উন্নয়নের নামে ১,৬৪৭ কোটি টাকার লুটপাট! এলজিইডির তদন্তে পাঁচ প্রভাবশালীর নাম, ১৯ জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।কাগজে ১০০ শতাংশ কাজ, মাঠে অস্তিত্ব নেই এক ইঞ্চিও—কোথাও ৯৫ শতাংশ বিল উত্তোলন, কোথাও একই সড়কে একাধিক প্রকল্প। ১৭টি প্রকল্পে ব্যয়ের হিসাবের সঙ্গে বাস্তব কাজের ব্যবধান ১ হাজার ৬৪৭ কোটি টাকা। এলজিইডির তদন্তে উঠে এসেছে রাজনৈতিক প্রভাব, ঠিকাদারি নিয়ন্ত্রণ, ভুয়া অগ্রগতি প্রতিবেদন ও প্রশাসনিক যোগসাজশের ভয়াবহ চিত্র।
ইত্তেহাদ নিউজ, অনলাইন:
উন্নয়নের নামে বরাদ্দ হয়েছে হাজার হাজার কোটি টাকা। সরকারি নথিতে কোথাও কাজের অগ্রগতি ১০০ শতাংশ, কোথাও ৯৫ শতাংশ। ঠিকাদার তুলে নিয়েছেন বিপুল অঙ্কের বিল। অথচ সরেজমিনে গিয়ে কোথাও সড়ক নির্মাণের অস্তিত্ব পাওয়া যায়নি, কোথাও বাস্তব কাজের অগ্রগতি শূন্য। একই সড়ক দেখানো হয়েছে একাধিক প্রকল্পে, একই কাজের বিপরীতে নেওয়া হয়েছে একাধিকবার বিল। এমনকি কোনো কোনো ক্ষেত্রে চুক্তিমূল্যের চেয়েও বেশি অর্থ পরিশোধের তথ্য উঠে এসেছে।
কাগজে-কলমে উন্নয়নের এই চাকচিক্যের আড়ালে বাস্তবে চলেছে সরকারি অর্থ আত্মসাতের ভয়াবহ আয়োজন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরিশাল ও পিরোজপুর অঞ্চলের ১৭টি প্রকল্পের তদন্তে উঠে এসেছে ১ হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকার আর্থিক অসংগতি ও আত্মসাতের অভিযোগ।
এলজিইডির তদন্ত প্রতিবেদনে এসব অনিয়মের পেছনে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শ ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তাঁর ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান মেহরাজুল ইসলাম, নাজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরে আলম শাহীন এবং সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নাম উঠে এসেছে। প্রতিবেদনে তাঁদের প্রভাব ও ছত্রচ্ছায়ায় প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনও (দুদক) মামলা করেছে।
তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ১৭টি প্রকল্পের আওতায় মোট ৩ হাজার ১৭৬ কোটি ৫৮ লাখ টাকা ছাড় করা হয়। কিন্তু সরেজমিনে প্রকল্পগুলোর বাস্তব কাজের আর্থিক মূল্য পাওয়া গেছে মাত্র ১ হাজার ৫২৯ কোটি ১০ লাখ টাকা।
অর্থাৎ অর্থছাড় ও বাস্তব কাজের মূল্যের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকা। তদন্তে এই অর্থের বড় অংশ অস্তিত্বহীন কাজ, ভুয়া অগ্রগতি প্রতিবেদন, দ্বৈত প্রকল্প ও অনিয়মের মাধ্যমে আত্মসাতের অভিযোগ হিসেবে উঠে এসেছে।
এটি কেবল হিসাবের গরমিল নয়; বরং প্রকল্প নির্বাচন থেকে শুরু করে দরপত্র, কার্যাদেশ, কাজের পরিমাপ, বিল প্রস্তুত ও অর্থ ছাড়—প্রতিটি পর্যায়ে প্রভাবশালী মহলের হস্তক্ষেপ এবং প্রশাসনিক দুর্বলতার একটি বড় চিত্র।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, উন্নয়নের নামে প্রকল্পগুলো দলীয়করণ করা হয়েছিল। দলীয়করণের মাধ্যমে প্রকল্প বাছাই ও বাস্তবায়ন, বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা এবং কেন্দ্রীয় ও স্থানীয় সরকারি দপ্তরগুলোর মধ্যে গড়ে ওঠা সিন্ডিকেট জনগণের অর্থ অপচয়ের সুযোগ তৈরি করেছে।
তাঁর মতে, এসব চর্চার মধ্য দিয়েই অনিয়মের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। বিষয়টি এখন দেশবাসীর সামনে আসছে। তবে দুঃখজনকভাবে এখনো একই ধরনের চর্চার নজির দেখা যাচ্ছে। গত ১৫-১৬ বছরে এ ধরনের অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার চর্চা দেখা যায়নি। ফলে অবৈধভাবে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হয়েছে। এখন এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।
তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান এবং এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
বরিশাল ও পিরোজপুর অঞ্চলের প্রকল্পগুলোতে ঠিকাদারি কাজ বণ্টন ও বাস্তবায়ন ঘিরে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের একটি বলয় সক্রিয় ছিল বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।
অভিযোগ অনুযায়ী, নিজেদের ও আত্মীয়স্বজনের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পের কাজ বাগিয়ে নেওয়া হতো। এরপর কাজের অগ্রগতি দেখানো, বিল প্রস্তুত এবং অর্থ উত্তোলনের প্রক্রিয়ায় স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ঠিকাদার জানান, এসব অনিয়ম বাস্তবায়নে এলজিইডির স্থানীয় পর্যায়ের ১৪ কর্মকর্তা মুখ্য ভূমিকা পালন করতেন। তদন্ত প্রতিবেদনেও সংশ্লিষ্ট রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের প্রভাব এবং যোগসাজশের বিষয়টি উঠে এসেছে।
তদন্ত প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে যাঁদের নাম এসেছে, তাঁরা হলেন—উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, হিসাবরক্ষক এ কে এম মোজাম্মেল হক খান, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম, উপজেলা প্রকৌশলী হরষিত সরকার, সার্ভেয়ার রিপন হালদার, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার, ডিএএফও মো. মোহসীন এবং প্রকল্প পরিচালক আব্দুল হাই, সুশান্ত রঞ্জন রায়, সৈয়দ আহমাদ আলী, মোহাম্মদ আদনান আখতারুল আজম, কাজী মিজানুর রহমান ও মোহাম্মদ রফিকুল হাসান।
এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত দুটি নম্বরের একটিতে সংযোগ পাওয়া যায়নি।
উল্লেখ্য, তদন্ত প্রতিবেদনে নাম আসা ১৯ জনের সবাই দুদকের আটটি মামলার আসামি নন। প্রতিবেদনে নাম থাকা এবং মামলায় আসামি হওয়া এক বিষয় নয়।
প্রকল্প বাস্তবায়নের নামে অনিয়মের সবচেয়ে উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে ১৯টি প্যাকেজে। এসব প্যাকেজের নথিতে কাজের অগ্রগতি দেখানো হয়েছে ৮৫ থেকে ১০০ শতাংশ। কিন্তু তদন্তে সরেজমিনে বাস্তব কাজের অগ্রগতি পাওয়া গেছে শূন্য।
বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়নে সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের (বিডিআইআরডব্লিউএসপি) আটটি প্যাকেজে নথিপত্রে ৮৫ থেকে ৯০ শতাংশ কাজ সম্পন্ন দেখানো হয়েছিল। অথচ মাঠপর্যায়ে কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। এই আট প্যাকেজে ৪০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে এসেছে।
একই ধরনের চিত্র পাওয়া গেছে দক্ষিণাঞ্চলে আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পেও। নথিতে কাজের অগ্রগতি দেখানো হলেও বাস্তবে কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। অথচ ঠিকাদারদের বিল পরিশোধ করা হয়েছে।
শুধু এই দুটি প্রকল্প নয়, পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (পিডিআরআইডিপি) চারটি এবং বিজেপি প্রকল্পের আরও চারটি প্যাকেজে একই ধরনের অনিয়মের তথ্য পাওয়া গেছে। এসব প্যাকেজের নথিতে ৮৫ থেকে ১০০ শতাংশ কাজ সম্পন্ন দেখানো হলেও বাস্তব অগ্রগতি ছিল শূন্য।
অর্থাৎ মাঠপর্যায়ে কাজ না করেই কাগজে উন্নয়ন সম্পন্ন করার মাধ্যমে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ সামনে এসেছে।
প্রকল্পের অর্থ আত্মসাতের আরেকটি কৌশল ছিল একই সড়ক বা কালভার্টের কাজ একাধিক প্রকল্পে অন্তর্ভুক্ত করা। তদন্তে এমন ১২টি ওভারল্যাপ বা দ্বৈত প্রকল্পের ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আটটি প্রধান প্যাকেজে ১০১ কোটি ৫৭ লাখ টাকার দ্বৈত বিল নেওয়ার তথ্য পাওয়া গেছে।
নাজিরপুরের একটি এক কিলোমিটার সড়কের চুক্তিমূল্য ছিল ৮৭ লাখ টাকা। অথচ সেখানে ২০০ শতাংশ কাজের অগ্রগতি দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে ১ কোটি ৬৩ লাখ টাকা। চুক্তিমূল্যের তুলনায় এই অর্থ উল্লেখযোগ্যভাবে বেশি।
দাকুরতলা-আরঅ্যান্ডএইচ থেকে তালুকদারবাড়ি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক নির্মাণের চুক্তিমূল্য ছিল ২ কোটি ৪৩ লাখ টাকা। তদন্তে বাস্তবে কোনো কাজের অস্তিত্ব পাওয়া না গেলেও সাবেক উপজেলা চেয়ারম্যান মেহরাজুল ইসলামের প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল (প্রা.) লিমিটেডকে পরিশোধ করা হয় ২ কোটি ৩১ লাখ টাকা।
একই প্রতিষ্ঠানকে সাপোর্টিং রুরাল ব্রিজ প্রোগ্রামের আওতায় আরও ১৫ কোটি ৪ লাখ টাকা দেওয়া হয়। অথচ এ অর্থের বিপরীতে কোনো কার্যাদেশ বা অনুমোদিত রেকর্ড পাওয়া যায়নি।
অন্যদিকে, হোগলাবুনিয়া হেদায়েতশেখের বাড়ি সড়কের ৮৬ লাখ টাকার চুক্তিতে এম/এস এইচ এস এন্টারপ্রাইজকে ৫৭ লাখ টাকা বিল দেওয়া হয়। পরে ওই বিল এম/এস এস ইঞ্জিনিয়ার্সের নামে স্থানান্তর করা হয়।
এ ছাড়া কাউখালী, ইন্দুরকানি ও পিরোজপুর সদর উপজেলায় সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের বিডিআইআরডব্লিউএসপি এবং সিএএফডিআরআই প্রকল্পের আওতায় একই সড়ক ও কালভার্টের কাজ অন্তর্ভুক্ত করার তথ্যও তদন্তে উঠে এসেছে।
প্রশ্ন উঠেছে, একই সড়কের কাজ একাধিক প্রকল্পে অন্তর্ভুক্ত হলো কীভাবে? প্রকল্প অনুমোদন, দরপত্র যাচাই এবং বিল ছাড়ের আগে সংশ্লিষ্ট দপ্তরগুলো কি এসব তথ্য যাচাই করেনি?
সরকারি উন্নয়নকাজের আর্থিক স্বচ্ছতা যাচাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হলো পরিমাপ বই বা মেজারমেন্ট বুক (এমবি)। কোন কাজ কতটুকু হয়েছে, কী পরিমাণ নির্মাণসামগ্রী ব্যবহার হয়েছে এবং সেই অনুযায়ী কত টাকা বিল দেওয়া যাবে—তার বিস্তারিত হিসাব থাকে এই নথিতে।
কিন্তু এলজিইডির ১৭টি প্রকল্পের তদন্তে পরিমাপ বই নিয়ে পাওয়া গেছে বিস্ময়কর তথ্য।
তদন্ত কমিটির হিসাবে, প্রকল্পগুলোর ১ হাজার ২৬৯টি প্যাকেজের বিপরীতে মাত্র ৪২টি পরিমাপ বই পাওয়া গেছে। বাকি ১ হাজার ২২৭টি পরিমাপ বইয়ের কোনো হদিস মেলেনি।
এর মধ্যেই রয়েছে সিএএফডিআরআই প্রকল্পের একটি প্যাকেজ। ওই প্যাকেজের চুক্তিমূল্য ছিল ৩ কোটি ৮৬ লাখ টাকা। অথচ মেহরাজুল ইসলামের প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল (প্রা.) লিমিটেডকে বিল দেওয়া হয় প্রায় ৪ কোটি ৬২ লাখ টাকা।
প্রশ্ন হলো, পরিমাপ বই ছাড়া কাজের পরিমাণ যাচাই করা হলো কীভাবে? কোন ভিত্তিতে চুক্তিমূল্যের চেয়ে বেশি অর্থ পরিশোধ করা হলো? আর হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে গুরুত্বপূর্ণ নথিগুলো কোথায় গেল?
