Brand logo light

যুবলীগ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আওয়ামী লীগপন্থী সিন্ডিকেট এখনো বহাল : দুর্নীতিবাজদের রক্ষায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান

ইত্তেহাদ নিউজ, ঢাকা : সরকার পরিবর্তন হয়েছে, প্রশাসনের বিভিন্ন স্তরে এসেছে রদবদল। কিন্তু শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) গুরুত্বপূর্ণ কিছু পদে এখনো বহাল রয়েছেন আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আলোচিত একাধিক কর্মকর্তা। তাঁদের বিরুদ্ধে বেনামে ঠিকাদারি ব্যবসা, দরপত্র কারসাজি, কমিশন বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগের কেন্দ্রে রয়েছেন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আসাদুজ্জামান। অভিযোগকারীদের দাবি, তাঁর নেতৃত্বে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে একটি প্রভাবশালী বলয় গড়ে উঠেছে। এই বলয়ে রয়েছেন বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, চাঁদপুর জোনের নির্বাহী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম আলিফ,রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন জাহেদুল করীম এবং ঢাকা মেট্রোতে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত  মো. সরোয়ার হোসেন। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে  বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কমিটিতে দায়িত্ব পালন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পরও এই কর্মকর্তাদের একটি অংশ নিজেদের প্রশাসনিক প্রভাব ও ঠিকাদারি নেটওয়ার্ক ধরে রেখেছেন। বিএনপি-সমর্থিত কয়েকজন ঠিকাদারকে সীমিতসংখ্যক কাজ দিয়ে সন্তুষ্ট রাখার পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ-সংশ্লিষ্ট ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এমনকি রাজনৈতিক নেটওয়ার্ক শক্তিশালী রাখতে অর্থ সরবরাহের অভিযোগও করেছেন কেউ কেউ। তবে এসব অভিযোগের স্বাধীন ও চূড়ান্ত তদন্তের তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে একটি গোষ্ঠী নিজেদের অবস্থান ধরে রাখলেও বিএনপি-সমর্থিত প্রকৌশলীরা অনেক ক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়েছেন। প্রতিষ্ঠানটির অভ্যন্তরে ক্ষমতার প্রভাব, অস্বচ্ছতা, দায়িত্বে অবহেলা, অদক্ষতা, দলাদলি, কোন্দল ও আর্থিক অনিয়ম নিয়ে অসন্তোষ বাড়ছে। শুধু রাজনৈতিক পরিচয় নয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা পৃথক দুর্নীতির অভিযোগ, বিভাগীয় তদন্তের নথি, ঠিকাদারদের লিখিত অভিযোগ এবং মানববন্ধনের ঘটনাও নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। অভিযোগগুলোর বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে আবেদন ও অভিযোগ জমা পড়েছে। কয়েকটি অভিযোগ নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে। প্রশ্ন উঠেছে, এত অভিযোগ ও তদন্তের পরও কীভাবে তাঁরা গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল রয়েছেন? রাজনৈতিক পটপরিবর্তনের পরও অধিদপ্তরের  প্রভাবশালী বলয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? কে এই আসাদুজ্জামান: দরপত্র থেকে বিল পরিশোধ—ডজনখানেক অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের  তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আসাদুজ্জামানের বিরুদ্ধে দরপত্র কারসাজি, প্রাক্কলিত ব্যয় ফাঁস, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া এবং নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বিল পরিশোধসহ প্রায় ডজনখানেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, একাধিকবার অভিযোগ ও তদন্তের উদ্যোগ নেওয়া হলেও তাঁর বিরুদ্ধে দৃশ্যমান কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ৩২ কোটি টাকার একটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ফাঁস করে ইলেকট্রো গ্লোব মিরন এন্টারপ্রাইজকে কাজ পাইয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির মালিক যুবলীগ নেতা রাকিব হোসেন ৫ আগস্টের পর গ্রেপ্তার হয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আরও পড়ুন:  শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: অভিযোগের পাহাড়, তার পরও বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান   একইভাবে রূপগঞ্জের পূর্বাচল মাধ্যমিক সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৩৫ কোটি টাকার নির্মাণকাজ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের শ্বশুরের প্রতিষ্ঠান নূরানি কনস্ট্রাকশনকে পাইয়ে দিতে প্রাক্কলিত ব্যয় কমিয়ে ফাঁস করার অভিযোগ উঠেছে। এসব প্রকল্পের দরপত্র কমিটির সভাপতি ছিলেন আসাদুজ্জামান। এ ছাড়া বিদায়ী প্রধান প্রকৌশলী আলতাফ হোসেনের দুর্নীতির অর্থ বণ্টনে আসাদুজ্জামান  ক্যাশিয়ারের ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার লিয়াকত শিকদারকে কোটি টাকার বিল দেওয়া হয়েছে বলেও অভিযোগকারীদের দাবি। দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের মালিকানাধীন মা এন্টারপ্রাইজকে বিভিন্ন জেলায় একচেটিয়া কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি নিজস্ব লাইসেন্স অন্যদের ব্যবহারের সুযোগ দিয়ে এর বিনিময়ে দুই শতাংশ অর্থ আদায় করে। এর আগে নাটোরে দায়িত্ব পালনকালে বিলমারিয়া দাখিল মাদ্রাসা, বিলমারি উচ্চ বিদ্যালয় ও বারঘরিয়া উচ্চ বিদ্যালয়ের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে অধিকাংশ বিল পরিশোধের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রংপুরে দায়িত্ব পালনকালে ২০২০ সালের জুলাইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ কোটি টাকার একটি কাজ ছাত্রলীগ-সংশ্লিষ্ট এক নেতাকে পাইয়ে দিতে দরপত্রে কারসাজির অভিযোগও রয়েছে। এসব অভিযোগ তদন্তে গত বছরের ২৩ অক্টোবর আসাদুজ্জামানসহ পাঁচ প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তবে তদন্তের চূড়ান্ত ফলাফল এবং সুপারিশের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। এদিকে গত বছরের মে মাসে তাঁর পদোন্নতি নিয়েও প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) নেতিবাচক থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন বা পরিবর্তনের মাধ্যমে তিনি পদোন্নতি পেয়েছেন। এ অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট এসিআর, পদোন্নতি কমিটির কার্যবিবরণী ও প্রশাসনিক নথি পরীক্ষা করা প্রয়োজন।   বরিশালের শহিদুল: চার প্রতিষ্ঠানের ঠিকাদারি নিয়ন্ত্রণ ও ৭ শতাংশ কমিশনের অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে সরকারি দায়িত্বে থেকে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, সাবকন্ট্রাক্টে কাজ বণ্টন, বিল ছাড়ে কমিশন দাবি এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, বরিশালের মেসার্স মোমিন সিকদার, দিনাজপুরের মেসার্স মা এন্টারপ্রাইজ, চট্টগ্রামের ইউনুস অ্যান্ড ব্রাদার্স এবং খুলনার মেসার্স রাফিদ ট্রেডার্সের নামে বিভিন্ন কাজ নিয়ে পরে অন্য ঠিকাদারদের কাছে সাবকন্ট্রাক্টে দেওয়া হয়। এতে মূল কাজের বরাদ্দ, বিল ও আর্থিক লেনদেনে শহিদুল ইসলামের প্রভাব বজায় থাকে বলে অভিযোগ। ঠিকাদারদের ভাষ্য, এ ব্যবস্থায় সাবকন্ট্রাক্টে কাজ নেওয়া প্রতিষ্ঠানগুলো বিল ছাড় ও ভবিষ্যতে কাজ পাওয়ার ক্ষেত্রে নির্বাহী প্রকৌশলীর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। নিরাপত্তা জামানত কর্তনের ক্ষেত্রেও বিধি অনুসরণ না করার অভিযোগ তুলেছেন ঠিকাদাররা। তাঁদের দাবি, নির্ধারিত ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ অর্থ কর্তন করা হয়েছে। পাশাপাশি কাজ শেষ করার পরও বিল আটকে রাখা এবং বিল ছাড়ের বিপরীতে কমিশন দাবি করার অভিযোগ রয়েছে। বাড়তি অর্থের ব্যবস্থা না করলে ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হয় বলেও অভিযোগ করেছেন কয়েকজন ঠিকাদার।   আরও পড়ুন: বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে  দুদকে অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল যখন ঠিকাদার: ঘুষ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ   শহিদুল ইসলামের বিরুদ্ধে বরিশাল ও ঢাকায় জমি, ফ্ল্যাট ও গাড়িসহ বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। ঠিকাদারি কাজের কমিশন, কাজের বরাদ্দ এবং সংশোধিত প্রাক্কলনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। এসব সম্পদের প্রকৃত পরিমাণ, মালিকানা ও অর্থের উৎস যাচাইয়ে দুদকের তদন্ত দাবি করেছেন তাঁরা। এ ছাড়া ব্যক্তিগত অসদাচরণ ও নারীসংক্রান্ত নানা অভিযোগও তাঁর বিরুদ্ধে উঠেছে।  