ইত্তেহাদ নিউজ,অনলাইন : গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) শাখার উপবিভাগীয় প্রকৌশলী মো. শামসুল আরেফীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বনামে-বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং ঘুষ লেনদেনের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব, দাপ্তরিক যোগাযোগ এবং একটি প্রভাবশালী ঠিকাদারি সিন্ডিকেটের সহযোগিতায় দীর্ঘদিন ধরে ঢাকায় নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে বলেও জানা গেছে।
বর্তমানে গণপূর্ত ই/এম বিভাগ-৪-এর অধীনে ই/এম উপবিভাগ-৮-এর দায়িত্বে রয়েছেন এই প্রকৌশলী। তাঁর পদায়ন, বদলি, ঠিকাদারি কার্যক্রম এবং বিভিন্ন প্রকল্পে কথিত প্রভাব বিস্তার নিয়ে গণপূর্ত অধিদপ্তরের ভেতরে ও বাইরে আলোচনা-সমালোচনা চলছে।
সংশ্লিষ্ট সূত্র ও কয়েকজন ঠিকাদারের অভিযোগ, বিভিন্ন সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে দাপ্তরিক সিদ্ধান্ত ও উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তার করেছেন শামসুল আরেফীন। ত
অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে গণপূর্ত ই/এম বিভাগ-৬-এ কর্মরত থাকাকালে শামসুল আরেফীনের প্রভাব বিস্তারের বিষয়টি বেশি আলোচনায় আসে।
অভিযোগ অনুযায়ী, তৎকালীন নির্বাহী প্রকৌশলী পবিত্র কুমারের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টার এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালসহ ওই বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তার করেন।
ভুক্তভোগী কয়েকজন ঠিকাদারের অভিযোগ, প্রকল্পের প্রাক্কলন বা এস্টিমেট তৈরি থেকে শুরু করে কাজের তদারকি এবং চূড়ান্ত বিল অনুমোদনের প্রক্রিয়ায় তাঁর একক আধিপত্য ছিল। তাঁদের দাবি, ঠিকাদারি কাজের বিভিন্ন ধাপে তাঁর সম্মতি ও সহযোগিতা ছাড়া অগ্রসর হওয়া কঠিন হয়ে পড়ত।
আরও অভিযোগ রয়েছে, নিজেকে সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে ঠিকাদারদের ওপর প্রভাব খাটাতেন তিনি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ-সমর্থিত ঠিকাদারদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়েছিল বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এই সিন্ডিকেটের মাধ্যমে বেনামে ঠিকাদারি পরিচালনা এবং বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে।
শামসুল আরেফীনের পদায়ন ও বদলির ইতিহাস নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের শেষদিকে প্রায় অর্ধকোটি টাকা বিনিয়োগ করে ই/এম উপবিভাগ-৮-এ পদায়ন নিশ্চিত করেন তিনি। তবে পরবর্তী সময়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর প্রায় দেড় বছরের মাথায় তাঁকে ই/এম উপবিভাগ-৩-এ বদলি করা হয় বলে জানা গেছে।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় তাঁর ভূমিকা নিয়েও অভিযোগ রয়েছে। সূত্রের দাবি, ওই সময়ে ধানমন্ডি কলেজ রোড এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলন দমনে মাঠপর্যায়ে ভূমিকা পালন করেন তিনি। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে লাখ লাখ টাকা ব্যয় করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ ছাড়া অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের কথিত শান্তি মিছিল, সভা ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর প্রভাব বিস্তারের ধরন বদলে যায় বলেও দাবি সূত্রগুলোর। অভিযোগ রয়েছে, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মাদ সোহেল মনজুরের নিকটাত্মীয় পরিচয় দিয়ে সহকর্মী প্রকৌশলীদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন তিনি।
এরপর গণপূর্ত ই/এম শাখার একটি প্রভাবশালী সিন্ডিকেটকে ব্যবস্থাপনায় নিয়ে কথিত লটারির মাধ্যমে আবারও ই/এম উপবিভাগ-৮-এ পদায়ন পান বলে অভিযোগ উঠেছে। সেখানে ফিরে আগের মতো অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থের অপব্যবহারে জড়িয়ে পড়ার অভিযোগও করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঠিকাদারদের অভিযোগ, ই/এম বিভাগ-৬-এ দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রকল্পের বিল ছাড়ের ক্ষেত্রে নির্দিষ্ট হারে কমিশন দাবি করতেন শামসুল আরেফীন। কাঙ্ক্ষিত অর্থ না পেলে নথিপত্রে নানা জটিলতা তৈরি করে বিল আটকে রাখা হতো বলে অভিযোগ তাঁদের।
এক ঠিকাদারের ভাষ্য, ‘কাজ পাওয়ার কথা বলে তিনি বারবার উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম উল্লেখ করতেন। টাকা না দিলে বিল আটকে থাকত। এ কারণে অনেকে বাধ্য হয়েই টাকা দিয়েছেন।’
অন্য এক ঠিকাদারের অভিযোগ, ‘তিনি বলতেন, উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও। পরে দেখা গেছে, কাজও হয়নি, আর সেই টাকাও ফেরত পাওয়া যায়নি।’
এসব বক্তব্যে সরকারি প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা, বিল অনুমোদন এবং ঠিকাদারি কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট প্রকল্পের কার্যাদেশ, পরিমাপ বই, বিল ভাউচার, ব্যাংক লেনদেন এবং অনুমোদনসংক্রান্ত নথি পরীক্ষা করা প্রয়োজন।
সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলির ক্ষেত্রে প্রশাসনিক নীতিমালা অনুসরণের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। নির্দিষ্ট মেয়াদ শেষে কর্মকর্তাদের ঢাকার বাইরে বদলির বিধান ও প্রশাসনিক চর্চা থাকলেও শামসুল আরেফীন কর্মজীবনের অধিকাংশ সময় ঢাকায় কাটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সূত্রের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের পর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে তাঁকে কুমিল্লায় বদলি করা হয়েছিল। কিন্তু প্রায় দেড় বছরের মাথায় আবারও ঢাকায় একই অফিসে সমমানের পদে ফিরে আসেন তিনি।
কী প্রক্রিয়ায় এই বদলি ও পুনঃপদায়ন হয়েছে, সংশ্লিষ্ট আদেশে কী যুক্তি দেখানো হয়েছে এবং প্রশাসনিক নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না—এসব বিষয় এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
গণপূর্ত অধিদপ্তরের অভ্যন্তরীণ সূত্রগুলোর ধারণা, রাজনৈতিক পরিবর্তনের পরও একটি প্রভাবশালী সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ বজায় রাখার মাধ্যমে নিজের অবস্থান সুরক্ষিত করেছেন তিনি। তবে এ বিষয়ে দাপ্তরিক নথি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা প্রয়োজন।