এসব প্রশ্নের উত্তর না মিললে প্রকল্পের অর্থ ছাড় ও বিল পরিশোধের পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ থেকেই যায়।
শুধু কাজের অগ্রগতি বা বিল পরিশোধ নয়, প্রকল্পের দরপত্র প্রক্রিয়াতেও গুরুতর অনিয়মের তথ্য পাওয়া গেছে।
তদন্তে উঠে এসেছে, পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর)-২০০৮ এবং ই-জিপি নির্দেশনা লঙ্ঘন করে ১৩৩টি প্যাকেজের দরপত্র অফলাইনে আহ্বান ও মূল্যায়ন করা হয়েছে। মোট ৩৬৩টি চুক্তির সিংহভাগই অফলাইনে সম্পন্ন করার তথ্য অডিটে উঠে এসেছে।
এ ছাড়া আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পের পাঁচ উপজেলার ১২টি প্যাকেজে চুক্তিপত্র বা সিকিউরিটি মানি ছাড়াই বিল দেওয়ার অভিযোগ রয়েছে।
নির্মাণসামগ্রীর মান যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ল্যাব টেস্ট কিংবা ফিল্ড লোড টেস্টের সনদ ছাড়াও বিল চূড়ান্ত করা হয়েছে।
সাধারণত একটি সরকারি উন্নয়ন প্রকল্পে দরপত্র আহ্বান, ঠিকাদার নির্বাচন, চুক্তি সম্পাদন, কাজের পরিমাপ, নির্মাণমান যাচাই এবং বিল পরিশোধ—প্রতিটি ধাপেই নির্দিষ্ট বিধিবিধান অনুসরণ করতে হয়। কিন্তু এসব ধাপেই অনিয়মের অভিযোগ একসঙ্গে সামনে আসায় প্রকল্প তদারকি ও জবাবদিহির কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে।
এলজিইডির পিরোজপুর অঞ্চলের প্রকল্পগুলোতে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আটটি মামলা করেছে। এসব মামলায় ভুয়া স্কিম তৈরি, অস্তিত্বহীন কাজের অগ্রগতি প্রতিবেদন, পরিমাপ বই ছাড়াই বিল উত্তোলন এবং ঠিকাদারদের সঙ্গে যোগসাজশের অভিযোগ আনা হয়েছে।
একটি মামলায় ইন্দুরকানি উপজেলায় তিনটি কাল্পনিক স্কিম দেখিয়ে ১৭৫ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা উত্তোলনের অভিযোগ করা হয়েছে।
অন্য একটি মামলায় ইন্দুরকানি ও কাউখালী উপজেলায় ১১৬টি ড্রেন ও সড়ক প্যাকেজের কাজ না করে ভুয়া অগ্রগতি প্রতিবেদন তৈরি এবং পরিমাপ বই ছাড়াই ৪০৭ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। ভ্যাট ও আয়কর বাদ দিলে এই অর্থের পরিমাণ ৩৯৭ কোটি ২১ লাখ ১০ হাজার ১১০ টাকা।
আরেকটি মামলায় দুটি ভুয়া স্কিম দেখিয়ে ১০ কোটি ২০ লাখ ৩ হাজার টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে।
এসব মামলায় এলজিইডির কর্মকর্তা, হিসাবরক্ষণ-সংশ্লিষ্ট ব্যক্তি এবং ঠিকাদারদের নাম রয়েছে। তবে এলজিইডির তদন্ত প্রতিবেদনে উল্লিখিত ১৯ জনের সবাই দুদকের আটটি মামলার আসামি নন।
তদন্তে অনিয়মের অভিযোগ উঠে আসা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—
১. অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)।
২. দেশের দক্ষিণাঞ্চলে আয়রন ব্রিজ পুনর্নির্মাণ/পুনর্বাসন প্রকল্প (আইবিআরপি)।
৩. পল্লি সড়কে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রকল্প (সিআইবিআরআর)।
৪. টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (এসএসএসডব্লিউআরডিপি)।
৫. উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ইউটিএমআইডিপি)।
৬. দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (সিআরএমআইডিপি)।
৭. পুকুর ও খাল উন্নয়ন প্রকল্প (আইপিসিপি)।
এ ছাড়া তদন্ত প্রতিবেদনে বিডিআইআরডব্লিউএসপি, পিডিআরআইডিপি, বিজেপি ও সিএএফডিআরআই প্রকল্পের বিভিন্ন প্যাকেজেও অনিয়মের তথ্য তুলে ধরা হয়েছে।
গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট, ড্রেন ও বাজার অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয় জনগণের করের টাকা থেকে। এসব প্রকল্পের উদ্দেশ্য ছিল মানুষের যোগাযোগব্যবস্থা সহজ করা, কৃষিপণ্য পরিবহন, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং জনজীবনের মান উন্নয়ন।
কিন্তু প্রকল্পের নথিতে শতভাগ কাজ সম্পন্ন দেখানোর পরও যদি মাঠে কোনো কাজের অস্তিত্ব না থাকে, একই সড়কের বিপরীতে একাধিকবার বিল তোলা হয়, হাজার হাজার পরিমাপ বই উধাও হয়ে যায়—তাহলে তা শুধু আর্থিক অনিয়ম নয়, রাষ্ট্রীয় উন্নয়নব্যবস্থার ওপরও বড় আঘাত।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বিপুল অর্থের প্রকৃত সুবিধাভোগী কারা? প্রকল্প অনুমোদন থেকে শুরু করে অর্থ ছাড় পর্যন্ত কোন পর্যায়ে কারা দায়িত্ব পালন করেছেন? গায়েব হওয়া পরিমাপ বই এবং অনুপস্থিত কাজের হিসাব উদ্ধার করা সম্ভব হবে কি?
এলজিইডির তদন্ত ও দুদকের মামলার পর এখন প্রয়োজন নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও সময়সীমাবদ্ধ তদন্ত। অভিযোগে যাঁদের নাম এসেছে, তাঁদের প্রত্যেকের বক্তব্য ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি প্রমাণের ভিত্তিতে দায় নির্ধারণ জরুরি।
কারণ উন্নয়নের নামে বরাদ্দ করা অর্থ যদি বাস্তবে সড়ক-সেতু নির্মাণের বদলে প্রভাবশালী মহলের পকেটে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত হয় শুধু রাষ্ট্রীয় কোষাগার নয়—বঞ্চিত হন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষও।
উন্নয়নের হিসাব কাগজে নয়, মাঠে দেখতে চায় জনগণ। আর ১ হাজার ৬৪৭ কোটি টাকার এই হিসাবের শেষ কোথায়—সেই জবাব এখন রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেই দিতে হবে।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে। কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে। কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি। মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।
