বরিশাল সরকারি মডেল স্কুলে অভিভাবকদের আন্দোলন-আবেদনের পর মাউশির নির্দেশ | স্বস্তি ও আনন্দে অভিভাবকেরা, পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম চালুর প্রত্যাশা- মামুনুর রশীদ নোমানী,বরিশাল : একটি শ্রেণিকক্ষ, কিছু শিশুর স্বপ্ন আর অভিভাবকদের দীর্ঘ প্রতীক্ষা—সব মিলিয়ে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজকে ঘিরে গত কয়েক মাস ধরে চলছিল এক নীরব লড়াই। প্রশ্ন ছিল, কেন বন্ধ থাকবে তৃতীয় শ্রেণিতে ভর্তি? কোন নির্দেশে বন্ধ হলো শিশুদের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দরজা? আর সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেই বা এত সময় লাগল কেন? অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অভিভাবকদের ধারাবাহিক দাবি, প্রশাসনের কাছে দৌড়ঝাঁপ, স্মারকলিপি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর পর্যালোচনার পর বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি পুনরায় চালুর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) জারি করা অধিদপ্তরের এক সরকারি চিঠিতে তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। এই একটি চিঠি যেন কয়েক মাসের উদ্বেগ, অপেক্ষা আর অভিভাবকদের নিরলস প্রচেষ্টার পর স্বস্তির বার্তা হয়ে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন অভিভাবকেরা। বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে তৃতীয় শ্রেনী পুনরায় চালুতে বরিশাল সদর ৫ আসনের এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন,জেলা প্রশাসক , এডিসি (শিক্ষা ও আইসিটি), সহকারী সিনিয়র কমিশনার(রাজস্ব), জেলা শিক্ষা অফিসার, সচেতন অভিভাবক এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন আন্দোলনে জড়িত অভিভাবকরা। যে সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছিল অভিভাবকদের লড়াই বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু ছিল। ২০১৩ সালে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ শ্রেণির পরিবর্তে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা হয় বলে অভিভাবকদের স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। তবে ২০২৫ সালের শেষ দিকে তৃতীয় শ্রেণিতে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। অভিভাবকদের অভিযোগ, সরকারের কোনো সুস্পষ্ট লিখিত আদেশ ছাড়াই তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ভিত্তিতে ভর্তি কার্যক্রম স্থগিত করেন। আরো পড়ুন : বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক শাখা বন্ধের ষড়যন্ত্র: প্রতিবাদে অভিভাবকদের স্মারকলিপি এরপর থেকেই শুরু হয় অভিভাবকদের দৌড়ঝাঁপ। তাঁদের প্রশ্ন ছিল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় চালু হওয়া একটি শিক্ষা কার্যক্রম কি কোনো প্রতিষ্ঠানের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে বন্ধ করা যায়? এই প্রশ্নের উত্তর এবং ভর্তি কার্যক্রম পুনরায় চালুর দাবিতে অভিভাবকদের একটি অংশ গত ৩ নভেম্বর ২০২৬ বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে শুধু ভর্তি চালুর দাবি নয়, বরং শিক্ষা কার্যক্রম বন্ধের প্রশাসনিক ও আইনগত ভিত্তি অনুসন্ধান, সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিও জানানো হয়। প্রশাসনিক প্রক্রিয়া শেষে এলো ইতিবাচক সিদ্ধান্ত অভিভাবকদের দাবির পর বিষয়টি প্রশাসনিক পর্যায়ে পর্যালোচনা শুরু হয়। জেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রতিবেদন পাঠানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংশ্লিষ্ট তথ্য ও কাগজপত্রসহ পর্যালোচনা প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। মাউশির ২৬ নভেম্বর ২০২৬ তারিখের স্মারক নং-৩৭.০২.০০০০.১০৬.৯৯.০০৩.২৪.