শহিদুল ইসলামের বিরুদ্ধে দুদকে লিখিত অভিযোগ, ১৪৪টি পুনঃদরপত্র নিয়েও প্রশ্ন শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, দরপত্র কারসাজি, কমিশন বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন সাকিল আহম্মেদ নামের এক ব্যক্তি। অভিযোগে বলা হয়েছে, সরকারি দায়িত্বে থেকে বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, বিল পাসের বিপরীতে ৭ শতাংশ পর্যন্ত কমিশন দাবি এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। মেসার্স মোমিন সিকদার, মা এন্টারপ্রাইজ, ইউনুস অ্যান্ড ব্রাদার্স ও রাফিদ ট্রেডার্সের মাধ্যমে কাজ বণ্টন ও ব্যবসায়িক সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে। এ ছাড়া ১৪৪টি কাজের পুনঃদরপত্র আহ্বানে অনিয়ম এবং বাতিল হওয়া দরপত্রের পারফরম্যান্স সিকিউরিটির পে-অর্ডার বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা না দিয়ে নগদায়নের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে।প্রায় ৩২ কোটি টাকার কারিগরি স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প এবং বরিশাল কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের দরপত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগপত্রে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন, ঢাকা ও বরিশালে জমি ও ফ্ল্যাট ব্যবসায় অস্বাভাবিক বিনিয়োগ এবং ব্যক্তিগত অসদাচরণের বিষয়ও উল্লেখ করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত সৈয়দ আবেদ আলীর সঙ্গে শহিদুল ইসলামের সংশ্লিষ্টতা নিয়েও তদন্তের দাবি জানানো হয়েছে। এত অভিযোগের মধ্যেই শহিদুল ইসলামকে বরিশালের পাশাপাশি বরগুনা জেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তাঁকে বরিশাল থেকে প্রত্যাহার এবং অভিযোগ তদন্তের দাবিতে সাধারণ ঠিকাদারদের উদ্যোগে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে। চার প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা, নির্বাহী প্রকৌশলীর সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক, সাবকন্ট্রাক্টের বৈধতা, বিল অনুমোদন এবং নিরাপত্তা জামানতের হিসাব নিরীক্ষার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা।   মোজাহিদুল আলিফ: বিভাগীয় তদন্তে অসমাপ্ত কাজের বিপরীতে বিল পরিশোধের তথ্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রো জোনের নির্বাহী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম আলিফের বিরুদ্ধে অতীতে নির্মাণকাজে আর্থিক অনিয়মের অভিযোগে বিভাগীয় তদন্ত হয়েছিল। তদন্তসংশ্লিষ্ট নথি অনুযায়ী, ২০২২ সালে রাজধানীর কাফরুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছয়তলা একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পে কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে বিল পরিশোধের প্রমাণ পায় তদন্ত কমিটি।৪ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ের প্রকল্পে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর কাজ সম্পন্ন দেখিয়ে ২ কোটি ৩৩ লাখ ৪১ হাজার টাকা বিল দেওয়া হয়। অথচ ২০২২ সালের ২১ সেপ্টেম্বর সরেজমিনে তদন্তে গিয়ে কমিটি দেখতে পায়, ভবনের দ্বিতীয় তলার কাজও পুরোপুরি শেষ হয়নি। তদন্ত প্রতিবেদনে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার কাজ অসম্পন্ন রেখেই বিল পরিশোধের তথ্য উল্লেখ করা হয়। একই সঙ্গে মোজাহিদুল ইসলাম আলিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।এর আগে সাভার জোনে দায়িত্ব পালনকালে কেরানীগঞ্জে আরবি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ কোটি টাকার ভবন নির্মাণ প্রকল্পেও কাজের অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য না রেখে ঠিকাদারকে প্রায় ২০ কোটি টাকা অগ্রিম দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অন্যদিকে, অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার অভিযোগ, আগারগাঁওয়ে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নতুন প্রধান কার্যালয় নির্মাণ প্রকল্পের দরপত্রে নির্দিষ্ট ঠিকাদারকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে তাঁকে ঢাকা মেট্রো জোনে পদায়ন করা হয়েছে। তবে আগের বিভাগীয় তদন্তে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং তদন্তের সুপারিশ বাস্তবায়িত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্টরা তদন্ত প্রতিবেদন ও প্রশাসনিক সিদ্ধান্ত প্রকাশের দাবি জানিয়েছেন। জাহেদুল করীম: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা, ঠিকাদারকে সুবিধা দেওয়ার অভিযোগ জাহেদুল করীম বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য ছিলেন। ২০২২ সালের ২৭ জুলাই গঠিত ওই কমিটি ঘোষণার সময় তিনি ঢাকা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তিনি প্রশাসনিকভাবে প্রভাবশালী অবস্থানে ছিলেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, দরপত্রে অনিয়ম, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া এবং নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বিল পরিশোধের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সরোয়ার হোসেন: রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রোতে কর্মরত সহকারী প্রকৌশলী মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক সংশ্লিষ্টতা, ঠিকাদারি কাজে প্রভাব বিস্তার এবং অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। ২০২২ সালে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ইইডি শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক ছাত্রলীগ সভাপতি ছিলেন। প্রাপ্ত নথি অনুযায়ী, ২০২২ সালের ২৭ জুলাই অনুমোদিত বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ইইডি শাখার ১৯ সদস্যের আহ্বায়ক কমিটির ১৪ নম্বর সদস্য ছিলেন সরোয়ার হোসেন। সে সময় তিনি ঢাকা মেট্রোর সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।   আরও পড়ুন: শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন   অভিযোগ রয়েছে, ঢাকা মেট্রোর বিভিন্ন উন্নয়নকাজে ঠিকাদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেন তিনি। এ প্রক্রিয়ায় অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ ও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অধিদপ্তরের কর্মকর্তাদের একাংশের প্রশ্ন, একই কমিটির কয়েকজন সদস্যকে ওএসডি এবং ঢাকার বাইরে বদলি করা হলেও সরোয়ার হোসেন এখনো ঢাকা মেট্রোতে বহাল রয়েছেন কেন? নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার অভিযোগ, অর্থের বিনিময়ে প্রশাসনকে প্রভাবিত করে তিনি নিজের পদায়ন ধরে রেখেছেন। তবে এ অভিযোগের স্বাধীন যাচাই প্রয়োজন। সরোয়ার হোসেনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের সঙ্গে তাঁর ছবি থাকার কথাও উল্লেখ করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সহিংসতায় উসকানি ও অর্থায়নের অভিযোগও তোলা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে প্রমাণিত তথ্য সামনে আসেনি। এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, সরোয়ার হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্তের অগ্রগতি বা আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য জানার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। অভিযোগের পাহাড়, কিন্তু প্রশাসনিক জবাবদিহি কোথায়? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শুধু একটি নির্মাণ সংস্থা নয়; দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ, শিক্ষা খাতের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানটি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন এ অধিদপ্তর প্রকল্প প্রস্তাব তৈরি থেকে শুরু করে দরপত্র আহ্বান ও নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্বও পালন করে। ফলে এ প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা যদি রাজনৈতিক প্রভাব, ঠিকাদারি সিন্ডিকেট কিংবা কমিশন বাণিজ্যের মাধ্যমে সরকারি প্রকল্প নিয়ন্ত্রণ করেন, তাহলে তার প্রভাব সরাসরি পড়তে পারে শিক্ষা অবকাঠামোর মান, সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতার ওপর। অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অভিযোগ, দীর্ঘদিনের দলীয় প্রভাব, প্রশাসনিক দুর্বলতা, অস্বচ্ছতা ও পারস্পরিক কোন্দলের কারণে প্রতিষ্ঠানটিতে অস্থিরতা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, কিছু কর্মকর্তা রাজনৈতিক পরিচয় বদলে নতুন প্রশাসনিক বাস্তবতায় নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। অভিযোগ রয়েছে, এসব বিষয় নিয়ে সংবাদ প্রকাশের পর দেশের একটি শীর্ষ পর্যায়ের গোয়েন্দা সংস্থা খোঁজখবর নেওয়া শুরু করেছে। তবে এ বিষয়ে সংস্থাটির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। যে প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের  সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ নিষ্পত্তিতে কয়েকটি বিষয় সামনে আসা জরুরি। প্রথমত, আসাদুজ্জামানসহ পাঁচ প্রকৌশলীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন কী বলেছে এবং সুপারিশ অনুযায়ী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? দ্বিতীয়ত, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, পূর্বাচল মাধ্যমিক সরকারি স্কুল অ্যান্ড কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় প্রাক্কলিত ব্যয় ফাঁস ও ঠিকাদারকে সুবিধা দেওয়ার অভিযোগ কতটা সত্য? তৃতীয়ত, বরিশালের চার ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা কার হাতে? সরকারি দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা সরাসরি বা পরোক্ষভাবে এসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম নিয়ন্ত্রণ করেছেন কি না? চতুর্থত, ১৪৪টি পুনঃদরপত্র এবং বাতিল হওয়া দরপত্রের পারফরম্যান্স সিকিউরিটির পে-অর্ডার নিয়ে ওঠা অভিযোগের আর্থিক নিরীক্ষা হয়েছে কি না? পঞ্চমত, মোজাহিদুল ইসলাম আলিফের বিরুদ্ধে বিভাগীয় তদন্তে অসমাপ্ত কাজের বিপরীতে বিল পরিশোধের যে তথ্য উঠে এসেছিল, সে ঘটনায় সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে কি না? ষষ্ঠত, একই রাজনৈতিক সংগঠনের কমিটিতে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের মধ্যে কারও বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও অন্যরা বহাল থাকার কারণ কী?   শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত প্রভাব নয়, বরং স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিই হওয়া উচিত দায়িত্ব পালনের প্রধান মানদণ্ড। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অভিযোগ মিথ্যা হলে তাঁদের অবস্থানও পরিষ্কার করা জরুরি। অভিযোগের পর অভিযোগ, তদন্তের পর তদন্ত—তারপরও যদি জবাবদিহি নিশ্চিত না হয়, তাহলে প্রশ্ন থেকেই যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কি সত্যিই রাজনৈতিক প্রভাবমুক্ত হয়েছে, নাকি শুধু ক্ষমতার বলয় বদলেছে?

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৮, ২০২৬ 0
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: যুবলীগের দুই নেতা গ্রেফতার, তদন্তে ৩ সদস্যের কমিটি

ইত্তেহাদ নিউজ,অনলাইন : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার একদিনের মাথায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ, পরিকল্পনা ও জড়িতদের শনাক্ত করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা জেলা পুলিশ। পুলিশ বলছে, মঙ্গলবার সকালে সাভার মডেল থানা পুলিশ অভিযানে দুইজনকে গ্রেফতার করে। বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। তবে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় হামলার পেছনে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, গ্রেফতার দুইজনকে এনসিপির দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের একজন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং একই ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। অপরজন যুবলীগের একজন কর্মী। তাদের বিরুদ্ধে মামলার তদন্ত চলমান রয়েছে। কী ঘটেছিল? জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে জুলাই পদযাত্রা ও সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর গভীর রাতে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এনসিপির ঢাকা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি। মামলা দায়েরের সময় তার সঙ্গে ছিলেন সংগঠনের আজাহারুল ইসলাম তামিম ও জুলাইযোদ্ধা ইউনুস আলী। তদন্তে কী গুরুত্ব দিচ্ছে পুলিশ? ঘটনার গুরুত্ব বিবেচনায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা হামলার উদ্দেশ্য, পরিকল্পনা, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ নেটওয়ার্ক জড়িত ছিল কি না—এসব বিষয় যাচাই করবেন বলে জানা গেছে। যা এখনো স্পষ্ট নয় এ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট কী ধরনের প্রমাণ পাওয়া গেছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এছাড়া ককটেল নিক্ষেপে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনে আরও গ্রেফতার ও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

নিজস্ব প্রতিবেদক জুলাই ৮, ২০২৬ 0
জামায়াতের ইফতার মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদককারবারি
রাজশাহীতে জামায়াতের ইফতার মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদককারবারি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি সেতাফুর রহমান বাবুকে এবার দেখা গেল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলের মঞ্চে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এ নেতার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পর হত্যা মামলাসহ একাধিক মামলা হয়েছে এবং এতদিন তিনি পলাতক ছিলেন। সোমবার (৯ মার্চ) রাজশাহীর গোদাগাড়ী জামায়াতের উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের মঞ্চে এমপির ঠিক পেছনের সারিতে বসে থাকতে দেখা যায় সেতাফুর রহমান বাবুকে। স্থানীয় সূত্রে জানা যায়, বাবুর বাড়ি গোদাগাড়ী উপজেলার রেলগেট এলাকায়। একসময় তিনি পাওয়ার টিলারের শ্রমিক হিসেবে কাজ করতেন। পরে হেরোইন ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যে বিপুল অর্থসম্পদের মালিক হন। এরপর তিনি মাটিকাটা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন।   ২০১৮ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা-২ থেকে প্রকাশিত মাদক কারবারিদের এক তালিকায় সেতাফুর রহমান বাবুর নাম ৯ নম্বরে ছিল। ওই প্রতিবেদনে তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে মাদকের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, রাজশাহীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কিছু অসাধু রাজনীতিক ফেনসিডিল, হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসার সঙ্গে জড়িত।   বাবুর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি মাটিকাটা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন এবং সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।   ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তার নেতৃত্ব থাকার অভিযোগ রয়েছে। ওই হামলায় স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম নিহত হন। গণঅভ্যুত্থানের পর নিহত নজরুল ইসলামের বড় ছেলে মাসুম সরকার বাদী হয়ে সেতাফুর রহমান বাবুকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। এ ছাড়া আওয়ামী লীগের আমলে ওই এলাকায় জিয়া পরিষদের কার্যালয় দখলের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। মাটিকাটা ইউনিয়ন পরিষদের সচিব সাব্বির রহমান জানান, ২০২৩ সালের জানুয়ারিতে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন তৎকালীন ইউপি সদস্য সেতাফুর রহমান বাবু। পরে তিনি দীর্ঘদিন কারাগারে থাকায় জেলা প্রশাসনের সুপারিশে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে ইউপি সদস্য পদ থেকে বরখাস্ত করে। স্থানীয় বাসিন্দারা জানান, গণঅভ্যুত্থানের পর গোদাগাড়ী ও রাজশাহী নগরের বোয়ালিয়া থানায় একাধিক মামলা হলে তিনি আত্মগোপনে চলে যান। কয়েকদিন আগে এলাকায় ফিরে এসে তাকে জামায়াতের ইফতার মাহফিলের মঞ্চে দেখতে পাওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকের অভিযোগ, এতদিন আওয়ামী লীগের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর আশীর্বাদে থাকা এ মাদক কারবারি এখন জামায়াতের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। নিহত নজরুল ইসলামের ছেলে এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম অভিযোগ করে বলেন, জামায়াতের ওই ইফতার মাহফিল আয়োজনের পুরো খরচই নাকি বহন করেছে সেতাফুর রহমান বাবু। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখল করতে গিয়ে আমার বাবাকে হত্যা করেছে। সেই আসামিকেই এখন জামায়াতের মঞ্চে এমপির পাশে বসতে দেখা যাচ্ছে। এটি খুবই দুঃখজনক।’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান ভালো বলতে পারবে। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. কামরুজ্জামান জানান, সেতাফুর রহমান বাবু যে একজন মাদক কারবারি এবং যুবলীগের নেতা— এটি তিনি জানেন। তবে তাকে অনুষ্ঠানে দাওয়াত করা হয়নি এবং মঞ্চে বসার বিষয়টি পরে শুনেছেন বলে দাবি করেন। এ বিষয়ে বক্তব্য জানতে সেতাফুর রহমান বাবুর দুটি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। গোদাগাড়ী থানার কর্মকর্তা (ওসি) হাসান বশির বলেন, সেতাফুর রহমান বাবুর বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না তা যাচাই করে বলতে হবে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, মাদক কারবারি হলে কোনো রাজনৈতিক দলে যোগ দিলেও আইনের বাইরে থাকার সুযোগ নেই।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০২৬ 0