ইত্তেহাদ নিউজ, অনলাইন: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব প্রশাসনের ভেতরে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ঘিরে আলোচনায় এসেছেন অতিরিক্ত কর কমিশনার মিজানুর রহমান। কর অঞ্চল-১৫, ঢাকার পল্টনে পরিদর্শী রেঞ্জ-১-এ কর্মরত এই কর্মকর্তার বিরুদ্ধে নিজের প্রভাব কাজে লাগিয়ে দুই ভাইকে রাজস্ব বিভাগে চাকরি পাইয়ে দেওয়া, শ্বশুর ও আত্মীয়স্বজনের নামে বিপুল সম্পদ গড়ে তোলা এবং বিদেশে অর্থ স্থানান্তরের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, সরকারি পদ ও প্রশাসনিক প্রভাবকে কাজে লাগিয়ে তিনি এমন একটি বলয় তৈরি করেছেন, যার বিস্তৃতি রাজস্ব বিভাগের অভ্যন্তরীণ প্রশাসন থেকে শুরু করে পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা পর্যন্ত। তবে এসব অভিযোগের সত্যতা, সম্পদের প্রকৃত মালিকানা এবং অর্থের উৎস নির্ধারণে সংশ্লিষ্ট নিয়োগ নথি, আয়কর বিবরণী, সম্পদ বিবরণী ও আর্থিক লেনদেনের স্বাধীন তদন্ত প্রয়োজন। ভাইদের চাকরি: স্বজনপ্রীতির অভিযোগের কেন্দ্রে মিজানুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক তাঁর দুই ভাই পাভেল ও হাবিবের রাজস্ব বিভাগে চাকরি পাওয়া। অভিযোগ রয়েছে, নিজের প্রশাসনিক প্রভাব কাজে লাগিয়ে তিনি দুই ভাইয়ের সরকারি চাকরি নিশ্চিত করতে ভূমিকা রেখেছেন। তাঁদের মধ্যে পাভেল বর্তমানে শিল্প করসংক্রান্ত একটি দপ্তরে এবং হাবিব ১৮ নম্বর কর সার্কেলে কর্মরত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন উঠেছে, তাঁদের নিয়োগ কোন প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে? নিয়োগের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান অনুসরণ করা হয়েছিল কি না, কিংবা কোনো ধরনের বিশেষ প্রভাব বা সুপারিশ কাজ করেছে কি না—তা খতিয়ে দেখা জরুরি। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি, আবেদনপত্র, পরীক্ষার ফলাফল, মেধাতালিকা, নিয়োগ অনুমোদন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক নথি পর্যালোচনা করলেই অভিযোগের প্রকৃত ভিত্তি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও মেধার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কর্মকর্তার পারিবারিক সদস্যদের একই প্রশাসনিক কাঠামোয় নিয়োগপ্রক্রিয়ায় প্রভাব বিস্তার বা বিধিবহির্ভূত সুবিধা দেওয়ার অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। শ্বশুরের নামে ‘আপন নিবাস’, মামার নামে ‘সুখের নীড়’ মিজানুর রহমানের বিরুদ্ধে সম্পদ গোপন ও আত্মীয়স্বজনের নামে সম্পত্তি গড়ে তোলার অভিযোগ আরও গুরুতর। অভিযোগ অনুযায়ী, নিজের নামে সরাসরি সম্পদ অর্জনের পরিবর্তে তিনি শ্বশুরবাড়ি ও নিকটাত্মীয়দের নাম ব্যবহার করে সম্পত্তি গড়ে তুলেছেন। বরিশালের কাজীপাড়ায় তাঁর প্রয়াত শ্বশুরের নামে নির্মিত হয়েছে ‘আপন নিবাস’ নামের একটি দৃষ্টিনন্দন পাঁচতলা ভবন। অভিযোগকারীদের দাবি, প্রয়াত শ্বশুরের আর্থিক সামর্থ্যের সঙ্গে ভবনটির নির্মাণব্যয়ের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন রয়েছে। ভবন নির্মাণে অর্থের প্রকৃত জোগানদাতা কে, নির্মাণের সময় অর্থ কোথা থেকে এসেছে এবং সংশ্লিষ্ট জমি ও ভবনের মালিকানার পেছনে কার আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে—এসব বিষয় তদন্তের দাবি রাখে। একই এলাকায় মিজানুর রহমানের মামা আব্দুল মান্নানের নামে নির্মিত ‘সুখের নীড়’ নামের আরেকটি বহুতল ভবন নিয়েও অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এই ভবন নির্মাণেও মিজানুর রহমানের অপ্রদর্শিত অর্থের সংশ্লিষ্টতা রয়েছে। এ ছাড়া পটুয়াখালী শহরের আদালতপাড়া এবং তাঁর নিজ এলাকায় একাধিক বাড়ি ও স্থাবর সম্পত্তির সন্ধান পাওয়ার দাবি করা হয়েছে। দেশের সীমানা পেরিয়ে বিদেশে অর্থের প্রবাহের অভিযোগ অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাসরত মিজানুর রহমানের শ্যালকসহ একাধিক আত্মীয়কে ঘিরে। অভিযোগকারীদের দাবি, বিদেশে তাঁদের বিলাসী জীবনযাপন এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের পেছনে মিজানুর রহমানের দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের সংশ্লিষ্টতা রয়েছে। একজন সরকারি কর্মকর্তার বৈধ আয়, পারিবারিক আর্থিক সামর্থ্য এবং আত্মীয়স্বজনের নামে গড়ে ওঠা সম্পদের মধ্যে কোনো অসামঞ্জস্য রয়েছে কি না, তা নির্ধারণে আর্থিক লেনদেন ও সম্পদের উৎস অনুসন্ধান জরুরি। এ ক্ষেত্রে দেশে ও বিদেশে সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর, ব্যাংক লেনদেন, আয়কর বিবরণী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক সক্ষমতা পর্যালোচনা করা প্রয়োজন। বিশেষ করে, আত্মীয়স্বজনের নামে থাকা সম্পদের প্রকৃত অর্থদাতা কে এবং বিদেশে অর্থ পাঠানোর কোনো প্রমাণ রয়েছে কি না, তা অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বিষয়। কমিশনারের বক্তব্য: ‘তথ্য পেলে বোর্ডে উত্থাপন করব’ মিজানুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কর অঞ্চল-১৫-এর কমিশনার জানান, তথ্য পাওয়া গেলে বিষয়টি বোর্ডে উত্থাপন করা হবে। এর বাইরে তাঁর আর কিছু করার এখতিয়ার নেই।তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে অভিযোগগুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে। তদন্তের মুখে যেসব প্রশ্ন মিজানুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে— ১. তাঁর দুই ভাই পাভেল ও হাবিবের নিয়োগ কোন প্রক্রিয়ায় হয়েছে এবং নিয়োগবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না। ২. বরিশালের কাজীপাড়ায় ‘আপন নিবাস’ ও ‘সুখের নীড়’ নির্মাণে অর্থের প্রকৃত উৎস কী। ৩. পটুয়াখালীর আদালতপাড়া ও নিজ এলাকায় থাকা বাড়ি ও স্থাবর সম্পত্তির প্রকৃত মালিকানা কার। ৪. তাঁর নিজের ও পরিবারের সদস্যদের বৈধ আয় এবং তাঁদের নামে থাকা সম্পদের মধ্যে কোনো অসামঞ্জস্য রয়েছে কি না। ৫. যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাসরত আত্মীয়দের সম্পদ ও জীবনযাপনের সঙ্গে তাঁর কোনো আর্থিক লেনদেন বা অর্থায়নের সম্পর্ক রয়েছে কি না। ৬. তাঁর আয়কর নথি, সম্পদ বিবরণী, ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের মধ্যে কোনো গরমিল রয়েছে কি না। জবাবদিহি নিশ্চিত হবে কবে? জাতীয় রাজস্ব বোর্ড রাষ্ট্রের রাজস্ব আহরণ ও আর্থিক শৃঙ্খলা রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি কিংবা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠলে তা কেবল ব্যক্তিগত অনিয়মের প্রশ্নে সীমাবদ্ধ থাকে না; বরং পুরো প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জনআস্থার সঙ্গে সম্পর্কিত হয়ে পড়ে। মিজানুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত, সম্পদের উৎস অনুসন্ধান, নিয়োগসংক্রান্ত নথি যাচাই এবং প্রয়োজন হলে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান জরুরি। