Brand logo light

তোফাজ্জল হোসেন মিয়া

বরিশাল-পিরোজপুরে এলজিইডির ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি আত্মসাত : ১৯ জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,কাজ না করেই শতভাগ বিল উত্তোলন

উন্নয়নের নামে ১,৬৪৭ কোটি টাকার লুটপাট! এলজিইডির তদন্তে পাঁচ প্রভাবশালীর নাম, ১৯ জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।কাগজে ১০০ শতাংশ কাজ, মাঠে অস্তিত্ব নেই এক ইঞ্চিও—কোথাও ৯৫ শতাংশ বিল উত্তোলন, কোথাও একই সড়কে একাধিক প্রকল্প। ১৭টি প্রকল্পে ব্যয়ের হিসাবের সঙ্গে বাস্তব কাজের ব্যবধান ১ হাজার ৬৪৭ কোটি টাকা। এলজিইডির তদন্তে উঠে এসেছে রাজনৈতিক প্রভাব, ঠিকাদারি নিয়ন্ত্রণ, ভুয়া অগ্রগতি প্রতিবেদন ও প্রশাসনিক যোগসাজশের ভয়াবহ চিত্র। ইত্তেহাদ নিউজ, অনলাইন: উন্নয়নের নামে বরাদ্দ হয়েছে হাজার হাজার কোটি টাকা। সরকারি নথিতে কোথাও কাজের অগ্রগতি ১০০ শতাংশ, কোথাও ৯৫ শতাংশ। ঠিকাদার তুলে নিয়েছেন বিপুল অঙ্কের বিল। অথচ সরেজমিনে গিয়ে কোথাও সড়ক নির্মাণের অস্তিত্ব পাওয়া যায়নি, কোথাও বাস্তব কাজের অগ্রগতি শূন্য। একই সড়ক দেখানো হয়েছে একাধিক প্রকল্পে, একই কাজের বিপরীতে নেওয়া হয়েছে একাধিকবার বিল। এমনকি কোনো কোনো ক্ষেত্রে চুক্তিমূল্যের চেয়েও বেশি অর্থ পরিশোধের তথ্য উঠে এসেছে। কাগজে-কলমে উন্নয়নের এই চাকচিক্যের আড়ালে বাস্তবে চলেছে সরকারি অর্থ আত্মসাতের ভয়াবহ আয়োজন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরিশাল ও পিরোজপুর অঞ্চলের ১৭টি প্রকল্পের তদন্তে উঠে এসেছে ১ হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকার আর্থিক অসংগতি ও আত্মসাতের অভিযোগ। এলজিইডির তদন্ত প্রতিবেদনে এসব অনিয়মের পেছনে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শ ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তাঁর ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান মেহরাজুল ইসলাম, নাজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরে আলম শাহীন এবং সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নাম উঠে এসেছে। প্রতিবেদনে তাঁদের প্রভাব ও ছত্রচ্ছায়ায় প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনও (দুদক) মামলা করেছে। হিসাবের বাইরে ১,৬৪৭ কোটি টাকা তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ১৭টি প্রকল্পের আওতায় মোট ৩ হাজার ১৭৬ কোটি ৫৮ লাখ টাকা ছাড় করা হয়। কিন্তু সরেজমিনে প্রকল্পগুলোর বাস্তব কাজের আর্থিক মূল্য পাওয়া গেছে মাত্র ১ হাজার ৫২৯ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ অর্থছাড় ও বাস্তব কাজের মূল্যের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকা। তদন্তে এই অর্থের বড় অংশ অস্তিত্বহীন কাজ, ভুয়া অগ্রগতি প্রতিবেদন, দ্বৈত প্রকল্প ও অনিয়মের মাধ্যমে আত্মসাতের অভিযোগ হিসেবে উঠে এসেছে। এটি কেবল হিসাবের গরমিল নয়; বরং প্রকল্প নির্বাচন থেকে শুরু করে দরপত্র, কার্যাদেশ, কাজের পরিমাপ, বিল প্রস্তুত ও অর্থ ছাড়—প্রতিটি পর্যায়ে প্রভাবশালী মহলের হস্তক্ষেপ এবং প্রশাসনিক দুর্বলতার একটি বড় চিত্র। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, উন্নয়নের নামে প্রকল্পগুলো দলীয়করণ করা হয়েছিল। দলীয়করণের মাধ্যমে প্রকল্প বাছাই ও বাস্তবায়ন, বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা এবং কেন্দ্রীয় ও স্থানীয় সরকারি দপ্তরগুলোর মধ্যে গড়ে ওঠা সিন্ডিকেট জনগণের অর্থ অপচয়ের সুযোগ তৈরি করেছে। তাঁর মতে, এসব চর্চার মধ্য দিয়েই অনিয়মের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। বিষয়টি এখন দেশবাসীর সামনে আসছে। তবে দুঃখজনকভাবে এখনো একই ধরনের চর্চার নজির দেখা যাচ্ছে। গত ১৫-১৬ বছরে এ ধরনের অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার চর্চা দেখা যায়নি। ফলে অবৈধভাবে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হয়েছে। এখন এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান এবং এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। পাঁচ প্রভাবশালী, ১৪ কর্মকর্তা—কীভাবে গড়ে উঠেছিল লুটতন্ত্র? বরিশাল ও পিরোজপুর অঞ্চলের প্রকল্পগুলোতে ঠিকাদারি কাজ বণ্টন ও বাস্তবায়ন ঘিরে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের একটি বলয় সক্রিয় ছিল বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, নিজেদের ও আত্মীয়স্বজনের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পের কাজ বাগিয়ে নেওয়া হতো। এরপর কাজের অগ্রগতি দেখানো, বিল প্রস্তুত এবং অর্থ উত্তোলনের প্রক্রিয়ায় স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ঠিকাদার জানান, এসব অনিয়ম বাস্তবায়নে এলজিইডির স্থানীয় পর্যায়ের ১৪ কর্মকর্তা মুখ্য ভূমিকা পালন করতেন। তদন্ত প্রতিবেদনেও সংশ্লিষ্ট রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের প্রভাব এবং যোগসাজশের বিষয়টি উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে যাঁদের নাম এসেছে, তাঁরা হলেন—উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, হিসাবরক্ষক এ কে এম মোজাম্মেল হক খান, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম, উপজেলা প্রকৌশলী হরষিত সরকার, সার্ভেয়ার রিপন হালদার, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার, ডিএএফও মো. মোহসীন এবং প্রকল্প পরিচালক আব্দুল হাই, সুশান্ত রঞ্জন রায়, সৈয়দ আহমাদ আলী, মোহাম্মদ আদনান আখতারুল আজম, কাজী মিজানুর রহমান ও মোহাম্মদ রফিকুল হাসান। এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত দুটি নম্বরের একটিতে সংযোগ পাওয়া যায়নি।  উল্লেখ্য, তদন্ত প্রতিবেদনে নাম আসা ১৯ জনের সবাই দুদকের আটটি মামলার আসামি নন। প্রতিবেদনে নাম থাকা এবং মামলায় আসামি হওয়া এক বিষয় নয়। কাগজে ৮৫-১০০ শতাংশ কাজ, বাস্তবে অগ্রগতি শূন্য প্রকল্প বাস্তবায়নের নামে অনিয়মের সবচেয়ে উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে ১৯টি প্যাকেজে। এসব প্যাকেজের নথিতে কাজের অগ্রগতি দেখানো হয়েছে ৮৫ থেকে ১০০ শতাংশ। কিন্তু তদন্তে সরেজমিনে বাস্তব কাজের অগ্রগতি পাওয়া গেছে শূন্য। বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়নে সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের (বিডিআইআরডব্লিউএসপি) আটটি প্যাকেজে নথিপত্রে ৮৫ থেকে ৯০ শতাংশ কাজ সম্পন্ন দেখানো হয়েছিল। অথচ মাঠপর্যায়ে কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। এই