শামসুল আরেফীনের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে সবচেয়ে গুরুতর বিষয়গুলোর একটি হলো জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, রাজধানীসহ দেশের বিভিন্ন অভিজাত এলাকায় এবং বিকাশমান আবাসন প্রকল্পে তাঁর ও নিকটাত্মীয়দের নামে একাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে। সরকারি চাকরির বেতন-ভাতার সঙ্গে এসব সম্পদের কথিত মালিকানার সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।
তবে এসব সম্পত্তির সুনির্দিষ্ট অবস্থান, দলিল, ক্রয়মূল্য, মালিকানার প্রকৃত ধরন এবং অর্থের উৎস প্রকাশ্যে যাচাই করা যায়নি।
দুদকের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, স্বনামে-বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে কমিশন প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। এ-সংক্রান্ত বিভিন্ন নথিপত্রও তলব করা হচ্ছে বলে দাবি সূত্রগুলোর।
অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সম্পদের উৎস, ব্যাংক লেনদেন, আয়কর নথি, সম্পত্তির দলিল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেন পর্যালোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
অভিযোগের বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, ‘কেউ যদি ঊর্ধ্বতন কারও নাম ভাঙিয়ে ঠিকাদারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে থাকেন, তবে তার দায় তাকেই নিতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে কেউ কাউকে এ ধরনের অনৈতিক কাজের সুযোগ দেয় না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বলেন, ‘গণপূর্ত অধিদপ্তর কোনো ব্যক্তিগত অনিয়ম বা দুর্নীতির দায় নেবে না। প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে প্রশাসনিক তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।’
তিনি আরও বলেন, ‘মো. শামসুল আরেফীনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং বদলি-সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুদক স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে। আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে সব ধরনের প্রয়োজনীয় তথ্য ও দাপ্তরিক সহযোগিতা প্রদান করব।’
উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে উপবিভাগীয় প্রকৌশলী মো. শামসুল আরেফীনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
শামসুল আরেফীনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো কেবল একজন কর্মকর্তার ব্যক্তিগত কর্মকাণ্ডের প্রশ্ন নয়; এর সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা, ঠিকাদারি কার্যক্রমের স্বচ্ছতা, প্রশাসনিক পদায়ন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির বিষয়ও জড়িত।
তাই কয়েকটি প্রশ্নের উত্তর পাওয়া জরুরি:
এসব প্রশ্নের উত্তর নির্ভর করছে নিরপেক্ষ তদন্ত, দাপ্তরিক নথি যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যের ওপর।
সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ উঠলে তা রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত প্রভাবের ঊর্ধ্বে থেকে তদন্ত করা জরুরি। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেমন প্রয়োজন, তেমনি অভিযোগের সত্যতা না মিললে অভিযুক্ত কর্মকর্তার সম্মান ও অধিকার সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ।
এখন দেখার বিষয়, দুদকের অনুসন্ধান এবং গণপূর্ত অধিদপ্তরের প্রশাসনিক পর্যালোচনায় অভিযোগগুলোর কতটা সত্যতা পাওয়া যায় এবং সরকারি অর্থ ও দাপ্তরিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেষ পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে। কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে। কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি। মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।
সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ রহমানের সিন্ডিকেটের প্রভাব, প্রশ্নের মুখে আজাদ রহমান,আলোচনায় পুরোনো বিভাগীয় মামলা ও ট্রুথ কমিশনের নথি- ইত্তেহাদ নিউজ,অনলাইন : সরকারি অর্থে নির্মিত সড়ক কতটা টেকসই হবে, কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পাবে, কোন কর্মকর্তা গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্বে থাকবেন—এসব সিদ্ধান্তের ভিত্তি হওয়ার কথা নিয়ম, যোগ্যতা ও স্বচ্ছ প্রশাসনিক প্রক্রিয়া। কিন্তু সড়ক ও জনপথ অধিদপ্তরে (সওজ) এসব সিদ্ধান্তের পেছনে একটি প্রভাবশালী বলয়ের ভূমিকা রয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন অধিদপ্তরের একাধিক কর্মকর্তা ও ঠিকাদার। তাদের অভিযোগের কেন্দ্রে রয়েছেন সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ রহমান। তাঁর বিরুদ্ধে বদলি ও পদায়ন বাণিজ্য, দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, অতিরিক্ত বিল অনুমোদন এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডে প্রকৌশলী নুরু ইসলামের সহযোগিতার কথাও উল্লেখ করেছেন কয়েকজন অভ্যন্তরীণ সূত্র। অভিযোগকারীদের ভাষ্য, অধিদপ্তরের গুরুত্বপূর্ণ প্রকল্প, লাভজনক জোনে পদায়ন এবং ঠিকাদারি কাজের বণ্টনকে ঘিরে একটি প্রভাববলয় দীর্ঘদিন ধরে সক্রিয়। রাজনৈতিক পটপরিবর্তনের পরও সেই বলয়ের প্রভাব পুরোপুরি কমেনি; বরং নতুন প্রশাসনিক বিন্যাসে পুরোনো সম্পর্ক ও যোগাযোগ কাজে লাগিয়ে প্রভাব ধরে রাখার চেষ্টা চলছে। অন্যদিকে, আজাদ রহমানের অতীত নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় একটি প্রকল্পে অতিরিক্ত বিল পরিশোধের মাধ্যমে সরকারি আর্থিক ক্ষতির বিষয়টি তৎকালীন সত্য ও জবাবদিহিতা কমিশনে স্বীকার এবং পরে অর্থ জমা দেওয়ার তথ্য প্রশাসনিক নথিতে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছিল। তবে অতীতের নথি, বর্তমানের অভিযোগ এবং প্রশাসনিক সিদ্ধান্ত—এই তিনটি বিষয়কে আলাদা করে যাচাই করা জরুরি। তিন স্তরে কথিত সিন্ডিকেটের কার্যক্রম সওজের একাধিক অভ্যন্তরীণ সূত্রের দাবি, অধিদপ্তরে কথিত প্রভাববলয়টি মূলত তিনটি ক্ষেত্রে সক্রিয়। প্রথমত, বদলি ও পদায়ন। অভিযোগ রয়েছে, গুরুত্বপূর্ণ জোন, জেলা এবং বড় উন্নয়ন প্রকল্পে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে জ্যেষ্ঠতা ও প্রশাসনিক যোগ্যতার পাশাপাশি বিশেষ একটি গোষ্ঠীর পছন্দ-অপছন্দ প্রভাব ফেলছে। লাভজনক পদে দায়িত্ব পেতে আর্থিক লেনদেনের অভিযোগও করেছেন কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি। দ্বিতীয়ত, প্রকল্প ও দরপত্র নিয়ন্ত্রণ। অভিযোগকারীদের ভাষ্য, নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা হয়। কোনো প্রতিষ্ঠান কথিত কমিশন দিতে অস্বীকৃতি জানালে তাদের ফাইল আটকে রাখা, বিল পরিশোধে বিলম্ব কিংবা কালো তালিকাভুক্ত করার ভয় দেখানোর অভিযোগ রয়েছে। তৃতীয়ত, প্রকল্প ব্যয় ও বিদেশ সফরসংক্রান্ত আর্থিক স্বচ্ছতা। গত কয়েক মাসে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই ও যুক্তরাজ্যে কয়েকজন কর্মকর্তার বিদেশ সফরের অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এসব সফরের ব্যয়, অর্থের উৎস এবং প্রকল্পসংশ্লিষ্ট ব্যয়ের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। অভ্যন্তরীণ সূত্রগুলোর দাবি, এই কাঠামোয় এ.