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেমন প্রয়োজন, তেমনি অভিযোগের কোনো ভিত্তি না থাকলে সেটিও তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া উচিত। কারণ, সরকারি পদ ব্যক্তিগত সম্পদ গড়ার হাতিয়ার নয়। রাষ্ট্রের রাজস্ব রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধেই যদি রাজস্ব ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে, তবে সেই অভিযোগের জবাবও আসতে হবে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহির মাধ্যমে। অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইত্তেহাদ নিউজ,অনলাইন : গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) শাখার উপবিভাগীয় প্রকৌশলী মো. শামসুল আরেফীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বনামে-বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং ঘুষ লেনদেনের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব, দাপ্তরিক যোগাযোগ এবং একটি প্রভাবশালী ঠিকাদারি সিন্ডিকেটের সহযোগিতায় দীর্ঘদিন ধরে ঢাকায় নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে বলেও জানা গেছে। বর্তমানে গণপূর্ত ই/এম বিভাগ-৪-এর অধীনে ই/এম উপবিভাগ-৮-এর দায়িত্বে রয়েছেন এই প্রকৌশলী। তাঁর পদায়ন, বদলি, ঠিকাদারি কার্যক্রম এবং বিভিন্ন প্রকল্পে কথিত প্রভাব বিস্তার নিয়ে গণপূর্ত অধিদপ্তরের ভেতরে ও বাইরে আলোচনা-সমালোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্র ও কয়েকজন ঠিকাদারের অভিযোগ, বিভিন্ন সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে দাপ্তরিক সিদ্ধান্ত ও উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তার করেছেন শামসুল আরেফীন। ত ই/এম বিভাগ-৬-এ প্রভাব বিস্তারের অভিযোগ অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে গণপূর্ত ই/এম বিভাগ-৬-এ কর্মরত থাকাকালে শামসুল আরেফীনের প্রভাব বিস্তারের বিষয়টি বেশি আলোচনায় আসে। অভিযোগ অনুযায়ী, তৎকালীন নির্বাহী প্রকৌশলী পবিত্র কুমারের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টার এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালসহ ওই বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তার করেন। ভুক্তভোগী কয়েকজন ঠিকাদারের অভিযোগ, প্রকল্পের প্রাক্কলন বা এস্টিমেট তৈরি থেকে শুরু করে কাজের তদারকি এবং চূড়ান্ত বিল অনুমোদনের প্রক্রিয়ায় তাঁর একক আধিপত্য ছিল। তাঁদের দাবি, ঠিকাদারি কাজের বিভিন্ন ধাপে তাঁর সম্মতি ও সহযোগিতা ছাড়া অগ্রসর হওয়া কঠিন হয়ে পড়ত। আরও অভিযোগ রয়েছে, নিজেকে সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে ঠিকাদারদের ওপর প্রভাব খাটাতেন তিনি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ-সমর্থিত ঠিকাদারদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়েছিল বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই সিন্ডিকেটের মাধ্যমে বেনামে ঠিকাদারি পরিচালনা এবং বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে। পদায়ন, বদলি ও রাজনৈতিক পরিচয় ঘিরে বিতর্ক শামসুল আরেফীনের পদায়ন ও বদলির ইতিহাস নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের শেষদিকে প্রায় অর্ধকোটি টাকা বিনিয়োগ করে ই/এম উপবিভাগ-৮-এ পদায়ন নিশ্চিত করেন তিনি। তবে পরবর্তী সময়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর প্রায় দেড় বছরের মাথায় তাঁকে ই/এম উপবিভাগ-৩-এ বদলি করা হয় বলে জানা গেছে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় তাঁর ভূমিকা নিয়েও অভিযোগ রয়েছে। সূত্রের দাবি, ওই সময়ে ধানমন্ডি কলেজ রোড এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলন দমনে মাঠপর্যায়ে ভূমিকা পালন করেন তিনি। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে লাখ লাখ টাকা ব্যয় করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের কথিত শান্তি মিছিল, সভা ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর প্রভাব বিস্তারের ধরন বদলে যায় বলেও দাবি সূত্রগুলোর। অভিযোগ রয়েছে, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মাদ সোহেল মনজুরের নিকটাত্মীয় পরিচয় দিয়ে সহকর্মী প্রকৌশলীদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন তিনি। এরপর গণপূর্ত ই/এম শাখার একটি প্রভাবশালী সিন্ডিকেটকে ব্যবস্থাপনায় নিয়ে কথিত লটারির মাধ্যমে আবারও ই/এম উপবিভাগ-৮-এ পদায়ন পান বলে অভিযোগ উঠেছে। সেখানে ফিরে আগের মতো অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থের অপব্যবহারে জড়িয়ে পড়ার অভিযোগও করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিল ছাড়ে কমিশন আদায়ের অভিযোগ ঠিকাদারদের অভিযোগ, ই/এম বিভাগ-৬-এ দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রকল্পের বিল ছাড়ের ক্ষেত্রে নির্দিষ্ট হারে কমিশন দাবি করতেন শামসুল আরেফীন। কাঙ্ক্ষিত অর্থ না পেলে নথিপত্রে নানা জটিলতা তৈরি করে বিল আটকে রাখা হতো বলে অভিযোগ তাঁদের। এক ঠিকাদারের ভাষ্য, ‘কাজ পাওয়ার কথা বলে তিনি বারবার উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম উল্লেখ করতেন। টাকা না দিলে বিল আটকে থাকত। এ কারণে অনেকে বাধ্য হয়েই টাকা দিয়েছেন।’ অন্য এক ঠিকাদারের অভিযোগ, ‘তিনি বলতেন, উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও। পরে দেখা গেছে, কাজও হয়নি, আর সেই টাকাও ফেরত পাওয়া যায়নি।’ এসব বক্তব্যে সরকারি প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা, বিল অনুমোদন এবং ঠিকাদারি কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট প্রকল্পের কার্যাদেশ, পরিমাপ বই, বিল ভাউচার, ব্যাংক লেনদেন এবং অনুমোদনসংক্রান্ত নথি পরীক্ষা করা প্রয়োজন। ঢাকায় অবস্থান ধরে রাখার কৌশল নিয়ে প্রশ্ন সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলির ক্ষেত্রে প্রশাসনিক নীতিমালা অনুসরণের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। নির্দিষ্ট মেয়াদ শেষে কর্মকর্তাদের ঢাকার বাইরে বদলির বিধান ও প্রশাসনিক চর্চা থাকলেও শামসুল আরেফীন কর্মজীবনের অধিকাংশ সময় ঢাকায় কাটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সূত্রের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের পর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে তাঁকে কুমিল্লায় বদলি করা হয়েছিল। কিন্তু প্রায় দেড় বছরের মাথায় আবারও ঢাকায় একই অফিসে সমমানের