আট প্যাকেজে ৪০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে এসেছে। একই ধরনের চিত্র পাওয়া গেছে দক্ষিণাঞ্চলে আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পেও। নথিতে কাজের অগ্রগতি দেখানো হলেও বাস্তবে কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। অথচ ঠিকাদারদের বিল পরিশোধ করা হয়েছে। শুধু এই দুটি প্রকল্প নয়, পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (পিডিআরআইডিপি) চারটি এবং বিজেপি প্রকল্পের আরও চারটি প্যাকেজে একই ধরনের অনিয়মের তথ্য পাওয়া গেছে। এসব প্যাকেজের নথিতে ৮৫ থেকে ১০০ শতাংশ কাজ সম্পন্ন দেখানো হলেও বাস্তব অগ্রগতি ছিল শূন্য। অর্থাৎ মাঠপর্যায়ে কাজ না করেই কাগজে উন্নয়ন সম্পন্ন করার মাধ্যমে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ সামনে এসেছে। একই সড়ক, একাধিক প্রকল্প—বিলও একাধিকবার প্রকল্পের অর্থ আত্মসাতের আরেকটি কৌশল ছিল একই সড়ক বা কালভার্টের কাজ একাধিক প্রকল্পে অন্তর্ভুক্ত করা। তদন্তে এমন ১২টি ওভারল্যাপ বা দ্বৈত প্রকল্পের ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আটটি প্রধান প্যাকেজে ১০১ কোটি ৫৭ লাখ টাকার দ্বৈত বিল নেওয়ার তথ্য পাওয়া গেছে। নাজিরপুরের একটি এক কিলোমিটার সড়কের চুক্তিমূল্য ছিল ৮৭ লাখ টাকা। অথচ সেখানে ২০০ শতাংশ কাজের অগ্রগতি দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে ১ কোটি ৬৩ লাখ টাকা। চুক্তিমূল্যের তুলনায় এই অর্থ উল্লেখযোগ্যভাবে বেশি। দাকুরতলা-আরঅ্যান্ডএইচ থেকে তালুকদারবাড়ি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক নির্মাণের চুক্তিমূল্য ছিল ২ কোটি ৪৩ লাখ টাকা। তদন্তে বাস্তবে কোনো কাজের অস্তিত্ব পাওয়া না গেলেও সাবেক উপজেলা চেয়ারম্যান মেহরাজুল ইসলামের প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল (প্রা.) লিমিটেডকে পরিশোধ করা হয় ২ কোটি ৩১ লাখ টাকা। একই প্রতিষ্ঠানকে সাপোর্টিং রুরাল ব্রিজ প্রোগ্রামের আওতায় আরও ১৫ কোটি ৪ লাখ টাকা দেওয়া হয়। অথচ এ অর্থের বিপরীতে কোনো কার্যাদেশ বা অনুমোদিত রেকর্ড পাওয়া যায়নি। অন্যদিকে, হোগলাবুনিয়া হেদায়েতশেখের বাড়ি সড়কের ৮৬ লাখ টাকার চুক্তিতে এম/এস এইচ এস এন্টারপ্রাইজকে ৫৭ লাখ টাকা বিল দেওয়া হয়। পরে ওই বিল এম/এস এস ইঞ্জিনিয়ার্সের নামে স্থানান্তর করা হয়। এ ছাড়া কাউখালী, ইন্দুরকানি ও পিরোজপুর সদর উপজেলায় সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের বিডিআইআরডব্লিউএসপি এবং সিএএফডিআরআই প্রকল্পের আওতায় একই সড়ক ও কালভার্টের কাজ অন্তর্ভুক্ত করার তথ্যও তদন্তে উঠে এসেছে। প্রশ্ন উঠেছে, একই সড়কের কাজ একাধিক প্রকল্পে অন্তর্ভুক্ত হলো কীভাবে? প্রকল্প অনুমোদন, দরপত্র যাচাই এবং বিল ছাড়ের আগে সংশ্লিষ্ট দপ্তরগুলো কি এসব তথ্য যাচাই করেনি? ১,২২৭টি পরিমাপ বই উধাও! সরকারি উন্নয়নকাজের আর্থিক স্বচ্ছতা যাচাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হলো পরিমাপ বই বা মেজারমেন্ট বুক (এমবি)। কোন কাজ কতটুকু হয়েছে, কী পরিমাণ নির্মাণসামগ্রী ব্যবহার হয়েছে এবং সেই অনুযায়ী কত টাকা বিল দেওয়া যাবে—তার বিস্তারিত হিসাব থাকে এই নথিতে। কিন্তু এলজিইডির ১৭টি প্রকল্পের তদন্তে