কে.এম আজাদ রহমান সমন্বয়কের ভূমিকা পালন করেন এবং প্রকৌশলী নুরু ইসলাম প্রশাসনিক সহযোগিতা দিয়ে থাকেন। তবে তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে কোনো স্বাধীন তদন্তের চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি। দরপত্রে প্রতিযোগিতা, নাকি প্রভাবশালী ঠিকাদারদের সুবিধা? সরকারি উন্নয়ন প্রকল্পে দরপত্রের মূল উদ্দেশ্য প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য ঠিকাদার নির্বাচন এবং ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা। কিন্তু সওজের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে এই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ঠিকাদার ও অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা। তাদের দাবি, মাঠপর্যায়ে কাজের বাস্তব অগ্রগতির সঙ্গে দাখিল করা বিলের পরিমাণের অসংগতি থাকা সত্ত্বেও নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান অতিরিক্ত বিল পেয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বাস্তবে সম্পন্ন কাজের তুলনায় বেশি অর্থ পরিশোধের অভিযোগও রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, প্রতিযোগী ঠিকাদারদের জন্য দরপত্র প্রক্রিয়া অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছিল। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে প্রক্রিয়াকে প্রভাবিত করা এবং অন্যদের নিরুৎসাহিত করার অভিযোগ রয়েছে। কয়েকজন ঠিকাদারের দাবি, কথিত কমিশন দিতে অস্বীকৃতি জানালে তাঁদের বিল নিষ্পত্তি বিলম্বিত করা, ফাইল আটকে রাখা কিংবা কালো তালিকাভুক্ত করার হুমকি দেওয়া হতো। এসব অভিযোগ সত্য হলে তা শুধু সরকারি ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতাকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং সড়ক নির্মাণের গুণগত মান ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়েও গুরুতর উদ্বেগ তৈরি করে। এ অভিযোগ যাচাইয়ে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর দরপত্র মূল্যায়ন প্রতিবেদন, কার্যাদেশ, পরিমাপ বই, বিল ভাউচার, কাজের অগ্রগতি প্রতিবেদন এবং প্রকল্প সমাপ্তির নথি পর্যালোচনা প্রয়োজন। বদলি-পদায়ন ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগ সওজে কর্মকর্তাদের বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা। তাদের অভিযোগ, কোন কর্মকর্তা কোন জেলা, জোন বা বড় প্রকল্পের দায়িত্ব পাবেন, তা নির্ধারণে কখনো কখনো যোগ্যতা ও জ্যেষ্ঠতার চেয়ে ব্যক্তিগত যোগাযোগ ও বিশেষ বলয়ের সমর্থন বেশি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে বড় প্রকল্প ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে পদায়নের ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের ভাষ্য, নির্দিষ্ট বলয়ের সঙ্গে সমঝোতা করতে না পারলে কোনো কর্মকর্তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠানো কিংবা তাঁর পদায়ন আটকে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। অভিযোগের কেন্দ্রে থাকা এ.কে.এম আজাদ রহমানকে এসব পদায়ন ও বদলি প্রক্রিয়ার অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন কয়েকটি অভ্যন্তরীণ সূত্র। নুরু ইসলামের প্রশাসনিক সহযোগিতার কথাও তাঁরা বলেছেন। ট্রুথ কমিশনের নথিতে কী রয়েছে? এ.কে.এম আজাদ রহমানকে ঘিরে বর্তমান বিতর্কের পাশাপাশি তাঁর অতীতের একটি প্রশাসনিক ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতিবিরোধী অভিযানের প্রেক্ষাপটে তিনি তৎকালীন সত্য ও জবাবদিহিতা কমিশনের (ট্রুথ কমিশন) মুখোমুখি হয়েছিলেন। সংশ্লিষ্ট প্রশাসনিক নথির তথ্য অনুযায়ী, জয়দেবপুর থেকে দেবগ্রাম-ভুলতা-নয়াপুর বাজার হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর পর্যন্ত জাতীয় মহাসড়ক নির্মাণ (সংশোধিত) প্রকল্পে দায়িত্ব পালনকালে দুটি গ্রুপের কাজে অতিরিক্ত বিল পরিশোধের মাধ্যমে সরকারের ২১ লাখ ১০ হাজার ৪৩৮ টাকার আর্থিক ক্ষতির বিষয়টি তিনি কমিশনে স্বীকার করেছিলেন বলে উল্লেখ রয়েছে। পরবর্তীতে তিনি রাষ্ট্রীয় কোষাগারে ২ লাখ টাকা জমা দেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫-এর বিধি ৩(বি) ও ৩(ডি) অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা নম্বর ০২/২০১২ রুজু করা হয়েছিল। তবে মামলাটি চলাকালে তিনি হাইকোর্টে রিট পিটিশন নম্বর ৮১৬/২০১২ দায়ের করেন। আদালত প্রাথমিকভাবে তিন মাসের জন্য বিভাগীয় কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। পরে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয় বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। পূর্ণাঙ্গ শুনানির পর রিটটি নিষ্পত্তি হয় এবং পরবর্তী সময়ে তিনি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক যোগাযোগ ও প্রশাসনিক সুরক্ষার অভিযোগ সওজের কয়েকজন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অভ্যন্তরীণ সূত্রের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে এ.কে.এম আজাদ রহমান প্রশাসনিকভাবে সুবিধাজনক অবস্থানে ছিলেন। তাঁদের অভিযোগ, রাজনৈতিক যোগাযোগ ও প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্কের কারণে অতীতের বিতর্ক সত্ত্বেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল থাকার সুযোগ পেয়েছেন। তবে এ ধরনের রাজনৈতিক ঘনিষ্ঠতা কিংবা প্রশাসনিক সুরক্ষার অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো যোগাযোগের নথি বা আনুষ্ঠানিক তদন্তের ফলাফল এখানে পাওয়া যায়নি। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সওজের প্রশাসনিক পুনর্বিন্যাস নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, প্রশাসনিক সংস্কারের প্রত্যাশা তৈরি হলেও আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাপ্রাপ্ত বলে পরিচিত কয়েকজন কর্মকর্তা আবারও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। তাঁদের মধ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ রহমানের পদায়ন নিয়েও আপত্তি তুলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বর্তমান প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানের নেতৃত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস চলার সময় কয়েকটি বদলি ও পদায়ন প্রজ্ঞাপন ঘিরেও সমালোচনা হয়েছে। বিশেষ করে ঢাকা জোনে পদায়ন নিয়ে অধিদপ্তরের ভেতরে প্রশ্ন উঠেছে। এ ছাড়া প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানের বিরুদ্ধেও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন, বদলি বাণিজ্য এবং প্রভাবশালী সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেছেন কিছু অভিযোগকারী। সম্পদের উৎস নিয়েও প্রশ্ন সরকারি চাকরির বেতন ও বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগও উঠেছে এ.কে.এম আজাদ রহমানকে ঘিরে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, জমি এবং নিজ এলাকায় বিপুল সম্পদের মালিকানা নিয়ে অধিদপ্তরের ভেতরে আলোচনা রয়েছে। তদন্তকারীদের জন্য গুরুত্বপূর্ণ হবে তাঁর আয়কর বিবরণী, সম্পদ বিবরণী, জমি ও ফ্ল্যাটের দলিল, ব্যাংক লেনদেন এবং পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের বৈধ উৎস যাচাই করা। অভিযোগ সত্য হলে তা সরকারি কর্মচারীর সম্পদ অর্জনসংক্রান্ত বিধিবিধান ও দুর্নীতিবিরোধী আইনের আওতায় তদন্তের দাবি রাখে। প্রকল্প বিলম্ব, ঠিকাদার সংকট ও সড়কের দুরবস্থা সওজের কথিত প্রভাববলয় নিয়ে বিতর্কের পাশাপাশি দেশের সড়ক অবকাঠামোর মান ও রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠছে। অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার দাবি, ঠিকাদার সংকট, বিল নিষ্পত্তিতে বিলম্ব এবং প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে বিভিন্ন এলাকায় সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। সামান্য বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়া, নির্মাণকাজের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন এবং নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না হওয়ার মতো সমস্যায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। তবে সড়কের এসব সমস্যার জন্য কোনো নির্দিষ্ট কর্মকর্তাকে সরাসরি দায়ী করার আগে প্রকল্পভিত্তিক কারিগরি মূল্যায়ন, কাজের মান পরীক্ষা, রক্ষণাবেক্ষণ বরাদ্দ এবং ঠিকাদারি কার্যক্রমের তথ্য পর্যালোচনা করা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, সড়ক অবকাঠামো উন্নয়নে শুধু বরাদ্দ বৃদ্ধি যথেষ্ট নয়; বরং দরপত্র, প্রকল্প তদারকি, বিল অনুমোদন এবং রক্ষণাবেক্ষণের প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। অভিযোগের বিষয়ে আজাদ রহমানের বক্তব্য পাওয়া যায়নি প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করতে এ.কে.এম আজাদ রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বদলি নয়, প্রয়োজন নথিভিত্তিক স্বাধীন তদন্ত সওজের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রতিষ্ঠানে প্রশাসনিক স্বচ্ছতা ও আর্থিক জবাবদিহি নিশ্চিত করা শুধু দাপ্তরিক বিষয় নয়; এর সঙ্গে সরাসরি যুক্ত জনগণের অর্থ, সড়কের নিরাপত্তা এবং দেশের অর্থনৈতিক কার্যক্রম। অভিযোগগুলো যাচাই করতে কয়েকটি ক্ষেত্রে স্বাধীন তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রথমত, আলোচিত প্রকল্পগুলোর দরপত্র, কার্যাদেশ, পরিমাপ বই, বিল ভাউচার ও বাস্তব কাজের অগ্রগতি মিলিয়ে ফরেনসিক অডিট করা। দ্বিতীয়ত, ২০০৭-০৮ সালের ট্রুথ কমিশনসংক্রান্ত নথি, বিভাগীয় মামলা নম্বর ০২/২০১২ এবং হাইকোর্টের রিট পিটিশন নম্বর ৮১৬/২০১২-এর পূর্ণাঙ্গ নথি ও চূড়ান্ত আদেশ পর্যালোচনা করা। তৃতীয়ত, গত কয়েক বছরে গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়নের সিদ্ধান্ত, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আর্থিক লেনদেন এবং প্রশাসনিক প্রক্রিয়ার স্বচ্ছতা পরীক্ষা করা। চতুর্থত, বিদেশ সফরের অনুমোদন, ব্যয়, অর্থের উৎস এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করা। পঞ্চমত, অভিযোগে উল্লিখিত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদের বৈধ উৎস যাচাই করা। সংশ্লিষ্টদের মতে, শুধু বদলি, পদায়ন পরিবর্তন কিংবা সাময়িক প্রশাসনিক পদক্ষেপে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক অনিয়ম দূর করা সম্ভব নয়। প্রয়োজন নথিভিত্তিক তদন্ত, স্বাধীন নিরীক্ষা এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা। সওজে সিন্ডিকেটের অভিযোগের প্রকৃত সত্যতা কী, কারা এর সঙ্গে জড়িত এবং সরকারি অর্থ বা প্রশাসনিক সিদ্ধান্তে কোনো অনিয়ম হয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর এখনো স্বাধীন তদন্তের অপেক্ষায়। জনগণের অর্থে নির্মিত সড়ক যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আর্থিক সুবিধা অর্জনের মাধ্যম হয়ে না ওঠে, সেটিই হওয়া উচিত প্রশাসনিক সংস্কারের প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্য অর্জনের প্রথম শর্ত হলো—অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রমাণের ভিত্তিতে দায় নির্ধারণ এবং সবার জন্য সমান জবাবদিহি।
