহমেদ, সিলেট-২ আসনে বিএনপির ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর (লুনা), সিলেট-৩ আসনে বিএনপির এমএ মালিক, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির রেজা কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির শাহাদাত হোসেন সেলিম, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির নুরুল আমিন, ঢাকা-২ আসনে বিএনপির আমানউল্লাহ আমান, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতের মোহাম্মদ জহিরুল ইসলাম, কক্সবাজার-১ আসনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন।
প্রথমবারের মতো এবার সংসদ নির্বাচনে ভোটাররা বড় পরিসরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এর আগে আইনে পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ থাকলেও এর প্রচলন ছিল না। ইসির তথ্যানুযায়ী, ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। এর মধ্যে প্রবাসী চার লাখ ৭১ হাজার ৯৭৩ জন এবং দেশের ছয় লাখ এক হাজার ৫২৪ জন। প্রায় ১ শতাংশ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।
নির্বাচন সম্পন্ন হওয়ায় বিএনপি নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে।
অপরদিকে জামায়াতে ইসলামী বলেছে, বাংলাদেশের ইতিহাসে অনন্য এক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উভয় দলই গণতন্ত্রের উত্তরণে জনগণের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে। কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে। কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি। মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।
ইত্তেহাদ নিউজ,অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বড় অর্থনৈতিক অভিযান চালানোর ঘোষণা ও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তাঁর ভাষ্য অনুযায়ী, তেহরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে লক্ষ্য শুধু নতুন নিষেধাজ্ঞা আরোপ নয়—বরং ইরানের অর্থনীতির সঙ্গে যুক্ত প্রতিটি গুরুত্বপূর্ণ আর্থিক ও বাণিজ্যিক পথ বিচ্ছিন্ন করে দেশটিকে আন্তর্জাতিক অর্থব্যবস্থা থেকে কার্যত একঘরে করে ফেলা। ওয়াশিংটনের এই অবস্থানের বিপরীতে ইরানও কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত অব্যাহত থাকলে অঞ্চল থেকে সব ধরনের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়েও নতুন সতর্কতা জারি করা হয়েছে। ঘোষণা ও পাল্টা ঘোষণার এই পরিস্থিতি শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিপক্ষীয় সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সম্ভাব্য প্রভাব ছড়িয়ে পড়তে পারে আন্তর্জাতিক জ্বালানি বাজার, বৈশ্বিক বাণিজ্য, নৌপরিবহন এবং ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা বিভিন্ন দেশের ওপর। ‘অর্থনৈতিক ডি-ডে’র বার্তা স্কট বেসেন্টের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে এগোচ্ছে। তিনি এই পদক্ষেপকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে বর্ণনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বেসেন্টের বক্তব্যের মূল বার্তা—ইরানের রাষ্ট্রীয় কাঠামো টিকিয়ে রাখতে যেসব অর্থনৈতিক উৎস, বাণিজ্যিক রুট, আর্থিক লেনদেন ও তেল বিক্রির রাজস্ব কাজ করছে, সেগুলো বিচ্ছিন্ন করা। ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি লিখেছেন, ওয়াশিংটনের লক্ষ্য হলো ইরানের শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক ‘লাইফলাইন’ বন্ধ করে দেওয়া, যতক্ষণ না তেহরান আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে নতুন পদক্ষেপের সব খুঁটিনাটি প্রথম দিকে প্রকাশ করা হয়নি। পরে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত ঘোষণার কথা জানানো হয়। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’: লক্ষ্য কী? প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে যে নতুন অর্থনৈতিক চাপের কথা বলছে, সেটিকে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে উল্লেখ করা হয়েছে। এই অভিযানের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে— ইরানের তেল বিক্রির আয়ের পথ বন্ধ করা; আন্তর্জাতিক আর্থিক লেনদেন সীমিত বা বিচ্ছিন্ন করা; নিষেধাজ্ঞা এড়িয়ে পরিচালিত কথিত গোপন বাণিজ্যিক নেটওয়ার্ক শনাক্ত করা; তৃতীয় দেশ ও প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানি তেল ও অন্যান্য পণ্য বাণিজ্যের পথ বন্ধ করা; ইরানের ক্ষেপণাস্ত্র, পারমাণবিক, সাইবার ও জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর চাপ বাড়ানো। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ইরানের তেল পাচার ও নিষেধাজ্ঞা এড়ানোর সঙ্গে যুক্ত বিভিন্ন নেটওয়ার্কের একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করা হয়েছে। এসব তৎপরতা বন্ধে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর সময়সীমাভিত্তিক চাপ প্রয়োগের কথাও বলা হয়েছে। শুধু ইরান নয়, চাপে পড়তে পারে অন্য দেশও এই নতুন নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—ওয়াশিংটনের চাপ শুধু ইরানকেন্দ্রিক নাও থাকতে পারে। স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, যেসব দেশ বা প্রতিষ্ঠান ইরানের সঙ্গে আর্থিক লেনদেন কিংবা বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে, তারাও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। এ ধরনের পদক্ষেপ কার্যত সেকেন্ডারি নিষেধাজ্ঞা বা পরোক্ষ অর্থনৈতিক চাপের কাঠামোকে আরও বিস্তৃত করতে পারে। অর্থাৎ কোনো দেশ সরাসরি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় না থাকলেও ইরানের সঙ্গে ব্যবসা করার কারণে মার্কিন আর্থিক ব্যবস্থা বা আন্তর্জাতিক বাণিজ্যে জটিলতার মুখে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে। বেসেন্টের ভাষ্য অনুযায়ী, যারা যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে থাকবে তারা সহযোগিতার সুফল পাবে; আর যারা ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখবে, তাদেরও এই বিচ্ছিন্নতার প্রভাব মোকাবিলা করতে হবে। নতুন নিষেধাজ্ঞার আওতায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজ ঘোষণার অংশ হিসেবে ইরানের ক্ষেপণাস্ত্র, পারমাণবিক, সাইবার এবং তেল বিপণন নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমুদ্রগামী জাহাজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত, হংকং, চীন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইরান-সংশ্লিষ্ট কথিত ‘ছায়া নৌবহর’ ও বাণিজ্যিক নেটওয়ার্কগুলোকে বিশেষভাবে নজরদারির আওতায় আনার কথা বলা হয়েছে। এ ছাড়া সম্ভাব্য সেকেন্ডারি নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে— ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল লেনদেন; প্রযুক্তি খাত; সোনা ও মূল্যবান ধাতুর বাণিজ্য; বিমান চলাচল; নৌপরিবহন ও সামুদ্রিক লজিস্টিকস। ইরানে অর্থ পাঠানোর ক্ষেত্রেও অতীতে দেওয়া কিছু সাধারণ লাইসেন্স ও সুবিধা স্থগিত করার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাল্টা অবস্থানে ইরান: বন্ধ হতে পারে তেল রপ্তানি ওয়াশিংটনের কঠোর অর্থনৈতিক হুঁশিয়ারির পর ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত অব্যাহত থাকলে অঞ্চল থেকে সব ধরনের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এই হুমকির গুরুত্ব বোঝার জন্য হরমুজ প্রণালির কৌশলগত অবস্থান গুরুত্বপূর্ণ। ইরানের দক্ষিণে অবস্থিত এই জলপথ দিয়ে সাধারণত বিশ্বের তেল ও গ্যাস বাণিজ্যের একটি বড় অংশ পরিবহন হয়। বিভিন্ন হিসাব অনুযায়ী, বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথের সঙ্গে সম্পর্কিত। ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর থেকেই এই গুরুত্বপূর্ণ নৌপথে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হরমুজে নতুন সতর্কতা তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারির পাশাপাশি জাহাজ চলাচলের ক্ষেত্রেও নতুন সতর্কতা জারি করেছে ইরান। রয়টার্স জানিয়েছে, দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল না করার জন্য সতর্ক করা হয়েছে। যদি এই অবস্থান দীর্ঘস্থায়ী হয়, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কারণ হরমুজ প্রণালি পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক বাজারের একটি গুরুত্বপূর্ণ সংযোগপথ। ফলে এই নৌপথে দীর্ঘমেয়াদি বিঘ্ন দেখা দিলে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের সরবরাহ, পরিবহন ব্যয়, জাহাজের বীমা এবং বৈশ্বিক জ্বালানি মূল্যের ওপর চাপ বাড়তে পারে। অর্থনৈতিক যুদ্ধের নতুন অধ্যায়? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগের নিষেধাজ্ঞাগুলো মূলত তেল রপ্তানি, ব্যাংকিং, আন্তর্জাতিক আর্থিক লেনদেন, পারমাণবিক কর্মসূচি এবং সামরিক খাতকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। নতুন এই ঘোষণায় সেই কাঠামো আরও বিস্তৃত করার ইঙ্গিত মিলছে। এবারের লক্ষ্য শুধু ইরানের ওপর সরাসরি নিষেধাজ্ঞা নয়; বরং তেহরানের সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা, অর্থনৈতিক মধ্যস্থতাকারী, জাহাজ, প্রযুক্তি নেটওয়ার্ক এবং বিকল্প লেনদেন ব্যবস্থাকেও চাপের মধ্যে আনা। প্রশ্ন হলো, বিশ্বের বড় অর্থনীতি ও ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলো এই চাপের মুখে কতটা যুক্তরাষ্ট্রের অবস্থান অনুসরণ করবে। কারণ ইরানকে পুরোপুরি বিচ্ছিন্ন করার চেষ্টা যতটা অর্থনৈতিক, ততটাই কূটনৈতিক। এখন নজর