পরিমাপ বই নিয়ে পাওয়া গেছে বিস্ময়কর তথ্য। তদন্ত কমিটির হিসাবে, প্রকল্পগুলোর ১ হাজার ২৬৯টি প্যাকেজের বিপরীতে মাত্র ৪২টি পরিমাপ বই পাওয়া গেছে। বাকি ১ হাজার ২২৭টি পরিমাপ বইয়ের কোনো হদিস মেলেনি। এর মধ্যেই রয়েছে সিএএফডিআরআই প্রকল্পের একটি প্যাকেজ। ওই প্যাকেজের চুক্তিমূল্য ছিল ৩ কোটি ৮৬ লাখ টাকা। অথচ মেহরাজুল ইসলামের প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল (প্রা.) লিমিটেডকে বিল দেওয়া হয় প্রায় ৪ কোটি ৬২ লাখ টাকা। প্রশ্ন হলো, পরিমাপ বই ছাড়া কাজের পরিমাণ যাচাই করা হলো কীভাবে? কোন ভিত্তিতে চুক্তিমূল্যের চেয়ে বেশি অর্থ পরিশোধ করা হলো? আর হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে গুরুত্বপূর্ণ নথিগুলো কোথায় গেল? এসব প্রশ্নের উত্তর না মিললে প্রকল্পের অর্থ ছাড় ও বিল পরিশোধের পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ থেকেই যায়। দরপত্র থেকে বিল—নিয়ম ভাঙার ধারাবাহিকতা শুধু কাজের অগ্রগতি বা বিল পরিশোধ নয়, প্রকল্পের দরপত্র প্রক্রিয়াতেও গুরুতর অনিয়মের তথ্য পাওয়া গেছে। তদন্তে উঠে এসেছে, পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর)-২০০৮ এবং ই-জিপি নির্দেশনা লঙ্ঘন করে ১৩৩টি প্যাকেজের দরপত্র অফলাইনে আহ্বান ও মূল্যায়ন করা হয়েছে। মোট ৩৬৩টি চুক্তির সিংহভাগই অফলাইনে সম্পন্ন করার তথ্য অডিটে উঠে এসেছে। এ ছাড়া আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পের পাঁচ উপজেলার ১২টি প্যাকেজে চুক্তিপত্র বা সিকিউরিটি মানি ছাড়াই বিল দেওয়ার অভিযোগ রয়েছে। নির্মাণসামগ্রীর মান যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ল্যাব টেস্ট কিংবা ফিল্ড লোড টেস্টের সনদ ছাড়াও বিল চূড়ান্ত করা হয়েছে। সাধারণত একটি সরকারি উন্নয়ন প্রকল্পে দরপত্র আহ্বান, ঠিকাদার নির্বাচন, চুক্তি সম্পাদন, কাজের পরিমাপ, নির্মাণমান যাচাই এবং বিল পরিশোধ—প্রতিটি ধাপেই নির্দিষ্ট বিধিবিধান অনুসরণ করতে হয়। কিন্তু এসব ধাপেই অনিয়মের অভিযোগ একসঙ্গে সামনে আসায় প্রকল্প তদারকি ও জবাবদিহির কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। দুদকের আট মামলা, শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ এলজিইডির পিরোজপুর অঞ্চলের প্রকল্পগুলোতে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আটটি মামলা করেছে। এসব মামলায় ভুয়া স্কিম তৈরি, অস্তিত্বহীন কাজের অগ্রগতি প্রতিবেদন, পরিমাপ বই ছাড়াই বিল উত্তোলন এবং ঠিকাদারদের সঙ্গে যোগসাজশের অভিযোগ আনা হয়েছে। একটি মামলায় ইন্দুরকানি উপজেলায় তিনটি কাল্পনিক স্কিম দেখিয়ে ১৭৫ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা উত্তোলনের অভিযোগ করা হয়েছে। অন্য একটি মামলায় ইন্দুরকানি ও কাউখালী উপজেলায় ১১৬টি ড্রেন ও সড়ক প্যাকেজের কাজ না করে ভুয়া অগ্রগতি প্রতিবেদন তৈরি এবং পরিমাপ বই ছাড়াই ৪০৭ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। ভ্যাট ও আয়কর বাদ দিলে এই অর্থের পরিমাণ ৩৯৭ কোটি ২১ লাখ ১০ হাজার ১১০ টাকা। আরেকটি মামলায় দুটি ভুয়া স্কিম দেখিয়ে ১০ কোটি ২০ লাখ ৩ হাজার টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় এলজিইডির কর্মকর্তা, হিসাবরক্ষণ-সংশ্লিষ্ট ব্যক্তি