ইত্তেহাদ নিউজ, অনলাইন: নদীভাঙন থেকে জনপদ রক্ষার জন্য শত শত কোটি টাকার প্রকল্প। উদ্দেশ্য নদীতীর সংরক্ষণ, বসতভিটা ও ফসলি জমি রক্ষা এবং হাজারো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সেই প্রকল্পের অর্থ ব্যয়, কেনাকাটা ও নির্মাণকাজের মান নিয়েই উঠেছে একের পর এক অনিয়মের অভিযোগ। কোথাও ভুয়া কোটেশন ও জাল বিল-ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগ, কোথাও নিম্নমানের বালু দিয়ে ব্লক তৈরি, আবার কোথাও নির্ধারিত ওজনের জিও ব্যাগ ব্যবহার না করার প্রশ্ন। ঝালকাঠিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুগন্ধা নদীভাঙন রোধ ও বিষখালী নদীর তীর সংরক্ষণ কার্যক্রম ঘিরে এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। প্রকল্প এলাকা পরিদর্শনের পাশাপাশি নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে কাজের পরিমাপ এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে আর্থিক ও প্রশাসনিক নথিপত্র সংগ্রহ করেছে দলটি। অন্যদিকে, ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা রক্ষায় ৬৮০ কোটি ১৩ লাখ টাকার বৃহৎ সুগন্ধা নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজের মান ও তদারকি নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম নিলয় পাশা। যদিও তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার করে কাজের ক্ষেত্রে বিধি অনুসরণের দাবি করেছেন। ২৫ কোটি ৫০ লাখ টাকার কোটেশন ও বিল-ভাউচার নিয়ে দুদকের অভিযান দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুরের একটি এনফোর্সমেন্ট টিম ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট প্রকল্পে অভিযান পরিচালনা করে। দুদকের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, সুগন্ধা নদীভাঙন রোধ ও বিষখালী নদীর তীর সংরক্ষণ প্রকল্পে ভুয়া কোটেশন এবং জাল বিল-ভাউচারের মাধ্যমে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাইয়ে এ অভিযান চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, ল্যাপটপ, ফটোকপি মেশিনসহ বিভিন্ন জরুরি সরঞ্জাম ও কাজের নামে ভুয়া কোটেশন তৈরি এবং বিল-ভাউচার দেখিয়ে বিপুল পরিমাণ সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে। অভিযানকালে নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে প্রকল্পের বাস্তব কাজ পরিমাপ করা হয়। পাশাপাশি প্রকল্পের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র, বিল-ভাউচার এবং অন্যান্য নথি সংগ্রহ করে দুদকের দল। তবে অভিযোগে উল্লিখিত অর্থের পুরোটা কোন কোন খাতে, কীভাবে এবং কার মাধ্যমে উত্তোলন করা হয়েছে, তা দুদকের চূড়ান্ত অনুসন্ধান প্রতিবেদনের আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ৬৮০ কোটি টাকার প্রকল্পে ৩৪ প্যাকেজ, কাজের মান নিয়ে প্রশ্ন সুগন্ধা নদীর ভাঙন থেকে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা রক্ষায় ৬৮০ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়। একনেকে অনুমোদিত ‘সুগন্ধা নদীর ভাঙনরোধে সদর ও নলছিটি উপজেলা রক্ষা প্রকল্প’-এর আওতায় ১৩ দশমিক ২১৫ কিলোমিটার নদীতীর সংরক্ষণ ও প্রতিরক্ষা কাজ করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের কাজ ৩৪টি প্যাকেজে ভাগ করা হয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদরে ১৮টি এবং নলছিটি উপজেলায় ১৬টি প্যাকেজ রয়েছে। প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত নির্ধারিত। প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রকল্পের ৩৪টি প্যাকেজের মধ্যে ১৭টির কাজ শুরু হয়েছে। পাউবো সূত্রে কাজের অগ্রগতি ২১ শতাংশ এবং ঠিকাদারদের বিল পরিশোধের হার ১৫ শতাংশ বলে জানানো হয়েছে। তবে প্রকল্পের বিভিন্ন সাইটে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, জিও ব্যাগের পরিমাণ ও ওজন এবং তদারকির ঘাটতি নিয়ে অভিযোগ ওঠায় প্রকল্পের সামগ্রিক গুণগত মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কুতুবনগরে নিম্নমানের বালু, বাতিল হলো ব্লক তৈরির উপকরণ প্রকল্পের কুতুবনগর সাইটে নিম্নমানের বালু ব্যবহার করে ব্লক তৈরির অভিযোগ উঠেছে। গত ৯ নভেম্বর সরেজমিনে সেখানে নিম্নমানের বালু ব্যবহারের বিষয়টি সামনে আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পঙ্কজ কুমার সরকার জানান, নিয়ম অনুযায়ী ব্লক তৈরিতে ১ দশমিক ৫০ ফাইননেস মডুলাসের বালু ব্যবহারের কথা। কিন্তু সেখানে ১ দশমিক ৩৭ ফাইননেস মডুলাসের বালু দিয়ে ব্লক তৈরি করা হচ্ছিল। অভিযোগের পর টাস্কফোর্স ওই বালু বাতিল করে এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত একজন এসওকে প্রত্যাহারের কথাও জানা গেছে। দায়িত্বপ্রাপ্ত এক এসওর ভাষ্য অনুযায়ী, প্রায় ৪০০ কিউবিক বালু বাতিল করা হয়েছে। তবে বাতিলের আগে ওই বালু দিয়ে কতগুলো ব্লক তৈরি করা হয়েছিল, তা নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি।এলাকাবাসীর অভিযোগ, বাতিল ঘোষণার পরও বালুর স্তূপ প্রকল্প এলাকায় পড়ে রয়েছে। কেন তা সরানো হয়নি, সে প্রশ্নও উঠেছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা বলেন, পাহারার ব্যবস্থা রাখা হয়েছে এবং নিম্নমানের বালু দিয়ে আর কাজ করা হবে না। জিও ব্যাগের ২৭৫ কেজি ওজন নিয়ে সন্দেহ নদীতীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগের মান ও ওজন নিয়েও অভিযোগ রয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রতিটি ব্যাগে ২৭৫ কেজি বালু থাকার কথা। কিন্তু বাস্তবে নদীতে ফেলা ব্যাগগুলোতে নির্ধারিত পরিমাণ বালু রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের সন্দেহ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, জিও ব্যাগের ওজন যাচাই করতে বলা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা স্কেল তালাবদ্ধ থাকার কথা জানান। ফলে তাৎক্ষণিকভাবে ওজন যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, নদীতে ব্যবহৃত ব্যাগে নির্ধারিত মানের বালু নেই। এর আগে টাস্কফোর্স ওজনে কম পাওয়া ৪০০ বস্তা বালু বাতিল করেছে বলেও অভিযোগ রয়েছে। তবে এসব ব্যাগের প্রকৃত ওজন, বালুর মান এবং নির্ধারিত স্পেসিফিকেশন অনুসরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে স্বাধীন প্রকৌশলগত পরীক্ষা প্রয়োজন। ভাটারাকান্দায় তদারকির ঘাটতি, ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ না ফেলার অভিযোগ প্রকল্পের ভাটারাকান্দা ও চর ভাটারাকান্দা এলাকাতেও কাজের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, শ্রমিকেরা ব্লক ঢালাইয়ের কাজ করলেও অনেক সময় পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থাকেন না। নদীর যেসব স্থানে ভাঙনের ঝুঁকি সবচেয়ে বেশি, সেসব স্থানে প্রয়োজনীয় সংখ্যক জিও ব্যাগ ফেলা হয়নি বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এসও ওহিদুল ইসলাম জানান, পাঁচ থেকে ছয় হাজার জিও ব্যাগ বাকি রয়েছে। সেগুলো দিয়েই ফাঁকা স্থান পূরণের পরিকল্পনা রয়েছে। বাতিল বালু সরানো হয়নি