কোথায়? ওয়াশিংটনের নতুন পদক্ষেপের বাস্তব ফল নির্ভর করবে কয়েকটি বিষয়ের ওপর— প্রথমত, ইরানের তেল ক্রেতা ও বাণিজ্যিক অংশীদাররা যুক্তরাষ্ট্রের চাপের মুখে তাদের অবস্থান পরিবর্তন করে কি না। দ্বিতীয়ত, নতুন সেকেন্ডারি নিষেধাজ্ঞা কতটা কঠোরভাবে বাস্তবায়ন করা হয়। তৃতীয়ত, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি কোন দিকে যায়। সবশেষে, অর্থনৈতিক চাপ ও সামরিক উত্তেজনা—এই দুইয়ের সমান্তরাল সংঘাত শেষ পর্যন্ত আলোচনার টেবিলে পৌঁছায়, নাকি মধ্যপ্রাচ্যের সংকটকে আরও গভীর করে—সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইরানকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করার ওয়াশিংটনের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি শুধু একটি দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘটনা হবে না; বরং বৈশ্বিক জ্বালানি বাণিজ্য, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা এবং ভূরাজনৈতিক মেরুকরণের নতুন এক পরীক্ষায় পরিণত হতে পারে।
ইত্তেহাদ নিউজ,অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা, বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ এবং হরমুজ প্রণালিকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক বাণিজ্যপথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নৌ অবরোধ আরোপের ঘোষণা দেওয়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক বাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলার-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার (১২ জুলাই) হরমুজ প্রণালি অতিক্রম করেছে মাত্র ছয়টি বাণিজ্যিক জাহাজ। গত পাঁচ সপ্তাহে একদিনে এটিই সর্বনিম্ন সংখ্যা, যা নিরাপত্তা পরিস্থিতির অবনতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। কী দেখা যাচ্ছে শিপিং তথ্য বিশ্লেষণে? তথ্য অনুযায়ী, ওই দিন প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর মধ্যে ছিল 'হিউম্যানিটি' নামের একটি সুপারট্যাংকার, যা প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল বহন করছিল। এছাড়া 'ক্যাপিটান আন্দ্রেয়াস' নামের একটি ট্যাংকারে প্রায় পাঁচ লাখ ব্যারেল কুয়েতি পেট্রোলিয়াম পণ্য পরিবহন করা হচ্ছিল। একই সময়ে তেল বোঝাইয়ের উদ্দেশ্যে তিনটি খালি ট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। কেপলারের তথ্য আরও বলছে, নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে হরমুজ প্রণালি অতিক্রমের সময় অধিকাংশ তেলবাহী জাহাজ তাদের স্বয়ংক্রিয় অবস্থান শনাক্তকারী এআইএস ট্রান্সপন্ডার বন্ধ রাখছে। সপ্তাহান্তে কোনো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজকে প্রণালিতে প্রবেশ করতে দেখা যায়নি। এদিকে, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনক)-এর একটি ট্যাংকার ১০ থেকে ১২ জুলাইয়ের মধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করে ভারতের দাহেজ বন্দরের উদ্দেশে যাত্রা করেছে বলে কেপলারের তথ্য উল্লেখ করেছে। নতুন করে সামরিক উত্তেজনা এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, রোববার ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহার করে বিভিন্ন স্থানে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। অন্যদিকে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সোমবার দাবি করেছে, আগের রাতে হরমুজ প্রণালিতে দুটি জাহাজের নেভিগেশন ব্যবস্থা অকার্যকর করে সেগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। তবে জাহাজ দুটির পরিচয় প্রকাশ করা হয়নি। ট্রাম্পের নতুন নৌ অবরোধের ঘোষণা এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও কঠোর নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন। তার ঘোষণায় বলা হয়েছে, এখন থেকে কোনো জাহাজ ইরানের বন্দরে প্রবেশ করতে বা সেখান থেকে বের হতে পারবে না। একই সঙ্গে তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে চাইলে কার্গো বা পণ্যবাহী জাহাজগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্র ২০ শতাংশ হারে ক্ষতিপূরণ বা নিরাপত্তা ফি আদায় করবে। তবে এই পরিকল্পনার বাস্তবায়ন পদ্ধতি, আন্তর্জাতিক আইনগত ভিত্তি কিংবা কার্যকর করার কাঠামো সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। পরস্পরবিরোধী অবস্থান ট্রাম্প একদিকে দাবি করেছেন, "হরমুজ প্রণালি উন্মুক্ত আছে এবং উন্মুক্তই থাকবে।" অন্যদিকে ইরান জানিয়েছে, অনুমোদনহীন পথে একটি জাহাজ চলাচল এবং সেটিতে হামলার ঘটনার পর তারা প্রণালিটি বন্ধ ঘোষণা করেছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র 'ইরানি অবরোধ' পুনর্বহাল করছে, যার আওতায় শুধুমাত্র ইরানের জাহাজ কিংবা তাদের ক্রেতাদের প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে। অন্য সব দেশ ন্যায্যভাবে প্রণালিটি ব্যবহার করতে পারবে। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন থেকে "হরমুজ প্রণালির অভিভাবক" হিসেবে দায়িত্ব পালন করবে এবং নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে পরিবহনকৃত সব পণ্যের ওপর ২০ শতাংশ হারে ফি আদায় করবে। বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তবে ট্রাম্পের এই ঘোষণার বাস্তবায়ন নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে। উপসাগরীয় অঞ্চলের একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তার বিনিময়ে সম্ভাব্য টোল বা ফি আদায়ের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তার আঞ্চলিক মিত্র দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা করেনি। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানি, আন্তর্জাতিক শিপিং শিল্প এবং বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। কেন গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি? বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। ফলে এই পথের নিরাপত্তা বিঘ্নিত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ শৃঙ্খল, শিপিং ব্যয় এবং বৈশ্বিক অর্থনীতিতে তাৎক্ষণিক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। বর্তমান পরিস্থিতিতে সামরিক সংঘাত, পাল্টাপাল্টি হামলা, নৌ অবরোধের ঘোষণা এবং জাহাজ চলাচল কমে যাওয়ার ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের সংকটকে আরও জটিল করে তুলেছে। ফলে হরমুজ প্রণালির পরিস্থিতি আগামী কয়েক দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর রাখছে বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক শিপিং খাত।
ইত্তেহাদ নিউজ,অনলাইন ডেস্ক : আবু মুসা দ্বীপ এবং ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সিরিক শহরের তাহরুই গ্রামের কাছেও তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর হুমকির পর ইরানের বিভিন্ন স্থানে হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, “হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতায় হুমকি দেওয়ার ইরানের সক্ষমতা আরও হ্রাস করার” উদ্দেশ্যে তারা অতিরিক্ত অভিযান শুরু করেছে। সেন্টকমের দাবি, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর সাম্প্রতিক আগ্রাসনের জন্য ইরানকে “জবাবদিহি” করানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণাঞ্চলের কয়েকটি স্থানে বিস্ফোরণের খবর পাওয়ার পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বিস্ফোরণের খবর পাওয়া স্থানগুলোর মধ্যে রয়েছে সিরিক, বুশেহর, কোনারাক ও চাবাহার। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, বন্দর আব্বাসে আটটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। চাবাহারে বিদ্যুৎ বিভ্রাটের খবরও পাওয়া গেছে। তবে এসব ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। হরমুজ প্রণালী ও কৌশলগত গুরুত্ব হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই এলাকায় সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বাণিজ্যিক নৌচলাচলে সরাসরি প্রভাব ফেলতে পারে। সেন্টকমের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের অভিযানের মূল উদ্দেশ্য। তবে ইরানের পক্ষ থেকে এ দাবির তাৎক্ষণিক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশিত হয়নি। আইআরজিসির হুঁশিয়ারি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দিয়েছে। আইআরজিসি দাবি করেছে, অঞ্চলজুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ব্যাপক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও জানানো হয়েছে। ট্রাম্পের মন্তব্য ও কূটনৈতিক প্রেক্ষাপট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) “শেষ” হয়ে গেছে বলে মন্তব্য করেন এবং ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দেন। ওই মন্তব্যের কয়েক ঘণ্টা পরই ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর সামনে আসে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে বর্তমান বিস্ফোরণগুলোর প্রকৃতি, লক্ষ্যবস্তু ও দায়ী পক্ষ সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও সীমিত। আঞ্চলিক উদ্বেগ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক অবস্থান আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং কূটনৈতিক সম্পর্কের ওপর এর প্রভাব পড়তে পারে। এই প্রতিবেদনটি প্রকাশিত তথ্য ও সংশ্লিষ্ট পক্ষের বিবৃতির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় নতুন তথ্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হতে পারে।