এবং ঠিকাদারদের নাম রয়েছে। তবে এলজিইডির তদন্ত প্রতিবেদনে উল্লিখিত ১৯ জনের সবাই দুদকের আটটি মামলার আসামি নন। যেসব প্রকল্প ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে অনিয়মের অভিযোগ উঠে আসা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— ১. অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)। ২. দেশের দক্ষিণাঞ্চলে আয়রন ব্রিজ পুনর্নির্মাণ/পুনর্বাসন প্রকল্প (আইবিআরপি)। ৩. পল্লি সড়কে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রকল্প (সিআইবিআরআর)। ৪. টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (এসএসএসডব্লিউআরডিপি)। ৫. উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ইউটিএমআইডিপি)। ৬. দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (সিআরএমআইডিপি)। ৭. পুকুর ও খাল উন্নয়ন প্রকল্প (আইপিসিপি)। এ ছাড়া তদন্ত প্রতিবেদনে বিডিআইআরডব্লিউএসপি, পিডিআরআইডিপি, বিজেপি ও সিএএফডিআরআই প্রকল্পের বিভিন্ন প্যাকেজেও অনিয়মের তথ্য তুলে ধরা হয়েছে। উন্নয়নের টাকা কোথায় গেল, জবাবদিহি করবে কে? গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট, ড্রেন ও বাজার অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয় জনগণের করের টাকা থেকে। এসব প্রকল্পের উদ্দেশ্য ছিল মানুষের যোগাযোগব্যবস্থা সহজ করা, কৃষিপণ্য পরিবহন, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং জনজীবনের মান উন্নয়ন। কিন্তু প্রকল্পের নথিতে শতভাগ কাজ সম্পন্ন দেখানোর পরও যদি মাঠে কোনো কাজের অস্তিত্ব না থাকে, একই সড়কের বিপরীতে একাধিকবার বিল তোলা হয়, হাজার হাজার পরিমাপ বই উধাও হয়ে যায়—তাহলে তা শুধু আর্থিক অনিয়ম নয়, রাষ্ট্রীয় উন্নয়নব্যবস্থার ওপরও বড় আঘাত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বিপুল অর্থের প্রকৃত সুবিধাভোগী কারা? প্রকল্প অনুমোদন থেকে শুরু করে অর্থ ছাড় পর্যন্ত কোন পর্যায়ে কারা দায়িত্ব পালন করেছেন? গায়েব হওয়া পরিমাপ বই এবং অনুপস্থিত কাজের হিসাব উদ্ধার করা সম্ভব হবে কি? এলজিইডির তদন্ত ও দুদকের মামলার পর এখন প্রয়োজন নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও সময়সীমাবদ্ধ তদন্ত। অভিযোগে যাঁদের নাম এসেছে, তাঁদের প্রত্যেকের বক্তব্য ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি প্রমাণের ভিত্তিতে দায় নির্ধারণ জরুরি। কারণ উন্নয়নের নামে বরাদ্দ করা অর্থ যদি বাস্তবে সড়ক-সেতু নির্মাণের বদলে প্রভাবশালী মহলের পকেটে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত হয় শুধু রাষ্ট্রীয় কোষাগার নয়—বঞ্চিত হন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষও। উন্নয়নের হিসাব কাগজে নয়, মাঠে দেখতে চায় জনগণ। আর ১ হাজার ৬৪৭ কোটি টাকার এই হিসাবের শেষ কোথায়—সেই জবাব এখন রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেই দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৮, ২০২৬ 0
Popular post
বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

অর্থনীতি

পূবালী ব্যাংকে ভুয়া হিসাবের ফাঁদ, অর্থ আত্মসাতের অভিযোগ; দুর্বল কেওয়াইসি ও তদারকি নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0