কেন? কুতুবনগর সাইটে বাতিল করা বালু দীর্ঘদিন পড়ে থাকার কারণ জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি তরিক মৃধা জানান, বালু বিক্রির জন্য ক্রেতা বা পার্টি পাওয়া যাচ্ছে না। তবে নিম্নমানের ঘোষণা করা নির্মাণসামগ্রী প্রকল্প এলাকায় ফেলে রাখার বিষয়টি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। বাতিল করা উপকরণ যথাযথভাবে অপসারণ করা হয়েছে কি না, সেগুলো দিয়ে আগে কোনো কাজ সম্পন্ন হয়েছে কি না এবং সেই কাজের বিল পরিশোধ করা হয়েছে কি না—এসব বিষয় তদন্তের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোটেশনে ২৫ লাখ টাকা, মালামাল নিয়ে ঠিকাদারদের প্রশ্ন এর আগে স্থানীয় ঠিকাদারদের অভিযোগে উঠে আসে, প্রকল্পের মূল কাজ শুরুর আগেই ল্যাপটপ, ফটোকপি মেশিন ও অফিসের আসবাবপত্র কেনার নামে প্রায় ২৫ লাখ টাকার কোটেশন দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, এ কোটেশন প্রক্রিয়া গোপনে সম্পন্ন করা হয়। স্থানীয় ঠিকাদারদের দাবি, তাঁরা এ বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। এ প্রক্রিয়ায় বরিশালের ওশিয়ান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহারের অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির মালিক তানভির আহমেদ দাবি করেছেন, তিনি কোটেশন প্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন না। তাঁর ভাষ্য অনুযায়ী, তিনি কিছু ল্যাপটপ, ফটোকপি মেশিন ও আসবাবপত্র সরবরাহ করেছেন; তবে পুরো প্রক্রিয়ায় আরও কয়েকটি প্রতিষ্ঠান যুক্ত ছিল। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, প্রায় ২৫ লাখ টাকার কোটেশনের বিপরীতে অফিসে মাত্র দুটি ল্যাপটপ ও তিনটি ফটোকপি মেশিন আনা হয়েছে। বাকি মালামালের অস্তিত্ব নিয়েও প্রশ্ন রয়েছে। এ ছাড়া কাঠালিয়া লঞ্চঘাট এলাকায় বিষখালী নদীর তীর সংরক্ষণের দুটি জরুরি কাজ দেখিয়ে পিরোজপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে প্রায় ৩০ লাখ টাকা উত্তোলনের অভিযোগও রয়েছে। বাস্তবে এসব কাজের অগ্রগতি ও সাইটের কার্যক্রম নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে কোটেশন, ক্রয়াদেশ, সরবরাহ রসিদ, স্টক রেজিস্টার, বিল-ভাউচার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। অফিসে অনিয়মিত উপস্থিতি ও সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের কয়েকজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন, নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা প্রায়ই স্থানীয় কার্যালয়ে উপস্থিত থাকেন না। তাঁর স্ত্রী নাসরিন ইসলাম বরিশালে পানি উন্নয়ন বোর্ডে কর্মরত। এ কারণে তিনি অধিকাংশ সময় বরিশালে অবস্থান করেন বলে তাঁদের দাবি। অভিযোগ রয়েছে, বরিশালে তাঁর জন্য বিকল্প অফিসের ব্যবস্থা রয়েছে। ঝালকাঠির ঠিকাদার ও দপ্তরের কর্মচারীদের প্রয়োজনীয় ফাইল বা নথিতে স্বাক্ষর নেওয়ার জন্য বরিশালে গিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতে হয়। এ ছাড়া অফিসে দুজন সরকারি চালক থাকা সত্ত্বেও স্পিডবোটচালক দিয়ে সরকারি গাড়ি চালানো এবং সেই গাড়িতে নিয়মিত বরিশাল যাতায়াতের অভিযোগও উঠেছে। নির্বাহী প্রকৌশলীর বক্তব্য: লোকবল সংকটে সব সাইটে যাওয়া সম্ভব নয় অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ সঠিক নয়। ল্যাপটপ, ফটোকপি মেশিন ও অন্যান্য সরঞ্জাম কেনার ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে এবং কোটেশন প্রক্রিয়াও বিধি অনুযায়ী সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন। অন্যদিকে প্রকল্প পরিচালক পার্থ প্রতিম সাহা বলেন, অনিয়মের বিষয়গুলো তাঁর নজরে এসেছে। নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের অপেক্ষায় ২৫ কোটি ৫০ লাখ টাকার অভিযোগ একদিকে ৬৮০ কোটি টাকার নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজের মান নিয়ে অভিযোগ, অন্যদিকে ভুয়া কোটেশন ও জাল বিল-ভাউচারের মাধ্যমে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ—সব মিলিয়ে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক ব্যবস্থাপনা এখন তদন্তের মুখে। দুদক সূত্রে জানা গেছে, অভিযানকালে সংগৃহীত নথিপত্র, বিল-ভাউচার এবং নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে নেওয়া কাজের পরিমাপ প্রতিবেদন পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে কমিশনের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে দুদকের এনফোর্সমেন্ট অভিযানকে চূড়ান্ত তদন্ত বা অপরাধ প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। সংগৃহীত নথি, প্রকল্পের বাস্তব কাজের পরিমাণ, ক্রয়প্রক্রিয়া ও আর্থিক লেনদেন যাচাইয়ের পরই অভিযোগগুলোর প্রকৃত চিত্র স্পষ্ট হবে। নদীভাঙন থেকে জনপদ রক্ষার জন্য নেওয়া প্রকল্পের অর্থ যদি অনিয়মের মাধ্যমে ব্যয় হয় কিংবা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে প্রতিরক্ষা বাঁধ ও নদীতীর সংরক্ষণকাজ ঝুঁকিতে পড়ে, তাহলে তার প্রভাব শুধু সরকারি অর্থের অপচয়ে সীমাবদ্ধ থাকবে না। ঝুঁকিতে পড়বে নদীপাড়ের মানুষের বসতভিটা, ফসলি জমি, অবকাঠামো ও জীবন-জীবিকা। তাই ২৫ কোটি ৫০ লাখ টাকার কথিত আত্মসাতের অভিযোগ থেকে শুরু করে ৬৮০ কোটি টাকার প্রকল্পের প্রতিটি প্যাকেজের কাজ, উপকরণের মান, জিও ব্যাগের ওজন, ঠিকাদারি বিল এবং তদারকির দায়িত্ব—সবকিছু স্বাধীন ও নিরপেক্ষভাবে যাচাই করা এখন জরুরি। প্রকৃত অনিয়মের সঙ্গে যাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাঁদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সরকারি উন্নয়নকাজের বাস্তব অগ্রগতি, বিল পরিশোধ, দরপত্র প্রক্রিয়া এবং দাপ্তরিক স্বচ্ছতা নিয়ে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ, কমিশন বাণিজ্য, ভুয়া বিল-ভাউচার, টেন্ডার নিয়ন্ত্রণ, ঠিকাদারি ব্যবসা পরিচালনা এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার ও স্থানীয় নাগরিকেরা। এসব অভিযোগের মধ্যে রয়েছে মাঠপর্যায়ে দৃশ্যমান কাজ না থাকলেও কাগজে কাজ সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলন, কমিশন ছাড়া ঠিকাদারদের পাওনা আটকে রাখা এবং সরকারি প্রকল্পের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ। এসব বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ২৪ জন ঠিকাদার। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় নাগরিক সাকিল আহম্মেদ। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে প্রকল্পের মূল নথি, পরিমাপ বই, বিল-ভাউচার, ব্যাংক লেনদেন এবং বাস্তব কাজের অগ্রগতি তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। কমিশন ছাড়া বিল নয়—ঠিকাদারদের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল কার্যালয়কে ঘিরে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিল পরিশোধ নিয়ে। অভিযোগকারীদের দাবি, কাজের মান ও অগ্রগতি সন্তোষজনক হলেও নির্বাহী প্রকৌশলীর চাহিদা অনুযায়ী নির্ধারিত হারে কমিশন না দিলে বিলের ফাইল আটকে রাখা হয়। এমনকি কাজ শতভাগ সম্পন্ন হওয়ার পরও পাওনা টাকা পেতে দীর্ঘসূত্রতা ও হয়রানির মুখে পড়তে হচ্ছে ঠিকাদারদের। অভিযোগ রয়েছে, কোনো কোনো প্রকল্পে মাঠপর্যায়ে দৃশ্যমান অগ্রগতি না থাকলেও দাপ্তরিক কাগজপত্রে কাজের অগ্রগতি দেখিয়ে বিল উত্তোলনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। কাজের জামানতের টাকা ফেরত পেতেও অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগ করেছেন ঠিকাদাররা। প্রতিশোধমূলক হয়রানির আশঙ্কায় কয়েকজন ঠিকাদার ছদ্মনামে তাঁদের বক্তব্য দিয়েছেন। আরও পড়ুন: বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পুকুরচুরির অভিযোগ এক শহিদুলেই প্রশ্নবিদ্ধ শিক্ষা প্রকৌশলের সুনাম! বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল যখন ঠিকাদার রাসেল (ছদ্মনাম) নামে এক ঠিকাদারের ভাষ্য, কাজের মান শতভাগ ঠিক থাকলেও নির্ধারিত কমিশন না দিলে ফাইলে স্বাক্ষর হয় না। তাঁর অভিযোগ, ঠিকাদাররা এখন নির্বাহী প্রকৌশলীর কাছে কার্যত জিম্মি। আরিফ (ছদ্মনাম) নামে আরেক ঠিকাদার বলেন, পরিচয় প্রকাশ পেলে চলমান প্রকল্পের বিল আটকে দেওয়া হতে পারে। সাইটে নানা অজুহাতে ত্রুটি বের করে হয়রানি করার আশঙ্কাও রয়েছে। এ কারণে বাধ্য হয়েই নাম গোপন রেখে প্রতিবাদ করছেন তাঁরা। অভিযোগকারীদের প্রশ্ন, সরকারি প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারের পাওনা বিল কি ব্যক্তিগত সন্তুষ্টি কিংবা কমিশনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে? দাপ্তরিক উপস্থিতি নিয়ে প্রশ্ন, হাজিরা খাতায় অনুপস্থিতির তথ্য শুধু আর্থিক অনিয়ম নয়, দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন উঠেছে। গত ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল কার্যালয়ে সরেজমিনে গিয়ে মাত্র চার-পাঁচজন কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত পাওয়া যায়। দপ্তরের উচ্চমান সহকারী আবু রহিমের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলা, জেলা ও প্রকৌশলী কার্যালয় মিলিয়ে মোট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২৫ জন। তাঁদের মধ্যে ১১ জন মাঠপর্যায়ে এবং ১৪ জন অফিসে দায়িত্ব পালন করেন। হাজিরা খাতা পর্যালোচনায় কয়েকজন প্রকৌশলীর একাধিক কার্যদিবস অনুপস্থিত থাকার তথ্য পাওয়া যায়। এর মধ্যে সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামানের চার-পাঁচ কার্যদিবস, মো. আবির হাসানের দুই দিন, মো. আফজাল হোসেনের পাঁচ দিন এবং উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান ও সাদিয়া সুলতানা জেবার দুই দিন করে অনুপস্থিতির তথ্য উল্লেখ রয়েছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বক্তব্যও প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বলেন, মাঠপর্যায়ে কাজ করা কর্মকর্তাদের হাজিরা খাতায় স্বাক্ষর থাকা অতটা গুরুত্বপূর্ণ নয়। অন্যদিকে, আনুষ্ঠানিক বক্তব্য জানতে চাইলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসার কথা বলেন। প্রশ্ন উঠেছে, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের হিসাব কি যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে? মাঠপর্যায়ের দায়িত্বের নামে দাপ্তরিক জবাবদিহি এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে কি না, সেটিও তদন্তের দাবি রাখে। মানববন্ধনে বাধা, ব্যানার ছিনিয়ে নেওয়ার অভিযোগ অভিযোগের প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ক্ষুব্ধ ঠিকাদাররা। অভিযোগ রয়েছে, কর্মসূচি চলাকালে স্থানীয় বিএনপি নেতা ও ঠিকাদার মোমেন সিকদার এবং তাঁর সঙ্গে থাকা গাড়িচালক ইব্রাহিম ও অফিস সহকারী তন্ময় আন্দোলনকারীদের ব্যানার ছিনিয়ে নেন এবং তাঁদের হুমকি দেন। মানববন্ধনে অংশ নেওয়া বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সোহেল খান অভি অভিযোগ করেন, নির্বাহী প্রকৌশলী পছন্দের ঠিকাদারদের কাজ দেন এবং কমিশন ছাড়া বিলে স্বাক্ষর করেন না। জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবও কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন। চার কোটি টাকার কাজের বিল নিয়ে বিতর্ক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের জরাজীর্ণ ভবন সংস্কারের কাজ নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, মেসার্স কবির এন্টারপ্রাইজ ৩ কোটি ২২ লাখ টাকা এবং মেসার্স খান ট্রেডিং ৭৮ লাখ টাকা ব্যয়ে মোট ৪ কোটি টাকার সংস্কারকাজ সম্পন্ন করে। কিন্তু পরবর্তী সময়ে প্রতিষ্ঠান দুটির বকেয়া বিল আটকে রেখে অন্য কয়েকটি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল-ভাউচার এবং পেপার টেন্ডারের মাধ্যমে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগে উল্লেখ করা প্রতিষ্ঠানগুলো হলো—মাদার কনস্ট্রাকশন, কে পি বিল্ডার্স, পিপন কনস্ট্রাকশন, ওয়ারিসা এন্টারপ্রাইজ, মা এন্টারপ্রাইজ ও আরিফ বিল্ডার্স। এ প্রক্রিয়ায় দপ্তরের হিসাবরক্ষক মো. শহিদুর রহমানের সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, সংশ্লিষ্ট প্রকল্পের কার্যাদেশ, কাজের পরিমাপ, বিলের নথি এবং অর্থ ছাড়ের হিসাব পর্যালোচনা করলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। ১ কোটি ৩৭ লাখ টাকার কাজ নিয়েও প্রশ্ন গত ৭ অক্টোবর ২০২৬ বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ১ কোটি ৩৭ লাখ টাকার একটি কাজ মেসার্স মাদার কনস্ট্রাকশনকে দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানটির প্রকৃত মালিকানা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিয়ে অস্পষ্টতা রয়েছে। এ ক্ষেত্রে সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর ঘনিষ্ঠ এবং ঝালকাঠি জেলা ছাত্রলীগের বিতর্কিত নেতা