জুলাই বিপ্লব
জুলাই হত্যা মামলায় জুলাই যোদ্ধা রাজিব, ৬ মাস কারাভোগের পরও মেলেনি মুক্তি

দেশকে বৈষম্যমুক্ত ও নিরাপদ আর্থ-সামাজিক কাঠামোয় গড়ে তোলার প্রত্যয়ে ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন পুরান ঢাকার বাসিন্দা রিয়াজ উদ্দিন রাজিব। স্বৈরাচার সরকারের পতনের পর নতুন সূর্যোদয়ের প্রত্যাশা করলেও তার ব্যক্তিগত জীবনে নেমে আসে চরম দুর্দশা। বর্তমানে তিনি একটি আলোচিত হত্যা মামলায় জড়িয়ে হয়ে পড়েছেন চরম হয়রানি ও অনিশ্চয়তার শিকার। আন্দোলন থেকে আসামির খাতায় জানা গেছে, পুরান ঢাকায় আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন রাজিব। আন্দোলনের সময় পুলিশের নির্যাতনের শিকার হন তিনি। কিন্তু সরকার পরিবর্তনের পরও তার দুর্ভোগ থামেনি। উত্তরায় একটি হত্যা মামলায় তাকে ৪৯ নম্বর আসামি করা হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রায় ২০০ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে। রাজিবের দাবি, তিনি কখনো উত্তরা এলাকায় যাননি। তার বাসা বংশাল এলাকায় হলেও তাকে উত্তরা পশ্চিম থানার মামলায় আসামি করা হয়। ৬ মাস কারাভোগ ও আর্থিক ক্ষতি মামলায় গ্রেফতার হয়ে প্রায় ৬ মাস কারাভোগ করেন রাজিব। জামিন পেতে ব্যয় হয় প্রায় ২৫ লাখ টাকা। ইতোমধ্যে তার ১৮টি দোকান (প্রায় ২০ কোটি টাকা মূল্যের) দখল হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। ব্যবসা-বাণিজ্য, সামাজিক মর্যাদা ও সন্তানের শিক্ষাজীবন—সব ক্ষেত্রেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। থানায় ডেকে হুমকি ও লকআপে আটকের অভিযোগ ২০২৫ সালের জুনে চকবাজার থানার এক এসআই তাকে থানায় ডেকে দোকানের চাবি দাবি করেন। চাবি না দিলে ডাকাতির মামলা দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন রাজিব। তিনি সেই হুমকি রেকর্ড করলে তাকে লকআপে আটক রেখে রেকর্ড মুছে ফেলা হয় বলে দাবি করেন। পরে যুবলীগ পরিচয়ে হুমকি পেয়ে থানায় অভিযোগ জানালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তার। ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ ও ‘জুলাই যোদ্ধা’ উল্লেখ ২০২৫ সালের ২২ জুলাই আইনজীবী পরিচয়ে ডেকে তাকে আদালতপাড়ার একটি রেস্টুরেন্ট থেকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন রাজিব। পরে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রযুক্তিগত তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে একাধিক কর্মকর্তা মত দেন। এমনকি এক প্রতিবেদনে তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবেও উল্লেখ করা হয়েছে। তবুও তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশের প্রতিবেদনেই নির্দোষ ৩ জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া প্রতিবেদনে বংশাল থানা ও উত্তরা পশ্চিম থানা পুলিশের একাধিক কর্মকর্তা উল্লেখ করেন— রিয়াজ উদ্দিন রাজিব কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন তার স্বভাব-চরিত্র ভালো নীতিবিরোধী কর্মকাণ্ডের কোনো প্রমাণ পাওয়া যায়নি ৫ জানুয়ারি আদালতের এক আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় আওয়ামী লীগ কমিশনার তার দোকান-সম্পত্তি দখলের চেষ্টা করেছিলেন। এর জের ধরেই তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। থানার ওসির বক্তব্য বিষয়টি জানতে চাইলে একে মাহফুজুল হক, অফিসার ইনচার্জ, বংশাল থানা বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর রিয়াজ উদ্দিন রাজিবকে থানায় ডাকা হয়নি। আগের কোনো কর্মকর্তা জড়িত থাকলে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে হয়রানির বিষয়টি উল্লেখ করে ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রাজিব। বর্তমানে তিনি গ্রেফতার আতঙ্কে বাসায় অবস্থান করতে পারছেন না। অনিশ্চয়তায় এক ‘জুলাই যোদ্ধা’ পুলিশের প্রতিবেদন তাকে নির্দোষ বললেও মামলা থেকে অব্যাহতি মিলছে না। ফলে একদিকে আইনি লড়াই, অন্যদিকে সামাজিক ও আর্থিক ক্ষতির ভার—দুইয়ের মাঝেই অসহায় সংগ্রাম চালিয়ে যাচ্ছেন রিয়াজ উদ্দিন রাজিব। স্বৈরাচারবিরোধী আন্দোলনের একজন অংশগ্রহণকারী হয়েও আজ তিনি নিজ দেশে ন্যায়বিচারের প্রত্যাশায় দ্বারে দ্বারে ঘুরছেন। প্রশ্ন উঠছে—একজন ‘জুলাই যোদ্ধা’ কবে মুক্তি পাবেন কল্পিত মামলার দায় থেকে?