পদে ফিরে আসেন তিনি। কী প্রক্রিয়ায় এই বদলি ও পুনঃপদায়ন হয়েছে, সংশ্লিষ্ট আদেশে কী যুক্তি দেখানো হয়েছে এবং প্রশাসনিক নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না—এসব বিষয় এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গণপূর্ত অধিদপ্তরের অভ্যন্তরীণ সূত্রগুলোর ধারণা, রাজনৈতিক পরিবর্তনের পরও একটি প্রভাবশালী সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ বজায় রাখার মাধ্যমে নিজের অবস্থান সুরক্ষিত করেছেন তিনি। তবে এ বিষয়ে দাপ্তরিক নথি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা প্রয়োজন। নিকটাত্মীয়দের নামে ফ্ল্যাট-প্লট, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন শামসুল আরেফীনের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে সবচেয়ে গুরুতর বিষয়গুলোর একটি হলো জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, রাজধানীসহ দেশের বিভিন্ন অভিজাত এলাকায় এবং বিকাশমান আবাসন প্রকল্পে তাঁর ও নিকটাত্মীয়দের নামে একাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে। সরকারি চাকরির বেতন-ভাতার সঙ্গে এসব সম্পদের কথিত মালিকানার সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তবে এসব সম্পত্তির সুনির্দিষ্ট অবস্থান, দলিল, ক্রয়মূল্য, মালিকানার প্রকৃত ধরন এবং অর্থের উৎস প্রকাশ্যে যাচাই করা যায়নি। দুদকের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, স্বনামে-বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে কমিশন প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। এ-সংক্রান্ত বিভিন্ন নথিপত্রও তলব করা হচ্ছে বলে দাবি সূত্রগুলোর। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সম্পদের উৎস, ব্যাংক লেনদেন, আয়কর নথি, সম্পত্তির দলিল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেন পর্যালোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য অভিযোগের বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, ‘কেউ যদি ঊর্ধ্বতন কারও নাম ভাঙিয়ে ঠিকাদারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে থাকেন, তবে তার দায় তাকেই নিতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে কেউ কাউকে এ ধরনের অনৈতিক কাজের সুযোগ দেয় না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বলেন, ‘গণপূর্ত অধিদপ্তর কোনো ব্যক্তিগত অনিয়ম বা দুর্নীতির দায় নেবে না। প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে প্রশাসনিক তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।’ তিনি আরও বলেন, ‘মো. শামসুল আরেফীনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং বদলি-সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুদক স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে। আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে সব ধরনের প্রয়োজনীয় তথ্য ও দাপ্তরিক সহযোগিতা প্রদান করব।’ শামসুল আরেফীনেবক্তব্য পাওয়া যায়নি উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে উপবিভাগীয় প্রকৌশলী মো. শামসুল আরেফীনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। যেসব প্রশ্নের উত্তর প্রয়োজন শামসুল আরেফীনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো কেবল একজন কর্মকর্তার ব্যক্তিগত কর্মকাণ্ডের প্রশ্ন নয়; এর সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা, ঠিকাদারি কার্যক্রমের স্বচ্ছতা, প্রশাসনিক পদায়ন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির বিষয়ও জড়িত। তাই কয়েকটি প্রশ্নের উত্তর পাওয়া জরুরি: ই/এম বিভাগ-৬-এ দায়িত্ব পালনকালে কোন কোন প্রকল্পে তাঁর ভূমিকা ও সিদ্ধান্তের পরিধি কতটুকু ছিল? সরকারি প্রকল্পের প্রাক্কলন, কার্যাদেশ ও বিল অনুমোদনে কোনো অনিয়ম হয়েছিল কি না? স্বনামে-বেনামে ঠিকাদারি পরিচালনার অভিযোগের পক্ষে কোনো আর্থিক বা দাপ্তরিক প্রমাণ রয়েছে কি না? ঢাকায় বারবার পদায়ন ও বদলির ক্ষেত্রে প্রশাসনিক নীতিমালা অনুসরণ করা হয়েছিল কি না? তাঁর ও নিকটাত্মীয়দের নামে থাকা কথিত সম্পদের অর্থের উৎস কী? দুদকের অনুসন্ধানে এখন পর্যন্ত কী ধরনের তথ্য ও নথি পাওয়া গেছে? এসব প্রশ্নের উত্তর নির্ভর করছে নিরপেক্ষ তদন্ত, দাপ্তরিক নথি যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যের ওপর। সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ উঠলে তা রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত প্রভাবের ঊর্ধ্বে থেকে তদন্ত করা জরুরি। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেমন প্রয়োজন, তেমনি অভিযোগের সত্যতা না মিললে অভিযুক্ত কর্মকর্তার সম্মান ও অধিকার সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, দুদকের অনুসন্ধান এবং গণপূর্ত অধিদপ্তরের প্রশাসনিক পর্যালোচনায় অভিযোগগুলোর কতটা সত্যতা পাওয়া যায় এবং সরকারি অর্থ ও দাপ্তরিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেষ পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়।
সম্পদের উৎস কী? | দুদকের তদন্তে প্রশ্নবিদ্ধ মৎস্য খামারের প্রতিবেদন- ইত্তেহাদ নিউজ,অনলাইন : খাটের নিচে রাখা একটি কার্টন। ঘর পরিষ্কার করতে গিয়ে সেটি পড়ে যেতেই বেরিয়ে আসে টাকার বান্ডিল। বিপুল পরিমাণ নগদ টাকা দেখে আতঙ্কিত হয়ে পড়েন কিশোরী গৃহকর্মী। ডাকেন গৃহকর্তাকে। তিনি একজন সরকারি কর্মকর্তা। কার্টনভর্তি টাকা দেখে তিনিও বিস্মিত হন। ঘটনার পর কিছুদিনের মধ্যেই ভয় পেয়ে ওই বাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যান গৃহকর্মী। ঘটনাটি প্রায় ২০১৫ সালের। ওই বাসায় থাকতেন কাস্টমস ক্যাডারের কর্মকর্তা জিলাইকা তামান্না লিপি ও তাঁর স্বামী, তৎকালীন জেলা নির্বাচন কর্মকর্তা আসলাম রহমান। একই নামের এক কিশোরী তাঁদের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। সাবেক ওই গৃহকর্মীর বর্ণনা অনুযায়ী, বাসায় বিপুল পরিমাণ টাকা রাখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। একপর্যায়ে স্বামীকে বশে আনতে পানি পড়া খাওয়ানোর চেষ্টার কথাও তিনি জানিয়েছেন। একটি বাসায় বিপুল নগদ টাকা রাখার এই বর্ণনা থেকেই সামনে আসে আরও বড় প্রশ্ন—সরকারি চাকরিতে