ফয়সাল হোসেন জুয়েলের সংশ্লিষ্টতার অভিযোগও করা হয়েছে। অভিযোগকারীরা বলছেন, সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পের কার্যাদেশ দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা, অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা এবং দরপত্রের যোগ্যতা যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। প্রায় ৩২ কোটি টাকার প্রকল্পে টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন কারিগরি স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প এবং বরিশাল কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের দরপত্র নিয়েও অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, মেসার্স মোমেন সিকদার, মা এন্টারপ্রাইজ, ইউনুস অ্যান্ড ব্রাদার্স ও রাফিদ ট্রেডার্সের নামে প্রায় ৩২ কোটি টাকার প্রকল্পের টেন্ডার নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, নির্দিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ বণ্টন ও দরপত্র প্রক্রিয়া নিয়ন্ত্রণের অভিযোগ তদন্ত করা প্রয়োজন। এখানে মূল প্রশ্ন হলো, সরকারি ক্রয়বিধি অনুসরণ করে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে কার্যাদেশ দেওয়া হয়েছে, নাকি একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাবেই দরপত্র প্রক্রিয়া পরিচালিত হয়েছে? ২৪ ঠিকাদারের অভিযোগ, ফারুক হোসেনের জিডি নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও ঠিকাদারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বছরের ২৯ নভেম্বর ঠিকাদার ফারুক হোসেনকে ফোনে গালিগালাজ ও হুমকি দেন নির্বাহী প্রকৌশলী। এর পরদিন ৩০ নভেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত সাধারণ ডায়েরি (জিডি নং-২০৭৬) করেন ফারুক হোসেন। এ ছাড়া দপ্তরের সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে। জাহিদ (ছদ্মনাম) নামে এক ঠিকাদার বলেন, সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে। একটি সরকারি দপ্তরের প্রশাসনিক প্রধানের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। দুদকের কাছে যেসব বিষয়ে তদন্ত দাবি শুধু ঠিকাদারদের অভিযোগেই সীমাবদ্ধ নেই বিষয়টি। স্থানীয় নাগরিক সাকিল আহম্মেদ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়ে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে একাধিক বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগে রয়েছে— নির্বাহী প্রকৌশলীর নিয়োগপ্রক্রিয়া এবং পিএসসি প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সৈয়দ আবেদ আলী জীবন চক্রের সঙ্গে সম্ভাব্য সংশ্লিষ্টতা। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ঢাকা ও বরিশালে নামে-বেনামে জমি, ফ্ল্যাট, গাড়ি ও অন্যান্য সম্পদ অর্জনের অভিযোগ। ঠিকাদারি কাজের বিল পরিশোধে কমিশন বাণিজ্য। ভুয়া বিল-ভাউচার ও পেপার টেন্ডারের মাধ্যমে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ। টেন্ডার নিয়ন্ত্রণ এবং ঠিকাদারি ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ। মানববন্ধনে বাধা, হামলা ও হুমকির অভিযোগ। অভিযোগকারীদের মতে, এসব অভিযোগের সত্যতা যাচাই করতে হলে শুধু মৌখিক বক্তব্যের ওপর নির্ভর না করে আর্থিক ও প্রশাসনিক নথি পরীক্ষা করা প্রয়োজন। বিশেষ করে সংশ্লিষ্ট কর্মকর্তার আয়কর রিটার্ন, সম্পদের বিবরণী, ব্যাংক লেনদেন, জমি ও ফ্ল্যাটের দলিল, গাড়ির মালিকানা এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা অনুসন্ধান করা জরুরি। সরকারি রেস্ট হাউস থেকে প্রকল্পের বিল—জবাবদিহি কোথায়? একটি সরকারি দপ্তরের নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব শুধু প্রকল্প বাস্তবায়ন ও বিল অনুমোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। সরকারি অর্থের যথাযথ ব্যবহার, প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা, ঠিকাদারদের ন্যায্য পাওনা পরিশোধ এবং দাপ্তরিক স্বচ্ছতা বজায় রাখাও তাঁর দায়িত্বের অংশ। কিন্তু বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ঘিরে ওঠা অভিযোগগুলো সরকারি প্রকল্প ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে মাঠপর্যায়ের বাস্তব কাজের সঙ্গে কাগজে দেখানো অগ্রগতির মিল রয়েছে কি না, কাজের পরিমাপ অনুযায়ী বিল দেওয়া হয়েছে কি না এবং দরপত্রে প্রকৃত প্রতিযোগিতা নিশ্চিত করা হয়েছে কি না—এসব বিষয় এখন তদন্তের দাবি রাখে। অভিযোগের পর প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং গণমাধ্যমকর্মীদের সরাসরি সাক্ষাৎ না দিয়ে অ্যাপয়েন্টমেন্টের কথা বলে এড়িয়ে যাওয়ার অভিযোগও স্থানীয় সচেতন মহলে আলোচনা তৈরি করেছে। অভিযোগ অস্বীকার নির্বাহী প্রকৌশলীর এতসব অভিযোগের বিষয়ে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তদন্তেই বেরিয়ে আসতে পারে প্রকৃত চিত্র বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ঘিরে ওঠা অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে এখন প্রয়োজন নিরপেক্ষ, স্বচ্ছ ও নথিনির্ভর তদন্ত। এ ক্ষেত্রে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মূল নথি, প্রকল্পের প্রাক্কলন, কার্যাদেশ, পরিমাপ বই (এমবি বুক), কাজের অগ্রগতি প্রতিবেদন, ঠিকাদারদের বিল-ভাউচার, ব্যাংক লেনদেন এবং দরপত্রের নথি পর্যালোচনা করা জরুরি। একই সঙ্গে সরেজমিনে প্রকল্পের কাজের পরিমাণ ও মান যাচাই, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং ঠিকাদারদের বক্তব্য গ্রহণ এবং অভিযোগে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর প্রকৃত মালিকানা অনুসন্ধান করা প্রয়োজন। সংশ্লিষ্ট ঠিকাদারদের দাবি, শিক্ষা বিভাগ ও দুর্নীতি দমন কমিশন দ্রুত তদন্ত শুরু করে অভিযোগগুলোর সত্যতা যাচাই করুক। সরকারি অর্থের অপচয় বা আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। শেষ পর্যন্ত প্রশ্নটি খুবই সরল—সরকারি বরাদ্দের অর্থে মাঠপর্যায়ে কতটুকু কাজ হয়েছে, আর কাগজে-কলমে কতটুকু দেখানো হয়েছে? ২৪ ঠিকাদারের লিখিত অভিযোগ, দুদকে আবেদন, মানববন্ধন, হাজিরা খাতার তথ্য এবং প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা নিয়ে ওঠা প্রশ্নের নিরপেক্ষ তদন্তই পারে এই প্রশ্নের জবাব দিতে। সরকারি অর্থ জনগণের। সেই অর্থের প্রতিটি টাকার হিসাব নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।