২১১৪-এ বলা হয়েছে, তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি পুনরায় চালুর বিষয়ে গঠিত কমিটির সুপারিশসহ প্রতিবেদন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ২৪ নভেম্বর অধিদপ্তরে দাখিল করেন। চিঠিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের দাবি, জনপ্রতিনিধিদের সুচিন্তিত মতামত এবং অভিভাবকদের চাহিদার প্রতি সম্মান জানিয়ে পূর্বের ন্যায় প্রাথমিক শাখা (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) চালুর বিষয়ে গঠিত কমিটির সুপারিশের আলোকে তৃতীয় শ্রেণিতে ভর্তি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের অবহিত করার জন্য পত্র দেওয়ার সিদ্ধান্তও জানানো হয়। সবশেষে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। এটি অভিভাবকদের দীর্ঘদিনের দাবির পক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অগ্রগতি। আনন্দে আবেগাপ্লুত অভিভাবকেরা মাউশির নির্দেশনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিভাবকেরা। অভিভাবক জিনাত আরা নিজের ফেসবুক পোস্টে লেখেন— “আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!! আলহামদুলিল্লাহ!! এ বিজয় আমাদের, এ বিজয় বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের গার্ডিয়ানদের।” তিনি জানান, প্রায় তিন মাসের দৌড়ঝাঁপ ও নিরলস প্রচেষ্টার পর তাঁরা তৃতীয় শ্রেণির ভর্তি কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত পেয়েছেন। এ প্রচেষ্টায় বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বরিশালের জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার আন্তরিকতার প্রতিও কৃতজ্ঞতা জানান। জিনাত আরার ভাষায়, অভিভাবকদের দীর্ঘ প্রচেষ্টায় পাশে থাকা এসব মানুষের সহযোগিতা তাঁরা আজীবন মনে রাখবেন। সহযোদ্ধা অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অভিভাবক বেলায়েত হোসেন ফেসবুক পোস্টে লেখেন— অন্যদিকে অভিভাবক বেলায়েত হোসেন তাঁর ফেসবুক পোস্টে তৃতীয় শ্রেণিতে ভর্তি কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগে ভূমিকা রাখায় সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। শুধু ভর্তি নয়, অভিভাবকদের দাবি ছিল পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম তৃতীয় শ্রেণিতে ভর্তি পুনরায় চালুর সিদ্ধান্তে অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরলেও তাঁদের মূল প্রত্যাশা আরও বিস্তৃত। তাঁদের দাবি, শুধু তৃতীয় শ্রেণিতে ভর্তি চালু করলেই হবে না; তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত পুরো শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে হবে। ৩ নভেম্বর জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে অভিভাবকেরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছিলেন। তাঁদের দাবি অনুযায়ী, গত বছর প্রতিষ্ঠান থেকে ৪৬ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ২৭ জন বৃত্তি পেয়েছে। এমন ফলাফলের পরও প্রাথমিক শাখার ভর্তি বন্ধ রাখার যৌক্তিকতা নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন। এ ছাড়া তাঁদের অভিযোগ ছিল, প্রতিষ্ঠানের কিছু শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষকের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অধ্যক্ষের সঙ্গে অসহযোগিতা এবং শিক্ষার্থীদের প্রভাবিত করার কারণে স্বাভাবিক শিক্ষা পরিবেশ ব্যাহত হচ্ছে। সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুন ও অর্থনীতি বিভাগের প্রভাষক মুহাম্মদ মাসুম বিল্লাহর ভূমিকা নিয়েও স্মারকলিপিতে প্রশ্ন তোলা হয়েছিল। অভিভাবকেরা প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, অবকাঠামোগত সংকট নিরসন এবং প্রয়োজনে পৃথক ভবন নির্মাণের দাবিও জানিয়েছেন। প্রশাসনিক সিদ্ধান্তের পর এবার বাস্তবায়নের অপেক্ষা তৃতীয় শ্রেণিতে ভর্তি পুনরায় চালুর বিষয়ে মাউশির নির্দেশনা নিঃসন্দেহে অভিভাবকদের জন্য স্বস্তির খবর। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নির্দেশনাটি দ্রুত বাস্তবায়ন এবং ভর্তি কার্যক্রমের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা। দীর্ঘদিন ধরে যে শিশুদের জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা বন্ধ ছিল, তাদের সামনে আবারও সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের অনিশ্চয়তাও কাটার আশা দেখা দিয়েছে। তবে অভিভাবকদের দীর্ঘদিনের আরেকটি প্রশ্ন এখনো প্রাসঙ্গিক—প্রতিষ্ঠানটির তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম কি আগের মতো পূর্ণাঙ্গভাবে চলবে? শিক্ষকসংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতার স্থায়ী সমাধান হবে কি? আদেশ ঠেকানোর চেষ্টার অভিযোগ অভিভাবকদের ভাষ্যমতে, বিভাগীয় সদর দপ্তর হিসেবে বরিশালের স্থানীয় বাসিন্দাদের সন্তানদের তৃতীয় শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতি সর্বোচ্চ চাহিদা ও আগ্রহ রয়েছে। এ প্রেক্ষাপটে মাননীয় সংসদ সদস্য ও সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মহোদয়ের জোরালো সুপারিশ, জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক গঠিত সাত সদস্যবিশিষ্ট ভর্তি সংক্রান্ত পর্যালোচনা কমিটির প্রতিবেদন এবং কমিটির সদস্যসচিব জেলা শিক্ষা অফিসারের সুপারিশের ভিত্তিতে পূর্বের ন্যায় ভর্তি কার্যক্রম চালুর বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্দেশনা প্রদান করা হয়। সে অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রয়োজনীয় আদেশ জারি কয়েছে। ২৬ নভেম্বর ২০২৬ তারিখে মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুন ও প্রভাষক মাসুম বিল্লাহ ঢাকায় গিয়ে প্রক্রিয়াধীন ওই আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রচেষ্টায় লিপ্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সরকারি সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের চলমান প্রক্রিয়ায় এ ধরনের হস্তক্ষেপের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড সরকারি দাপ্তরিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টির শামিল হতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। বরিশালের স্থানীয় অভিভাবকদের দীর্ঘদিনের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশ এবং প্রশাসনিক পর্যালোচনার আলোকে বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তি ও পূর্বের ন্যায় ভর্তি কার্যক্রম চালুর উদ্যোগ যেন কোনো অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতায় ব্যাহত না হয়—সংশ্লিষ্ট সকলের কাছে এটাই প্রত্যাশা। একটি সিদ্ধান্ত, অনেক শিশুর স্বপ্ন একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম বন্ধ হওয়া শুধু প্রশাসনিক সিদ্ধান্তের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে শত শত পরিবারের প্রত্যাশা, শিশুদের ভবিষ্যৎ এবং একটি এলাকার শিক্ষার সুযোগ। বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজকে ঘিরে অভিভাবকদের এই দীর্ঘ প্রচেষ্টা দেখিয়েছে, শিক্ষার প্রশ্নে সচেতন অভিভাবকেরা একসঙ্গে দাঁড়ালে প্রশাসনিক পর্যায়েও ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি হতে পারে। তৃতীয় শ্রেণিতে ভর্তি পুনরায় চালুর নির্দেশনা তাই কেবল একটি দাপ্তরিক চিঠি নয়, এটি দীর্ঘ অপেক্ষার পর অভিভাবকদের স্বস্তি এবং নতুন করে শিশুদের স্বপ্ন দেখার সুযোগ। এখন প্রত্যাশা একটাই—কাগজের নির্দেশনা দ্রুত বাস্তবে রূপ নিক, খুলে যাক শিক্ষার দরজা, আর বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ফিরে পাক তার পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রমের স্বাভাবিক গতি।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে। কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে। কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি। মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।