যোগদানের পর কাস্টমস ক্যাডারের দুই সহোদর কর্মকর্তা এনামুল হক ও জিলাইকা তামান্না লিপি এবং তাঁদের পরিবারের সদস্যদের নামে গড়ে ওঠা সম্পদের অর্থের উৎস কী? এই প্রশ্নে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়েছিল। অভিযোগের সঙ্গে যুক্ত হয় জমি, প্লট, ফ্ল্যাট কেনার দলিল, সম্পদের মূল্য ও আয়ের সামঞ্জস্য নিয়ে নানা প্রশ্ন। কিন্তু অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় অনুসন্ধান ও যাচাই-বাছাই শেষ না করেই বিষয়টি কার্যত ধামাচাপা পড়ে যায়। অনুসন্ধানে পাওয়া দলিল ও অভিযোগের তথ্য অনুযায়ী, চাকরিতে যোগদানের পর দুই ভাই-বোন এবং তাঁদের স্বজনদের নামে পূর্বাচল, ঝিলমিল, বরগুনা, লালমাটিয়া, পশ্চিম আগারগাঁও ও মিরপুরে একাধিক সম্পত্তি কেনার তথ্য রয়েছে। এসব সম্পত্তির প্রকৃত ক্রয়মূল্য, দলিলে উল্লেখ করা মূল্য এবং অর্থের উৎস নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। চাকরির পর সম্পদ অর্জনের ধারাবাহিকতা এনামুল হক ২৯তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। নথি অনুযায়ী, ২০১১ সালে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত। তাঁর ছোট বোন জিলাইকা তামান্না লিপি ৩১তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। ২০১৩ সালে চাকরিতে যোগ দেন তিনি। বর্তমানে আগারগাঁওয়ের এনবিআর ভবনের মূসক বিচার ও আপিল বিভাগে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১১-১২ সালের আগে পরিবারটির কৃষিজমি ছাড়া উল্লেখযোগ্য অন্য জমি ছিল না। অথচ এর পরের কয়েক বছরে পরিবারের সদস্যদের নামে একের পর এক জমি ও আবাসিক প্লট কেনার তথ্য পাওয়া যায়। বিশেষ করে ২০১৪ ও ২০১৫ সালে সম্পত্তি কেনার যে ধারাবাহিকতা দেখা যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, সরকারি চাকরির বেতন-ভাতা ও ঘোষিত আয়ের সঙ্গে এসব সম্পত্তি অর্জনের ব্যয়ের সামঞ্জস্য যাচাই করা প্রয়োজন। পূর্বাচল ও ঝিলমিলে কোটি টাকার সম্পত্তি, দলিলে মূল্য অনেক কম? নথিতে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে জিলাইকা তামান্না লিপি ও তাঁর ছোট বোন জিনাত জাহান তানজিলার নামে একটি প্লটের দলিল করা হয়। দলিল নম্বর ৭৫৬৫/২০১৫। প্লটটি পূর্বাচলের ১১ নম্বর সেক্টরের ৪০৯/এ/সি সড়কের ২ নম্বর প্লটে অবস্থিত বলে দলিলে উল্লেখ রয়েছে। অভিযোগ অনুযায়ী, প্লটটির প্রকৃত ক্রয়মূল্য ছিল প্রায় ৩ কোটি টাকা। কিন্তু দলিলে মূল্য দেখানো হয় মাত্র ২৫ লাখ টাকা। বর্তমানে এর বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। একই কর্মকর্তা ২০২২ সালে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের ৮ নম্বর প্লট কেনেন। দলিল নম্বর ১২৩০৯/২০২২। অভিযোগে বলা হয়েছে, প্লটটির প্রকৃত ক্রয়মূল্য ছিল ১ কোটি ৪০ লাখ টাকা। অথচ দলিলে মূল্য উল্লেখ করা হয়েছে ২১ লাখ টাকা। এখানে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে—প্রকৃত ক্রয়মূল্য ও দলিলমূল্যের মধ্যে এত বড় ব্যবধান কেন? আর সম্পত্তি কেনার অর্থের উৎস কী ছিল? বড় ভাই এনামুলের নামে বরগুনা ও পূর্বাচলে জমি সম্পত্তি কেনার ক্ষেত্রে পিছিয়ে নেই এনামুল হকও। বরগুনা শহরে তাঁর নামে ২৬ শতাংশ জমি কেনার তথ্য পাওয়া গেছে। বরগুনা সদর সাবরেজিস্ট্রি অফিসের দলিল নম্বর ৩৭৫৬/২০১৫। দলিলের তারিখ ১১ আগস্ট ২০১৫। দলিলে জমিটির মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। অভিযোগ অনুযায়ী, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। একই বছর পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে এনামুল হক ও তাঁর স্ত্রী নাহিদা পারভীনের নামে ৭ কাঠা ৮ ছটাক জমি কেনা হয়। দলিল নম্বর ১০৮২৮/২০১৫। অভিযোগ অনুযায়ী, জমিটির প্রকৃত ক্রয়মূল্য ছিল আড়াই কোটি টাকা। কিন্তু দলিলে মূল্য দেখানো হয়েছে ৫০ লাখ টাকা। অর্থাৎ, অভিযোগে উল্লিখিত প্রকৃত ক্রয়মূল্য ও দলিলে দেখানো মূল্যের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। এসব লেনদেনের অর্থ কোথা থেকে এসেছে, তা যাচাই না করে সম্পদের উৎস সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। মায়ের নামেও কোটি টাকার সম্পত্তি ২০১৪ সালে এনামুল হকের মা খাদিজা বেগমের নামে বরগুনা পৌর এলাকায় টিনশেড বাড়িসহ ১৪ দশমিক ৩১ শতাংশ জমি কেনা হয়। বরগুনা সদর সাবরেজিস্ট্রি অফিসের দলিল নম্বর ২৯১৭/২০১৪ ও ৩০৫৭/২০১৪। দলিল দুটিতে সম্পত্তির মোট মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ ৭ হাজার টাকা। অভিযোগকারীদের দাবি, ওই সম্পত্তি কেনার জন্য প্রকৃতপক্ষে ৩ কোটি ২২ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল। তাঁদের আরও দাবি, অর্থের জোগান দিয়েছিলেন খাদিজা বেগমের দুই সন্তান এনামুল হক ও জিলাইকা তামান্না লিপি। বর্তমানে জমিটির মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে সম্পত্তি কেনার অর্থের প্রকৃত উৎস, অর্থ পরিশোধের পদ্ধতি এবং মালিকানার প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে—এসব বিষয় স্বাধীনভাবে যাচাই করা জরুরি। এ ছাড়া পরিবারের অন্য সদস্যদের নামেও বিভিন্ন স্থানে সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে। এর মধ্যে ঢাকার লালমাটিয়ার এনএইচ টাওয়ার, পশ্চিম আগারগাঁও ও মিরপুর ডিওএইচএস এলাকার সম্পত্তির কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে। সন্তানের জন্মনিবন্ধনে বসুন্ধরার ঠিকানা ২০২০ সালে জিলাইকা তামান্না লিপির বড় ছেলের জন্মনিবন্ধনে স্থায়ী ঠিকানা হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটের ঠিকানা উল্লেখ করা হয়। ঠিকানাটি হলো—ফ্ল্যাট নম্বর ৪/এ, প্লট ১৫১, রোড ৮, ব্লক-ডি। তবে অনুসন্ধানে ওই ঠিকানার ফ্ল্যাটটির মালিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে জন্মনিবন্ধনে উল্লেখ করা ঠিকানা ও সংশ্লিষ্ট সম্পত্তির মালিকানার মধ্যে সম্পর্ক রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন। ১২ একরের মাছের খামার, দুদকের তদন্তে ১৪ একরের তথ্য! দুই কাস্টমস কর্মকর্তার সম্পদের উৎস নিয়ে দুদকে অভিযোগ জমা পড়ার পর তাঁদের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুস সোবহানের মাছের খামার থেকে আয়ের বিষয়টি সামনে আসে। এনামুল হক দুদকের কর্মকর্তাদের কাছে দাবি করেন, তাঁর বাবার প্রায় ১২ একর জমিতে