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস
বরিশালে সাবেক দুই এমপিসহ ডজনখানেক আ.লীগ নেতা জামিনে, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

মাত্র ছয় দিনের ব্যবধানে বরিশালে আদালত থেকে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাবেক দুই সংসদ সদস্য। শুধু এই দুজনই নন, গত এক সপ্তাহে মহানগর ছাত্রলীগের সভাপতিসহ অন্তত তিনজন প্রভাবশালী নেতা জামিনে মুক্তি পেয়েছেন বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে। পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আরও অন্তত ডজনখানেক নেতা জামিনে মুক্ত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বরিশালের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ইউনুসের জামিনে আদালত প্রাঙ্গণে উত্তেজনা সোমবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরিয়তউল্লাহর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে দায়ের করা মামলায় তিনি আসামি ছিলেন। মামলাটিতে আরও আসামি রয়েছেন সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. একেএম জাহাঙ্গীরসহ দলের শীর্ষ কয়েকজন নেতা। সরকার পতন ও মামলার পরিপ্রেক্ষিতে ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন ইউনুস। হঠাৎ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করায় আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য সৃষ্টি হয়। মহানগর ও জেলার দুই পাবলিক প্রসিকিউটর এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদক আদালতে উপস্থিত হয়ে জামিনের বিরোধিতা করেন। তাদের দাবি ছিল—মামলায় জামিন অযোগ্য ধারা রয়েছে এবং এটি ছিল আবেদনের প্রথম দিন। তবুও শুনানি শেষে আদালত তাকে পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত জামিন দেন। ইউনুসের আইনজীবী কাইয়ুম খান কায়সার দাবি করেন, ২০১৮ সালের একটি তথাকথিত ঘটনার ভিত্তিতে ২০২৪ সালে দায়ের করা মামলাটি মিথ্যা। বিচারক সব দিক বিবেচনা করেই জামিন দিয়েছেন। অন্যদিকে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সাদিকুর রহমান লিংকন বলেন, ইউনুসের বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। একটি মামলায় জামিন পেলেও বাকি দুটি মামলার বিষয়ে পুলিশ আদালতকে তাৎক্ষণিক অবহিত করেনি বা গ্রেফতারের আবেদন করেনি। জেবুন্নেসা আফরোজসহ আরও তিনজনের জামিন ইউনুসের জামিনের মাত্র ছয় দিন আগে বরিশাল-৫ (সদর) আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ আদালত থেকে জামিন পান। একইদিনে জামিন পান যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন এবং মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিন। প্রত্যেকের বিরুদ্ধে বরিশালসহ দেশের বিভিন্ন থানায় তিন থেকে সাতটি পর্যন্ত মামলা রয়েছে। একের পর এক জামিন পাওয়ার পর ওইদিনই তারা কারাগার থেকে মুক্তি পান। পাবলিক প্রসিকিউটরদের আপত্তি বরিশালের মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর অ্যাড. নাজিমউদ্দিন আহম্মেদ পান্না অভিযোগ করেন, মহানগর দায়রা জজ আদালত থেকে নামঞ্জুর হওয়া জামিনও নিম্ন আদালত মঞ্জুর করেছেন। তিনি উদাহরণ হিসেবে জেবুন্নেসা আফরোজ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর ভাতিজা মঈন আব্দুল্লাহর জামিনের প্রসঙ্গ তোলেন। তার মতে, উচ্চ আদালতের আদেশ অগ্রাহ্য করলে বিচার বিভাগের শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ হতে পারে। সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. হাফিজ আহম্মেদ বাবলু বলেন, ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলার বেশিরভাগ আসামিই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তাদের সহজে জামিন পাওয়ায় নানা প্রশ্ন উঠছে। বিএনপির প্রতিক্রিয়া বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহিন বলেন, বিএনপি সরকার গঠনের পরও সবক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়নি। তার অভিযোগ, একটি বিশেষ শ্রেণি সুযোগ নিয়ে জামিন অযোগ্য ধারার আসামিদের জামিন পাইয়ে দিচ্ছে। তিনি মনে করেন, এতে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে এবং জরুরি ভিত্তিতে আইন মন্ত্রণালয়ের নজর দেওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক জামিনের ধারাবাহিকতা বরিশালের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। একদিকে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বলছেন, আইনি প্রক্রিয়া মেনেই জামিন দেওয়া হচ্ছে; অন্যদিকে বিএনপি ও সরকারপক্ষের আইন কর্মকর্তারা প্রশ্ন তুলছেন বিচারিক সিদ্ধান্ত নিয়ে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0
Popular post
বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

অর্থনীতি

ইসলামী ব্যাংক,

ইসলামী ব্যাংকে আস্থা সংকট কেন কাটছে না?: দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংককে ঘিরে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0