মাছের খামার রয়েছে। সেখান থেকে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ আয় হয়। অর্থাৎ পরিবারের সম্পদের একটি অংশের উৎস হিসেবে বাবার মাছের খামারের আয়কে সামনে আনা হয়। দাবিটির সত্যতা যাচাই করতে ২০২৪ সালের ৬ মে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীনের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে মাছের খামারের নিবন্ধন, জমির খতিয়ান ও দাগ নম্বর, মালিকানার নথি, লিজ চুক্তি, মাছের উৎপাদন, পরিচালন ব্যয় এবং আয়ের হিসাবসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কিন্তু অভিযোগ অনুযায়ী, এসব গুরুত্বপূর্ণ নথি যাচাই না করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নের ভিত্তিতে প্রতিবেদন পাঠান মৎস্য কর্মকর্তা। সেখানে আবদুস সোবহানকে মৎস্যচাষি হিসেবে উল্লেখ করা হয়। এখানেই দেখা দেয় আরও একটি অসংগতি। এনামুল হকের দাবি ছিল, তাঁর বাবার মাছের খামার প্রায় ১২ একর জমিতে। অথচ মৎস্য কর্মকর্তার প্রতিবেদনে খামারের আয়তন উল্লেখ করা হয় ১৪ একর। প্রশ্ন উঠেছে, ১২ একরের দাবির বিপরীতে প্রতিবেদনে ১৪ একর জমির তথ্য এল কীভাবে? অতিরিক্ত দুই একর জমির মালিকানা বা ব্যবহারসংক্রান্ত তথ্য কোথায়? খামারের নিবন্ধন, জমির দলিল, উৎপাদন ও আয়-ব্যয়ের হিসাব যাচাই করা হয়েছিল কি? অভিযোগকারীদের দাবি, মৎস্য কর্মকর্তার এই প্রতিবেদন পাওয়ার পরই দুদকের অভিযোগটি কার্যত ধামাচাপা পড়ে যায়। এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন কথা বলতে রাজি হননি। অন্যদিকে সরেজমিন অনুসন্ধানে মাছের খামারের অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজনের বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট জমিতে মাছের খামারের পরিবর্তে কিছু ফলের গাছ রয়েছে। স্বামীর অভিযোগ: সংসারের অশান্তি, মামলা ও সম্পদের বিরোধ জিলাইকা তামান্না লিপির স্বামী আসলাম রহমানও এই ঘটনাপ্রবাহের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি নির্বাচন কমিশনে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। স্ত্রীর করা যৌতুকের মামলায় তিনি সাময়িক বরখাস্ত হন এবং ওই মামলায় সাড়ে ১৪ মাস কারাগারে ছিলেন। মামলাটি এখনো বিচারাধীন। আসলাম রহমান বলেন, স্ত্রীর করা মামলার কারণে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। তাঁর দাবি, তিনি কখনো ঘুষ নেননি। কিন্তু স্ত্রী কাস্টমস ক্যাডারে যোগ দেওয়ার পর থেকেই তাঁদের সংসারে অশান্তি শুরু হয়। আসলামের অভিযোগ, বড় ভাই এনামুল হকের ইশারায় তাঁর বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের মামলা করা হয়েছে। তিনি আরও জানান, চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর পাওয়া খোরাকি ভাতা দিয়ে কোনোমতে জীবনযাপন করছেন। দুই সন্তানের মুখও দেখতে পারছেন না। আসলামের ভাষ্য অনুযায়ী, ২০১১ সালে নবাবগঞ্জে থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার সময় জিলাইকা তামান্না লিপিকে বিয়ে করেন তিনি। তখন লিপি ইডেন কলেজে পড়তেন। তাঁর পড়াশোনার সুবিধার জন্য পুরান ঢাকার দিকে বাসা নেওয়া হয়। ওই বাসায় এনামুল হকও থাকতেন বলে দাবি করেন আসলাম। সাপ্তাহিক ছুটিতে এনামুল সেখানে আসতেন। তখন এনামুলের নিজেরও ঢাকায় থাকার জায়গা ছিল না বলে দাবি তাঁর। স্বামীর এসব বক্তব্য ও অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট মামলার নথি এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে যাচাই করা প্রয়োজন। যৌতুকের মামলাটি বিচারাধীন হওয়ায় এ বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। এনামুলের বক্তব্য: সব সম্পদ আয়কর নথিতে আছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনবিআরের শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে কর্মরত যুগ্ম কমিশনার এনামুল হক বলেন, ‘আমার যেখানে যে সম্পদ আছে, তার সবই আয়কর নথিতে আছে।’ তাঁর বাবাকে মৎস্যচাষি হিসেবে দেখিয়ে সম্পদের আয়ের উৎস বৈধ করার অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অন্যদিকে জিলাইকা তামান্না লিপির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। পরে অভিযোগের সারসংক্ষেপ উল্লেখ করে তাঁকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হয়। তবে তিনি কোনো জবাব দেননি। দুদকের অনুসন্ধান নিয়ে যে প্রশ্নগুলো রয়ে গেল এই অনুসন্ধানে উঠে আসা তথ্যগুলো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। প্রথমত, সরকারি চাকরিতে যোগদানের পর অল্প সময়ের মধ্যে দুই ভাই-বোন ও তাঁদের পরিবারের সদস্যদের নামে একাধিক মূল্যবান সম্পত্তি কেনার অর্থের উৎস কী? দ্বিতীয়ত, অভিযোগে উল্লিখিত প্রকৃত ক্রয়মূল্য ও দলিলে উল্লেখ করা মূল্যের মধ্যে বড় ধরনের ব্যবধানের কারণ কী? এসব লেনদেনে অর্থ পরিশোধের প্রকৃত পদ্ধতি কী ছিল? তৃতীয়ত, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবার ১২ একরের মাছের খামারের দাবি যাচাই করতে গিয়ে ১৪ একরের তথ্য কীভাবে এলো? খামারের জমির মালিকানা, নিবন্ধন, উৎপাদন ও আয়ের নির্ভরযোগ্য নথি কোথায়? চতুর্থত, প্রয়োজনীয় নথি যাচাই না করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নের ভিত্তিতে মৎস্য কর্মকর্তার প্রতিবেদন গ্রহণ করা হয়েছিল কেন? পঞ্চমত, দুদকে জমা পড়া অভিযোগের তদন্ত কোন পর্যায়ে শেষ হয়েছিল? সম্পদের উৎস, আয়কর নথি, ব্যাংক লেনদেন ও জমির দলিল সমন্বিতভাবে যাচাই করা হয়েছিল কি না? একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে এনামুল হক ও জিলাইকা তামান্না লিপির সম্পদের উৎস সম্পর্কে জনস্বার্থে স্বচ্ছ ব্যাখ্যা থাকা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে কাউকে অপরাধী সাব্যস্ত করাও সমীচীন নয়। তবে দলিল, সম্পত্তির প্রকৃত মূল্য, অর্থের উৎস এবং মাছের খামারসংক্রান্ত তথ্যের মধ্যে যে প্রশ্ন ও অসংগতি উঠে এসেছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত জরুরি। দুদকের কাছে এখন মূল প্রশ্ন—অভিযোগটি কি যথাযথভাবে অনুসন্ধান করা হয়েছিল, নাকি একটি প্রশ্নবিদ্ধ প্রতিবেদনের ওপর নির্ভর করেই থেমে গিয়েছিল তদন্ত? কারণ, সরকারি কর্মকর্তার সম্পদের হিসাব শুধু আয়কর নথিতে সম্পদের তালিকা থাকার বিষয় নয়; সেই সম্পদ অর্জনের অর্থের বৈধ উৎসও স্বচ্ছভাবে ব্যাখ্যা করা জরুরি।